যখন সিক্স বা সেভেনে পড়তাম, সেই সময় প্রায়ই একটা ঘটনা ঘটত—হুটহাট জাঁদরেল শিক্ষকেরা শ্রেণিকক্ষে হানা দিয়ে কিছু ছোট সাইজের নিউজপ্রিন্টের বই জব্দ করতেন ছাত্রদের কাছ থেকে, আর যাদের থেকে সেগুলো জব্দ করা হতো, শাস্তি হিসেবে তাদের পিঠে পড়ত বেতের সপাং সপাং। যেন এ ধরনের বই নিষিদ্ধ বস্তু, শ্রেণিকক্ষে নিয়ে এসে বড় অপরাধ করেছে তারা। কিন্তু তখন অবাক হয়েই দেখতাম, এভাবে মার খেয়েও ছেলেগুলো কয়দিন পরই আবার ব্যাগে ভরে ওই নিউজপ্রিন্টের বই নিয়ে আসার দুঃসাহস দেখাচ্ছে! বিশাল আকৃতির পাঠ্যবইয়ের মধ্যে রেখে, শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে ছোট আকৃতির বইগুলোতে বুঁদ হয়ে থাকত তারা। বইপড়া যে দুর্দমনীয় একটি নেশা, বুঝে গিয়েছিলাম সেই বয়সেই। আমাদের ক্লাসে যে কয়জন পড়ুয়া ছিল, তাদের প্রায় সবাই সেবা প্রকাশনী নামের একটি প্রকাশনীর বই পড়ত, আর বেশির ভাগ বইয়ের মলাটেই লেখকের নাম হিসেবে থাকত কাজী আনোয়ার হোসেনের নাম।
ওই পড়ুয়াদের তরফেই জেনেছিলাম, তিনি ‘মাসুদ রানা’র স্রষ্টা ও সেবা প্রকাশনীর প্রকাশক। জনপ্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজও সেখান থেকে বের হয়। তাঁর ভান্ডারে আছেন একদল লেখক, যাঁরা তাঁর মতোই রহস্য-রোমাঞ্চ গল্প-উপন্যাস লিখে যাচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজন পাঠকদের কাছে বেশ জনপ্রিয়ও ছিলেন। আরও জানলাম, তত দিনে পাঠ্যপুস্তকের কল্যাণে আমাদের কাছে পরিচিত ব্যক্তিত্ব কাজী মোতাহার হোসেনের সন্তান তিনি। বিপুল তাঁর পাঠকগোষ্ঠী, সারা দেশে ছড়িয়ে আছে ভক্ত-অনুরাগী। তিনি একজন অসাধারণ অনুবাদকও। তাঁর কল্যাণেই এ দেশের পাঠক নানা রকম বিদেশি গল্প-উপন্যাস ও ক্লাসিক সাহিত্য পড়ার সুযোগ পেয়েছে। আমাদের দেশে রহস্য-রোমাঞ্চ ধারার সাহিত্যের সূচনা যে ‘মাসুদ রানা’র মাধ্যমে, ষাটের দশকের মধ্যভাগে, সেটার সূচনাও তো তাঁর হাতেই।
সত্যি বলতে, স্কুলজীবনে আমার ধারণা হয়েছিল, বড়রা এসব বই পড়ে না, কেবল স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাই কাজীদা এবং তাঁর সেবা প্রকাশনীর পাঠক। তো সেই ধারণা পাল্টে গেল প্রত্যন্ত এক গ্রামে বেড়াতে গিয়ে। সেখানে ষাটোর্ধ্ব ধর্মপ্রাণ এক ভদ্রলোককে দেখলাম, বিকেলে পুকুর পাড়ে বসে কাজী আনোয়ার হোসেনের বই পড়ছেন।
পরে লেখালেখির সুবাদে যখন বাংলাবাজারে নিয়মিত আড্ডা দিতে শুরু করলাম, জানতে পারলাম, স্বনামধন্য এই লেখক অন্য সব প্রকাশকের চেয়ে একেবারেই আলাদা। প্রয়াত ছড়াকার ওবায়েদুল গণি চন্দনের কাছে জেনেছিলাম, লেখক-সম্মানী দেওয়ার ক্ষেত্রে কাজী আনোয়ার হোসেনের সেবা প্রকাশনী একেবারেই ব্যতিক্রম। তাঁর কর্মপদ্ধতি জেনে মুগ্ধ হওয়ার পাশাপাশি উৎসাহও বোধ করেছিলাম।
