
সম্প্রতি ফ্রান্সের ‘নাইট ইন দি অর্ডার অব দি আর্টস অ্যান্ড লিটারেচার’ সম্মাননা পেয়েছেন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ। সম্মাননাপ্রাপ্তির পর এ লেখায় তিনি মেলে ধরেছেন তাঁর অনুভূতি
নিজের সম্পর্কে বলতে আমি স্বস্তি বোধ করি না। কারণ, আমার যা কিছু অর্জন বা স্বীকৃতি, সবই তো আমার কাজের ফসল। আর আমার চিত্রকর্মই আমি মানুষটার প্রতিচ্ছবি। আমি কী, আমার ইচ্ছা, চিন্তাচেতনা, আদর্শ—সবই ছবিতে মূর্ত।
শিল্পীজীবনে মা ছাড়া আর দুজন মানুষের প্রেরণা ও প্রভাব আমৃত্যু আমার সঙ্গে থাকবে—শিল্পী জয়নুল আবেদিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁদের উৎসাহে ও একান্ত ইচ্ছাতেই আমার প্যারিস আসা। সেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, ‘তোকে প্যারিসে গিয়ে পিকাসোর মতো বড় মাপের শিল্পী হতে হবে। তোরাই তো দেশটাকে স্বাধীন করেছিস। পারবি না পিকাসোকে মার দেওয়ার জন্য আরও বড় শিল্পী হতে?’ জানি, কথাটা সে সময় তিনি বলেছিলেন আবেগে। কিন্তু এ-ও তো সত্য, আমার ওপর তাঁর ছিল প্রবল আস্থা।
প্যারিসের একোল দ্য বোজার্তের শিক্ষা শেষ করে দেশে ফিরব—প্রথমে এমনই ছিল ইচ্ছা। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার সেই ইচ্ছা, স্বপ্ন আর বিশ্বাসের মৃত্যু ঘটে গেল। অগত্যা প্যারিসযাপন।
প্যারিসে শিল্পীজীবনের শুরুটা ছিল খুবই কঠিন। শিক্ষা শেষে পেশাগত চিত্রশিল্পী হিসেবে টিকে থাকার প্রবল লড়াই। তখন বিদেশি নাগরিক হিসেবে থাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও আর্থিক সমস্যা ছিল মারাত্মক। কিন্তু সবকিছুর মধ্যেও আমি ছবি আঁকতাম। প্রচণ্ড জেদ কাজ করত নিজের ভেতরে—বঙ্গবন্ধুহীন দেশে ফিরব না, শিল্পী হিসেবে এ দেশেই প্রতিষ্ঠিত করব নিজেকে।
১৯৮০ সালের পর এল প্রথম সুযোগ। প্যারিসের বিখ্যাত গ্যালারি ক্লদ বার্নাদেঁ আমার এক দিনের চিত্রপ্রদর্শনী হলো। পাবলো পিকাসো, ফ্রান্সিস বেকন, আলবের্তো জিয়াকোমেত্তির মতো প্রখ্যাত শিল্পীরা প্রদর্শনী করেছেন এই বিখ্যাত গ্যালারিতে। তো, এই প্রদর্শনীর সূত্রেই পেলাম প্যারিসে থাকার নিশ্চয়তা।
এরপর প্যারিসে বিভিন্ন প্রদর্শনীতে স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছি। জাদুঘরে চিত্রকর্ম স্থান পেয়েছে। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকের চিত্রপ্রদর্শনীতে সারা বিশ্বের চিত্রকরদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে আমিও ছিলাম। ‘ফিফটি মাস্টার্স অব কনটেম্পোরারি আর্ট’-এর সেই স্বীকৃতি আমার শিল্পীজীবনের স্মরণীয় অর্জন। তখনো বারবার মনে হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের কথা।
প্যারিসে আমার অনিশ্চয়তামাখা দিনগুলোতে ফরাসি দেশের নাগরিকত্বের জন্য বোজার্তের সহপাঠিনী ও শিল্পী রেজিন সারালিয়ে আমাকে আবেদন করতে বলেছিল। আমি সাড়া দিইনি।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় শাহবাগের রেডিও অফিসে প্রথম স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিলাম। পাকিস্তানি সেনারা তখনো আত্মসমর্পণ করেনি। সেই আমি সবুজ পাসপোর্ট বদলে অন্য দেশের পরিচয়পত্র নেব? না, পারিনি। ভবিষ্যতেও পারব না। তাই প্যারিসে আর্ট কলেজের বন্ধুরা আমাকে আলাদা ধাতুতে গড়া মানুষ বলেই জানে।
