বইপত্র একশ্রেণীর পশ্চিমা সংবাদপত্র ও টেলিভিশন তাদের সংবাদ পরিবেশনায় আমেরিকান নেতৃত্বাধীন বাহিনীর ইচ্ছেই পূরণ করেছে। মুদ্রার ওপিঠে তাকিয়ে দেখেনি।
যুদ্ধের বিপক্ষে বিবেকের কণ্ঠস্বর
ইঙ্গ-মার্কিন হত্যাযজ্ঞ ও মিডিয়া সন্ত্রাস—মুনীরউদ্দীন আহমদ \ গণ প্রকাশনী, ঢাকা \ প্রচ্ছদ: আহমেদ মুইন প্রবাল \ ১০৪ পৃষ্ঠা \ ১৩০ টাকাবর্তমান বিশ্বে শান্তির ললিত বাণী যে ব্যর্থ পরিহাসে রূপ নিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্ষমতাধর রাষ্ট্রের অধিপতিরা যত জোরালো কণ্ঠে শান্তির কথা বলুন না কেন, তাঁদের নীতি, কৌশল ও সমরাস্ত্র প্রতিযোগিতা শান্তি হরণের কাজকেই উসকে দিচ্ছে। এ ক্ষেত্রে যে দেশটি সর্বাধিক আগ্রাসী ভূমিকায় নেমেছে, তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সাংবাদিক চার্লি রিজ ‘ফেইচ ইট: ইউএস ফরেন পলিসি কন্ট্রিবিউটস টু অ্যাকট অব টেরোরিজম’ নিবন্ধে লিখেছেন, ‘সাধারণ ভাষায় সন্ত্রাস কোনো ক্রিমিনাল অ্যাক্ট নয়। সন্ত্রাস হলো পলিটিক্যাল অ্যাক্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া। ...সন্ত্রাস এমনিতেই বন্ধ হয়ে যাবে, যদি সন্ত্রাস সৃষ্টিকারী নীতি পরিহার করা যায়।’৯/১১-এর পর সারা বিশ্বে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে যে জঙ্গিবাদের প্রসার ঘটেছে, তার জন্য প্রধানত দায়ী জর্জ ডব্লিউ বুশের যুদ্ধবাজ নীতি। তালেবানি শাসকদের উত্খাত করতে তিনি আফগানিস্তানে যে জিহাদ ঘোষণা করেন তার মূলমন্ত্র ছিল, ‘যারা আমাদের সঙ্গে নেই, তারা আমাদের শত্রু’। এই শত্রু-তত্ত্বই বিশ্বব্যাপী সংঘাত ও রক্তপাত বাড়িয়ে দিয়েছে। সাদ্দাম হোসেনের কাছে মারাত্মক ধ্বংসাত্মক অস্ত্র আছে—এ অজুহাতে ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এসব হামলা ও যুদ্ধ নিয়ে পশ্চিমা গণমাধ্যম যে খবর ও বিশ্লেষণ প্রকাশ করে, তা কি নিরপেক্ষ, না পক্ষপাতমূলক? নিরপেক্ষতার আড়ালে কি তারা আগ্রাসী শক্তির স্বার্থকেই বড় করে দেখে না? অবশ্যই দেখে। ফকল্যান্ড যুদ্ধে বিবিসি কিংবা ইরাক যুদ্ধে সিএনএনের ভূমিকা কি নিরপেক্ষ ছিল? মোটেই না। ইরাক যুদ্ধের সময়ই এমবেডেড সাংবাদিকতার বিষয়টি আলোচনায় আসে। একশ্রেণীর পশ্চিমা সংবাদপত্র ও টেলিভিশন তাদের সংবাদ পরিবেশনায় আমেরিকান নেতৃত্বাধীন বাহিনীর ইচ্ছেই পূরণ করেছে। মুদ্রার ওপিঠে তাকিয়ে দেখেনি। এসব প্রশ্ন ও বিশ্লেষণ উঠে এসেছে ড. মুনীরউদ্দীন আহমদের ইঙ্গ-মার্কিন হত্যাযজ্ঞ ও মিডিয়া সন্ত্রাস বইয়ে। এতে তিনি বিভিন্ন দেশে যুদ্ধ ও সন্ত্রাসের পেছনে পশ্চিমা দেশগুলো এবং আরও নির্দিষ্ট করে বললে, স্নায়ুযুদ্ধ-উত্তর একক পরাশক্তিটির স্বরূপ উন্মোচন করেছেন। পাশাপাশি সেই আগ্রাসন কীভাবে পশ্চিমা গণমাধ্যম আড়াল করেছে, কীভাবে আক্রান্তের ওপর দোষ চাপিয়েছে, লেখক তথ্য-উপাত্তসহ তাও তুলে ধরেছেন। প্রথমেই বইটির উত্সর্গপত্র যেকোনো পাঠককে আবেগাপ্লুত করবে। তিনি লিখেছেন, ‘২০০৪ সালের ৪ এপ্রিল ইরাক যুদ্ধে নিহত কেইসি শিহানের গর্বিত মা এবং মার্কিন যুদ্ধবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী নেত্রী সিন্ডি শিহানের প্রতি একাত্মতা, ভক্তি ও শ্রদ্ধাসহ। লেখক ঢালাওভাবে সব আমেরিকানের ওপর যুদ্ধের দায় চাপিয়ে দেননি, যে কাজটি অহরহ করে থাকেন পশ্চিমা নেতারা। তিনি এক শান্তিকামী আমেরিকান ও সন্তানহারা মাকে বইটি উত্সর্গ করেছেন। মুনীর উদ্দীন আহমেদের এ বইয়ে ২০টি নিবন্ধ আছে। যার প্রায় সবগুলো কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ধ্বংস ও গণহত্যা, সাদ্দামের গণবিধ্বংসী মারণাস্ত্র: বুশ-ব্লেয়ারের মিথ্যাচার, ইরাকে শিশুর করুণ আর্তনাদ, গুয়ানতানামো বেতে সাংবাদিক নির্যাতন, ব্রিটিশ মিডিয়ায় ইসলাম ও মুসলমান-বিদ্বেষী প্রচারণা, আল-কায়েদা-তালেবান উত্থানের নেপথ্য কাহিনি, আফগানিস্তানে বুশের জেলখানা ও নিউইয়র্ক টাইম-এর রূপকথার গল্প, জর্জিয়া সংকট: মার্কিন প্রচারমাধ্যমের দ্বৈতনীতি, ইরাক ও আফগানিস্তানে নির্বাচন, একটি বৈষম্যমূলক আলেখ্য।এসব নিবন্ধে লেখক পশ্চিমা বিশ্বের যুদ্ধবাজ-নীতি বিশ্লেষণের পাশাপাশি পশ্চিমা গণমাধ্যম, বিশেষ করে সিবিএস, এবিসি, এনবিসি, সিএনএন, ইউএস টুডে, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস-এর সংবাদ পরিবেশনায় একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নানা তথ্য-উদাহরণসহ।