যে বইগুলো পড়তে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তুষার তালুকদার দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, দ্য নিউইয়র্ক টাইমস—এসব পত্রিকা বছরের শুরুতেই আগাম জানিয়ে দেয় কোন বইগুলো আলোচনায় থাকবে এবার। ২০১৭ সালের তেমনই কিছু বইয়ের খবর
অরুন্ধতী রায়ের উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস, কামিলা সামসির উপন্যাস হোম ফায়ার, ওলিভিয়া সুদজিকের উপন্যাস সিমপ্যাথি , পঙ্কজ মিশ্রের এজ অব অ্যাঙ্গার: দ্য হিস্ট্রি অব প্রেজেন্ট , , নাথান হিলের উপন্যাস দ্য নিক্স , ভিয়েত থান নুগুয়েনের ছোট গল্পের সংকলন দ্য রিফিউজিস
অরুন্ধতী রায়ের উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস, কামিলা সামসির উপন্যাস হোম ফায়ার, ওলিভিয়া সুদজিকের উপন্যাস সিমপ্যাথি , পঙ্কজ মিশ্রের এজ অব অ্যাঙ্গার: দ্য হিস্ট্রি অব প্রেজেন্ট , , নাথান হিলের উপন্যাস দ্য নিক্স , ভিয়েত থান নুগুয়েনের ছোট গল্পের সংকলন দ্য রিফিউজিস

দুনিয়াজুড়ে বইপ্রেমীরা নতুন বছরের শুরুতেই খোঁজ করতে থাকেন নতুন বই। বিশেষত ইউরোপীয় পাঠকদের এ ঝোঁক বোধ করি খানিকটা বেশি। মূলত ডিসেম্বরের শেষ পর্যায়ে ক্রিসমাস থেকেই নতুন বইয়ের জন্য স্টলে স্টলে ভিড় করতে থাকেন পাঠকেরা। বই কেনার হিড়িক চলে মোটামুটি মার্চ-এপ্রিল নাগাদ। পাঠকদের এই চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতিবছরের শুরুতেই বিশ্বের খ্যাতনামা পত্রিকাগুলো নতুন বছরে প্রকাশিত হয়েছে কিংবা বছরের প্রথম দিকে প্রকাশিত হবে—এমন সব গুরুত্বপূর্ণ ও আলোচিত বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিমূলক লেখা ছেপে থাকে। ২০১৭ সালেও এ রেওয়াজের ব্যতিক্রম হয়নি। দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন ও দ্য নিউইয়র্ক টাইমস-এর মতো বনেদি কাগজগুলো এর মধ্যেই প্রকাশ করেছে নতুন বছরের নতুন বই ও বইয়ের খবর নিয়ে রকমারি লেখা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পাঠকদের মধ্যেও বিদেশি এসব বইপত্রের ব্যাপারে দেখা গেছে বেশ ঔৎসুক্য। সেই আলোকে ২০১৭ সালের কোন বইগুলো সারা বছর পাঠকদের মনের খোরাক জোগাবে, তার একটি নাতিদীর্ঘ আলোচনাই এ লেখার উদ্দেশ্য। এ ক্ষেত্রে আমাদের অবলম্বন গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন ও নিউইয়র্ক টাইমস। এখানে যেসব বইয়ের কথা আলোচনা করা হয়েছে, সেগুলোর ভিত্তিতেই তৈরি হয়েছে এ লেখা।

জনপ্রিয়তা, বিষয়বস্তু, লেখক বিচারসহ নানা মানদণ্ডে পত্রিকাগুলো বিভিন্ন বইকে রেখেছে তাদের তালিকায়। নানা শ্রেণির বইয়ের ভিড়ে এতে উপন্যাসেরই জয়জয়কার বেশি।
