তিউনিসিয়ার বুয়াজিজি যখন নিজের শরীরে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন অবিচারের, তখন পর্যন্ত কেউ জানত না সেই আগুনে শুধু তিউনিসিয়া নয়, পতন ঘটবে মিসর আর লিবিয়ার স্বৈরাচারের, কাঁপিয়ে দেবে সিরিয়ার স্বৈরশাসককেও। বিক্ষোভের আগুন এখন আটলান্টিক-প্রশান্ত মহাসাগর পেরিয়ে ছড়িয়ে পড়েছে স্পেনে, আমেরিকা আর রাশিয়াতেও...আরব বসন্তনাম তাঁর মোহাম্মদ বুয়াজিজি। ২৬ বছরের তরতাজা এই যুবক রাস্তার এক ফেরিওয়ালা। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ১২৫ মাইল দূরের শহর সিদি বাউজিদে তাঁর বাস। এই ছোটখাটো জীবিকায় তাঁর শান্তি নেই। রোজই পুলিশি হয়রানির শিকার হতে হয় তাঁকে। পুলিশের দাবি, রাস্তায় ফেরি করে জিনিসপত্র বেচার মতো বৈধ কাগজ নেই তাঁর। এ জন্য আর্থিক দণ্ড, শারীরিক লাঞ্ছনা—কোনোটাই বাদ নেই।কিন্তু বৈধ কাগজ বাগানোর মতো আর্থিক সংগতি নেই বুয়াজিজির। অন্য কোনো জীবিকা বেছে নেওয়ার মতো সামর্থ্যও নেই তাঁর। এসব নির্যাতনের প্রতিবাদ করে কোনো ফল পাননি বুয়াজিজি। তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক প্রেসিডেন্ট জয়নুল আবেদীন বেন আলীর শাসনামলে দেশের অবস্থা কেমন ছিল, এটি তার উজ্জ্বল উদাহরণ। এই হয়রানি ও হেনস্তা দিনের পর দিন, বছরের পর বছর সয়েছেন বুয়াজিজি। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। মনের ভেতর পুঞ্জীভূত ক্ষোভ, ঘৃণা আর প্রতিবাদ একপর্যায়ে পাহাড়প্রমাণ হয়ে দাঁড়ায়। তা থেকে জন্ম নেয় বিদ্রোহ। সেই বিদ্রোহের ধূমকেতু আঘাত হানে বুয়াজিজির ধৈর্যের দেয়ালে।দিনটি ছিল ২০১০ সালের ১৭ ডিসেম্বর। সেদিন সকালেও রোজকার মতো জিনিসপত্র ফেরি করতে নিজের ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন বুয়াজিজি। একপর্যায়ে যথারীতি তাঁকে পাকড়াও করে পুলিশ। রাস্তায় ফেরি করার বৈধ কাগজ নেই বলে অপদস্থ করা হয় তাঁকে। স্থানীয় পৌরসভার একজন নারী কর্মকর্তা তাঁর গালে চড় মারেন। গায়ে থুতু ছিটান। কেড়ে নেন তাঁর মাপযন্ত্র। এই চরম অপমান হজম করার মতো মানসিক শক্তি ছিল না বুয়াজিজির। পৌর কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে তা না পেয়ে পৌর ভবনের ফটকের সামনে গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। বুয়াজিজির মা মানুবিয়া বলেছেন, ‘আমার ছেলে মর্যাদার জন্য আত্মহত্যা করেছে।’ মানুবিয়ার ষোড়শী মেয়ে বাসমার কথা, ‘তিউনিসিয়ায় রুটির চেয়ে মর্যাদা বড়।’এভাবে আগুনে পুড়ে বুয়াজিজির আত্মাহুতির ঘটনা থেকে বিদ্রোহের আগুন ছড়িয়ে যায় পুরো দেশে। ওই আগুন স্বৈরশাসন, দুর্নীতি, অসাম্যের বিরুদ্ধে আর কল্যাণময় পরিবর্তনের। বুয়াজিজির আত্মাহুতির ঘটনার পর মাত্র মাস খানেক টিকতে পেরেছিলেন বেন আলী, ২৩ বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের ১৪ জানুয়ারি পদত্যাগে বাধ্য হন তিনি। তিউনিসিয়ার বুয়াজিজির বিদ্রোহ থেকেই ‘আরব বসন্ত’ নামের গণজাগরণের সূচনা—তারপর