রবীন্দ্রনাথের জীবনের ধারাক্রম সম্পর্কে যাঁদের জানা নেই, তাঁদের পক্ষে সাধারণভাবে এ রকমের ধারণা করা সম্ভব যে, ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাওয়ার পরই তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এবং দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরে থেকেও ডাক আসতে থাকে ভাষণ বা বক্তৃতা দেওয়ার জন্য। তাঁকে এক নজর দেখাটাও অনেকের কাছে বিরাট এক আকর্ষণের বিষয় হয়ে ওঠে। এ রকমের ধারণার অনুকূলে সত্য যে নেই, তা নয়। আছে। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথের জনপ্রিয়তা গগনস্পর্শী হয়ে ওঠে ঠিকই; কিন্তু তার আগে কি তিনি একেবারেই জনপ্রিয় ছিলেন না? অবশ্যই ছিলেন। তাঁর সাহিত্যকর্ম তাঁকে জনপ্রিয়তম করে তুলছিল প্রতিদিনই। রবির রচনার আলোকে উদ্ভাসিত হচ্ছিল পল থেকে পলে—বাংলার দিক্-দিগন্ত। ফলে নোবেল পুরস্কার পাওয়ার বেশ আগে অর্থাৎ ১৮৯২ সালে তিনি রাজশাহীতে এবং ১৯০৮ সালে পাবনায় ভাষণ দেওয়ার ব্যাপারে আহূত হচ্ছেন। এবং লিখিত যে দুটি ভাষণ দিচ্ছেন, তার একটির শিরোনাম ‘শিক্ষার হেরফের’ ও দ্বিতীয় ভাষণটির শিরোনাম ‘সভাপতির অভিভাষণ’, যা পরে পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল। ভূঁইয়া ইকবাল সম্পাদিত এই বইয়ের নাম যেহেতু পূর্ববঙ্গে বক্তৃতা: ১৮৯২-১৯২৬, সেহেতু আমরা কেবল এই বইয়ের সূত্রে জানতে পারছি আজকের বাংলাদেশ নামের ভূখণ্ডে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার আগে ও পরে কতবার এসেছিলেন এবং কোথায় কতবার বক্তৃতা করেছিলেন। আমরা অনায়াসে ধারণা করতে পারি যে, তৎকালীন পূর্ববঙ্গ ছাড়াও একই সময়ে বৃহত্তর বঙ্গের আরও অনেক জায়গায় বক্তৃতা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গ্রন্থের সম্পাদক সেই জরিপ বা নিরীক্ষায় যাননি। তাঁর গবেষণার মূল ক্ষেত্র বাংলাদেশের ভূখণ্ডগত বৃত্ত এবং সেখানে রবীন্দ্রনাথ কতবার কোন উপলক্ষে ভাষণ দিয়েছিলেন।
>

পূর্ববঙ্গে বক্তৃতা: ১৮৯২-১৯২৬
রবীন্দ্রনাথ ঠাকুর সংকলন ও ভূমিকা: ভূঁইয়া ইকবাল
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০১৬
১৫২ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা
ভূঁইয়া ইকবালের পরিবেশিত তথ্য সূত্রেই আমরা জানতে পারছি, ১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা সফরের সময় ঢাকায় সাতটি (দুটি ইংরেজিতে), ময়মনসিংহে পাঁচটি, কুমিল্লায় অভয় আশ্রমে তিনটি এবং নারায়ণগঞ্জে একটি বক্তব্য দেন। তিনি আরও জানাচ্ছেন, ‘এর বহু আগে ১৮৯২-এ রাজশাহীতে, ১৯০৮ ও ১৯১৪-এ পাবনায় দুটি ও ১৯১৯-এ সিলেটে দুটি ভাষণ দিয়েছিলেন।’ উল্লিখিত সময় পরিসরে কবির ভাষণের সংখ্যা ১৭। এসব ভাষণের বেশির ভাগই ছিল লিখিত, স্বল্প কটি তাৎক্ষণিকভাবে মুখে মুখে বলা। আয়োজকদের কেউ কেউ কবির মুখে বলা ভাষণগুলো অনুলিখন করেন। কবি পরে সেগুলো পুনর্লিখন এবং সংশোধন করে প্রকাশের অনুমতি দেন।
রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে দেওয়া ভাষণের এ বইয়ের গুরুত্ব এখানে নয় যে, তিনি এখানে এসে ভাষণ দিয়েছিলেন, এখানকার জনগণকে দর্শন দিয়েছিলেন। গুরুত্বটা এখানে যে, তিনি যে ভাষণগুলো দিয়েছিলেন তাতে প্রকাশিত বক্তব্য বা সার কথা। যে ভাষণ বা বক্তৃতা রবীন্দ্রনাথ দিচ্ছেন, সেগুলো হয়ে উঠছে এক একটি নিটোল প্রবন্ধ। কোনোটিতে শিক্ষার সমস্যা আলোচিত, কোনোটিতে জীবনের আদর্শ বা ধর্ম, আত্মিক সমস্যা বা দর্শনও ধারণ করছে সেগুলো। বাদ যায়নি রাজনীতি, তার আদর্শ কী হওয়া উচিত, উঠে এসেছে সে কথাও। দৃষ্টান্তস্বরূপ, নারায়ণগঞ্জে প্রদত্ত কবির ভাষণের সূচনা-অংশের খানিকটা তুলে ধরা হলো, যেখানে তিনি বলছেন, ‘নারায়ণগঞ্জের প্রবেশদ্বার দিয়ে আমি পূর্ববঙ্গে প্রবেশ করেছিলেম। ফেরার পথে আবার এখানে এসেছি। পূর্ববঙ্গের যেখানে গিয়েছি, আমার বলবার কথা বলেছি; কিন্তু বলার দ্বারা ফল হয় বলে আমি বিশ্বাস করিনে। কর্মের মধ্য দিয়েই আমাদের দেশের বিচিত্র সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিদ্যালয়ে চাকুরিই ছিল শিক্ষার উদ্দেশ্য। সৌভাগ্যক্রমে চাকুরির পথ সংকীর্ণ হয়েছে তাই শিক্ষিত যুবকগণ স্বাধীন উপায়ে জীবিকার্জনে সচেষ্ট হয়েছে। শিক্ষাকে এখনো চাকুরির পন্থা বলে গণ্য করা হয়, তবে সে মোহ ক্রমে ক্রমে কমে এসেছে।’ রবীন্দ্রনাথের সেই কবে বলা কথাগুলো এখনো কতটা প্রাসঙ্গিক! ফলে এ বইয়ের প্রতিটি ভাষণ বা বক্তৃতার পাঠ পাঠককে তাঁর চিন্তার অর্গল খুলে দিতে থাকবে প্রতিনিয়ত।
ভূঁইয়া ইকবালকে অভিনন্দন এ রকম একটি বিষয়সম্পৃক্ত বই সংকলিত ও সম্পাদনা করার জন্য। তাঁর ভূমিকাটি খুবই সুলিখিত। পাদটীকা, দুর্লভ কিছু ছবি ও গ্রন্থপঞ্জি ইত্যাদি বইটিকে বিশেষভাবে ঋদ্ধ করেছে।