যে স্মারকে আবারও জীবন্ত তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ
আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ
আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ
সম্পাদক: ইমরান মাহফুজ
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন
সেপ্টেম্বর ২০১৫
৩৫২ পৃষ্ঠা
দাম: ৫৫০ টাকা।

আবুল মনসুর আহমদের (১৮৯৮-১৯৭৯) মৃত্যুর গোনাগুনতি ৩৬ বছর পর বের হলো এই স্মারকগ্রন্থ। আমাদের সমাজ ও রাষ্ট্রের, সাহিত্য ও সংস্কৃতি জগতের এই অবিচ্ছেদ্য ব্যক্তিপুরুষের বেলায় এমনটা ঘটা যথোচিত ছিল না। তাঁর মৃত্যুর অব্যবহিত পরে এই স্মারকগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা গেলে দুই বাংলার অন্তত তাঁর সমসাময়িক আরও কিছু ব্যক্তির—যাঁরা আবুল মনসুর আহমদকে নানাভাবে চিনতেন-জানতেন, তাঁদের লেখা সংগ্রহ করা যেত। ফলে এই স্মারকগ্রন্থের কলেবরই শুধু বাড়ত না, নিঃসন্দেহে তা আরও সমৃদ্ধও হতো। তাঁর মৃত্যুর এতদিন পর যখন এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন আবুল মনসুরের সমসাময়িক অনেক ব্যক্তিত্বই তাঁর মতো আর ইহজগতের বাসিন্দা নন। তারপরও কুড়িয়ে-বাড়িয়ে ও নতুন করে লিখিয়ে যা পাওয়া গেছে, তারও মূল্য অপরিসীম।
আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থটি নানা দিক থেকে উল্লেখযোগ্য। বিশেষ করে আবুল মনসুরকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাঁর জীবনব্যাপী সার্বিক কর্মপ্রয়াসের ভিত্তিতে। মোট সাতটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থের ক্রমিকতাটি এ রকমের: সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি, বুদ্ধিবৃত্তিচর্চা, জীবনদর্শন, স্মৃতি ও পরিশিষ্ট। তাঁর সাহিত্যকর্ম বা সাহিত্যজীবন নিয়েই আলোচকের সংখ্যা বেশি। এই অধ্যায়ের আলোচনায় সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষ্য, ‘...আবুল মনসুর আহমদ একজন রাজনীতিবিদ ছিলেন, এ কথা বললে তাঁর সম্পর্কে সবটা বলা হয় না। এমনকি তাঁর প্রধান পরিচয়ও দেওয়া হয় না। প্রধান পরিচয় এই যে তিনি একজন লেখক, সাংবাদিক হয়েও লেখক। উকিল ও রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও লেখক। সেই পরিচয়ই প্রধান কি স্থায়িত্বে, কি গুরুত্বে।’ তাঁর এই উচ্চারণের সঙ্গে দ্বিমত পোষণ করার অবকাশ খুঁজতে পারেন কেউ কেউ। বলতে পারেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের যে কাঠামো, তার ভিত্তি প্রতিষ্ঠাকারীদের অন্যতম পুরোধা পুরুষ হিসেবে আবুল মনসুরের যে অবদান, তার মূল্যায়নে নতুন করে গবেষণার প্রয়োজন।

আবুল মনসুর আহমদের সঙ্গে  স্ত্রী আকিকুন্নেসা আহমদ
আবুল মনসুর আহমদের সঙ্গে স্ত্রী আকিকুন্নেসা আহমদ

অজয় রায় তাঁর ‘আত্মপরিচয়ের জন্যই জানতে হবে তাঁকে’ প্রবন্ধে বলেন, ‘আরেকটু স্পষ্ট করে বললে বলতে হয়, ব্যক্তি হিসেবে আবুল মনসুর সাহেব কোনো সময়ই মুসলিম লীগ বাংলায় এবং ভারতে যে ধারায় ধর্মীয় সাম্প্রদায়িক ধারার রাজনীতি করতে চেয়েছিল, তা পুরোপুরি সমর্থন করতে পারেননি। সে কারণে মুসলিম লীগে যোগ দেওয়ার পরও বাংলা মুসলিম লীগে নাজিমউদ্দিন-ইস্পাহানি সাহেবেরা যে ধারায় এগোতে চেয়েছেন, তা সমর্থন করেননি। মুসলিম লীগেও যুক্ত থেকেছেন শহীদ সোহরাওয়ার্দী-আবুল হাশেম গ্রুপের সঙ্গে।’
মোরশেদ শফিউল হাসান তাঁর ‘আবুল মনসুর আহমেদ: গণতন্ত্র-ভাবনা’ শিরোনামের প্রবন্ধের এক জায়গায় আবুল মনসুরের রাজনীতির প্রাজ্ঞতার বিষয়টি তুলে ধরেছেন এভাবে, ‘সদ্য স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগের নানা ভুলত্রুটি ও ব্যর্থতার সমালোচনা করার পরও, একটি স্থিতিশীল সরকারের স্বার্থে আবুল মনসুর আহমদ চেয়েছেন, তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হোক। তবে তিনি চেয়েছেন সেটা হোক ভারতের কংগ্রেস-দলীয় সরকারের পন্থায়, গণতান্ত্রিক উপায়ে ও বারবার নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের রায় গ্রহণের পথে। পাকিস্তান মুসলিম লীগ সরকারের মতো অগণতান্ত্রিক পন্থায় বা জোরজবরদস্তিমূলকভাবে নয়।’ এভাবে আবুল মনসুর বিশ্লেষিত হয়েছেন নানা দৃষ্টিকোণ থেকে। ফলে তঁার জীবনকর্মের সার্বিক পরিচয় তুলে ধরার লক্ষ্যে বইটির লেখকদের প্রয়াস যে হার্দিক, কথাটির প্রমাণ এই গ্রন্থধৃত প্রতিটি অধ্যায়ের লেখার মাধ্যমে পরিস্ফুট। পরিশিষ্টগুলো ভবিষ্যৎ গবেষণা-সহায়ক। পারিবারিক ছবি সংযোজন করায় স্মারক গ্রন্থটির গুরুত্ব বেড়েছে। সার্বিক বিচারে এই বই বিগত ব্যক্তিত্ব আবুল মনসুর আহমদকে আমাদের সামনে নতুন করে জীবন্ত করে তুলেছে। তাই এই গ্রন্থের সম্পাদকমণ্ডলী অধ্যাপক রফিকুল ইসলাম, সৈয়দ শামসুল হক, অধ্যাপক আনিসুজ্জামান, শামসুজ্জামান খান ও সৈয়দ আবুল মকসুদ এবং সম্পাদক ইমরান মাহফুজ অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।