যেখানে তুমি আছো
‘আমি না একবার বিয়ের পথ দিয়ে গিয়েছিলাম।’‘তারপর কী হলো?’ ঘুষখোর খাইরুল মেম্বার জিজ্ঞেস করলেন। তাঁর ঘুষ-খাওয়া চেহারাটা কোরবানির গরুর মতো জ্যালজেলে। মনে মনে খাইরুল সগীরের আপাত ভুলোমনের খুব ভক্ত। পানের পিক ফেলেন ঘন ঘন। সে জন্য মাটির ছাইদানিটা ব্যবহার করেন। আর সেটা পরিষ্কার করার সময় ক্লাবের বেয়ারার সনৎ প্রতিদিন খাইরুলকে মা-বাপ তুলে গালাগাল করে। অবশ্য তখন খাইরুলরা কেউ থাকেন না।করম আলী সাহেব অত্যন্ত কার্ডশার্প। কোন তাসটা ছাড়বেন, সে চিন্তায় মশগুল। সগীরের কথাটা তিনি শুনলেও খেয়াল করলেন না।কিন্তু এর মধ্যে সগীর তাঁর হাতের তাস ছুড়ে ফেলামাত্র সবাই হে-হে করে উঠলেন, ‘এ কী করলেন আপনি, টেক্কার পর গোলাম দিলেন! এখনই তো দান মেরে দেবেন করম সাহেব।’সগীর হকচকিয়ে গেলেন। তিনি একেবারেই মনে করতে পারলেন না আগেরবার টেক্কা ছেড়ে দেওয়ার কথা। তাঁর ফরসা মুখ লাল হয়ে যায়।করম আলী অত্যন্ত কার্ডশার্প। সগীর তাঁর ডান পাশে পড়ুক, এটি তিনি চান। কারণ সগীরের সহজ কার্ড থ্রোতে তাঁর লাভের স্তূপ বাড়ে। করম আলী তাই সগীর যখন হেনস্তা হতে থাকেন, তখন সগীরের একরকম ডিফেন্সে আসেন। বলেন, ‘খামোখা ওনার পেছনে লাগছেন কেন? খেলে তো কার্ড। কার্ড খারাপ এলে উনি কী করবেন!’কিন্তু সগীর আজকে কেন উল্টোপাল্টা তাস ফেলছেন, এটা তাঁর সঙ্গীরা জানেন না। সগীরের অবিবাহিত জীবনে এই পঁয়তাল্লিশ বছরের মধ্যে আজকেই বলতে গেলে তিনি প্রথমবারের মতো বিরাট একটা হোঁচট খেতে যাচ্ছেন। তিনি যাকে বছর দুয়েক ধরে ভালোবেসে যাচ্ছিলেন এবং ভেবেছিলেন যে হয়তো এবার শেষ পর্যন্ত বিয়ে একটা করেই ফেলবেন, আজকে তাঁর বিয়ে। এই সন্ধ্যায়। তিনি বিয়েতে যাওয়ার অঙ্গীকারও করেছেন, কিন্তু তিনি যাচ্ছেন না। বরং তিনি গোঁ ধরে তাস খেলছেন।জেবার শেষ কথা ছিল, ‘তুমি আসলে একটা ইরিটেটিং লোক। নিজের সুবিধা ছাড়া কিচ্ছু বোঝো না। এ জন্য এত দিন বিয়ে করতে পারোনি।’ সগীর শুধু আস্তে করে বলেছিলেন, ‘তাই!’সগীর তাসের পার্টনারদের বিরক্তি গায়ে মাখলেন না। বরং জেবাকে ভোলার জন্য সে আগের গল্পটা বলার চেষ্টা করলেন। বললেন, ‘আমি না একবার বিয়ে করার জন্য একটা মেয়ে পছন্দ করতে গেছিলাম। অবশ্য যেদিন দেখতে যাই, সেদিন আমার থুতনিতে বিরাট একটা ব্যান্ডেজ ছিল।’‘কী, গাল কেটে ফেলেছিলেন সেভ করতে গিয়ে?’ প্রভাষ বড়ুয়ার প্রশ্ন। তাঁদের লাইনে তাঁর মতো তুখোড় ইঞ্জিনিয়ার আছে বলে জানা নেই। আবার তিনি যে দশ টাকাও ঘুষ খান, সেটিও সবাই জানেন।করম আলীর দান বাটা শেষ। কাচ্চু দেবেন। তখন বললেন, ‘আর খেলতে না চাইলে এটা রাউন্ডের শেষ ডিল। যে কার্ডটা পড়বে, সেটাই ডাবল স্টেইকের হবে।’সগীর তাঁর নিজের অবস্থা দেখলেন। প্রতিদিনের মতো কাহিল অবস্থা। কয়েকটা সাদা গুটি ছাড়া লাল বা কালো আর কোনো গুটিই নেই। অথচ করম আলীর জায়গায় লাল-কালো-সাদা গুটি স্তূপ হয়ে আছে। ভাবলেন, বর্ন লুজার!এই তাসের জুয়ার কোরামে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, অপরূপ সেন, একটি সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি জায়গা পাননি। দেরিতে এসেছিলেন। ইসমাইল হুসেন নামক বিশ্ববিদ্যালয়ের একজন ছোকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খেলছেন।অপরূপ সেন বললেন, ‘খেলা ভাঙবেন কেন? চালিয়ে যান। ডিনার আমি করাব সবাইকে।’ তারপর করম আলীকে উদ্দেশ করে বললেন, ‘আপনার তো অনেক জমেছে। টার্গেট ফুলফিল্ড। আপনি আমাকে জায়গা ছেড়ে দেন।’অপরূপ সেনের সঙ্গে অন্যরাও হেসে দিলেন।তবে, করম আলী খোঁচাটা সহ্য করলেও সুযোগটা ছাড়লেন না। বললেন, ‘ঠিক আছে স্যার, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। এই দান পর। বাসা থেকে একটু কাজ সেরে এসে আপনার ডিনারে জয়েন করব। ডিনার কোথায়? বাসায়, না ক্লাবে?’অপরূপ সেন বললেন, ‘আরে ক্লাবে কী! খেলা শেষ হতে হতে কিচেনই বন্ধ হয়ে যাবে। শোনেন, বউ আমার কলকাতা গেছে মেজ ছেলেটাকে একটা মিশনারি স্কুলে ভর্তি করাতে। এই সুযোগে আমরা একটু ওয়ার্মআপ করি। রাঙামাটি থেকে গত সপ্তাহে হাঁস পেয়েছি দুটো। এক বোতল ব্র্যান্ডি আর এক বোতল ভোদকা আছে। খেলা শেষ করে গেলেই হবে।’‘হংসমাংস সহকারে দারুপান, চমৎকার! সঙ্গে অপরূপ দা একটু ঔল্ড এইজ মেডিসিন থাকলে ভালো হয় না?’খাইরুল মেম্বারের কথায় সবাই আরেকবার হেসে উঠলেন। করম আলী বললেন, ‘চাকা না হলে মেম্বার সাহেবের জমে না।তাহলে ভিসিডি আর টিভি বেডরুমে নিয়ে আসতে বলি?’মোবাইল ফোনে বাসার চাকরকে অপরূপ সেন ওভাবে নির্দেশ দিলেন।অপরূপ সেন বাড়িটা করেছেন খুলশির একেবারে শেষ প্রান্তে। ৬ নম্বর রোড যেখানে ফয়’স লেকের রাস্তায় এসে মিশেছে। দ্বিতল বাড়ি। মোটামুটি ডিজাইনের। সিঁড়ির নিচ থেকে ওপরের দোতলার বেলকনি পর্যন্ত শুধু টবের গাছ। শত রকমের ফুল। যেকোনো আগন্তুকের মনে হবে একটু যেন বাড়াবাড়ি চলছে ফুল নিয়ে।সবাই গিয়ে অপরূপ সেনের বেডরুমের ভেতরে বসলেন। ঠিক হলো, টিভিটা আর বসার ঘর থেকে শোবার ঘরে না এনে কম্প্যুটারে ছবি দেখবেন তাঁরা।