যে লড়াই বাঘে-মানুষে
১৯৮৫ সালের মে মাসের এক ভোরে আমরা তিনজন বসে ছিলাম সুন্দরবনের বুড়িগোয়ালিনি রেঞ্জ অফিসের ঘাটে। গত রাতে প্রচণ্ড গুমটে ঘুম হয়নি। খোলপেটুয়া নদী থেকে আসা প্রভাতি হাওয়ায় চোখ জুড়িয়ে আসছিল।ঘুমঘুম চোখে দেখতে পেলাম, হালকা গড়নের মধ্যম উচ্চতার এক দীনহীন প্রায় বৃদ্ধ মানুষ লাঠি ঠুকে আমাদের কাছে এগিয়ে এলেন। বন বিভাগের এক বনমাঝি আমাদের জানালেন, লোকটির নাম আনার গাজী। তাঁর ছেলেকে বাঘে নিয়ে গেছে। সঙ্গী লেখক হুমায়ুন খান তাঁকে চেপে ধরেন, কীভাবে কী ঘটেছিল, সেটা তিনি জানতে চান।আনার গাজী খানিক শূন্যদৃষ্টিতে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে খাটের ওপর গড়াগড়ি দিতে লাগলেন। শান্ত হলে তাঁর কাহিনি শুনলাম। নয়জনের দলে আনার গাজী ছেলেসহ উত্তর তালপট্টির বনে ছাটা দিচ্ছিলেন। জঙ্গলে উঠে মৌচাকের খোঁজে বিক্ষিপ্তভাবে মৌয়ালেরা হাঁটেন। এই হাঁটার নাম ছাটা দেওয়া। আনার গাজীর ধামুড়ে (মধু নেওয়ার ধামাধারী ব্যক্তি) ছেলে গরানের লাঠি হাতে এগিয়ে, আর আনার গাজী খানিক পেছনে। এমন সময় আনার গাজী কমলা রঙের একটা ঝলক দেখতে পেয়ে ধামা দিয়ে মাথা আড়াল করেন। বাঘ আনার গাজীর মাথা ধরতে না পেরে পেছনের পায়ে ভর রেখে সামনের দুই পা দিয়ে আনার গাজীর ধামা চেপে ধরে। আনার গাজীর চিৎকার শুনে ছেলে ছুটে এসে বাঘকে লাঠিপেটা করতে থাকে। আনার গাজী ভর সামলাতে না পেরে মাটিতে পড়ে বাঘের পেটের তলায় ঢুকে যান। বাঘ সুযোগ পেয়ে আনার গাজীর মাথার পাশে কামড় বসিয়ে কান পর্যন্ত ঝুলিয়ে দেয়। কিন্তু আনার গাজীর কাঁধে কামড় বসাতে পারেনি। ছেলে বাঘের পেছন থেকে আনার গাজীকে টেনে সরিয়ে আনলে বাঘ লাফিয়ে ছেলেকে মাটিতে ফেলে ঘাড় কামড়ে ধরে মেরে ফেলে। তারপর বাঘ ছেলেকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। মারাত্মক আহত আনার গাজীকে উদ্ধার করেন সঙ্গী মৌয়ালেরা। আনার গাজী বললেন, ‘সায়েব, জোয়ান ছেইলে গালে পুরে নে গেল চক্ষির সামনি...।’শাকবেড়ে নদীর ধারে আংটিহারা বন্দর। নদীর দক্ষিণ পারে সুন্দরবন। গোবিন্দ মণ্ডলের বাড়ি আংটিহারায়। মধ্যম উচ্চতার গাট্টাগোট্টা জোয়ান গোবিন্দ খ্যাপলা জাল দিয়ে ভাটার শুরুতে পারশে মাছ ধরছিলেন জঙ্গলের ধারে নদীর চড়ায়। আরও তিনজন সঙ্গী ছড়িয়ে-ছিটিয়ে জাল ফেলছিলেন।