
এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল
মহিউদ্দিন আহমদ
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮
পৃষ্ঠা: ২১৬, দাম: ৪০০ টাকা।
সাম্প্রতিক সময়ে মহিউদ্দিন আহমদ বেশ কিছু আলোচিত বই লিখেছেন। এর সবশেষ সংযোজন এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল। বইটি মূলত একাত্তরের আন্দোলন সংগ্রাম, রণাঙ্গনের দিন ও পরবর্তী সময়ে লেখকের স্মৃতিকথা। বইয়ের ভূমিকায় এই স্মৃতিকথা নিয়ে কয়েকটি কথা উল্লেখ করেছেন তিনি, ‘অতীতে যাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এখন সন্ত হয়ে গেছেন, তাঁরা অনেকেই প্যানডোরার বাক্সটি খুলতে চান না। এই বইয়ে সেই বাক্সের ডালা আমি একটু খোলার চেষ্টা করেছি।’ লাইনগুলো পড়ে বইটি পড়তে আগ্রহ জাগে বইকি।
লেখক নিজে ছিলেন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি যা দেখেছেন, জেনেছেন, নির্মোহভাবে সেসবের বর্ণনা দিয়েছেন বইয়ে। বাংলাদেশের গ্রামীণ বা শহুরে সমাজ খুব একটা কুটিলতা বা জটিলতামুক্ত ছিল না। এখানে ব্যক্তিগত দ্বন্দ্ব বা রেষারেষি ছিল যেকোনো সমাজের চেয়ে বেশি। সেই পরম্পরায় মুক্তিযুদ্ধের নয় মাস গ্রামাঞ্চলের মানুষের রেষারেষি আর রাজনৈতিক নেতা-কর্মীদের দলাদলির এক সরল-গরল চিত্র ধরা পড়েছে এ বইয়ে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অতিকথনের শেষ নেই। কিন্তু আদতে মুক্তিযুদ্ধ ততটা সরল ব্যাপার ছিল না। যুদ্ধের সময় অনেকেই চালিয়ে গেছেন নিজস্ব কাজ। এক বছর নষ্ট হবে, একটা পরীক্ষা মিস হলে পিছিয়ে পড়বেন—এমন চিন্তা কারও কারও মাথায় ছিল। তার চিত্র পাওয়া যায় এই স্মৃতিকথায়।
২৫ মার্চের কালরাত শেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেয় সামরিক জান্তা। লেখক তখন রণাঙ্গনে। সেখান থেকে তিনি দেখেছেন, ভিন্ন চিত্র—দেশ যখন যুদ্ধে লিপ্ত, কিছু তরুণ তখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব। ফলে আক্ষেপের সঙ্গে মহিউদ্দিন আহমদ লিখেছেন, ‘এ অবস্থায় একজন যুবক কোন সাহসে ইউনিভার্সিটিতে যাচ্ছে ক্লাস করতে এবং এটা কোন ধরনের মানসিকতা, এটা ভেবে আমার মন খারাপ হয়, রাগও হয়। পরে আর রাগ হতো না ঘেন্না হতো।’ শুধু শিক্ষার্থী নয়, যুদ্ধদিনে অনেক শিক্ষক কোন পরিস্থিতিতে কী কাজ করেছেন তারও বর্ণনা এসেছে বইটিতে। যুদ্ধকালীন সময়ে দ্বান্দ্বিক পরিস্থিতি ছিল প্রবাসী সরকারের মধ্যেও। একটা অংশ (যুব নেতারা) তাজউদ্দীন আহমদকে মানতে চাননি। সেসব ঘটনার নানা ছোটখাটো বর্ণনা স্থান পেয়েছে বইয়ে। এ ছাড়া বিএলএফ (বাংলাদেশ লিবারেশন ফোর্স) গঠন ও চারটি কমান্ড অঞ্চলে ভাগ এবং প্রশিক্ষণের তরতাজা বর্ণনাও পাওয়া যাবে। পাঠক পরিচিত হবেন যুদ্ধদিনের সিরাজুল আলম খান ও শেখ মনির সঙ্গে। এই যুব নেতারা কীভাবে যুদ্ধকে দেখেছেন, কীভাবে পরিকল্পনা করেছেন, তার জমাট চিত্র আছে অত্যন্ত সাবলীল বর্ণনায়।
দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগে বিভক্তি ঘটেছে মহিউদ্দিনের চোখের সামনে। যুদ্ধ জয়ের পর সরকার গঠন, সংবিধান প্রণয়ন থেকে শুরু করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন পর্যন্ত নানা ঘটনার বর্ণনা ইতিহাসকে নতুনভাবে দেখতে সাহায্য করে।
লেখকের ওপর সিরাজুল আলম খানের প্রভাব ছিল। তবে এ ক্ষেত্রে তিনি অন্ধ ছিলেন না। বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা সেই সময়ের বাম রাজনীতির অনেক কিছুই তিনি সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। কঠোর সমালোচক হিসেবে। লিখেছেন, ‘বাম সংগঠনগুলো এসব বিপ্লবী শৃঙ্খলার নামে চালানো হতো। নেতার কথার বাইরে একটু ভিন্নমত পোষণ করা ছিল বিপজ্জনক। এ জন্য মেধাবী ও পরিশ্রমী নেতা ও কর্মী তাঁদের মতপ্রকাশের সুযোগ পেতেন না। কোনো কোনো দলে ভিন্নমতাবলম্বীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে মেরে ফেলা হতো। এটাকে বলা হতো আন্ত-পার্টি সংগ্রাম। বাহাত্তর-তিয়াত্তরে যত রাজনৈতিক কর্মী সরকারি বাহিনীর হাতে খুন হয়েছে, তার চেয়ে বেশি খুন হয়েছে নিজ দলের কমরেডদের হাতে।’
বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাসে গণকণ্ঠ এক বিশেষ নাম। এই দেশে একদিন যুদ্ধ হয়েছিলতে এই পত্রিকার আদ্যপান্ত উঠে এসেছে নিখুঁতভাবে। মহিউদ্দিন ছিলেন এই পত্রিকার সাংবাদিক। গণকণ্ঠ পর্বের অনেক অজানা অধ্যায় তিনি তুলে ধরেছেন বইটিতে। আছে স্বাধীনতা-পরবর্তী প্রথম ডাকসু নির্বাচন নিয়ে হাঙ্গামা ও পরবর্তী প্রভাবের পুরো ঘটনাপ্রবাহ। আগ্রহী পাঠক জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ঘটনাপ্রবাহও।
বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা-পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয় মাসের যুদ্ধ শেষে জন্ম নেওয়া একটি দেশ নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে এগোচ্ছিল। যারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে পাস হয় চতুর্থ সংশোধনী। বিলুপ্ত হয় অন্যান্য রাজনৈতিক দল। এরপর বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডে বন্ধু কামালকে হারানোর বেদনা বিশেষভাবে ছুঁয়ে গেছে লেখককে।
এরপরের বর্ণনা বেশ রোমাঞ্চকর। জাসদ নিষিদ্ধ, কর্নেল তাহেরসহ অন্য শীর্ষ নেতারা সব জেলে—এমন পরিস্থিতিতে দলটির বিপ্লবী রাজনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মহিউদ্দিন। সম্ভবত ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব বেহাত হওয়ার পর জাসদের রাজনীতি নিয়ে এটাই বিস্তারিত বর্ণনা।
স্মৃতিকথা সম্পূর্ণ কোনো ইতিহাস নয়। লেখকও নিখাঁদ কোনো ইতিহাস লেখেননি। পাঠক হিসেবে অনেক জিজ্ঞাসা তাই থেকেই যায়। কেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাপ্রবাহ এত সংক্ষিপ্ত? জাসদের রাজনীতিতে হানাহানির চিত্র কেন এত সংক্ষিপ্ত? কেন যুদ্ধদিনে তাঁর বাবার মৃত্যুর কারণ উল্লেখ করা হয় না?—আছে এমন নানা প্রশ্ন। তবে এক কথা বলতেই হয়, নানা অতৃপ্তির সঙ্গে বইটির পাতায় পাতায় পাঠক দেখতে পাবেন এক উত্তাল সময়ের ছবি।