ছবি আঁকার পাঠ নিয়েছেন শৈশবে। নানা শিশু-কিশোর সংগঠনে তাঁর যাতায়াত ছিল। তবে শিল্পী হবেন—এই ভাবনা দানা বেঁধে ওঠার আগেই তৎকালীন শিল্পশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্ট-এ ভর্তি হয়েছিলেন শিল্পী আবুল বার্ক আলভী, ১৯৬৩ সালে। এ ব্যাপারে পারিবারিক উৎসাহ ছিল। শিল্পের প্রতি অনুরাগ দেখে মূলত তাঁর মামাই তাঁকে এখানে পড়ার তাগিদ দিয়েছেন। আবুল বার্ক আলভী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের প্রধান।শিল্পকলার ভুবনে পা রাখতে গিয়ে দেখেছেন অশান্ত সময়, জনমানুষের দুর্দশা, সামরিক শাসন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আলভী অংশ নেন। তারপর ১৯৭১। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে তিনি সম্মুখযুদ্ধে অংশ নেন। নানা প্রতিকূল-দুঃসময়ের মধ্য দিয়ে তিনি জীবনকে দেখেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন-শিবির থেকে জীবন-মৃত্যুর ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন এই মুক্তিযোদ্ধা শিল্পী। স্বাধীন দেশে স্বাধীন চিন্তায় কাজের উদ্দীপনা ফিরে পেয়ে নিরলস কাজ করেছেন; নিসর্গ-প্রকৃতি-মানুষ-হাসি-আনন্দ-বেদনা নিজস্ব উপলব্ধিতে তাঁর শিল্পে এসেছে। নিসর্গপ্রেমী এই শিল্পী চারপাশের পরিচিত পৃথিবীকে এঁকেছেন কোমল বর্ণচ্ছটায়। তাঁর কাজে কিউবিজম এসেছে ফর্ম ভাঙার তাগিদ থেকেই। শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও সফিউদ্দিন আহমদের সান্নিধ্য তাঁর শিল্পভাবনাকে আরও বলিষ্ঠ করেছে। শিল্পী আলভীর আরাধ্য কম্পোজিশনে নতুন মাত্রা তৈরি করা। এ ক্ষেত্রে তিনি ফর্মকে নানা আদলে ভেঙে, বর্ণের বৈচিত্র্যে, সংবেদনশীল রেখার সাহায্যে ভারসাম্য তৈরি করেন। এক নরম-কোমল মায়াময় আবহ জড়িয়ে থাকে তাঁর ক্যানভাসে, অবয়বে এবং আচার-ব্যবহারে।বসার ঘর পেরিয়ে আবুল বার্ক আলভীর স্টুডিও। রোল করা কাগজ, স্তরে স্তরে সাজানো ক্যানভাস, চারপাশে বইয়ের শেলফ। মুক্তিযুদ্ধবিষয়ক বই, দেশ-বিদেশের শিল্প বিষয়ে নানা বই চোখে পড়বে শেলফে। কোনো দিকে শুধুই কবিতার বই। ঘরের দেয়ালে নানা সময়ের পুরোনো ফ্রেমে বন্দী ছবি, ছড়িয়ে থাকা বিভিন্ন রং, তুলি, কালি, ব্রাশ, কাজের টেবিল, মোড়া, নানা ধরনের কাগজ—এসব নিয়ে এক অনন্য শিল্পজগৎ!এই স্টুডিওতে গেলেই ইচ্ছে করবে কোনো একটা সাদা ক্যানভাসে রং-তুলির আঁচড়ে নিমগ্ন হয়ে যেতে! শিল্পীর কোমল-সরল রঙের প্রতি দুর্বলতা সহজেই দর্শকের হূদয় স্পর্শ করে। সতেজ স্বদেশের গড়ন শিল্পীকে আবিষ্ট করে রাখে। জল-মাটি-আকাশ-নিসর্গ-দিগন্ত-মেঘমালা—কোনো কিছুই শিল্পী সুনির্দিষ্ট করে না এঁকে রং-রেখায় সরল প্রশান্তি ছড়িয়ে দিয়েছেন ক্যানভাসে। তাঁর চিত্রভাষা প্রতিবাদী বা দ্রোহের না হয়ে ব্যক্তিমানুষের নিজস্ব উপলব্ধি আর স্বদেশি অনুভবে সম্পন্ন। বিষয়, বিন্যাস আর নির্জন উদ্দীপনায় শিল্পীর আত্মমগ্নতা প্রতিভাত। স্বল্পভাষী, সহাস্য, সরল-জীবনবোধে আবিষ্ট তিনি।শিল্পী আলভী মনে করেন, আমাদের দেশে আন্তর্জাতিক পর্যায়ের আরও প্রদর্শনী হওয়া দরকার। দেশ-বিদেশের শিল্পীদের শিল্প ও শিল্পদর্শন তরুণদের ভাবনাকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, ছাপচিত্রে যাঁরা কাজ করতে চান, তাঁদের অনেক সীমাবদ্ধতা। তাঁর মতে, ছাপচিত্র বিভাগ থেকে লেখাপড়া শেষ করে ছাত্ররা আর তেমন অনুশীলন করে না বা কাজের কাম্য পরিবেশ পায় না। শিল্পীদের জন্য একটি পরিপূর্ণ স্টুডিও তৈরি করার চেষ্টা করছেন তিনি।জয়নুল শিশু নিকেতনে তিনি শিশুদের শিল্পশিক্ষায় আগ্রহ তৈরি করতে সচেষ্ট। ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের তিনি নিজ হাতে সৃজনশীলতার পাঠ দিচ্ছেন; দেশের যেকোনো সংকটের পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর সাংগঠনিক দক্ষতা আমাদের শিল্পমননকে সমৃদ্ধ করে চলেছে। প্রচারবিমুখ, উচ্ছল, প্রাণবন্ত এই শিল্পীর জীবন উপলব্ধিতে কি কোনো গভীর দুঃখবোধ রয়েছে, যা তাঁর শিল্পীসত্তাকে প্রচ্ছন্ন করে চিত্রভাষায় নতুন মাত্রা যুক্ত করে? দর্শক-সমালোচক শিল্পী আলভীর চিত্রপটে এর উত্তর খুঁজে পাবেন।