ফার্মেসিতে গিয়ে ওষুধের বদলে যদি কবিতা কিনে নিয়ে আসেন, কেমন হয়? এমনই একটি ফার্মেসির খবর পাওয়া গেছে ইংল্যান্ডের বিশপস ক্যাসেলে। এটি চালান কবি ডেবোরাহ আলমা ও জিম শেয়ার্ড। তাঁরা দুজনই মানসিক রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। তাঁদের একটি অ্যাম্বুলেন্সও রয়েছে। ঝুঁকিপূর্ণ সময়ে রোগীর পাশে দাঁড়ানোয় তাঁদের ‘ইমার্জেন্সি পোয়েট’ও বলা হয়।
আধুনিক পৃথিবীর চাপ, ভগ্ন হৃদয়ের যন্ত্রণা অথবা মনকে চাঙা করার জন্য প্রয়োজন টনিক। এসব সমস্যার ক্ষেত্রে এই দুই চিকিৎসক কবি দিচ্ছেন কাব্যিক প্রতিকার। নিঃসঙ্গতা, ভয়, ভগ্নহৃদয়, হতাশা ও মাত্রাতিরিক্ত অহংকার—এসব রোগে ভোগা রোগীদের কোনো অন্য কোনো ওষুধ দেন না তাঁরা। ঘুমের ওষুধ ও মাল্টিভিটামিনের বদলে রোগীর ধরন বুঝে প্রেসক্রিপশনে লিখে দেন কবিতা।
তাঁদের প্রতিষ্ঠানের নাম ‘পোয়ট্রি ফার্মেসি’। ২০১৭ সালে এটি চালু করেন তাঁরা। আদতে এটি একটি ক্লিনিক। রোগনির্ণয়ের সাধারণ যন্ত্রপাতিও রয়েছে। রোগীকে তাঁরা শুরুতেই এটি বলে আশ্বস্ত করেন, ‘প্রেসক্রিপশনে কবিতা—আপনার মানসিক রোগের বিকল্প থেরাপি।’
ডেবোরাহ উন্মাদ রোগীদের নিয়ে কাজ করছেন বহু বছর ধরে। তিনি লক্ষ করেছেন, কী করে একটি কবিতা কারও মেজাজ মুহূর্তে পাল্টে দেয় এবং কবিতার পঙ্ক্তিগুলো মনোযোগ দিয়ে শুনতে কতই না পছন্দ করে! ডেবোরাহ আলমা ও জিম শেয়ার্ড প্রথমে রোগীর সঙ্গে আলাদা ঘরে ‘পোয়েটিক কনসালটেশন’ করেন। এখানে রোগীদের নির্ধারিত কিছু প্রশ্ন করা হয়। এরপর খুব সাবধানে কবিতা বাছাই করে প্রেসক্রাইব করা হয়।
কবিতাকে ‘ওষুধ’ জ্ঞান করেন আরও অনেকেই। ২০১৮ সালে উইলিয়াম স্যাঘার্টের সম্পাদনায় বের হয় একটি প্রতিষেধক পকেট বই। নাম দ্য পোয়েট্রি ফার্মেসি, ট্রাইড অ্যান্ড ট্রু প্রেসক্রিপশনস ফর দ্য হার্ট, মাইন্ড অ্যান্ড সোল। বইটি পড়ে মার্কিন অভিনেতা স্টিফেন ফ্রাই বলেছেন, ‘এটা আত্মার জন্য মলম, পেটের জন্য আগুন, জ্বরকপালে শীতল স্পর্শ, আহতের জন্য সান্ত্বনা, নিঃসঙ্গ কাঁধের ওপর রাখা হাত। পুরো সংগ্রহটি আলিঙ্গন, টনিক ও চুমুর একটি অতুলনীয় মিশ্রণ।’
সত্যিই কি কবিতা দুঃখ থেকে মনকে মুক্ত করে? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন হাতে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার এনে দেওয়া গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস। এ বইয়ের ভূমিকায় উইলিয়াম বাটলার ইয়েটস একজন বাঙালি চিকিৎসকের বরাত দিয়ে লিখেছেন, ‘আমি প্রতিদিন রবীন্দ্রনাথ পড়ি, তাঁর কবিতার একটি পঙ্ক্তি পড়লেই জগতের সব দুঃখ ভুলতে পারি।’
এবার পারস্যের রাজা শাহরিয়ারের কথা বলা যাক। প্রতিরাতে বিয়ে এবং ভোরে স্ত্রীকে হত্যা করতেন তিনি। এমন ঘোর মানসিক রোগীকে বিয়ে করলেন উজিরকন্যা শেহেরজাদ। তত দিনে রাজ্যে আর কোনো অনূঢ়া অবশিষ্ট নেই। তো বিয়ে হলো। রাজা-রানির বাসরে শেহেরজাদের ছোটো বোন হাজির। সকালে তো আর বোনকে পাবে না। তাই রাতেই শেষ গল্পটা শুনতে চায় সে। রাজাও রাজি। শুরু হলো গল্প। এক ক্লান্ত ব্যবসায়ী ও দানবের জীবন-মৃত্যুর টানাটানির গল্প। ভোর হয়, কিন্তু গল্প শেষ হয় না। রাজা নির্দেশ দেন, পরের রাতে বাকিটুকু শোনাতে। একই সঙ্গে মনে করিয়ে দেন, গল্প শেষ হলেই তার গর্দান নেওয়া হবে। কিন্তু পরের রাতেও শেষ হয় না গল্প। এভাবে হাজার এক রাত গল্পের জাদুতে রাজাকে আটকে রাখেন উজিরকন্যা। তত দিনে গল্প ও এর মধ্যে থাকা মানুষের মধ্যে মিশে মিশে রাজার মনের অসুখটা সেরে গেছে। গল্পের মধ্য দিয়ে মানুষের মনকে সারিয়ে তোলা উজিরকন্যার এই কৌশলের প্রয়োগই হয়তো আধুনিককালে এসে শুরু হয়েছে নতুনভাবে।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পোয়েটিকস-এ ট্রাজেডির আলোচনায় ‘ক্যাথারসিস’-এর কথা লিখেছেন। চিকিৎসাবিদ্যায় এর অর্থ হচ্ছে, অন্ত্রের অনাকাঙ্ক্ষিত উপাদান অপসারণ করা। প্রাচীনকালে রোগীর শরীরে রক্তচাপ বেশি হলে চিকিৎসকেরা কিছু রক্ত মোক্ষণ করতেন। অ্যারিস্টটল মনে করতেন, ট্রাজেডি দর্শকের মনে প্রবল ভীতি ও করুণা উদ্রেক করে। এভাবে দর্শকের মোক্ষণ ঘটে। সংস্কৃত আলঙ্কারিকেরা একে বলেছেন, সহৃদয়হৃদয়সংবেদী হয়ে ওঠা। মন তখন আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে। মানুষ ভুলে যায় তাঁর ব্যক্তিগত দুঃখ-রাগ-ক্ষোভ। এই যে মনের সাময়িক মুক্তি, একেই স্থায়ীত্ব দিয়ে এ কালের মনোরোগ চিকিৎসকেরা কাজে লাগাতে চান।
সূত্র: দ্য গার্ডিয়ান ডটকম, নিউজ ডটস্কাই ডটকম, পোয়েট্রিফার্মেসি ডটসিও ডটইউকে, অ্যামাজন ডটকম
গ্রন্থনা: হানযালা হান