বিছানার পাশে দুটো বেতের চেয়ার পাতা। সগীর একটাতে বসলেন আর পাশেরটাতে বসলেন খাইরুল মেম্বার। পাশের একটা তেপায়া টেবিলে পানের পিচকারিদানি। আরেক থোক পানের রস মুখ থেকে পিকদানিতে ফেলে তিনি বললেন, ‘আমরা সগীর সাহেবের গল্পটা শুনে নিই, তারপর ছবি দেখি। এর মধ্যে দারুপান চলতে থাক।’প্রভাষ বললেন, ‘আরে না না, প্রেমের প্যানপ্যানানি শুনতে ভালো লাগবে না। ছবিও চলুক, দারুও চলুক, গল্পও চলুক—সবগুলোই একসঙ্গে হোক।’অপরূপ সেন বললেন, ‘দু-এক পেগ আগে পেটে পড়ুক, তারপর না হয় সগীর সাহেবের পেটের কথা জানা যাবে।’অপরূপ সেন পাশের ঘরে গিয়ে ফ্রিজ খুললেন। ব্র্যান্ডি আর ভোদকার পাশে একটা আধখাওয়া হুইস্কির বোতলও দেখলেন। চিৎকার করে বললেন, ‘এই এখানে তো হুইস্কিও পাওয়া গেছে। নিয়ে আসব?’প্র্রভাষ চিৎকার করে সবার পক্ষ হয়ে যেন সায় দিয়ে বললেন, ‘নিয়ে আসুন দাদা। ওইটাই আগে এস্তেমাল করি।’একটা ট্রেতে সাজিয়ে বোতলগুলো আর বরফের ফ্লাস্কটা নিয়ে বেয়ারারটা এল, আর পেছন পেছন দুহাতে কয়েকটা গ্লাস নিয়ে ঢুকলেন অপরূপ সেন।এর মধ্যে দরজায় নক হলো। করম আলী ঢুকলেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইসমাইল আগে থেকেই বিদায় নিয়েছিলেন। কোরাম ফুল। পানাহার শুরু হলো। ফিশফ্রাই আর কাটা গাজর দিয়ে। সগীর হুইস্কির সঙ্গে শুধু পানি নিলেন। তাঁর ঠান্ডার অ্যালার্জি। তাই বরফ নিলেন না। এদিকে কম্প্যুটারের মনিটরে একটা বিচিত্র জান্তব ছবি চলছিল।কারোর যে আসলে ছবির দিকে মনোযোগ আছে, তা-ও নয়। কিছুটা অভ্যাসের বশে, কিছুটা সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে যেন এ রকম ছবি দেখা।হাতের ঘড়িতে সময় দেখলেন সগীর। এতক্ষণে বর এসে যাওয়ার কথা। বরটাকে তিনি চেনেনও। তাঁরই তৃতীয় ভাইটার অফিসে একসঙ্গে চাকরি করে। কার জিনিস কে নিয়ে যায়!সগীরের বয়স তখন পঁয়ত্রিশ। আজ থেকে দশ বছর আগে। সবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন হয়েছে। একটু ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন বলে তাঁর ধারণা ছিল। পড়াশোনায় প্রখর ছিলেন। ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে যখন বের হলেন, তখন আবিষ্কার করলেন, তাঁর পয়সা কামানোরও বেশ ঝোঁক আছে। অনেক প্রাইভেট কোম্পানিতেও তাঁর চাকরি হতে পারত। কিন্তু তিনি অনেক হিসাব করে সরকারি একটি সংস্থায় ঢুকলেন। প্রথম প্রথম ঘুষ খেতে একটু লজ্জা লাগত, পরে তাঁর ঘুষ না নিতেই লজ্জা হতো।