এই গণজাগরণের জোয়ার একে একে মিসর, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও বাহরাইনে গিয়ে আছড়ে পড়ে। মিসরের আন্দোলনের পেছনেও রয়েছেন একজন ‘বুয়াজিজি’। তিনি ২৮ বছর বয়সী মধ্যবিত্ত যুবক খালেদ সাইদ। গত বছরের কোনো এক সময় একজন পুলিশ কর্মকর্তার মুঠোফোন হ্যাক করে তিনি দুর্নীতির এক ভিডিওচিত্র বাগিয়ে নেন। এতে মাদকদ্রব্যের ব্যবসায় পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে। খালেদের এই গোপন তৎপরতায় ক্ষুব্ধ হন তাঁরা। পুলিশের বেদম পিটুনিতে মারা যান খালেদ। ঘটনাটি গভীরভাবে স্পর্শ করে আরেক যুবক গুগলের নির্বাহী ওয়ায়েল ঘনিমকে (২৯)। খালেদকে স্মরণীয় করে রাখতে তিনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘উই আর অল খালেদ’ নামের একটি পেজ খোলেন। খালেদের মৃত্যুর ঘটনা মিসরীয়দের জন্য স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সূত্র ধরে দানা বেঁধে উঠতে থাকে সরকারবিরোধী বিক্ষোভ। এ কারণেই গত জানুয়ারিতে দুবাই থেকে দেশে ফেরেন ঘনিম। ২৫ জানুয়ারি কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে দিনভর বিক্ষোভের ডাক দেন তিনি। সেই থেকে মিসরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনের শুরু।এরপর তাহরির স্কয়ারভিত্তিক এই সরকারবিরোধী আন্দোলন ক্রমে জোরদার হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি মোবারকের পদত্যাগের মাধ্যমে তাঁর তিন দশকের শাসনের অবসান ঘটে। টানা তিন সপ্তাহের এই আন্দোলনে মিসরের ৪৫ লাখ মানুষ অংশ নেয়।ইয়েমেনের আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন এক নারী: তাওয়াক্কুল কারমান। গত ফেব্রুয়ারিতে রাজধানী সানার চেন্জ স্কয়ারে তাবু গেড়ে বসে ছিলেন তিনি। হাজার হাজার জনতার মধ্যমনি হয়ে উঠেন। ডাক দেন আবদুল্লাহ সালেহের ৩৩ বছরের একনায়কতান্ত্রিক শাসন অবসানের। এবং শেষমেষ চাপের মুখে নতি স্বীকার করে সালেহ মুখরক্ষা করেছেন। এদিকে কারমানের অসামান্য উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এসেছে ২০১১ সালের শান্তিতে নোবেল খেতাবেটি। আরব বিশ্বে কারমানই প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পেলেন।আরব বসন্ত যে বিরাট পরিবর্তনের সূচনা করেছে আরব দুনিয়াতে তার ঢেউ লেগেছে অন্যত্রও। তবে আরব দুনিয়া এখনো পুরো শান্ত হয়নি। এখনো প্রতিবাদ চলছে। মিশরে, সামরিক কাউন্সিলের বিরুদ্ধে নারী-পুরুষ আবার জমায়েত হচ্ছে রাস্তায়। স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে সিরিয়াতেও। প্রতিবাদ দমনে কঠোর অবস্থানে বাসার সরকার। এবং প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। আরব বসন্তের জাগরণে তার অবস্থা টালমাটাল।অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভের আগুনযুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশেও যে গণবিক্ষোভের ঘটনা ঘটছে, এর মূলে আরব বসন্তের অনুপ্রেরণা রয়েছে বলে অনেক বিশেষজ্ঞদের ধারণা। তবে পশ্চিমা বিশ্বের আন্দোলন কোনো স্বৈরাচারের বিরুদ্ধে নয়, তা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই।এই আন্দোলনের আগুন গ্রিসের এথেন্স থেকে স্পেনের মাদ্রিদে, যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত ধেয়ে এসেছে। বিক্ষোভ হয়েছে ইসরায়েল, চিলিতেও। এবং এসব আন্দোলনেও বুয়াজিজির মতো এক বা একাধিক ব্যক্তি অনুঘটক হিসেবে কাজ করেছেন। ইউরোপে আন্দোলন শুরু ১৫ মে। ওই দিন হাজার হাজার মানুষ স্পেনের মাদ্রিদের প্যুয়ের্তো দেল সোল প্লাজার দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করে। একই সঙ্গে স্পেনের অন্যান্য শহরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে। তারা স্লোগান দেয়, ‘আমরা রাজনীতিক ও ব্যাংক কর্মকর্তাদের হাতের পণ্য নই’। বেকারত্ব, বিভিন্ন সুযোগ-সুবিধার অভাব, লক্ষ্যহীন রাজনীতি—এসব হতাশা থেকে বিক্ষোভে নামে তারা। নিজেদের তারা ‘বিক্ষুব্ধ’ বলে দাবি করে। এক দিনের সেই বিক্ষোভ টানা কয়েক মাসের আন্দোলনে পরিণত হয়। মাদ্রিদের বিক্ষোভে যোগ দেওয়া একজন হলেন ওলমো গালবেজ (৩১)। চীনে তিন বছর কাজ করার পর দেশে ফেরেন ইন্টারনেটের এই উদ্যোক্তা। এই আন্দোলন গড়ে তুলতে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বলেন, ‘জনগণ তাদের নিজের জীবনেই অভিনেতার ভূমিকা পালন করছেন, তা দেখার মধ্যে একটা চমক ছিল।’ তিনি বলেন, ‘জড়তা ভেঙে তাদের বেরিয়ে আসতে দেখা গেছে।’মাদ্রিদের ঘটনার ১০ দিন পর গ্রিসের এথেন্সে ছড়িয়ে পড়ে ফুঁসে উঠতে থাকা সরকারবিরোধী বিক্ষোভ। বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, কৃচ্ছ্রসাধনে কাটছাঁট—এসব কারণে ক্ষুব্ধ মানুষ এক হয়ে বিক্ষোভে নামে। এথেন্সের পার্লামেন্ট ভবনের কাছে সিনতাগমা স্কয়ারে প্রায় এক লাখ লোক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরের রোববার একই স্থানে সমবেত হয় প্রায় লাখ মানুষ। আন্দোলনে যোগ দেওয়া জর্জ আনাসতাসোপলোস (৩৬) বলেন, ‘এ ঘটনা আমাদের এমনভাবে অনুপ্রাণিত করে যে আমরা বড় ধরনের কিছু করার ব্যাপারে আশাবাদী হই।’ এক মাসের বেশি সময় ধরে চলে আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া দুজনের নাম না বললেই নয়, তাঁরা হলেন নাতালি ক্লোসা (৪১) ও আন্তোনিস (৩৩)। সিনতাগমা স্কয়ার দখলের দ্বিতীয় দিন তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব। এখন তাঁরা জুটি। আন্দোলনে নেমে মূল্যও কম দিতে হচ্ছে না তাঁদের। আন্তোনিস এর মধ্যে একটি ফ্যাসিবাদী দলের হামলার শিকার হয়েছেন। সাংবাদিকদের সামনে এখন চেহারা ঢেকে হাজির হচ্ছেন তিনি। এর পরও তাঁদের মনে একটা শান্তি রয়েছে যে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছেন।আন্তোনিস জানান, একদিন এক বুড়ো এলেন আন্দোলনকারীদের দেখতে। বয়স ষাটের ঘরে হবে। আন্দোলনকারীদের দুর্দশা দেখে কেঁদে ফেলেন তিনি। এই দুর্মূল্যের বাজারেও তিনি দুই ইউরো রেখে যান আন্দোলনকারীদের জন্য, যাতে কয়েক বোতল পানি কেনা যায়। গত আগস্টের শুরুতে ইংল্যান্ডে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। ঘটনার জের ধরে লন্ডনজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। টানা কয়েক দিন ধরে চলে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা। ঘটনার ব্যাপারে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের তিন মাসের সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, তাণ্ডব চালানো লোকজন মূলত ছিল বিক্ষোভকারী। এ ঘটনায় ওই যুবকের ওপর সহানুভূতির চেয়ে বেকারত্ব, দারিদ্র্য, অসাম্য এবং সরকারের অতি-আগ্রাসী নীতির কারণে পুঞ্জীভূত ক্ষোভই এই সহিংস দাঙ্গায় ইন্ধন জুগিয়েছে।আরব বিশ্বের সাম্প্রতিক আন্দোলনে শুরু থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রেই গত সেপ্টেম্বরে পুঁজিবাদবিরোধী বিশাল আন্দোলন গড়ে ওঠে, যা ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন হিসেবে পরিচিত। এই আন্দোলনের পীঠস্থান হচ্ছে নিউইয়র্কের জুকোটি পার্ক। আন্দোলনের আগে এই ব্যক্তিগত পার্কের কথা ওই নগরের ৯৯ শতাংশ মানুষ জানত না। ফেডারেল রিজার্ভ ব্যাংক ও বিশ্ব বাণিজ্য কেন্দ্রের মধ্যবর্তী স্থানের পার্কটিকে ওয়াল স্ট্রিট আন্দোলনকারীরা তাদের আশ্রয় হিসেবে বেছে নেয়। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন দুনিয়াজুড়ে ঝড় তোলে। গত ১৫ অক্টোবর বিশ্বের ৮২টি দেশের বড় বড় শহরে লাখ লাখ মানুষ একযোগে এই বিক্ষোভে শরিক হয়। এতে ভাঙচুর, গুলি ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনে শুরু থেকে যাঁরা সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তাঁদের একজন ২৪ বছর বয়সী যুবক ডানিয়েল থরসন। নিউইয়র্কের পশ্চিম প্রান্তের শহর থেকে এসে আন্দোলনে যোগ দেন তিনি। দর্শনে স্নাতক শেষ করে কম বেতনে বিভিন্ন চাকরি করছিলেন। বেকারও থেকেছেন বেশ কিছুদিন। একসময় স্বেচ্ছাসেবক হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচারণা চালিয়েছেন। কিন্তু এখন ওবামা প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে খুব হতাশ। টুইটার ও ফেসবুকের মাধ্যমে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনে যোগ দিতে উৎসাহিত হন তিনি। জুকোটি পার্কে পৌঁছে সোজা তথ্য ডেস্কে চলে যান ডানিয়েল। কিন্তু যেমনটি ভেবেছিলেন, ডেস্কের দায়িত্বে থাকা ব্যক্তিটি তেমন ছিলেন না। জুকোটি পার্ক হয়ে ওঠে তাঁর ঠিকানা। নভেম্বরে এক গভীর রাতে পুলিশ ওই পার্ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার সময় ডানিয়েল তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন। পুলিশের উচ্ছেদ অভিযানের কথা জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এতে লাভ হয়নি, বরং তাঁকে গ্রেপ্তার হয়ে ৩৮ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। শরিফুল ইসলাম ভূঁইয়া, সূত্র: টাইম সাময়িকী