শীতের রোদ্দুর, বেলা তিনটাতেই কিছুটা মিইয়ে এসেছে। গোবিন্দ জাল গুটিয়ে মাছ রাখার জন্য জঙ্গল থেকে খানিক দূরে শুকনো চড়ায় অ্যালুমিনিয়ামের হাঁড়িতে জাল থেকে মাছ ছাড়িয়ে রাখছিলেন। এমন সময় বাঘ জঙ্গল থেকে ছুটে এসে গোবিন্দের ওপর ঝাঁপিয়ে পড়লে গোবিন্দ জাল হাতেই পানিতে ঝাঁপিয়ে পড়েন। দু-তিনবার বাঘকে এড়াতে পারলেও গোবিন্দ ধরা পড়ে যান। কিন্তু গোবিন্দর নাইলনের সুতার জাল বাঘের মুখে-পায়ে আটকে যাওয়ায় বাঘও সুবিধা করতে পারছিল না। গোবিন্দর সঙ্গীরা ভয়ে জঙ্গলের গাছে আশ্রয় নিয়েছেন। কিন্তু এ পারের লোকজন গোবিন্দর চিৎকার ও বাঘের হুংকার শুনে লাঠিসোঁটা হাতে হই-হুল্লোড় করতে করতে একটি মাঝারি খোলা নৌকায় উঠে চালাতে শুরু করল। নৌকা চলে না। কে একজন পেছন থেকে চেঁচিয়ে উঠল, ‘ওরে, লৈকোর দড়ি ছাড়া হইনি।’দড়ি ছেড়ে বাইচ দিয়ে লোকজন গোবিন্দকে উৎসাহ দিতে দিতে ঘটনাস্থলে পৌঁছালে পরাজিত বাঘ জালে জড়িয়ে জঙ্গলে উঠে গজরাতে লাগল। গোবিন্দকে নৌকায় ওঠালে দেখা গেল, বিধ্বস্ত জোয়ানটির পিঠ, হাত, কপাল বাঘের নখের আঁচড়ে ফালা ফালা হয়ে গেছে। জালে জড়িয়ে বাঘ কামড় বসাতে পারেনি। ইতিমধ্যে আরও তিনটি নৌকায় লোকজন এসে বাঘ তাড়িয়ে অন্য জেলেদের গাছ থেকে নামিয়ে আহত গোবিন্দকে নিয়ে গ্রামে ফেরে। এই গোবিন্দর সঙ্গে আমার দেখা হয় ঘটনার দুই বছর পর, ২০০১ সালে। ঘা শুকিয়ে চিরস্থায়ী দাগে পরিণত হয়েছে। ২০০৯ সালেও গোবিন্দর সঙ্গে দেখা হয়েছিল। শরীর ঠিক থাকলেও মাথা ঠিক রাখতে পারেন না, প্রায়ই ঝিমঝিম করে।সেকান্দর মিয়াকে দুবার বাঘে ধরেছিল।ঠিক বলা হলো না। প্রথমবার তিনিই বাঘ ধরেছিলেন, দ্বিতীয়বার বাঘ তাঁকে ধরেছিল। ১৯৮৯ সালে হালকা গড়নের ৪২ বছর বয়সী সেকান্দর মিয়ার সঙ্গে আমার দেখা হয়। তখন তিনি ১৫ দিন বাঘের আঁচড়ের চিকিৎসা করিয়ে সাত দিন আগে বাড়ি ফিরেছেন।সেকান্দর মিয়া সুন্দরবন-লাগোয়া গ্রাম জয়মণিরঘোল গ্রামের সম্পন্ন জোতদার আজীজ হাওলাদারের গরুর রাখাল। ঘটনার দিনের আগের রাতে একটি পুরুষ বাঘ খাল পার হয়ে গ্রামে এসে সেকান্দর মিয়ার তদারকে থাকা একটি গরুর বাথানে ঢুকে গরানের দোর ভেঙে বাথানের পাঁচটি গরুর সব কটিকে মেরে একটিকে ৫০ গজ দূরে পুকুরধারে টেনে নিয়ে খানিকটা খেয়েছে, এর মধ্যে ভোর হয়ে গেলে