যে আমাকে ছেড়ে যায়নি
আমার শৈশব-কৈশোর কেটেছে গাঁয়ে। আমাদের বসতবাড়ির কোল ঘেঁষে শুরু হয়েছে একটি ধানখেত। ধানখেত পেরিয়েই দেখা পাওয়া যেত নদীর। সেই নদীর নাম দড়াটানা। পরবর্তীকালে জেনেছি, নদীটি ভৈরবেরই একটি শাখা, মিশেছে গিয়ে আরেকটি নদী, কচার সঙ্গে। যখন কোলে চড়তে শিখেছি, জুরুবুর কাঁখে বসতভিটের প্রান্তসীমায় গিয়ে উপস্থিত হতাম বিকেল নেমে আসতেই। দূরে তাকিয়ে দেখতাম, দিনের শেষ আলোয় চিকচিক করছে জলরাশি। এখন মনে পড়ে, জুরুবু বলতেন, ওই তো নদী, আমাদের নদী। সেই আমার দড়াটানার সঙ্গে প্রথম সাক্ষাৎ। কৈশোরে পা দিয়ে দাদার কাছে তখন অ-আ-ক-খ লিখতে-পড়তে শুরু করেছি, প্রায়ই আবদার জুড়ে দিতাম, দাদা, নদীর কাছে যাব। দাদা বলতেন, আমার সেই বয়স নেই রে। তোর বাপ এলে তাঁর সঙ্গে যাস। মনটা একটু দমে যেত। জানতাম, আব্বা কখনো রাজি হবেন না। বলবেন, আরও পরে, আরেকটু বড় হও। কিন্তু বাড়ির এবং আশপাশের বয়স্ক লোকজনের মুখে মুখে নদী নিয়ে নানা কেচ্ছা-কাহিনি শুনতাম। নদীপারে যে ঝাঁকড়া আশশ্যাওড়া দাঁড়িয়ে আছে, সেখানে নাকি মেছো পেত্নির বাস। সন্ধ্যে নামতেই পেত্মিরা গাছ থেকে নেমে মাছ খেতে শুরু করে। তখন কেউ যদি ভুল করে সে স্থানে উপস্থিত হয়, তাহলে সমূহ বিপদ। কোনো একদিন ভরদুপুরে আমাদের গ্রামেরই একজন নদীতে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিল। তার খালইতে ছিল একটা পাতাড়ি মাছ। পেত্নির আবার পাতাড়ি মাছ খুব পছন্দ! তাই গাছ থেকে নেমে এসে সে পিছু নেয় ওই লোকটির। ঘরে ফিরে লোকটি আক্রান্ত হলো বেদম জ্বরে। সপ্তাহ না ঘুরতেই মৃত্যু হলো তার।এই নদীও নাকি একদিন প্রমত্ত ছিল। মানুষজনের বসতভিটে-ঘরবাড়ি বারবার খেয়ে নিয়েছে বিনা বিচারে। হায়রে, আমার সেই প্রমত্ত রূপ দেখা হলো না...অবশ্য কিছুকাল পরে আব্বা নিজেই আমাকে তাঁর মাছ ধরার সঙ্গী করে নিলেন। আমার আব্বার পেশা শিক্ষকতা, নেশা ছিল মাছ ধরা। তিনি খেপলা জাল নিয়ে বেরোতেন আর আমাকে বলতেন, খালইটা নিয়ে আয়। সে যে কী আনন্দ! নদীর কূলে কূলে আব্বা জাল ফেলতেন, খালই নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম তাঁর পেছনে। কোনো কোনো দিন খালই ভরে যেত, কোনো দিন আবার শূন্য খালই হাতে ফিরতাম। নদীর মেজাজ-মর্জির তো তল পাওয়া ভার। তবে সেই থেকে আমার মনোভঙ্গির সঙ্গে নদীর মনোভাবের কোথায় যেন একটা অলিখিত রাখিবন্ধন ঘটে গেল।আমার দাদির বাপের বাড়ি যাওয়ার সব সময়ের সঙ্গী ছিলাম আমি। দাদি সাধারণত রওনা দিতেন ছইঢাকা নাওয়ে, আমাদের বাগেরহাট অঞ্চলে যাকে বলা হয় টাবুরে। সেই সব যাত্রায় অনেকটা দূর যেতে হতো নদীপথ ধরে। নাও ছাড়তেই গলুইয়ে গিয়ে বসতাম আমি। কান পেতে শুনতাম, নৌকার দুই পাশে ঢেউ ভেঙে পড়ার শব্দ। অনেক দিন দূরে তাকিয়ে দেখেছি, নদী বাঁক নিয়ে যেন বা হারিয়ে গিয়েছে। যেতে যেতে মনে হতো, ওই বাঁকের পরই বুঝি সমুদ্র! কে জানে, সে আবার দেখতে কেমন!