আমি নিজে যখন থ্রিলার গল্প-উপন্যাস লিখব বলে মনস্থির করি, তখন প্রায় সবাই-ই নিরুৎসাহিত করেছিল। এ ধরনের সাহিত্য নিয়ে একটা নাক সিটকানো ব্যাপারও খেয়াল করেছি তখন। সেই অন্ধকারে একটাই বাতিঘর ছিল, যার সূচনা ও সফলতার গল্প আশার আলো হয়ে পথ দেখিয়েছিল আমাকে—কাজী আনোয়ার হোসেন। তাঁর বিপুল পাঠকের কথা জানা ছিল, কীভাবে এক হাতে দাঁড় করিয়েছেন সাহিত্যের এ ধারা, তখন পর্যন্ত এর একমাত্র নজির ছিলেন তিনিই। ফলে এ ধরনের সাহিত্যের পাঠক নেই, এসব বই চলবে না—এমন কথায় বিভ্রান্ত হইনি। আমার মতো নবীন লেখকের জন্য সেটা ছিল বিরাট এক অনুপ্রেরণা। এরপর যখন দেখলাম বাংলাবাজারের বেশির ভাগ প্রকাশক এ ধরনের সাহিত্যের প্রতি বিরাগভাজন; তাঁদের কাছ থেকে পৃষ্ঠপোষকতাও পাওয়া যাবে না, তখন দূর থেকে সেই কাজী আনোয়ার হোসেনের পরম্পরাই পথ দেখিয়েছিল আমাকে।
‘এসব লেখালেখি করতে চাইলে কাজী সাহেবের মতো নিজেই একটা প্রকাশনা দিয়ে দিন’-এক প্রকাশকের এমন কথায় আদতে আমিও দিশা খুঁজে পেয়েছিলাম এক দিন। তাই কাজীদার পথ অনুসরণ করে হয়ে গেলাম লেখক ও প্রকাশক। মনে আছে, মৌলিক থ্রিলার লেখার ঠিক আগে আগে প্রথম আলোর সাহিত্য পাতায় তাঁর একটা সাক্ষাৎকার পড়ে যারপরনাই উদ্দীপ্ত হয়েছিলাম। সেই সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছিলেন, কেন আর মৌলিক লেখার দিকে গেলেন না। এমনকি এ-ও বলেছিলেন, আবদুল্লাহ আবু সায়ীদ তাঁকে বলেছিলেন, অতিরিক্ত অ্যাডাপ্টেশন করলে মৌলিক লেখায় সমস্যা হবে। তাঁর সেই সাক্ষাৎকার থেকে আমি যেমন মৌলিক থ্রিলার লেখার ‘সংকল্প’টা পেয়েছিলাম, একই সঙ্গে সতর্কও হয়ে গিয়েছিলাম।
২০১১ সালে আমার দ্বিতীয় মৌলিক বই বের হওয়ার পর এক বন্ধুর পরামর্শে দুই কপি বই নিয়ে সেবা প্রকাশনীর অফিসে যাই, ওখান থেকে প্রকাশিত রহস্য পত্রিকায় আলোচনা করানোর জন্য। পরের সংখ্যায় যখন বইটার চমৎকার একটা আলোচনা প্রকাশিত হলো, খুবই উৎসাহিত হয়েছিলাম। সেবার অফিসে গিয়ে মহিউদ্দীন ভাইকে ধন্যবাদ দেওয়ার সময়ই দেখা হয়ে গেল পাঠকের ‘কাজীদা’ কাজী আনোয়ার হোসেনের সঙ্গে। মহিউদ্দীন ভাই তাঁর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ‘উনি একজন নতুন লেখক’। তৎক্ষণাৎ তাঁকে শুধরে দিয়ে কাজীদাকে আমি বললাম, ‘আমি শুধু লেখক না, আমি একজন থ্রিলার লেখক’। সেদিন আমার কথা শুনে স্মিত হেসেছিলেন কাজীদা। কী ধরনের থ্রিলার লিখি জানতেও চেয়েছিলেন। ‘ক্রাইম-ফিকশন’ জনরার কথা শুনে আগ্রহী হয়ে দু–একটা প্রশ্ন করেছিলেন। স্বল্প সময়ের সেই দেখাতেই বুঝেছিলাম, তিনি কতটা মৃদুভাষী ও প্রচারবিমুখ একজন মানুষ।