গ্রাম থেকে উঠে আসা ছেলে সগীরের যখন সরকারি বাসায় জায়গা হলো, তিনি প্রথম দফায় বাবা-মা, ছোট ভাইবোন—সবাইকে নিয়ে উঠলেন। পরিবারের বড় ছেলের দায়িত্বশীলতার কথা তাঁর গ্রামে খুব প্রশংসা পেল। আর সগীর চাকরিতে ঢুকে ক্রমশ আবিষ্কার করতে লাগলেন যে তাঁর আপাতত নির্দোষ ফরসা চেহারাটা খুব কাজে আসছে। মেধা ও দক্ষতা দিয়ে তাঁর যে পয়সার প্রতি লোভ আছে, সেটা তিনি বেশ চাপা দিয়ে রাখতে পারলেন। আবার পয়সার ব্যাপারে তিনি যেমন খুব খর, পাশাপাশি কেমন যেন উদাসীনও। মানুষ, অর্থাৎ তাঁর বন্ধুবান্ধব বা সহকর্মীরা তাঁর উদাসীন দিকটা দেখছিলেন, তাঁর হিসাবি মনটাকে নয়।ঘুষের পথে পা বাড়িয়েও তাঁর চাকরির পদোন্নতিতে তেমন অসুবিধা হলো না। আজকে সগীর কার্যনির্বাহী প্রকৌশলী, অর্থাৎ এক্স এন। পদোন্নতিটা তাড়াতাড়িও বলা যায় না, আবার খুব দেরিতে হয়েছে, তা-ও বলা যায় না। চাকরির শুরুতে তাঁর একজন বস ছিলেন খুব মুডি টাইপের, কিন্তু ঘুষখোর নাম্বার ওয়ান। তিনি একবার বলেছিলেন, ‘দেখো, খুব কড়া নীতি নিয়ে চলবে না, তাহলে বড় ধরনের গন্ডগোলেও পড়বে না। এ লাইনে ঘুষ খেতেই হয়। আমিও খাই, তুমিও হয়তো খাবে বা খাচ্ছো। একটা গা-ছাড়া ভাব নিয়ে চলবে, তাহলে বিপদে পড়বে না।’সগীরের গা-ছাড়া ভাবের শেষ নেই। সুগন্ধায় দুই ইউনিটের যে পাঁচতলা ভবনের মালিক তিনি, সেখানে তাঁর ভাড়াটেরা তাঁকে মনে করে যেন দিন-দুনিয়ার খোঁজ রাখেন না—এ রকম একজন লোক। তাঁর এক বন্ধু আছেন শরীফ সাহেব, শেয়ার মার্কেটের ব্যবসা করেন। শরীফ সাহেবই তাঁর বাড়িটার কেয়ারটেকার, ভাড়াটে দেওয়া, ভাড়া নেওয়া, ভাড়াটে তাড়ানো ইত্যাদি কাজ শরীফ সাহেবই দেখাশোনা করেন। সগীরকে ভাড়াটেরা খুঁজেও পায় না।অতি ব্যস্ততার কারণেই হোক বা অন্য যেকোন কারণেই হোক, মা-বাবার বড় ছেলে হয়েও কিন্তু সগীরের বিয়ে করা হয়ে ওঠেনি। এখন তাঁর মা-বাবা দুজনেই মৃত, ছোট ভাইবোনগুলোর সবার বিয়ে হয়েছে, সবাই ভালোভাবে প্রতিষ্ঠিত এবং আলাদা আলাদা থাকে। সগীর খুলশীতে নিজে থাকার জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়েছেন। সেটাতেই থাকেন। একজন ড্রাইভার, একজন দারোয়ান, একজন কাজের বুয়া ও এক বালকবয়সী ছেলে, যে সব রকমের ফাই-ফরমাশ খাটে—এই হলো সগীরের ঘরের লোকজন। আর থাকে তাঁর খুব বিশ্বাসী এক পিয়ন কাম সিকিউরিটি, যার মাধ্যমে ছোটখাটো ঘুষের মামলাগুলোর ব্যবস্থা হয়।