যেখানে শীত নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গনজালেসের মুখে খোঁচা খোঁচা দাড়ি। শিকাগো শহরের ধূসর রঙের রাস্তার ওপর দিয়ে সে যখন হাঁটে, দূর থেকে ভেসে আসা তুষারের কণাগুলো রাস্তায় এসে শুয়ে শুয়ে পড়ে আর তাদের কিছু ঝুলে পড়ে তার সাদাটে দাড়িতে। গনজালেসের মনে হয় তুষারের কণাগুলো লিলিপুটের বাচ্চা একেকটা, তার দাড়ি ধরে ঝুলে নিজেদের জীবন বাঁচাচ্ছে। গনজালেস হাঁটা ধরেছিল ব্লু আইল্যান্ডের মোড় থেকে। ব্লু আইল্যান্ডের মোড়ে যে অনামা মূর্তিটা আছে, যার নিচে প্রতি রোববার রাতে ভ্রাম্যমাণ গাড়িওয়ালা চার্চের লোকজন এসে ভবঘুরেদের খাবার দিয়ে যায়, গনজালেস সেই মূর্তির নিচে পায়রার শাদা গুয়ের নকশার ওপর বসে এক হাত দিয়ে আরেক হাত চেপে রেখেছিল আজ সারা সকাল। আর মারিও তার ভাঙা হাওয়াই গিটারে স্প্যানিশ গান বাজাচ্ছিল। বড় চেইনশপের পেছনের আবর্জনার বাক্স থেকে মারিও এই ভাঙা গিটারটা জোগাড় করেছিল। ব্লু আইল্যান্ডের মোড়ে অনামা মূর্তির নিচে বসে এই গিটার বাজালে নাকি তার শীত লাগে না—মারিও বলে সব সময়। গনজালেস বোঝার চেষ্টা করছিল মারিওর গিটার শুনলেও শীত ভাগে কি না। ঘণ্টা খানেক মারিওর ভাঙা গিটারের ঘষাঘষি শোনার পর সে তার নতুন শেখা ইংরেজিতে গালি দিয়েছিল—ফাক ইট। তারপর হাঁটা দিয়েছিল এইটিনথ স্ট্রিট বরারর। তারপর হলস্টেড। তারপর একটানা উত্তরে হেঁটে, রুজভেল্ট স্ট্রিট ধরে পৌঁছে গেছিল ডাউনটাউনে। ডাউনটাউনের দৈত্যের মতো দালানগুলো দেখলে গনজালেসের একরকম ভরসা হয়—এগুলো যেভাবেই হোক বাতাস আটকে রাখবে। কিন্তু তার ধারণা যে ভুল, প্রতিবার ডাউনটাউনে এসেই সে টের পায়। বল্লমের মতো বাতাস তাকে একেবারে ছ্যাদা করে দিয়ে চলে যায়। দালানগুলোর ফাঁকে-ফোকরে কোথায় যে এই বাতাসগুলো শাদা পোশাকের পুলিশের মতো লুকিয়ে থাকে কে জানে।শিকাগো কালচারাল সেন্টারের পুরোনো দালানটার সামনে এসে গনজালেস দাঁড়ায়। রাস্তার পাশে, বিল্ডিংটার সামনে একটা ধাতুর তৈরি গরু। মাথাটা নোয়ানো, কিন্তু শিংয়ের মধ্যে হিংস্রতা নেই বলে মনে হয় গনজালেসের। গরুর পিঠে সে হাত বোলায় তারপর আঙুলের আগা দিয়ে শিংয়ের মাথা ছুঁতে যায়। ছুঁতে গিয়েই লাফ দিয়ে সরে আস্তে একটা বিদ্যুতের রেখা হলকা দিয়ে আঙুলের ডগা দিয়ে ঢুকে পড়ে তার শরীরে। গনজালেস হাসে।রাস্তার ওধারে মিলেনিয়াম পার্কের রুপালি মিররে ডাউনটাউনের নানা আকৃতির দালানগুলো হুড়োহুড়ি করে নিজেদের ছায়া তৈরি করতে থাকে। গনজালেস রাস্তা পার হয় না। সে ঢোকে কালচারাল সেন্টারের ভেতর, পিতলের পুরোনো রিভলভিং দরজা ঠেলে ঠেলে। একবার সে ঢোকে, আরেকবার বের হয়ে আসতে চায়, কিন্তু পারে না। পেছন থেকে কে একজন এসে দরজা ঘুরিয়ে তাকে সমেত ভেতরে ঢুকে পড়ে। গনজালেস দেখে, ভেতরে রাজকীয় সজ্জা। মার্বেল পাথরের সিঁড়ির