যৌথ ছবি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাপান-বাংলাদেশের সমকালীন দৃশ্যশিল্পের একটি উৎসব হয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনীতে অংশ নেন ১২৬ জন শিল্পী। প্রদর্শনীর আয়োজক কাহাল আর্ট গ্রুপ। আর এর শিরোনাম ‘ফ্রিডম অব থটস বাংলাদেশ জাপান কনটেমপরারি আর্ট ফেস্টিভ্যাল ২০১৩’। এটি কাহাল আর্ট গ্রুপের পঞ্চম আয়োজন।এটি শুধুই একটি প্রদর্শনী নয় বরং প্রতিযোগিতাও। প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী ড. ফরিদা জামান, শিল্পী ড. রশিদ আমিন, শিল্পী নাসিমা হক মিতু, শিল্পী ও লেখক জাভেদ জলিল।এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পী ও অতিথি শিল্পী এই দুই শাখায় বিভক্ত। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের মধ্যে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা যথাক্রমে ইকবাল বাহার চাই, গোল্ডেন অ্যাওয়ার্ড; মো. সেলিম হোসেন, সিলভার অ্যাওয়ার্ড; কুন্তল বারী, ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। আর অনারেবল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়ন্ত সরকার জন, হোসোয়া কেনসুকি, ওহিরা হিরোকি, খালেকুজ্জামান শিমুল, আরিফুর রহমান তপু। প্রথমেই আলোচক বারি পুরস্কার পাওয়া কিছু ছবি নিয়ে ইকবাল বাহার চাইয়ের কাজ সম্পর্ক-২০, এটি উড ইন্টগ্লিড পদ্ধতিতে করা একটি কাজ। মাধ্যমগত দিক দিয়ে এটি আমাদের দেশে যেসব মাধ্যমে আমরা কাজ করে থাকি, তা থেকে একটু স্বাতন্ত্র্য। এ তো গেল কারিগরি দিক। আঙ্গিকগত দিক থেকেও কাজটি খুব বেশি প্রচলিত নয়। ইকবাল কারিগরি দক্ষতার পাশাপাশি ভাবগত দক্ষতা অর্জনের পথে। উপস্থাপনায় বেশ ব্যতিক্রমী। সেলিম হোসাইনের আওয়ার কনটেমপোরারি আর্ট ৫ শীর্ষক কাজটির দৃশ্য রচনা এবং উপস্থাপনায় বেশ ভিন্নধর্মী একটি কাজ। উজ্জ্বল বর্ণের প্রয়োগ এবং বিলিয়ার্ড টেবিলের ওপর পাতা ভর্তি বোতল এবং চারপাশে নৃত্যরত বোতল একধরনের ভিজ্যুয়াল শক আছে। এটাই যেন তাঁর ছবির এক গুরুত্বপূর্ণ অংশ। ওহিরা হিরোকি সমকালীন সময়ের শহুরে জীবন ও জাংক ফুড নিয়ে রচনা করছেন। জাংক ফুড আবর্জনা পরিবেশ ও প্রতিবেশ যেভাবে নোংরা হয়ে ভেঙে পড়ছে, তারই একটি চিত্র। খালেকুজ্জামান শিমুলের ‘শিরোনাম চিত্র’ কাজটি এচিং মাধ্যমে করা। কাহিনির বিন্যাস উপস্থাপনা অনবরত বহু কথা বলে চলেছে। সেই সঙ্গে তাঁর কারিগরি দক্ষতাও লক্ষণীয়।জয়ন্ত সরকার জন ছবি আঁকেন, গল্প বলেন। শৈশবের গল্প বলতে এঁকেছেন একটি মেয়েকে, যে তার হাত দিয়ে চোখ ঢেকে রেখেছে। বার্ডস আই ভিউ থেকে দেখায় একটু স্বাতন্ত্র্য তৈরি হয়েছে। আনিসুজ্জামান মামুনের রিয়ালিটি শো শীর্ষক কাজগুলোতে শিল্প নিজস্ব জার্নাল এবং পরিবেশ বিপর্যয়ের চিত্র উপস্থাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধারার কাজ দেখা গেলেও আমাদের দেশে এ ধরনের কাজ খুব একটি চোখে পড়ে না। সাধারণ মানুষের কাছে চিত্রকলার জনপ্রিয় ধারা হিসেবে এই কাজগুলো আবেদন রাখতে পারে বলে মনে হয়।তানকা ফুজি ভেকাল্ট জাপানি শিল্পী। চমৎকার দক্ষতায় তেলরঙে এঁকেছেন একটি পোর্ট্রেট। তবে তেলরংকে ব্যবহার করেছেন অনেকটা জলরঙের মতো তরল করে। শেখ মো. সাদেকুজ্জামানের ‘জাপান ১’ শীর্ষক কাজটির মধ্যে এক ধরনের সরল লাইভ উপস্থাপনা পরিলক্ষিত হয়। আর এর মধ্যেই নিহিত আছে শিল্পীর শক্তি। শিল্পী কামরুল হাসান লিপু কাজ করেন লোকজ আকারের আধুনিক জীবনের প্রয়োগ নিয়ে। নিরীক্ষার মধ্যে আছেন এই ধারা নিয়ে। এশা জেবিন। ওষুধ এবং মানব জীবন নিয়ে একটি রচনা উপস্থাপনা করেছেন। উপস্থাপনার কারণে তাতে নতুনমাত্রা যোগ হয়েছে। এ এ এস চৌধুরী ড্যানসির উপস্থাপনাটি দ্বিমাত্রিক হলেও তাতে ত্রিমাত্রিকতার ছোঁয়া রয়েছে। প্রদর্শনীতে মাধ্যম হিসেবে অ্যাক্রেলিক অন পেপার লেখা থাকলেও বাস্তবে সম্ভবত অন্য কোনো মাধ্যমে করা। সব মিলে প্রদর্শনীটি অনেক বড় ক্যানভাসে বিচিত্র কাজের সমাবেশ। আয়োজনে আমাদের জাতীয় প্রদর্শনীর চেয়ে কিছুটা সংক্ষিপ্ত আকারের হলেও চরিত্রগতভাবে একে কোনো অবস্থানে ফ্রেম করাটা বেশ দুরূহ। ভবিষ্যতে এদিকে নজর রাখলে ভালো করবেন আয়োজকেরা।