যেভাবে লোকটি পাখি হয়ে গিয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘এইহানে আমি কেন্ আইছি? কী কাজ এইহানে আমার?’
প্রশ্ন দুটো কার দিকে ছুড়ে মেরেছে মফিদুল? একটা অচেনা জনমানবহীন প্রান্তরে নিজেকে আবিষ্কারের পর কিছুই বুঝে উঠতে না পেরে অসহায়ত্বের প্রথম বহিঃপ্রকাশে এ রকম প্রশ্নই উঠে আসে তার ভেতর থেকে। সামনে যত দূর চোখ যায় খোলা প্রান্তর। চারদিকে একই দৃশ্য। বৃক্ষহীন, মানুষের ঘরবাড়িহীন, সড়কবিহীন প্রান্তর। কিন্তু এখানে সে কীভাবে এল? কখন এল? কিছুই স্মরণে আনতে পারছে না। প্রান্তরের শেষ প্রান্তে আকাশ যেখানে আনত হয়ে নেমে এসেছে, সেখানে একটি অতিকায় লাল বৃত্তের ক্রমশ নিম্নমুখী গতি দেখে সে বুঝতে পারছে, সন্ধ্যা নামছে। এবার মনে মনে একটা স্বস্তিবোধ করছে এই ভেবে যে, স্থানের কোনো হদিস না পেলেও আপাতত সময়ের একটা নির্দেশ সে অন্তত পেয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে শরীরজুড়ে একটা আতঙ্ক জলোচ্ছ্বাসের মতো ছড়িয়ে গেল। এখন সন্ধ্যা নামবে। তারপর একটা দীর্ঘ রাত। এখন সে কী করবে? কোন দিকে যাবে? এসবের কোনো উত্তর তার কাছে নেই। এই আতঙ্ক আর অসহায়ত্বের মধ্যেও ভেতরের সমস্ত শক্তি জড়ো করে জোরে চিৎকার দিল, ‘কেউ আছ? আমারে এহানে কারা নিয়া আইসেছেন?’
এবার আরও অবাক হওয়ার পালা। নিজের মুখের কথাগুলো তার অচেনা ঠেকছে। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসা বাক্যগুলো সে চিনতে পারছে না। মনে হচ্ছে কোনো একটা অচেনা পাখির ডাক। আর সেই পাখির ডাক নিঃসীম প্রান্তরে ছড়িয়ে গিয়ে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। প্রথমে বিশ্বাস করতে পারছিল না মফিদুল। নিজের কণ্ঠস্বরকে যাচাই করে নিতে আবার চিৎকার দিয়ে ওঠে, ‘কেউ কি আছ ভাই?’ এবারও সেই পাখির ডাক। যেন একটা জনশূন্য প্রান্তরে একা অসহায়ভাবে পড়ে থাকা কোনো মানুষ নয়, একটা পাখি থেকে থেকে ডেকে উঠছে। কিছু বুঝে উঠতে পারছে না মফিদুল। একটু আগে সূর্য ডুবে গেছে। তার চারপাশ এবং সে অন্ধকারে তলিয়ে গেল। আর সেই অন্ধকারের ভেতরে সে মাটিতে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে এ রকম একটা পরিণতির হেতু কী হতে পারে ভাবতে থাকে। মনে করার চেষ্টা করতে থাকে, আসলে কী ঘটেছিল? কখন ঘটেছিল? কী হয়েছিল তার? এই যে এখানে অন্ধকারে পাখির মতো ডেকে ডেকে মাটিতে লুটিয়ে পড়েছে—এটা কি আসলেই বাস্তবে ঘটছে? নাকি স্বপ্ন দেখছে? নানা রকম দুশ্চিন্তার