যখন চট্টগ্রামের বাইরে তাঁর পোস্টিং থাকে, তখন তাঁর খুলশীর ঘরটা দারোয়ানের হাতেই থাকে। ওই সময় ঢাকা থেকে তাঁর বস বা সহকর্মী চট্টগ্রামে অফিসের কাজে বা বেড়াতে এলে তাঁর বাসায়ই তাঁদের থাকার ব্যবস্থা হয়। আয়োজন থাকে সব রকমের বিনোদনের। পানাহার বা জুয়ার ব্যাপারে সগীরের ততটা উদ্বেগ আসে না, কিন্তু অন্য কোনো ব্যাপার হতে পারে, সেটা নিয়েও সগীর ঢাকায় বসেও ঘামতে থাকেন। কিন্তু তাঁর এই চাপা উদ্বেগের কথা তিনি কাউকে বুঝতে দিতে চান না। বসদের কাছে, বন্ধুবান্ধব বা সহকর্মীদের কাছে তাঁর যে একটা বড় রকমের গ্রহণযোগ্যতা আছে, সেটা তিনি নষ্ট হতে দিতে চান না।সগীর কিছুদিন, বিশেষ করে চাকরির প্রথম দিকে একটু উল্টোপাল্টা জীবনযাপনের কথা ভেবেছিলেন, কিন্তু এর মধ্যে চারদিকে ভয়াবহ একটি অসুখের এত বিজ্ঞাপন আর বিলবোর্ড বের হতে থাকে যে তিনি খুব ভয় পেয়ে গেলেন, এবং ওই রাস্তাটা ছেড়ে দিলেন। কিন্তু বিয়ে করার ব্যাপারে তিনি কোনো আপসও করতে রাজি ছিলেন না। চোখ বন্ধ করে হয়তো তিনি যেকোনো একটা বিয়ে করেও ফেলতে পারতেন। কিন্তু তিনি তা করবেন না বা করেননি। তাঁর খুব ভেতরের ইচ্ছা যে একটি মেয়ে এসে তাঁকে বলবে, ‘ওঠো, আমি এসেছি।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অভিসার’ কবিতাটির পটভূমি বদলিয়ে তিনি চিন্তা করতেন, তিনি বনের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, আর তাঁকে ঘুম থেকে জাগাচ্ছে তাঁর স্বপ্নের রানি।কিন্তু বাস্তব ক্ষেত্রে সগীর এত লাজুক আর মহিলাদের কাছে এতটা ম্রিয়মাণ হয়ে থাকেন যে তাঁর হাবভাবে বা আচার-আচরণে কারোর বোঝার উপায় নেই যে তাঁর মনের ভেতর ঝড় ফুঁসছে।যখন তাঁর মা বেঁচে ছিলেন, তখন তিনি সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেও ছেলেকে বিয়ে করাতে পারেননি। এর আগে তাঁর বাবাও মারা যাওয়ার আগে বহু চেষ্টা করে শেষে ইস্তফা দেন। সগীর মেয়ে দেখতে গেলেই তাঁর কাছে দেখানো মেয়েটার হয় শারীরিক কোনো খুঁত অথবা চারিত্রিক কোনো বৈষম্য ধরা পড়েছে। এর মধ্যে তাঁর তৃতীয় ভাইটার বিয়ে হলে দেখা গেল, সেই বউটা খানিকটা স্মার্ট ধরনের। তৃতীয় প্রজন্মের মেয়ে। টুকটাক মডেলিংও করছিল।বড় ভাশুরের সঙ্গে কথা বলার সময় তার অত রাখঢাক নেই। বলল, ‘বড় ভাইয়া, কুচ পরোয়া নেই। আমার এক বান্ধবী আছে। জামাইটা ডাক্তার ছিল, হঠাৎ রোড অ্যাকসিডেন্টে মারা গেছে। বান্ধবীটার বাচ্চাটাচ্চা নেই। ফ্রি। আপনি বিয়ে করেন, খুব উপকার হবে। ওরও, আপনারও।’