গার্ডিয়ান যে উপন্যাসকে চলতি বছরের সেরা কাটতি তালিকার শীর্ষে স্থান দিয়েছে, সেটি পল অস্টারের লেখা ফোর থ্রি টু ওয়ান। বইটি ইতিমধেই বাজারে এসেছে। এতে দেখা যায়, বিশ শতকের দ্বিতীয়ার্ধে এক ব্যক্তি রাজনৈতিক ও ব্যক্তিগত নানা সমস্যায় নিমজ্জিত হয়ে দিগ্ভ্রান্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তো, ব্যক্তির চারটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এগিয়েছে ফোর থ্রি টু ওয়ান। অস্টারের লেখা এ বই তাঁর আগের উপন্যাসগুলোর চেয়ে বেশি পাঠকপ্রিয়তা পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

সৈয়দা ওয়ারসির দ্য এনিমি উইথিন: আ টেল অব মুসলিম ব্রিটেন , পল অস্টারের লেখা ফোর থ্রি টু ওয়ান
সৈয়দা ওয়ারসির দ্য এনিমি উইথিন: আ টেল অব মুসলিম ব্রিটেন , পল অস্টারের লেখা ফোর থ্রি টু ওয়ান

খানিকটা উত্তরাধুনিক ঢঙে লেখা উপন্যাস কেইট এটকিনসনের লাইফ আফটার লাইফ। এর গড়নটি এমন: এক অনিশ্চয়তার ভেতর দিয়ে সব সময় জীবন কাটায় মানুষ। একজীবনে একজন মানুষ একই ঘটনার মুখোমুখি হয় বহুবার, তবে প্রতিবারই ভিন্ন ভিন্ন উপায়ে সে ঘটনাটি মোকাবিলা করে। এই উপন্যাসের একটি মূল থিম হলো, সুখ-অসুখের মাঝামাঝি কোনো পথ নেই; মানুষকে হয় সুখ অথবা অসুখ—দুটির মধ্য থেকে একটিকে বেছে নিতেই হয়। বোদ্ধাদের কেউ কেউ বলেছেন, এ ধরনের ফিকশন আগেও লেখা হয়েছে, তবে এটকিনসনের উপন্যাসে এমন কিছু নতুন উপাদান আছে, যা ভাবাবে পাঠকদের।
অন্য দিকে আমেরিকান ঔপন্যাসিক নাথান হিলের দ্য নিক্স উপন্যাস নিয়ে আগ্রহ দেখা গেছে তরুণ পাঠকদের মধ্যে। উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র পেকার খিটখিটে মেজাজের এক মানুষ। রাজনীতিতে যুক্ত। রাজনীতির ভেলকি খুব ভালোভাবেই রপ্ত করেছেন। হরহামেশাই পত্রিকার প্রথম পাতার শিরোনাম হয়ে থাকেন তিনি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া এই চরিত্রের মধ্যে পাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। আলোচ্য উপন্যাসে রয়েছে সমকালের নানা প্রসঙ্গ, তাই এটি জনপ্রিয় হয়ে উঠবে—এ মত বিশ্লেষকদের।
ইন্টারনেট কীভাবে আমাদের প্রাত্যহিক জীবনকে করায়ত্ত করেছে, তার একটি বাস্তব ছবি পাওয়া যাবে ওলিভিয়া সুদজিকের সিমপ্যাথি উপন্যাসে। এটি প্রকাশিত হবে চলতি বছরের এপ্রিলে। কিন্তু সাহিত্যবোদ্ধারা যে উপন্যাসটির কথা বেশি করে উচ্চারণ করছেন, তার নাম হোম ফায়ার। লেখক কামিলা সামসি। বর্তমান সময়ের অদ্ভুতুড়ে পরিস্থিতি ও অর্থহীনতা ব্যাখ্যা করার জন্য এ বইয়ে লেখক ফিরে গেছেন গ্রিক ট্র্যাজেডির এস্কাইলাস ও সফোক্লিসের মতো ধ্রুপদি লেখকদের কাছে। উপন্যাস পড়লে মনে হবে, গ্রিক ট্র্যাজেডির আন্তেগনের আখ্যানই এখানে তিনি যেন আবার বলছেন সমসাময়িক লন্ডনকে প্রতীকায়িত করার জন্য। দুটি ব্রিটিশ মুসলিম পরিবার রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দুটি মত পোষণ করছে—এমন একটি বিষয়কে উপস্থাপন করতে লেখক সমসাময়িক সাহিত্য উপাদানের সঙ্গে ধ্রুপদি রচনার নানা অনুষঙ্গের সমন্বয় করেছেন হোম ফায়ার-এ।
বেন মেয়ার্সের দ্য গ্যালোস পোল উপন্যাস আঠারো শতকের ইয়কশায়ারে ঘটে যাওয়া একটি পাশবিক ও অমানবিক ঘটনার বর্ণনা দেবে। কিছুটা থ্রিলার ও আংশিক ট্র্যাজেডির মিশেলে লেখা এ বই কম বয়সী পাঠকেরা বেছে নেবেন বলে মনে করেন নিউয়র্ক টাইমস-এর বিশ্লেষকেরা।
