সালাহ্উদ্দীন আহ্মদ। ইতিহাসবিদ। ইতিহাস নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। পেশাগত জীবনে অধ্যাপনা করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। অমর্ত্য সেনএখন তো আমার অবসর সময়, বই পড়েই দিনের অধিকাংশ সময় কাটে। আমার শোবার ঘর ও পড়ার ঘরে বিভিন্ন ধরনের বইপত্র রয়েছে। যে কারণে আমি একই সঙ্গে অনেকগুলো বই পড়ছি এখন। যেমন অমর্ত্য সেনের দি আইডিয়া অব জাস্টিস বা নূরজাহান বোসের আগুনমুখার মেয়ে-এর কথা বলা যায়। দি আইডিয়া অব জাস্টিস আমি মাত্র পড়তে শুরু করেছি। এই বইয়ের বিষয়বস্তু আকর্ষণীয়—ন্যায় এবং অন্যায় প্রসঙ্গ। ন্যায়-অন্যায়ের যে প্রথাগত ধারণা, তা সমাজ-নির্ধারিত এবং এই ধারণার মধ্যে ফাঁক রয়েছে। বইটিতে অমর্ত্য সেন এই দিকটার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন। তাঁর মতে, মানুষ কেন অন্যায় করে তার কারণ অনুসন্ধান না করে এর বিহিত করা সম্ভব নয়। বইটি আমাকে দারুণভাবে ভাবাচ্ছে এখন। আর নূরজাহান বোসের আগুনমুখার মেয়ে কুসংস্কারাচ্ছন্ন সমাজে একটি মেয়ের বেড়ে ওঠা এবং লড়াই-সংগ্রামের কাহিনি। তবে ইতিহাসের একটি অধ্যায়কেও দেখতে পাই বইটির মাধ্যমে। ফলে বইটি ভালো লেগেছে।সুরের ইন্দ্রজালগান শোনা আমার কাছে বরাবরই আনন্দের বিষয়। গানের ক্ষেত্রে আবার আমার বিভিন্ন শিল্পীর কালেকশন সংগ্রহের বাতিক আছে। রবীন্দ্রসংগীত, অতুলপ্রসাদ সেন এবং পাশ্চাত্যের সিম্ফনি শুনতে ভালো লাগে। রবিঠাকুরের গান শুনলে মনে হয়, তিনিই তো প্রথম, তিনিই তো সবকিছু। তাঁর গানের কথা যেমন, তেমন তাঁর সুরের ইন্দ্রজাল। রবীন্দ্রনাথের ওই গানটা, ‘যে তোরে পাগল বলে তারে তুই বলিসনে কিছু...’ গানটি আমার জীবনদর্শনের সঙ্গেও বেশ মিলে যায়। ইতিহাসে কোনো কথাই যে শেষ নয়, এটি রবীন্দ্রনাথ কতকাল আগেই বলে গেছেন গানে গানে। কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্র—দুজনই আমার প্রিয় শিল্পী। তবে নতুন প্রজন্মের অদিতি মহসীন ও নন্দিতা ইসলামের গলায়ও রবীন্দ্রনাথের গান অসাধারণ মাত্রা পায়।আড্ডার আমিআমি কিন্তু দারুণ আড্ডাবাজ। কিন্তু শারীরিক অসুবিধার কারণে এখন আর সেভাবে বাইরে যেতে পারি না। আড্ডা তাই ঘরেই হয়—আমি আর আমার স্ত্রী। মাঝেমধ্যে দু-একজন বন্ধুবান্ধব আসেন। তাঁদের সঙ্গে কথা বলে, অতীত দিনের সোনালি স্মৃতি রোমন্থন করে এভাবেই তো দিন কেটে যায়।সবুজ মাখানো গ্রামএকসময় ভ্রমণ করতে খুব ভালোবাসতাম, এখন আর শরীরে কুলায় না। বয়স হয়েছে তো। তবু ভ্রমণ আমাকে আচ্ছন্ন করে। ঢাকার বাইরে যেকোনো জায়গায় যেতে ভালো লাগে, ইচ্ছাও করে। সবুজ মাখানো সেই সব গ্রাম-গ্রামান্তর, পাখপাখালির ডাক...আর কি যাওয়া হবে!