কাছের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা বাঘ দেখে মাইকে বাঘের উপস্থিতি জানিয়ে দেন। গ্রামের লোকজন সড়কি, লাঠি, রামদা নিয়ে জড়ো হলে বাঘ জঙ্গলের দিকে না গিয়ে উত্তরের ধানখেতের আইল ধরে হাঁটতে শুরু করে। ক্রমে জনতার দল বিশাল হয়ে বাঘকে ঘিরে ধরলে বাঘ ব্যূহ ভাঙার জন্য হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং নিজেও আহত হয়ে জঙ্গলের দিকে হাঁটার সময় আবার জনতার হাতে পড়ে। এই জনতার মধ্যে থাকা সেকান্দর মিয়া একটি লাঠি হাতে ধানখেতের কাদাজলে হাঁটতে থাকা বাঘকে লাঠি নিয়ে হামলা করেন। লাঠি ভেঙে গেলে বাঘ সেকান্দর মিয়াকে আক্রমণ করে। বাঘ তাঁকে কামড় দিতে গেলে সেকান্দর মিয়া বাঘের মুখের দুই পাশের ঘন লোম মুঠো করে ধরে কামড় ঠেকান। বাঘ সামনের পা চালিয়ে সেকান্দর মিয়ার হাত-পা ফালা ফালা করে দেয়। এর মধ্যে আশপাশের লোকজন বাঘকে কোপাতে থাকে। স্থানীয় খোকন শিকারি পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে বাঘের কপালে এলজি গুলির সিঁদুরের টিপ পরিয়ে দেন। দ্রুত সেকান্দর মিয়াকে মংলা হাসপাতালে পাঠালে তিনি সেরে ওঠেন।সেকান্দর মিয়া ২০০৩ সালে বড় মোরগমারী খালে বলালতা কাটতে গিয়ে কাটাখালীর কুখ্যাত মানুষখেকোর হাতে পড়েছিলেন। হাতের কুড়াল আর সঙ্গীদের সাহসিকতায় সেকান্দর মিয়া বেঁচে যান সেবার।বুড়িগোয়ালিনি রেঞ্জ অফিসের পাশেই মনু মোল্লার বাড়ি। পেশায় জেলে। ১৯৯৬ সালের মার্চ মাসের শেষ হপ্তায় তিনি মাছ ধরতে গিয়েছিলেন খলসেবুনিয়া খালের একটি শীষে খালে। খোলা নৌকায় তাঁরা চারজন মিলে খালপাটা জাল দেন। ভাটায় জাল পুঁতে মনু মোল্লা দা হাতে খালের খাড়া পাড়ে উঠে শুকনো লাকড়ির খোঁজ করেন। খালপাড়জুড়ে গোলপাতার ঝাড়। সঙ্গীরা নৌকায় তোলা মাটির চুলোয় ভাত রান্না, মাছ-তরকারি কাটার আয়োজন করছিলেন। পাড়ে ওঠার মুখে বাঘ ঝাঁপ দেয় মনু মোল্লার ওপর। মনু মোল্লার চরম ভাগ্য, লাফানো বাঘ আটকে যায় গোলের মোথায়। কিন্তু মনু মোল্লাকে ধরতে না পারলেও তাঁর মাথার খুলির ওপর এমন থাবা মারে যে চামড়া ও খুলির হাড়ের কিছু অংশ উড়ে যায়। সঙ্গী তিনজন দৌড়ে এসে গরানের বল্লি, হাতকুড়াল নিয়ে আটকে পড়া বাঘকে গণধোলাই দিলে বাঘ বিপুল শক্তিতে নিজেকে ছাড়িয়ে নিয়ে জঙ্গলে ঢুকে গজরাতে থাকে। সঙ্গীরা সংজ্ঞাহারা