মুখে কাউন্টার। সেখানে বসে আছে কুঁচকে যাওয়া সাদা চামড়ার এক বুড়ি। বুড়ি কতটা বন্ধুবৎসল গনজালেস ঠিক ঠাহর করতে পারে না। কিন্তু সে কাউন্টারে পা বাড়ায়। তার মনে হয় বুড়ির কুঁচকে যাওয়া চামড়ায় আরও দু-একটা ভাঁজ পড়ে, ওর উপস্থিতির কারণে। বুড়ির নীলচে চোখে গনজালেস নিজেকে আবিষ্কার করে। সে দেখে বুড়ির নীল চোখ তাকে পড়ছে এবং সতর্ক হচ্ছে। এই সতর্কতার মানে গনজালেস জানে। এই সতর্কতা তার অ-কামানো গাল, তার ফুটো হয়ে যাওয়া জিন্স আর তার নোংরা জ্যাকেটের কারণে। গনজালেস তার পরও বুড়ির দিকে এগোয়। এবং জিজ্ঞাসা করে, কী চলে ভেতরে? বুড়ি তার স্বভাবসুলভ পেশাদারি নিয়ে সেদিনের আয়োজনের বর্ণনা দেয়। তার গলায় পেশাদারির অতিরিক্ত আর কিছু খুঁজতে যায় গনজালেস। বুড়ির চোখ নামানোর অস্বাভাবিক ভঙ্গি ছাড়া আর কিছু বের করতে পারে না সে। বুড়ি মারফত সে জানতে পারে, হলের নিচতলায় আর্টের এক ফ্রি একজিবিশন চলছে। আর্টের একজিবিশনে তার ভূমিকা কী হতে পারে এই দ্বিধার কোনো সমাধান বের করার আগেই নিজেকে সে নিচতলার বড় গ্যালারিতে আবিষ্কার করে।গ্যালারির ভেতর গনজালেস কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। গ্যালারির জিনিসগুলো দেখে সে মেলানোর চেষ্টা করে এগুলো আগে সে কোথায় দেখেছিল। কিন্ত মেলাতে পারে না। এমন কিছু জিনিস দিয়ে গ্যালারিটা ভরিয়ে রাখা, জিনিসগুলো যে ঠিক কিসের মতো গনজালেস জানে না। তবে তার ঘোরাঘুরি করতে ভালো লাগে, কারণ কালচারাল সেন্টারে বাইরের বাতাসটানেই। হঠাৎ তার মনে হয়, গ্যালারির দরজার পাশে রাখা জিনিসটার নাম জানা দরকার। কিংবা হয়তো তার মনে হয়, জিনিসটা না, জিনিসটার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তার সঙ্গে কথা বলাটা বেশি জরুরি। মেয়েটা কালো। শরীর মোটা। গায়ে নীল রঙের একটা জামা। তার মধ্যেও একটা উটকো পেশাদারি। কোনো এক কারণে সে গনজালেসের দিকে সরাসরি তাকায় না। গনজালেসের মনে হয়, তার দিকে সরাসরি তাকালে, অপরিচিত মানুষের দিকে মানুষ যেমন কৌতূহলভরে তাকায়, সেভাবে তাকালে, কালো মেয়েটার পেশাদারি খসে পড়ার সম্ভাবনা।শিল্পটার দিকে এক মনে তাকিয়ে থাকে গনজালেস, আর তার থেকে দু-হাত দূরেই, শিল্পের আরেক পাশে উল্টোমুখ করে দাঁড়িয়ে থাকে কালো মেয়েটা। তাদের দৃষ্টি থাকে সমান্তরাল। এ অবস্থায় দুজনের কারও পক্ষেই কথা বলাটা সহজ হয় না। তাই গনজালেসকে শিল্পটার দিকেই তাকিয়ে থাকতে হয় এবং তাকিয়ে থাকতে থাকতে একটা সময় তার খেয়াল হয়, ঠিক এই মুহূর্তে একটা কিছু না বললে পুরো ব্যাপারটার অর্থহীনতা তাকে এখান থেকে সরে দাঁড়াতে বাধ্য করবে। ফলে সে মুখ খোলে। কালো মেয়েটার কাজ যদিও কেবল প্রদর্শনী কেন্দ্রসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া—এটা জানার পরও গনজালেস তাকে