ভেতর ঘুমিয়ে গেলে মানুষ এ রকম দুঃস্বপ্ন দেখে। কিন্তু মফিদুলের কি কোনো দুশ্চিন্তা ছিল? কোনো ব্যাপার কি তাকে চিন্তার মধ্যে ডুবিয়ে রাখছিল? এমন কিছু কি ঘটে গেছে তার জীবনে, যার জন্য তাকে এমন বিরান অচেনা প্রান্তরে স্বপ্ন কিংবা বাস্তবে পড়ে থাকার পরিণতি লাভ করতে হলো? মফিদুল এবার গভীর মনোযোগে নিজের জীবনের পেছনের দিকে তাকায়। মনে করতে চেষ্টা করে জীবনের প্রতিটি মুহূর্ত। প্রথমেই তার চোখের সামনে রাজনের মুখটা ভেসে আসে। রাজনের বয়স দুই বছর। পৃথিবীতে রাজনের আসার কোনো সম্ভাবনা ছিল না। বিয়ের পাঁচ বছর পরেও রাজনের মায়ের সন্তানসম্ভবা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তাকে সবাই বাঁজা রমণী বলেই ঠাট্টা করত। মানুষের ঠাট্টা শুনে রাজনের মা কুসুম আড়ালে কাঁদত। মফিদুলও কাঁদত। তার বংশের একটা চেরাগ জ্বালাবার আশায় সে কতজনের কাছে ধরনা দিয়েছে। তাবিজ-দোয়া নিয়েছে। একদিন স্বপ্নের মধ্যে জিনের বাদশাহ এসে কুসুমের সঙ্গে দেখা করে। একটি সাদা গন্ধরাজ ফুল কুসুমের দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, ‘এই ফুল ধুয়ে পানি খেয়ো। তোমার সন্তান আসবে।’ সকালে কুসুমের মাথার কাছে একটি গন্ধরাজ ফুল দেখে মফিদুল অবাক হয়। বলে, ‘বউ, তুই এই ফুল পাইলি কোথায়?’ বউ মিটিমিটি হাসে। বলে, ‘জিনের বাদশা দিছে। তুমার আশা পূরণ হইবে।’
কুসুম গন্ধরাজের খুশবু নিতে থাকে। আর ভেতরে ফোঁটা ফোঁটা রক্ত জমে একটি মানুষ তৈরি হতে থাকে। রাজনের জন্ম হয়।
রাজন উঠোনে খেলছিল। একা একা। উঠোনে কয়েকটা রাজহাঁসও খেলছিল। ওদেরকে রাজনের খুব ভালো লাগে। তাদের ধরতে চায়। রাজন কাছে গেলে ওরা সরে যায়। সে তাদের পিছু নেয়। রাজহাঁসগুলো রাজনের সঙ্গে পেরে ওঠে না। ওরা তাই ডাঙা থেকে জলে নেমে যায়। সাঁতার কাটে। রাজনও কম যায় না। ওদের ধরবেই। সেও ওদের মতো পুকুরে নেমে যায়। পুরো ঘটনাটি নিঃশব্দে ঘটে। হাঁসগুলো আবার ডাঙায় ওঠে। কিন্তু রাজন ওঠে না। কখনো ওঠেনি। জলের পরিরা ওকে নিয়ে খেলা করে। প্রতিদিন খেলা করে। এ মুহূর্তে মনে পড়ছে কুসুমের কথা। রাজন হওয়ার পর তাকে আর কেউ বাজা বলত না। রাজন চলে যাওয়ার পর ওকে অনেকে রাক্ষসীই ডাকত। সেটাও এখন আর কেউ ডাকে না। এরপরে জিনের বাদশাকে বহুবার স্মরণ করেছে কুসুম। মফিদুলও। কিন্তু সেই বাদশা আর আসেনি। এই জনবিচ্ছিন্ন পরিত্যক্ত জায়গায় এ মুহূর্তে মফিদুলের একটু ভালো লাগছে এই কারণে যে, সে তার আত্মপরিচয়টুকু পেতে শুরু