তবে আমাদের এ উপমহাদেশের পাঠকদের জন্য একটি সুখবর হলো, এ বছরের জুনে প্রকাশিত হবে ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস। প্রথম উপন্যাস গড অব দ্য স্মল থিংস-এর পর দীর্ঘ প্রায় ২০ বছরের বিরতি। এবার তিনি প্রকাশ করছেন তাঁর দ্বিতীয় উপন্যাস। বিশ্বব্যাপী অনেক পাঠক ও বিশ্লেষক এই উপন্যাস নিয়ে সমধিক আশাবাদী হলেও অরুন্ধতী এখন অব্দি তাঁর নতুন বই নিয়ে বিশদভাবে মুখ খোলেননি। কেবল এটুকু জানিয়েছেন, গড অব স্মল থিংস যেমন করে মানুষকে কাছে টেনেছিল, একইভাবে নতুন উপন্যাসেও পাঠকের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে।
তা ছাড়া আমান্দা ক্রেইগের দ্য লাই অব দ্য ল্যান্ডও অনেকের নজর কাড়বে বলে বলছে টাইমস ম্যাগাজিন। দাম্পত্য জীবনের না এড়াতে পারা বিভিন্ন অনুষঙ্গ একে বিশেষত্ব দিয়েছে।
একইভাবে কেটি কিটামোরার সদ্য প্রকাশিত হওয়া আ সেপারেশন এক বসায় পড়ে ওঠার মতো নারীবাদী উপন্যাস বলে চিহ্নিত করেছেন গার্ডিয়ান-এর অন্যতম সাহিত্য আলোচক অ্যালেক্স প্রেসটন।
এখানে ভুলে গেলে চলবে না অ্যাডওয়ার্ড ডক্সের মতো অপেক্ষাকৃত কম আলোচিত ঔপন্যাসিককেও। কারণ তাঁর সম্প্রতি প্রকাশিত বই লেট গো মাই হ্যান্ড দৃষ্টি কেড়েছে অনেক পাঠকের। মৃত্যুশয্যায় থাকা বাবা ও তার ছেলের হৃদয়গ্রাহী কাহিনি নিয়ে এ উপন্যাসের প্লট।
অন্য দিকে কেউ যদি সুন্দর ভাষার প্রেমে পড়তে চান, পড়তে পারেন টেসা হেডলির ব্যাড ড্রিমস উপন্যাসটি। গোটা উপন্যাসে রয়েছে চমৎকার, আঁটসাঁট ভাষার প্রয়োগ, যা খুব একটা চোখে পড়ে না আজকাল।
শেষ করব গেল বছর পুলিৎজার পুরস্কার পাওয়া লেখক ভিয়েত থান নুগুয়েনের লেখা দ্য রিফিউজিস ছোটগল্পের সংকলনের কথা বলে। বর্তমান বিশ্বের বিদ্যমান রেশারেশি, রাজনৈতিক অস্থিরতা ও অমানবিকতার প্রেক্ষাপটে লেখা আটটি গল্পের সংকলন এই বই। ২০ বছর ধরে লেখা এ গল্পগুলোতে মানুষের আত্মপরিচয়, ভালোবাসা, সংসার, ব্যক্তিগত জীবনের সংকট ইত্যাদি নানা বিষয়ের ওপর জোর দিয়েছেন ভিয়েত থান নুগুয়েন। বইটি সম্পর্কে সাক্ষাৎকারে তাঁর ভাষ্য, ‘অন্তত প্রত্যেক রাজনীতিবিদের এই গল্পগুলো পড়া উচিত।’ তাই খুব সহজেই পাঠকের পছন্দের তালিকায় এ বছর যোগ হতে পারে দ্য রিফিউজিস।
পুরো লেখায় তো শুধু উপন্যাস-গল্পের বইয়ের কথাই বললাম। তবে প্রবন্ধ-নিবন্ধ যাঁদের প্রিয়, ২০১৭-তে নিরাশ হবেন না সেই পাঠকেরাও। কেননা, পঙ্কজ মিশ্রের এজ অব অ্যাঙ্গার: দ্য হিস্ট্রি অব প্রেজেন্ট এবং সৈয়দা ওয়ারসির দ্য এনিমি উইথিন: আ টেল অব মুসলিম ব্রিটেন—এই নন-ফিকশন বই দুটি থাকতে পারে অনেকের পছন্দের তালিকার শীর্ষে। আর চিঠিপত্র পড়তে ভালোবাসেন যাঁরা, তাঁরা চোখ বোলাতে পারেন ইডা জনের লেখা দ্য গুড বোহেমিয়ান শিরোনামের বইয়ের পাতায়। ফিকশন ও নন-ফিকশন মিলিয়ে নতুন বছরের এসব বই নিশ্চয় নতুন আলোয় আলোকিত করবে পাঠকদের।