যেসব মুখ আত্মার গভীর প্রদেশকেও দেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁখি মঞ্জিয়া দেখি রূপ: মাসুক হেলাল \ প্রকাশক: মাওলা ব্রাদার্স, ৩৯ বাংলাবাজার, ঢাকা-১১০০ \ প্রকাশকাল ২০১১ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ অঙ্গসজ্জা: মানবেন্দ্র সুর \ মূল্য: ৭৫০ টাকাবিখ্যাত শিল্প-সমালোচক নিল কলিন্স রেমব্রান্টকে বিশ্বের মহত্তম প্রতিকৃতিশিল্পী হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘মানুষের মুখ বা প্রতিকৃতি তিনি যেভাবে, যে ভঙ্গিতে, যে শিল্পরীতির নির্ভরতায় আঁকেন, সেটা দেখেই তাঁর আঁকা মানুষটির আত্মার গভীরতম প্রদেশের স্পর্শ অনুভব করা যায়। আমরা যদি পোর্ট্রেট তথা প্রতিকৃতি অঙ্কনশিল্পের ইতিহাসের আশ্রয় নিই, তাহলে দেখব, চতুর্দশ থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর মধ্যপাদ পর্যন্ত শিল্পের এ ক্ষেত্রটিতে কী বিচিত্রধর্মী কাজের সমৃদ্ধ সম্ভার! তার ক্রমবিকাশের গতিও বহুগামিতায় চঞ্চল। অন্তহীন পরীক্ষা-নিরীক্ষাও বিপুল বিস্ময়-জাগানিয়া।’ওপরের ভণিতার অর্থ এই নয় যে, আমি প্রতিতুলনায় বসেছি। কথাগুলো মনে এল চিত্রী মাসুক হেলালের আঁখি মঞ্জিয়া দেখি রূপ শিরোনামের পোর্ট্রেট বা প্রতিকৃতির বইটি হাতে পেয়ে। তাঁর এ বইয়ে জায়গা করে নিয়েছে তাঁর পেনসিল স্কেচে করা ৫২ জন মানুষের মুখ বা মুখমণ্ডল এবং সেসব মুখ তাঁর পেনসিলের গতিশীল শৈল্পিক ছোঁয়ায় কেবল জীবন্তই হয়ে ওঠেনি, তাঁদের হূদয়ের গহিন গহন প্রদেশের স্পন্দনও সেসব মুখে দ্যুতিময়। দ্যুতিময় অনুপুঙ্খ শৈল্পিক বিস্তারে। তাঁর পেনসিল স্কেচের জাদুকরিতায় যেন কথা কয়ে উঠেছে ৫২ জন প্রান্তিক মানুষের মুখ, চোখ, চোখের মণি, কপাল, কপালের কুঞ্চন, ভ্রুযুগল, ঠোঁট ও গণ্ডদেশ, মুখের প্রতিটি বলিরেখা, চুলের সুবিন্যস্ত ও বিস্রস্ত রূপ।মাসুক হেলাল যদি তাঁর আঁকা পেনসিল স্কেচের আধার ৫২ জন মানুষের সংক্ষিপ্ত পরিচিতি বা তাঁদের জীবনসংগ্রামের কাহিনি না-ও তুলে ধরতেন, কেবল তাঁদের স্কেচের নিচে তাঁদের নাম ও পেশার পরিচয় দিতেন, তাহলেও আমরা তাঁদের মুখমণ্ডল থেকে তাঁদের আদ্যপান্ত জেনে যেতে পারতাম। প্রতিটি স্কেচের সঙ্গে স্কেচে ধৃত মানুষটির পরিচয় তাই আমার কাছে বাড়তি একটা পাওনা বলেই মনে হয়েছে। অতৃপ্তির কোনো অবকাশ রাখতে চাননি মাসুক, অন্তত পাঠকের কাছে। তাঁদের যেন বলতে চেয়েছেন তিনি, এই যে মানুষটির মুখ আর এই যে তাঁর সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত বয়ান। এভাবে উঠে আসে খেলনাওয়ালা রশীদ সরকারের মুখ। জানতে পারি, তিনি ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সক্রিয় সৈনিক। কী বিচিত্র তাঁর জীবনকাহিনি!কত বিচিত্র পেশার পুরুষ ও নারী যে তাঁর পেনসিল স্কেচের বিষয়বস্তু, তার ইয়ত্তা নেই। প্রতিটি স্কেচের মুখ যেমন জীবন্ত, তেমনি জীবন্ত তাঁদের জীবনের বৃত্তান্তও। মাসুকের ভাষাভঙ্গিটিও ঝরঝরে।মাসুকের মতো দ্বিতীয় কে আর পেনসিল স্কেচে এমন ধারাবাহিকভাবে প্রান্তিক সব মানুষের মুখ আঁকেন, তাঁদের সংগ্রামের কথা লেখেন? অতীতে কেউ এ ধরনের চেষ্টা করলেও তা ছিল বিচ্ছিন্ন প্রয়াস। মাসুকের আঁকাআঁকির এ প্রয়াসকে তাই আমি একটা মিশনারিসুলভ শৈল্পিক অভিযাত্রাই বলতে চাই। তাঁর মতো করে অতীতেও কেউ প্রান্তিক সব মানুষের মুখ আঁকেননি, বর্তমানেও কেউ আঁকেন না। শিল্পের এ ক্ষেত্রটিতে মাসুক হেলাল একক ও অদ্বিতীয় অভিযাত্রী। সেখানেই তাঁর বৈশিষ্ট্য। তাঁর এ শৈল্পিক অভিযাত্রা অব্যাহত থাকুক, তাঁর কাছে আমার এই সবিশেষ প্রত্যাশা।