কৈশোর না পেরোতেই আমার দুরন্তপনা সীমা ছাড়িয়ে গেল। সব ধরনের গাছে চড়তে, পুকুরে ডুবসাঁতার কাটতে ওস্তাদ বনে গেলাম। সঙ্গে এসে জুটল গাঁয়েরই কিছু ছেলে-ছোকরা। মাকে গিয়ে বলতাম, আজ খাল থেকে গোসল করে আসি। মা নিবৃত্ত করতে চেষ্টা করতেন বটে, কিন্তু অপারগ হয়ে বলতেন, আচ্ছা যা। নদীপাড়ে হাজির হতাম দল বেঁধে। একে একে ঝাঁপিয়ে পড়তাম জলে। কেউ একজন বলে উঠত, সাবধান, নদীতে কামট আছে। কেউ আবার বলত, আমার আব্বা গতকাল খেয়াঘাটে কুমির দেখেছে...। কে শোনে কার কথা। যদিও কেউ কেউ ভয়ে উঠে পড়ত পাড়ে। তবে বেশির ভাগই ব্যস্ত থাকতাম জল দাপানোর খেলায়। এভাবে এক দুই ঘণ্টা কেটে যেত চোখের নিমেষে। টেরই পেতাম না। নদীর ওপারকে মনে হতো খুব কাছে, সাঁতার দিলেই পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।ইতিমধ্যেই দুরন্তপনায় যথেষ্ট নামযশ হয়েছে আমার। আব্বা ভাবলেন, আর নয়। এবার ছেলেকে শাসন করা দরকার। একদিন বললেন, চল আমার সঙ্গে। তোমাকে স্কুলে ভর্তি করে দেব। আব্বা তখন শিক্ষকতা করতেন পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে। যথারীতি টাবুরে ভাড়া করা হলো। এক সকালে অশ্রুজলে সিক্ত হতে হতে মা, দাদা-দাদি, ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আব্বার হাত ধরে চড়ে বসলাম নাওয়ে। অন্য বারের মতো এবার আর গলুইয়ে বসার সাহস হলো না। বসলাম গিয়ে ছইয়ের মুখে, যেখান থেকে স্পষ্টভাবে নদী দেখা যায়। কিছুটা পথ যেতে হলো দড়াটানা নদী বেয়ে।মনটা ভারাক্রান্ত। এর মধ্যে নৌকা গিয়ে ঢুকল একটা বড় খালে। নৌকা চলছে তো চলছেই। ঘোর বিষণ্নতা পেয়ে বসল আমায়। চোখ মুদে আসছিল আপনা-আপনি। হয়তো ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ আব্বা তুলে দিয়ে বললেন, দেখ দেখ, কত বড় নদীতে এসে পড়েছি আমরা! মনে রাখিস, এর নাম বলেশ্বর।চোখ কচলে তাকাতেই বিস্মিত আমি! সত্যিই তো, এত বড় নদী আর কখনো দেখিনি! বিরাট বিরাট ঢেউ ভাঙছে নৌকার দুই পাশে। মনে হচ্ছে, এখনই হয়তো তলিয়ে যাবে। ততক্ষণে আমার বিষণ্নতার ঘোর কাটতে শুরু করেছে। নদীর দুই তীরজুড়ে ঘন কাশবন, হোগলা পাতার সারি। সেখানে বিভিন্ন ধরনের পাখ-পাখালির আনাগোনা চলছে অনবরত। পরবর্তীকালে এই পথে আমাকে আনাগোনা করতে হয়েছে বহু বার। ক্রমেই আমার কৈশোরিক ভুবন দখল করে নিল দড়াটানা ও বলেশ্বর।সুগন্ধা, কীর্তনখোলা, রূপসা—ঢেউ গুনতে গুনতে একদিন দেখি তারুণ্য ডাক দিচ্ছে। আমি তখন নয় ক্লাসের ছাত্র। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে ভালোবেসে ফেললাম আমাদের গাঁয়ের অন্য পাড়ার ভিন্ন সম্প্রদায়ের এক মেয়েকে। তখন সে সিক্স কিংবা সেভেনের ছাত্রী। বাগেরহাট শহরে তাকে স্কুলে যেতে হয় দড়াটানা পেরিয়ে খেয়া বা টাবুরে নৌকায়। আমিও যথাসাধ্য চেষ্টা করতাম তার সঙ্গ নিতে, একবার চোখের দেখা মেটানোর জন্য। কিন্তু ওই পর্যন্তই, সে সময় তার সঙ্গে সামান্য বাক্যালাপ করাও আমার পক্ষে সম্ভব ছিল না। তবে পাঁজরভাঙা বেদনা তো ছেড়ে কথা বলে না। সেই বেদনার যেন নতুন করে সম্মিলন ঘটল নদীর সঙ্গে। সকাল-বিকেল দুই বেলা নদীর কাছে গিয়ে বসতাম, যদি একবারও তার দেখা মেলে।