আমাদের আগের কয়েক প্রজন্ম কাজী আনোয়ার হোসেনের সরাসরি তত্ত্বাবধানে লেখক হয়ে উঠলেও আমাদের দুর্ভাগ্য, ২০১০ সালের দিকে আমরা যখন লেখালেখি শুরু করেছি, তখন তিনি নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন। এমনকি তাঁর সান্নিধ্যও ছিল বিরল ঘটনা। বাংলাবাজারে সেবা প্রকাশনীর দুটো অফিস থাকলেও কখনো তাঁকে সেখানে দেখিনি। বইমেলায়ও গেছেন বলে শুনিনি। আগে কি যেতেন? জানা নেই।
রহস্য-রোমাঞ্চ সাহিত্যের প্রতি কাজী আনোয়ার হোসেনের অনুরাগ কেবল গল্প-উপন্যাস লিখে, অনুবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এ ধারার সাহিত্যকে এগিয়ে নিতে সেই সত্তর-আশির দশকে ‘রহস্য পত্রিকা’ নামে একটি নিয়মিত ম্যাগাজিন তিনি বের করেছিলেন, পাঠক-লেখকের মধ্যে মেলবন্ধন ঘটাতে। তাঁর সম্পাদিত ‘রহস্য পত্রিকা’তেই তো শত শত নতুন লেখকের হাতেখড়ি হয়েছে।
কাজী আনোয়ার হোসেন সম্পর্কে অনেকেই অনেক কথা বললেও একটা কথা কেন জানি খুব বড়ভাবে উচ্চারিত হয় না—এ দেশে বিপুলসংখ্যক পাঠক তৈরির ক্ষেত্রে ওনার বিশাল ভূমিকার কথা। বিশেষ করে স্কুলপড়ুয়াদের মধ্যে বইপড়ার আগ্রহ তৈরিতে তাঁর চেয়ে বেশি অবদান আর কারোরই নেই। আমার মতে, ওই বয়সের ছেলে–মেয়েদের বইপড়ার অভ্যাসের দিকে ধাবিত করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তাঁর এই বিষয়টা আমাদের দেশে কখনো সঠিকভাবে মূল্যায়িত হয়েছে বলে মনে হয় না। হয়তো এর গুরুত্বই অনুধাবন করতে পারেননি অনেকে।
আরেকটি বিষয়ও অপেক্ষাকৃত কম উচ্চারিত হয়—এ দেশে থ্রিলার কিংবা রহস্য-রোমাঞ্চ ঘরানার গল্প-উপন্যাসের ভাষাশৈলীও তিনি নির্মাণ করেছিলেন। অন্যান্য সাহিত্যের তুলনায় রহস্য-রোমাঞ্চ গল্পের ভাষা যে ভিন্ন হয়, সেটা তিনি বুঝতে পেরেছিলেন ষাটের দশকেই। এমন স্মার্ট ভাষা দুই বাংলাতে খুব কমই দেখা যায়। পরবর্তী সময় আমরা যখন থ্রিলার লিখতে শুরু করি, সে সময় আমাদের সামনে একটা তৈরি ভাষা ছিল। ফলে ওই ভাষাই হয়ে ওঠে অনুসরণযোগ্য।
কাজীদার মৃত্যুর দুদিন আগে এ দেশের থ্রিলার সাহিত্যের বর্তমান হালচাল নিয়ে একটি লেখা লিখেছি প্রথম আলোর জন্য। সংগত কারণেই সেখানে তাঁর কথা উঠে এসেছিল, কিন্তু তখন ঘুণাক্ষরেও জানতাম না, ওই লেখা প্রকাশের আগেই তিনি না ফেরার দেশে চলে যাবেন, শেষ হবে তাঁর বর্ণাঢ্য ৮৫ বছরের দীর্ঘ জীবন—যে জীবনের অধিকাংশ সময়ই তিনি নিরবচ্ছিন্নভাবে রহস্য-রোমাঞ্চ সাহিত্য নিয়ে নিবেদিত থেকেছেন।