জিজ্ঞাসা করে, কত দিন হলো কাজ করো এখানে? এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন মেয়েটাকে যে সামলাতে হয় না, তা না। তাই সে তার পেশাদারি রক্ষা করে পাল্টা প্রশ্ন করে, ডু ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন অ্যাবাউট দিস আর্ট স্ট্রাকচার? গনজালেস তার স্প্যানিশ মেশানো ভাঙা ইংরেজিতে বলে, এই আর্টটা তোমার কেমন লাগে? মেয়েটা ছোট করে উত্তর দেয়, ভালো। তারপর দৃষ্টি আবার সমান্তরাল করে ফেলে। গনজালেসকে সেখান থেকে সরে পড়তে হয়। সে আবার গ্যালারিতে চক্কর দেয়। কিন্তু তার এসব আর্ট-ফার্ট আর ভালো লাগে না।গনজালেস ঘুরেফিরে বেড়ানো মানুষগুলোকে দেখতে থাকে। নানা বয়সের মানুষের মধ্যে মিশে যায় এবং তার দমবন্ধ দমবন্ধ লাগে। গ্যালারির ভিড় একটু ঘন হয়ে এলে এক ফাঁকে একটা চেয়ারে সে বসে পড়ে, একটু দম নেওয়ার জন্য। কিন্তু বসে পড়েই সে টের পায়, এই চেয়ারটাও আসলে একটা শিল্পকর্ম। আরও আজব কিছু জিনিসের সঙ্গে এককোনায় চেয়ারটা ফেলে রাখা। মনোযোগ দিয়ে না দেখলে বোঝার উপায়নেই। চেয়ারটা গনজালেসের এত আরামদায়ক লাগে যে তার আর উঠতে ইচ্ছা করে না। সে আরেকটু জিরিয়ে নিতে চায়। আড়চোখে গ্যালারির দরজার দিকে তাকায়, দারোয়ান মেয়েটা তাকে দেখছে কি না। মেয়েটা অন্য লোকজনের প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে ব্যস্ত। গনজালেস আরেকটু গা এলিয়ে দেয়। তার চোখ বুজে আসতে চায়। আর নানা কথা মনে পড়ে। সে ভাবতে থাকে, সীমানা ডিঙিয়ে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকে পড়ার কথা, বড় বোনের পরিবারের সঙ্গে অ্যারিজোনা থেকে শিকাগোতে চলে আসার কথা। তারপর একটা সবজির দোকানে চাকরি। চাকরি হারানো। থাকার জায়গা নিয়ে বোনের স্বামীর সঙ্গে হাতাহাতি। ব্লু আইল্যান্ডের মোড়। মারিওর গিটার। রোববারের ভ্রাম্যমাণ চার্চ। অবৈধ মানুষদের পেচ্ছাবের গন্ধ। শিকাগোর বেহুদা বাতাস। ধাতুর তৈরি শিং নোয়ানো গরু। নীল জামা। কালো মেয়ে। গনজালেস প্রায় ঘুমিয়েই পড়ে। তারপর আবার নিজেকে সতর্ক করে জাগিয়ে রাখে। আবার আচ্ছন্ন হয়। এবং একসময় বিকেল হয়। পুরো গ্যালারি ফাঁকা হয়ে যায়। ফাঁকা গ্যালারিতে গমগম করতে করতে এগিয়ে আসা একটা স্বর গনজালেসের মধ্য দিয়ে বয়ে যায়, সে কেঁপে ওঠে। হোয়াটস ইউর প্ল্যান, ম্যান? আর ২০ মিনিটের বেশি কিন্তু গ্যালারি খোলানেই। কালো মেয়েটার গলা কর্কশ। গনজালেসকে নড়েচড়ে বসতে হয় মেয়েটার গলার জোরের কারণে। জবাব দিতে গিয়ে গনজালেস টের পায় তার কোনো জবাব নেই। সে নির্জীব হাসি হাসে। তার এই হাসিতে কালো মেয়েটার ভ্রূ আরও কুঁচকে যায়, চোখ আরও তীক্ষ হয়ে ওঠে। গনজালেস বুঝতে পারে এই মেয়ের কাছে এ ধরনের প্রশ্ন এবং এই ধরনের উত্তর নতুন না। গনজালেস ফাঁকা গ্যালারির ওপাশ থেকে বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়—তোমার কী ধারণা? মেয়েটা বলে, তুমি এখানে কী চাও আমি ভালো জানি। এখানে বেশি চালাকি দেখাইতে যাইও না। এটা স্টেটের প্রপার্টি। আমি চাইলে এখনই পুলিশে কল দিতে পারি। এই হুমকিতে গনজালেস আবারও হেসে ফেলে। মেয়েটার দিকে তাকিয়ে সে বলে, পুলিশের ভয় এই প্রথম কেউ দেখাচ্ছে না আমারে। মেয়েটা জিজ্ঞাসা করে, কই থাকো তুমি? গনজালেস বলে, এইটা তো খুব টাফ প্রশ্ন হয়া গেল! মেয়েটা জানতে চায়, এখানে ঢুকসো কীভাবে? গনজালেস বলে, এই গ্যালারিতে নাকি এই দেশে? এবার মেয়েটা হাসে। গনজালেসের দিকে তাকিয়েই। গনজালেস জানে, মেক্সিকানদের আমেরিকায় ঢুকে পড়া নিয়ে কত কৌতুক চালু আছে। মেয়েটার নিশ্চয় এমন কোনো কৌতুকের কথা মনে পড়েছে। মেয়েটা চাইলে এখনই তাকে ফাঁসাতে পারে। পুলিশ ডাকলেই হয়ে গেল। গনজালেসের কোনো কাগজপত্রই নেই। পুলিশ তাকে বছরের পর বছর জেলে ভরে রাখবে? নাকি ধরে নিয়েই মেক্সিকোর বর্ডারে ছুড়ে ফেলে দিয়ে আসবে? দুটো সম্ভাবনাই তার জন্য সুখের। অন্তত ব্লু আইল্যান্ডের মোড়ের অসংখ্য স্বাস্থ্য-অসচেতন পায়রা এবং অবৈধ মানুষ, যাদের মধ্যে পায়রারা যেখানে খায় সেখানেই হাগে আর মানুষেরা হাগতে যায় ডিপার্টমেন্টাল স্টোরের টয়লেটে, তাদের সঙ্গে রাতের পর রাত শিকাগোর বাতাস আর বেজন্মা শীতের বিরুদ্ধে মহাযুদ্ধে নামার চেয়ে।কালো মেয়েটা বলে, আমি আমার সুপারভাইজাররে ফোন কইরা এখনই গ্যালারি বন্ধ কইরা চলে যাইতেসি। গনজালেস বোঝে, মেয়েটা প্রদর্শনীর সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। অতএব তাকে এখনই ভাগতে হবে। কিন্তু এই নিরাপদ গ্যালারি থেকে রাস্তায় বের হওয়ার চেয়ে পুলিশের ভ্যানে ওঠা অনেক আরামের। তাই সে একটা সিদ্ধান্তে আসতে চায়।দুই হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে সে আস্তে আস্তে মেয়েটার দিকে আগায় আর মুখে হাসি ধরে রেখে বলে, ওকে, ওকে, অলরাইট, আমি বাইর হয়া যাইতেসি। কালো মেয়েটার সামনাসামনি হয়ে সে একটা বড় নিঃশ্বাস নেয়। তারপর মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই খপ করে চিনামাটির তৈরি একটা শিল্প হাতে তুলে নেয়। মেয়েটার দিকে তাকিয়ে গলা উঁচু করে বলে, আমার একটা দাবি আছে, না মানলে এখনই এইটা আছাড় মারব। মেয়েটা ভড়কায়। গনজালেস গলা নামিয়ে বলে, নড়বা না এখান থেকে। আমার দাবি-দাওয়া খুব সিম্পল। মেয়েটা জিজ্ঞাসার চোখে তাকায়। গনজালেস নিশ্চিত হতে পারে না মেয়েটা কতটা ভয় পেয়েছে। সে গলা স্বাভাবিক রেখে বলে, ভয় পাওয়ার কিছু নাই। আমি তেমন কিছুই করব না, যদি তুমি আমার কথামতো চলো। মেয়েটা জানতে চায়, কী চাও তুমি? গনজালেস তার কথার পুনরাবৃত্তি করে। আমার দাবি-দাওয়া খুব সিম্পল। তারপর দাবি জানাতে গিয়ে সে টের পায়, সে এমন কিছু দাবি জানাচ্ছে যেগুলোর কথা সে আসলে ভাবেইনি। কিন্তু নিজেকে তার বুদ্ধিমান লাগে। সে বলে, দেখো, তুমি চাইলে এখনই পুলিশ ডাকতে পার। আমার কোনো প্রবলেম নাই তাতে। কিন্তু তুমি যদি পুলিশ ডাকো, তারা আসার আগেই আমি এইটা আছাড় মারব। আর যদি আমার দাবিমতো চলো, এইটা রক্ষা পাবে। এখন তুমি ভাইবা দেখ।