তখন আমার এক বন্ধু ছিল, কালীপদ পাল। দুজনে একত্রে খেয়াঘাটে বসে কবিতা পড়তাম। সে-ও তখন আমার মতো এক উদ্ভ্রান্ত প্রেমিক। কখনো কখনো গভীর রাত পর্যন্ত আমাদের দুজনের কেটেছে খেয়াঘাটে। পূর্ণিমাভরা রাতে জলের ভেতরে চাঁদ-তারার লুকোচুরি দেখে মোহমুগ্ধ হতাম। অন্যান্য রাত, বিশেষ করে, অমাবস্যার রূপ ছিল আলাদা। সে ছাপিয়ে যেত প্রেমিকের বেদনার্ত হূদয়। এখানেই প্রথম আমাদের হাতে এসে ধরা দেয় জীবনানন্দ দাশের বনলতা সেন। এত দিন পড়তাম রবীন্দ্রনাথ। এখন পেলাম অন্যতর স্বাদ। নদীর জোয়ারে ফুলে ওঠা জলের মতো উতলা হয়ে উঠল প্রেমিক-হূদয়।কিছুকাল পরে কয়েক সপ্তাহ নদীর বুকে কাটানোর জন্য আমার এক বোনজামাইকে ফুঁসলিয়ে রাজি করলাম। দুজনে মিলে একটা বড়সড় টাবুরে ভাড়া করি। সেই নৌকোর মধ্যেই আমাদের খাওয়া-ঘুম-বিশ্রাম—সবকিছু। এই গঞ্জ থেকে ওই গঞ্জে, এই হাট থেকে ওই হাটে—পরিভ্রমণ শুরু হলো আমাদের। সব মিলিয়ে দুই সপ্তাহ। তখন কেবলই মনে হতো, এই নদী-জল আমি চিনি এবং ওরাও আমাকে চেনে। সেই থেকে নদীর সঙ্গে আমার আমৃত্যু সহবাস।পদ্মা-মেঘনা-যমুনা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ-সন্ধ্যা-কংশি, নবগঙ্গা—এদের কত না রূপ, কত না রূপান্তর। সব নদনদী মিলে ধরে আছে বাংলার প্রাণ। বেহুলা ভেলা ভাসিয়েছে গাঙুরের জলে, মহুয়ার জীবন তো একটা নদী, নদীর ভাঙন—‘তুমি হইও গহিন গাঙ/আমি ডুইব্যা মরি’। লোককাহিনি, লোকগাথা ও লোকসংগীতের মর্মমূলেও প্রবহমান রয়েছে নদী। মানুষের আকাঙ্ক্ষা, বাসনা, চরিত্র এবং পুরো মানসগঠন বুঝতে গেলে নদীকে চিনতে হয়। আমার প্রথম দিকের লেখায় নদী, নদীর মাঝির দিন-রাত্রি, তার জীবনসংগ্রাম নানা উপমা উৎপ্রেক্ষায় ধরা দিতে থাকে। যখন কীর্তিনাশা লিখি, সে মুহূর্তে এই বোধই ছিল আমার মূল অনুপ্রেরণা। প্রতিটি কবিতায় আমি নদী, প্রকৃতি ও মানুষের সম্পর্কের মূল কাঠামো তুলে আনতে চেয়েছি। সেই অর্থে নদী কখনো আমাকে ছেড়ে যায়নি। সে আমাকে ঘুমে, জাগরণে প্রতিনিয়ত খবর দিয়ে যায়।কয়েক দিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম। বাড়ি গেলে আমি অন্তত একবার পুরোনো খেয়াঘাটে আমার নদীর কাছে গিয়ে বসি। এবারও শেষ বিকেলের দিকে নদীর সেই পুরোনো খেয়াঘাটে গিয়ে উপস্থিত হলাম। বসলাম একটা ফাঁকা বেঞ্চিতে। সন্ধে হয় হয়, আমি উঠি উঠি করছি, ঠিক এমন সময় এক বয়স্ক মহিলা এসে আচমকা জিজ্ঞাসা করল, খেয়া কই?খেয়া কোত্থেকে আসবে, খেয়াঘাট খেয়ানৌকা তো উঠে গেছে আজ ১০-২০ বছর হলো। সহসা আমার মনে হয়, একটি ১৫-১৬ বছরের বালক ছলছল চোখে দেখছে, এক কিশোরীর ছায়া বাড়ির পথে মিলিয়ে গেল। তাকিয়ে দেখি, নদীপাড়ে একজন খেপলা জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করছে, হয়তো বা বৃথাই।তার পরও ছলাৎ ছলাৎ বয়ে চলেছে দড়াটানা।