করেছে। তার চোখের সামনে এখন দুটো মুখ। রাজন আর কুসুম। আরও কিছু মুখ সে স্মরণে আনতে চেষ্টা করছে। মকবুল আর কুলসুমার মুখ। ওর বাবা-মা। মকবুল পৃথিবীতে আসার কমপক্ষে ১৫ বছর পর কুলসুমা এসেছিল পৃথিবীতে। তারপরও নিয়তি ওদের দুজনকে একই সূত্রে বেঁধেছিল। এরা বিয়ে করে স্বামী-স্ত্রী হয়। একদিন ওরা ১২ বছর বয়সী মফিদুলকে রেখে জলের তোড়ে ভেসে যায় একসঙ্গে। কিন্তু সেই সব কাহিনি মফিদুলকে ইদানীং খুব একটা বিচলিত করত না। এমনকি আর কোনো দিন কোনো জিনের বাদশা আসবে না জেনেও তার মনে আর কোনো বিষাদ কাজ করত না। শুধু বছরব্যাপী একই চালের নিচে থাকা দুটো মানুষের উদর পূর্তির জন্য কয়েক কানি জায়গায় চাষ করত। তাতেই তাদের দুজনের চলে যেত। মফিদুলের আগে এই সংসারে ছিল মকবুল। এর আগে ছিল মিজানুর। মফিদুলের দাদা। তার আগের নামগুলো তার জানা ছিল না। এভাবে সংসারে একটার পর একটা নাম যুক্ত হয়। কিন্তু মফিদুলের পরে আর কোনো নাম যুক্ত হবে না। এটা মনে করে মনটা তার আর ভারী হতো না। শুধু উঠোনে এসে মাঝে মাঝে রাজহাঁসের গুরুগম্ভীর হেঁটে যাওয়া তাকে অন্য রকম করে দিত। কখনো কখনো দখিনের বাতাস তাকে আউলা করে দিত। এসব ইতিবৃত্তের সঙ্গে আজকের এই প্রান্তরের কোনো মিল সে তো খুঁজে পাচ্ছে না। মিল পাচ্ছে না কোনো কিছুরই। সে ভাবতে থাকে, কোনো দুশ্চিন্তা আসলেই কি ছিল তার? না, তেমন দুশ্চিন্তা তো আর ছিল না। একটা বিষয়ে ভাবনা ছিল। উপকূলের মানুষের এই ভাবনা তো প্রতিদিনের। নতুন কিছু তো নয়। হ্যাঁ। একটা ছোট সবুজ খেতের কথা মনে পড়ল। বীজতলা। এবার বর্ষা মৌসুমে লাগানোর জন্য ধানের বীজ বপন করেছিল এক টুকরো জমিতে। সাগরে একটা ঝড় তৈরি হয়েছে। লোকমুখে শুনেছে। সরকারি লোকজন মাইক দিয়ে প্রচার করেছে, সংকেত বড় হয়েছে। ঝড় আসছে। পানি উঠবে। এসবে ভয় পায় না মফিদুল। শুধু ভাবছিল, সাগরের পানি বেড়ে গেলে বীজতলাটা শেষ হয়ে যাবে। তাহলে ধানের চারা কোথায় পাবে? আশঙ্কাটা সত্যি হয়েছিল। ঝড় আসার আগেই দরিয়াটা ফুলে উঠেছে। ভাঙা বেড়িবাঁধ পেরিয়ে নোনা জল হানা দিয়েছিল তার ছোট সবুজ খেতটিতে। একটু চিন্তায় পড়েছিল মফিদুল। পরক্ষণেই সমাধান পেয়ে যায়। পাশের গ্রামের আকবর বড় চাষি। আকবরদের গ্রামটাকে সমুদ্রের থাবা থেকে বাঁচিয়ে রেখেছে দেয়াং পাহাড়। সেখানে সাগরের পানি যায় না। সেই আকবরের কাছে পাওয়া যাবে ধানের চারা। কুসুমকে বলে, ‘বউ, আমি হরিণখাইন যাব।’ কুসুম অবাক হয়, ‘হরিণখাইন? সেখানে কী কাম তুমার?’