মেয়েটার গলায় এবার তেজ আসে। সে বলে, তোমার দাবিটা কী, ক্লিয়ার করো।গনজালেস বলে, আমারে এই গ্যালারিতে এক রাত থাকতে দিতে হবে, দ্যাটস ইট। তুমি তালা-টালা যা খুশি দিয়া চইলা যাইতে পার। সকালে আইসা খুইলা দিলেই হইল।মেয়েটা যথেষ্ট স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে, লিসেন, সিসিটিভিতে অলরেডি তুমি ভিডিও হয়া গেস। ইদার ওয়ে তুমি ধরা খাবা। আমি কাউরে ফোন না দিলেও। আমি বরং তোমারে একটা চান্স দিতেসি। তুমি চিনামাটির জিনিসটারে নামায় রাখ। আমি তোমারে এখান থিকা চইলা যাওয়ার ব্যবস্থা করব।গনজালেস হিসহিস করে ওঠে, তোমার কাছ থিকা সাজেশনস চাই নাই আমি। যা বলি তা-ই করো। এই দরজা বাইরে থিকা লাগায় দিয়া তুমি চইলা যাও। নাইলে এখনই আছাড় দিলাম এইটা।মেয়েটা নড়ে না, বরং তার ওয়্যারলেসে হাত রাখতে যায়। এবার গনজালেস আরেকটা কাণ্ড করে বসে। সে মেয়েটার সামনে আরেকটু এগিয়ে এসে আছাড় মারে মাটির পাত্রটা। ফাঁকা গ্যালারির নৈঃশব্দকে কলাপাতার মতো কাঁপাতে কাঁপাতে একটা শব্দ তাদের কানের পর্দা ছোঁয়। গনজালেসের মনে হয়, সে কিছু শোনেনি। ভাঙার পর টুকরো হয়ে পড়ে থাকা মাটির পাত্রটাকে তার সুন্দর লাগে। সে মুগ্ধ হয়ে টুকরোগুলোর দিকে তাকায়। আর মেয়েটার চোখে ঝালরের মতো একটা চিকন ভয় নাচে। গনজালেসের মনে হয় সে হাত দিয়ে সেই ভয় ছুঁয়ে দেবে। মাটির পাত্রের মতো মেয়েটার চোখকে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করে তার। গ্যালারির জড় শিল্পগুলোর মতো মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। গনজালেসের মনে হয়, এত অবাক কোনো দিন মেয়েটা হয়নি। সে মেয়েটাকে আরও অবাক করতে চায়। মাটির পাত্রের একটা চোখা টুকরো সে মেয়েটার উদ্দেশে তুলে ধরে। মেয়েটা ভ্যাবাচ্যাকা খাওয়ারও সময় পায় না। গনজালেস তার দিকে ভীষণবেগে তেড়ে আসে। চিনামাটির পাত্রের টুকরোটা সে মেয়েটার চোখে ঢুকিয়ে দেয়। মেয়েটা সম্ভবত এত জোরে চিৎকার করে যে গনজালেস কিছুই শুনতে পায় না। সে কেবল দেখে গ্যালারির মেঝেতে একটা লাল রেখা এগিয়ে যাচ্ছে। রেখাটা একটু এগিয়ে গিয়ে নদীর মতো একটা বাঁক নেয়। গনজালেস মেয়েটার শরীরে আরও আঘাত করতে থাকে। মেয়েটার কালো শরীরে এত লাল রক্ত ছিল, ভেবে গনজালেস অবাক হয়। মেয়েটার শরীর চেতনা হারালে গনজালেস উঠে গিয়ে গ্যালারির সব দরজা বন্ধ করে দেয়। তারপর পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশ আসার আগে একটা আস্ত ঘরের মালিকানা যতটা পারা যায় উপভোগ করতে চায় সে। যদিও কালো মেয়েটার উপস্থিতির কারণে ঘরটাকে একান্তভাবে নিজের ভাবা যায় না। কিন্তু মেয়েটা যেহেতু বেঁচে নেই, ঘরের মালিকানার ভাগ তাকে না দিলেও ক্ষতিনেই। বলা যায়, আজব মালপত্রসমেত এই পুরো আর্ট গ্যালারি এখন গনজালেসের। অন্তত যতক্ষণ পুলিশ আসছে না ততক্ষণ। গনজালেস সেই চেয়ারটা একটা জানালার দিকে টেনে নেয়। তারপর একটা সিগারেট ধরায়। জানালার নিচে শিকাগো ডাউনটাউনের ব্যস্ত রাস্তা। মানুষগুলোকে তার খরগোশের মতো মনে হয়। এবং তার ইচ্ছা হয় মাটির পাত্রের টুকরোগুলোর যথাযথ ব্যবহার করে সবার চোখ সে উপড়ে নেবে। তারপর শিকাগো এমন একটা শহর হয়ে যাবে যে শহরের সব মানুষের দুচোখ ওপড়ানো। যে শহরের মানুষের চোখনেই, যে শহরে কেউ তোমারে দেখতেসে না, সেই শহরে কি তোমার শীত করে? গনজালেস সিগারেটের ধোঁয়া দিয়ে গ্যালারির জানালার কাচে ভাপ দেয়। একটু পর শিকাগোর রাস্তা ঝাপসা হয়ে আসে।কিন্তু পুলিশ এখনো আসে না কেন? গনজালেসের ছটফট লাগে। গ্যালারি জুড়ে সে হাঁটাহাঁটি করে। গ্যালারির সব আলো সে নিভিয়ে দেয়। সন্ধ্যার দলামোচড়ানো অন্ধকার গ্যালারির শিল্পগুলোর গা চাটে। কালো মেয়েটার রক্তের রং এখন তার গায়ের মতো কালো কালো লাগে। জমাট বাঁধা কালো রক্ত পাতার শিরা-উপশিরার মতো গ্যালারির মেঝেতে ছড়িয়ে থাকে। গনজালেস চেয়ারটা মেয়েটার কাছাকাছি নিয়ে আসে। অন্ধকারের মধ্যে বসে বসে সে রক্ত দেখে আর পুলিশের অপেক্ষায় থাকে।পুলিশ আসে না। আসে সকালের ঘন রোদ। গনজালেসের চোখ খুলতে কষ্ট হয়। সে তার পায়ের কাছে কালো মেয়েটার লাশ খুঁজতে যায়। কিছু খুঁজে পায় না। সে টের পায় তার চেয়ারটা আগে যেখানে ছিল সেখানে চলে এসেছে। সকাল বেলা গ্যালারি খোলা। বেশ কিছু দর্শক ঘুরে বেড়াচ্ছে। ঘাড় ঘোরাতে গিয়ে গনজালেস আবিষ্কার করে ঘাড় সে নাড়াতে পারছে না। সে আড়চোখে দেখে, গ্যালারির দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। নীল জামা। গায়ের রং কালো। সে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছে। এমন সময় দর্শকদের একটা দল গনজালেস যেখানে বসে আছে সেদিকে এগিয়ে আসে। তারা গনজালেসের সামনে দাঁড়িয়ে শিল্পকলা দেখতে থাকে আর নিজেদের মধ্যে কীসব বলাবলি করতে থাকে। গনজালেস বোঝে, এখনই তার ওঠা উচিত এখান থেকে। কিন্তু চেয়ার থেকে উঠতে গিয়েই সে টের পায়, চেয়ার ছেড়ে সে উঠতে পারছে না। হাত, পা—শরীরের কোনো কিছুর ওপরই তার দখল নেই। কিছুই সে নাড়াতে পারছে না। কেবল চোখ খুলতে পারছে আর বন্ধ করতে পারছে। একজন সাদা মহিলাকে সে মন্তব্য করতে শোনে, হাহ্, কোয়াইট আ ওয়ার্ক অব আর্ট, ইজন্ট ইট!মহিলার চোখের দিকে গনজালেস এমনভাবে তাকায় যেন চোখ দিয়েই তার চোখ উপড়ে আনবে সে।