সগীর ওই মেয়েটাকে দেখার জন্য শেষ পর্যন্ত মত দিয়েছিলেন। কিন্তু তাঁর ঢাকার অফিসে কাজ ছিল। যেদিন মেয়েটাকে দেখার কথা, তার আগের দিন ঢাকা থেকে সুবর্ণতে চড়ে চিটাগাংয়ে ফিরছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ঘটল দুর্ঘটনাটা। দুষ্টু কিছু ছেলে চলন্ত ট্রেন বরাবর পাথর ছুড়ে মারছিল। একটা ঢিল হঠাৎ করে ভেতরে ছুটে আসে। লাগে সগীরের থুতনিতে। রক্তারক্তি ব্যাপার। ফাটা থুতনিটা চেপে ধরে বসে তিনি বাকি জার্নিটা শেষ করেন। তখন মোবাইলের যুগ শুরু হয়নি। তিনি চিটাগাং স্টেশন থেকে টেলিফোনে খবর দিলেন বাসায়। সবাই সঙ্গে সঙ্গে বাসা থেকে এসে গেল। তাঁর স্মার্ট ভ্রাতৃবধূ, উপলা যার নাম, তাঁকে একনজর দেখে বলল, ‘সাংঘাতিক কেটেছে তো! আপনি এতটা পথ গালটা চেপে ধরে এসেছেন! ট্রেনে কোনো ডাক্তার ছিল না?’তিনি বললেন, ‘ডাক্তার ছিল, কিন্তু ব্যান্ডেজের সরঞ্জাম তো তাঁর সাথে ছিল না।’যা হোক, প্রথমে যে ক্লিনিকটি কাছে পাওয়া গেল, সেটিতে তাকে নিয়ে যাওয়া হলো। কয়েকটা সেলাই পড়ল, ব্যান্ডেজও হলো। কিন্তু এই ব্যান্ডেজ করা থুতনি নিয়ে তিনি মেয়ে দেখতে যান কীভাবে! একটা পারিবারিক সভার মতো হলো। তৃতীয় ভাইটা বলল, ‘এটা তো একটা অ্যাকসিডেন্ট, সাময়িক ব্যাপার মাত্র। বিয়ের সম্পর্ক তো স্থায়ী। যিনি পছন্দ করবেন, তিনি তো নিশ্চয় এটা বুঝবেন। তা ছাড়া, তারও তো আগে বিয়ে হয়েছে। তারও তো ঠেকা আছে। আমার মনে হয়, বড় ভাইয়া এই ব্যান্ডেজসহ মাস্ট সি হার টু মরো।’কমর সাহেব খোঁচা মারলেন, ‘আরে, আপনার যে আলুমার্কা চেহারা, আপনার গাল এপাশ থেকে ওপাশ পর্যন্ত কাটা থাকলেও পাত্র হিসেবে উতরোবেন।’‘আরে, গল্পটাই আগে শোনেন না।’ সগীর সাহেব গেলাসে চুমুক দিচ্ছিলেন ঘন ঘন, আমার এক ভাগনে, আমারই বয়সের কাছ কাছি, বন্ধুর মতো, আর আমার ভাইয়ের বউ, আমরা গেলাম মেয়ে দেখতে। হালিশহরের ‘কে’-ব্লকে বাসা। যেতে যেতে বেশ রাতই হয়ে গেল।কিন্তু গভীর রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় সগীর সাহেবের আবছা মনে আসছিল যে গল্পটা তিনি শেষ করতে পারেননি পানাহারের উত্তেজনায়। বারবার আড্ডার বিষয় নানা দিকে ছুটে গেছে। কিন্তু ওই বিধবার পরিবার থেকে বলা হয়েছিল, মামা নয়, ভাগনেটা পাত্র হলে বরং তাঁরা বিবেচনা করতেন। অথচ ভাগনেটা তখন তিন সন্তানের বাবা।স্টিয়ারিংয়ে তাঁর হাত একটুও কাঁপছিল না। যত পানীয় নিক না কেন, তাঁর কেন, তাঁর বন্ধুদেরও কারও স্টিয়ারিংয়ে হাত কাঁপে না। অথচ, এতক্ষণে নিশ্চয় বর-কনে অনুষ্ঠান ত্যাগ করেছে। বিবাহবাসর ঠান্ডা হয়ে গেছে।