১৯৭৪ সালের ৮ অক্টোবর বাংলাদেশ নামে একটা ছোট দেশের সবুজ পাসপোর্ট নিয়ে প্যারিসে এসেছিলাম। দেশ ছাড়ার দিনটির কথা ভাবলে আজও যেন ভেসে ওঠে অনেক স্মৃতি। ফ্লাইট ছিল সকালে। তেজগাঁও বিমানবন্দরে আমাকে সেদিন বিদায় জানাতে এসেছিলেন তৎকালীন ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল জিয়াউর রহমান, ড. কামাল হোসেন, জয়নুল আবেদিন স্যার আর আমার বাবা। প্লেনে ওঠার আগে আবেদিন স্যারকে বাবা অনুরোধ করলেন, আমি যেন কোনো বিদেশি মেয়েকে বিয়ে না করি, এই কথাটা তিনি যেন আমাকে বলেন।
‘না, শাহাবুদ্দীন তো সোনার ছেলে।’ বলে মুখে রুমাল চেপে হেসেছিলেন স্যার।
শিল্পী হিসেবে বাবা আমার সফলতা দেখে যেতে পারেননি। মা কিছুটা দেখে গেছেন।
মায়ের কথা বলতে গিয়ে মাতৃসম এক ফরাসি বৃদ্ধার কথাও মনে পড়ছে। ফ্রান্সে আসার পর ফরাসি ভাষা শিখতে আমাদের পাঠানো হয়েছিল দক্ষিণ ফ্রান্সের আটলান্টিকের তীরের ছোট শহর রোয়াইঅঁতে। রোয়াইঅঁর সমুদ্রসৈকত খুব বিখ্যাত। স্বদেশ ও পরিজনহীন আমি এই শহরেই পেয়েছিলাম তাঁকে। তাঁকে ডাকতাম ‘ততঁ’ বা ‘ইভন চাচি’ বলে। আমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন তিনি। ইভন চাচির ছবি আঁকার শখ ছিল। প্রবাসজীবনে তাঁর আদরের স্মৃতির কথা কোনো দিন ভুলব না। রোয়াইঅঁতে আমার একটি একক চিত্রপ্রদর্শনী হয়েছিল। যদি আমি বেহিসাবির মতো সব খরচ করে ফেলি, এই আশঙ্কায় সেই প্রদর্শনীর ছবি বিক্রির সব টাকা তিনি জমিয়ে রেখেছিলেন।
জীবনে কোনো দিন তিনি প্যারিসে আসেননি। শুধু বৃদ্ধ বয়সে একবার এসেছিলেন, কেবল আমাকে দেখতে। আজ তিনি বেঁচে নেই। থাকলে আমার মায়ের মতোই আমার সফলতা ও সংসার দেখে খুশি হতেন। মৃত্যুর পর তাঁর বাড়ি ও ছবিসহ সব সম্পত্তি তিনি আমাকে লিখে দিয়ে যান। তবে লিখিতভাবেই আমি তা নিতে অসম্মতি জানাই। আরেকটি কথা অবশ্যই বলতে হবে। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার নৃশংস খবরটা আমি প্রথম পেয়েছিলাম ইভন চাচির কাছ থেকেই।
আমি মানুষ হয়েছি আট ভাই এক বোনের মধ্যবিত্ত সংসারে। পরিবারের কেউই সংস্কৃতি জগতের মানুষ ছিলেন না। বাবা ছিলেন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের সময় আগরতলার দুর্গা চৌধুরীপাড়ার আর্মি হোল্ডিং ক্যাম্পের প্রধান ছিলেন। আমরা পাঁচ ভাই যোগ দিয়েছিলাম মুক্তিযুদ্ধে। নিজেকে এখনো আমি যোদ্ধা বলেই মনে করি। ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম দেশকে মুক্ত করতে, এখন যুদ্ধ করছি সমকালীন বিশ্ব-চিত্রকলার জগতে টিকে থাকতে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে।
প্যারিসে আমাদের বাসাটিও ছোটখাটো এক বাংলাদেশ। আমাদের দুই মেয়ে চিত্রসিঁথি ও চর্যাপদ। ওদের জন্ম, পড়াশোনা ও বেড়ে ওঠা প্যারিসে হলেও ওরা জানে ‘জয় বাংলা’ শব্দের প্রকৃত অর্থ কী। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা বাবা—এসব ওদের মনের ভেতরে সব সময় জাগ্রত। আর আমাদের মেয়েদের বাংলায় পড়তে-লিখতে শেখানো, কথা বলানো—এসবের নেপথ্যে আছেন ওদের মা আনা ইসলাম। প্রবাসে থাকলেও আমাদের অস্থিমজ্জায় মিশে আছে বাংলাদেশ।
৪০ বছর ধরে আমি প্যারিসবাসী, কিন্তু আমার মন ও শিকড় বাংলাদেশে। সেই শিকড়ই আমার সব সৃষ্টির উৎস। শিল্পী হিসেবে আমার যেকোনো সফলতায় মনে পড়ে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর কথা। ফরাসি সরকারের দেওয়া নাইট উপাধির সম্মান আমার শিল্পীজীবনের শ্রম ও নিষ্ঠার স্বীকৃতি বলে মনে করি। তবে এই স্বীকৃতি তো বাংলাদেশেরই সম্মান।