মনুকে নৌকায় তুলে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসেন। মনু মোল্লা বাড়ি ফেরার সাত দিন পর আমি তাঁর ছবি তুলি, সঙ্গীদের কাছে ঘটনার বর্ণনা শুনি। (মনু মোল্লার ছবি আমার একটি বইয়ে ছেপেছিলাম, কিন্তু নেগেটিভ হারিয়ে যাওয়ায় এখানে দিতে পারলাম না।) কয়েক বছর পর মনু মোল্লার সঙ্গে দেখা। মাথার চামড়া জুড়েছে, চুলও গজিয়েছে। কিন্তু তিনি বেশিক্ষণ কাজ করতে পারেন না। চোখে হঠাৎ অন্ধকার দেখেন।ডুমুরিয়ার এক মৌয়ালকে বাঘে ধরেছিল ডিঙ্গিমারীর জঙ্গলে, ২০০১ সালের মে মাসে। ছাটার জন্য ছড়িয়ে পড়ার আগে দলের পরামর্শ চলাকালে বাঘ গরান ঝোপ থেকে ঝাঁপ দিয়ে মৌয়ালকে মাটিতে ফেলে দেয়। সঙ্গীরা লাঠিসোঁটা নিয়ে বাঘকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করেন। মৌয়ালের নাম ভুলে গেছি, তবে ছবি রয়ে গেছে।এ বছর (২০১০) জুলাই মাসের শেষ সপ্তাহে নীরেন রাপ্তানকে (৫২) বাঘে ধরেছিল ঘাঘরামারী খালের এক শীষে খালে। চারজনের খালপাটা জেলে দল। ছোট শীষে খালে ভাটার পানি একেবারে নেমে যাওয়ার অপেক্ষা করছিল দলটি। জালের আগায় পোঁতার জন্য একটি ছোট শুকনো কাঁকড়াগাছ কাটছিলেন নীরেন খালের দক্ষিণ পাড়ে। বাঘিনী ছিল খালের উত্তর পাড়ে (বন বিভাগের লোকজনের কাছে শুনেছি, এটি বাচ্চাওয়ালা বাঘিনী)। দৌড়ে নৌকার ওপর দিয়ে লাফ দিয়ে বাঘিনী দক্ষিণ পাড়ে নীরেনকে ধরে ফেলে। সাহস হারাননি নীরেন। দা দিয়েই বাঘিনীর সঙ্গে লড়ে চলেন। সঙ্গীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে বাঘিনীর হাত থেকে নীরেনকে ছাড়িয়ে আনেন। নীরেনের হাতে, বুকে, মুখে গভীর আঁচড় দেওয়া ছাড়া কামড় বসাতে পারেনি বাঘিনী। মংলা হাসপাতালের চিকিৎসায় নীরেন মোটামুটি ভালো হয়ে উঠেছেন।সুন্দরবন-লাগোয়া গ্রামগুলোয় বাঘের হাত থেকে বেঁচে আসা এমনই কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি এখনো আছেন। আবার একবার বেঁচে এসেছেন, দ্বিতীয়বার আর ফেরেননি—এমন মানুষের কথাও শোনা যায়। বেঁচে আসা বনচারীদের কাছে শুনেছি, তাঁদের মধ্যে একটা মারাত্মক আতঙ্ক বা ট্রমা কাজ করে। বেশির ভাগই মগজঘটিত রোগে ভোগেন। এ ব্যাপারে কোনো রকম সাহায্য-সহায়তা এমনকি চিকিৎসাও তাঁদের জোটে না। বাঘের হাত থেকে বেঁচে বিনা চিকিৎসায় অনেকেই মারা পড়েছেন, এখনো পড়ছেন।