জেবা বলেছিল, ‘তোমাকে আমার খুব ভালো লাগে, বিয়ে করে ফেলতেও ইচ্ছে করে, কিন্তু তোমার প্রতিষ্ঠার কাছে আমি খুব বেমানান।’সগীর বলেছিলেন, ‘তুমি আসলে বলতে চাইছ, বয়সে তুমি আমার অনেক ছোট, আর বছর দশেক পরে আমি মোটামুটি বুড়োর দলে পড়ে যাব, তুমি থাকবে যৌবনচঞ্চলা।’জেবাকে খেপানোর জন্য সগীর এ রকম দু-একটা চাঁছা বাংলা শব্দ ব্যবহার করতেন।সগীরের কাছে দুটো পুরো ডায়েরি আছে, জেবাকে নিবেদিত স্বরচিত কবিতা, অথচ জেবাকে যা বলে তিনি কোনো দিন একটা চুমুও খাননি। তাঁদের মেলামেশা ওই হাত-ধরাধরি পর্যন্ত। তার পরও সগীরের আকাশসমান আশা ছিল তিনি জেবাকে বিয়ে করবেন। তিনি বনের মধ্যে ঘুমিয়ে থাকবেন, জেবা এসে তাঁর পাশে বসে তাঁর বুক ছুঁয়ে বলবে, ‘এসো, আমি এসেছি।’যেদিন জেবা তাঁকে বিয়ের কার্ড দিয়ে গেল অফিসে এসে, সেদিন তিনি এমন ভাব করলেন, যেন তাঁর কিছুই হয়নি। স্বাভাবিকভাবে কথা বললেন। দুজনে মিলে টি-ফ্লাস্ক থেকে চা খেলেন, একটা গান গুনগুনিয়ে গাইলেনও। জেবা বরঞ্চ খানিকটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। এই প্রতিক্রিয়ার জন্য সে তৈরি ছিল না।সেদিন সন্ধ্যায় ক্লাবে গিয়ে কোরাম ভরে যাওয়ায় তিনি জায়গা পাননি। বাইরের লনে প্লাস্টিকের চেয়ার টেনে রেলিংয়ের ওপর পা টেনে বসে বসে ভাবলেন। কোথায় যেন একটা কিছু মিলছে না। জেবা চলে যাচ্ছে, অথচ তাঁর তেমন কষ্ট হচ্ছে না। নাকি কষ্ট হচ্ছে, তিনি বুঝতে পারছেন না। সময়গুলো তাঁর অফিস, ক্লাব, তাসখেলা, ঢাকা-চট্টগ্রাম ছোটাছুটির মধ্যে একটা ছন্দের মতো কেটে যাচ্ছে। জেবার জন্য বিরহে তিনি কত কবিতা লিখেছেন, অথচ জেবার বিয়ে হয়ে যাচ্ছে, তিনি ছুটে গিয়ে যে সেটা আটকাবেন, সে রকম কোনো ইচ্ছা বোধ করছেন না।আকাশে পূর্ণ জ্যোৎস্নার চাঁদ উঠেছে। তিনি গাড়ি চালাতে চালাতে কখন যে পতেঙ্গার সমুদ্রপাড়ে এসে পৌঁছালেন, বুঝতে পারেননি। এ রাতেও বিয়ার বিক্রির ছেলেগুলো আনাগোনা করছে। তাঁর পরিচিত এরা। তিনি পুরো এক ক্যারেট বিয়ার নিয়ে গাড়িতে ঢোকালেন। শুধু দুটো ক্যান বের করে নিয়ে তাঁকে দিতে বললেন। গাড়ির মধ্যে বসে থেকে জানালার কাচ হালকা নামিয়ে দিয়ে সগীর একটু একটু করে বিয়ার পান করতে লাগলেন আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজের সঙ্গে নিজের ভেতরের ওজরটা মিশিয়ে দিলেন। আকাশের পূর্ণ চাঁদ তাঁর দিকে তাকিয়ে আছে। সগীর আনমনে গাড়ির ড্যাশবোর্ডে রাখা টিস্যু বক্স থেকে দুটো টিস্যু টেনে চোখ মুছলেন।