‘আছে। এই ঝড়ে বীজতলা সব শেষ হইয়া যাইব। সবাই আকবরের কাছেই ধরনা দিবে। আগে থেইকা যদি না বলি তয় কিন্তু পরে পাইব না।’
কুসুম খুব আপত্তি করেছিল তখন, ‘তাই বইলা এই সুময়। বাতাস তো শুরু হইয়া গেছে। বাতাসরে আগে থামতে দেও।’
‘আমার কিচ্ছু হইব না রে বউ।’
মফিদুলের সব মনে পড়ে যায়। বউয়ের মুখটা এবার খুব জোরালো এবং স্পষ্ট হয়ে ভেসে উঠছে। মফিদুলের মনে হলো, যেভাবেই হোক তার উঠে দাঁড়ানো দরকার। চিহ্নিত করা দরকার সে কোথায়। কোথায় তার অবস্থান। দুই হাতে ভর করে দাঁড়াতে চায় সে। কিন্তু একি! হাত কোথায়? হাত দুটি পাখির ডানার মতো দেখাচ্ছে কেন? একবার নিজের শরীরের দিকে তাকাল। দেখল, নিজের শরীরে সে আর নেই। পালকে ডাকা একটা পাখির শরীর। ডানা ঝাপটে ছোট ছোট পায়ে দাঁড়াল মফিদুল। একটু ওড়ার চেষ্টা করে। সফল হয়। মনে মনে খুশি হয়। একবার ওপরে উঠতে পারলে সবদিক দেখা যাবে। হয়তো তার বাড়িটাও চেনা যাবে। ডানা মেলে দিল সে। অন্ধকার আকাশে উড়তে শুরু করে। আকাশে তখন অগুনতি নক্ষত্রের মেলা। নিচে একটা নিথর পৃথিবী। মফিদুল উড়তে থাকে, উড়তেই থাকে। একসময় রাত্রির অবসান হয়। বিবাহের প্রথম দিনে কুসুমের মুখের মতো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে পুবের আকাশ। আর নরম আলোয় স্পষ্ট হতে থাকে তার পুরোনো পৃথিবী। ওপর থেকে দেখতে পায় উন্মত্ত দরিয়াটা এখন কেমন শান্ত। তার পাশে লন্ডভন্ড এক জনপদ। হ্যাঁ, চিনতে পারে মফিদুল, এটাই তার সাতপুরুষের গ্রাম। উড়ে যেতে থাকে সে। যেতে যেতে একেবারে বাড়ির আঙিনায়। ওই তো সেই পুরোনো আমলকীগাছ। প্রবল ঝড়ে কয়েকটা ডাল ভেঙে দেওয়া ছাড়া কিছুই করতে পারেনি ঝড়। মফিদুল উড়ে সেই আমলকীর ডালে এসে বসে। তার দোচালা ঘরটিকে আর দেখা যাচ্ছে না। খড়ের চালাটি মুখ থুবড়ে পড়ে আছে। আর সেই চালার পাশে হাঁটুতে চিবুক রেখে এলো চুলে বসে আসে কুসুম। প্রবল ঝড়ের সময় এ পাড়ার সবাই সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নিয়েছে। কুসুম যায়নি। মানুষটি আসার অপেক্ষায় এখানেই রাত কাটিয়েছে সে। মফিদুল একবার ডাল থেকে ডাক দিল, ‘কুসুম, কুসুম।’
কুসুম হাঁটু থেকে চিবুকটা তোলে। মাথাটা উঁচু করে আমলকীগাছের দিকে তাকায়। দেখে একটা পাখি, সকালবেলার পাখি এই দুঃখের দিনেও কেমন উল্লাসে ডাকছে।