যুদ্ধের সত্য
পূর্বাপর ১৯৭১পাকিস্তানি সেনা-গহ্বর থেকে দেখামেজর জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান (অব.)সাহিত্য প্রকাশসাধারণত মুক্তিযুদ্ধকে আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখতে অভ্যস্ত, তার চেয়ে ভিন্ন ও গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখা এ বইটি আমাদের অবশ্যপাঠের তালিকায় থাকা উচিত। এ যাবৎ প্রধানত মুক্তিযুদ্ধকে আমরা দেখেছি তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের ভেতর থেকে। কিন্তু এখানে আমরা দেখি, বাংলাদেশের বাইরে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে অবস্থানকারী একজন উচ্চপদস্থ বাঙালি সেনা কর্মকর্তার দৃষ্টি দিয়ে। যার ফলে এখানে যুদ্ধের চেয়ে যুদ্ধের পরিকল্পনা ও কৌশলের বর্ণনাই বেশি। সে সঙ্গে তখনকার পাকিস্তানের রাজনীতির খুঁটিনাটিও এখানে প্রকাশিত।লেখক মুহাম্মদ খলিলুর রহমান ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদে চাকরিরত ছিলেন। উচ্চপদে আসীন থাকার পরও শুধু বাঙালি হওয়ার কারণে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বদানকারী অংশ তাঁকে বিশ্বাস করতে পারেনি। ১৯৭১ সালের মাঝামাঝি লেখককে নজরবন্দী করে রাখা হলেও ১৯৭২ সালের জুলাই মাস থেকে তাঁকে পুরোপুরিভাবে বন্দী করা হয়। প্রবল দেশপ্রেম ও একটি অনুসন্ধিৎসু মন থাকায় বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে তিনি নজরবন্দী থাকা অবস্থাতেই দেশের খবর সংগ্রহ করতেন। সাধারণ পাঠক বইটি থেকে তখনকার পাকিস্তানি সেনাবাহিনীর একটি রূপরেখা সম্পর্কে অবহিত হতে পারবেন। যুদ্ধের পরিকল্পনা ও পাকিস্তানের সামগ্রিক রাজনৈতিক অবস্থার বিবরণ এ বইয়ে স্থান পেয়েছে। লেখক এখানে দেখান, তৎকালীন পিপলস পার্টির প্রধান ভুট্টোর পরিকল্পনা অনুসারেই মূলত ঘটনাগুলো আবর্তিত হচ্ছে। ইতিহাসের মাধ্যমে আমরা জানি যে ক্ষমতা দখলের রাজনীতিতে ভুট্টো একসময় জয়ী হন। পাকিস্তানের বেশ কয়েকজন নেতাকে লেখক খুব অল্প বর্ণনায় আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের সংকটকালে কোন বাঙালি এবং অবাঙালি দেশের পক্ষে কাজ করেছেন, আর কারা বিপক্ষে ছিলেন, তার অনেকটাই রয়েছে বইটিতে। বইটির অধ্যায়বিন্যাস দেখলে খুব সহজেই এর চারিত্র বুঝে নেওয়া সম্ভব। মোট আট ভাগে বিভক্ত এ বইয়ের অধ্যায়গুলো হলো—১. মুক্তিযুদ্ধের প্রারম্ভিক ঘটনাবলি ও পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের মনোভাব ২. ১৯৭১ সালের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ৩. পাকিস্তানিদের সীমাহীন অজ্ঞতা ৪. বাঙালিদের সম্বন্ধে পাকিস্তানি তথা পাঞ্জাবিদের মনোভাব ৫. বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ৬. পাকিস্তানের পরাজয় ও নতুন পরিস্থিতিতে ক্ষমতার লড়াই ৭. বন্দীজীবন—কোহাট ও অন্যত্র এবং ৮. মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন। প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত স্থান পেয়েছে ১৯৭০ সালের নির্বাচন থেকে ১৯৭১ সালের শেষ পর্যন্ত সংঘটিত ঘটনাগুলো। পরবর্তী তিন অধ্যায় অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম অধ্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭৩ সালের শেষ দিকের ঘটনাগুলো বর্ণিত হয়েছে।লেখকের বর্ণনায় আমরা দেখি ১৯৭১ সালের বাংলাদেশ, এর সাধারণ মানুষ ও আন্দোলন সম্পর্কে পাকিস্তানের সাধারণ জনগণের কোনো স্বচ্ছ ধারণাই ছিল না। এমনকি সেনাবাহিনীর সাধারণ পর্যায়ে এ অঞ্চলের মানুষ ও তাদের যুদ্ধ সম্পর্কে যে ধারণা ছিল সেটাও সাধারণ পাকিস্তানিদের ধারণারই অনুরূপ। শাসকগোষ্ঠী বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছে, যাতে মনে হয় ভারতের উসকানিতে কিছু দেশপ্রেমহীন উচ্ছৃঙ্খল নাগরিক দেশকে অস্থিতিশীল করতে চায়। অতএব এই মুষ্টিমেয় কিছু নৈরাজ্য সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে ‘ব্যবস্থা গ্রহণ’ হিসেবে ২৫ মার্চের গণহত্যা ও পরবর্তী যুদ্ধকে দেখানো হয়েছে।ইতিহাসের অনেক অজানা তথ্য এ বইয়ে প্রকাশিত। সহজ ভাষা ও সাবলীল বয়ানভঙ্গির কারণে বইটি সুখপাঠ্য।