রক্ত ও প্রেমের মুশায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়েজ আহমদ ফয়েজ
ফয়েজ আহমদ ফয়েজ
ফয়েজ আহমদ ফয়েজ
সম্পাদনা ও অনুবাদ: জাফর আলম
প্রচ্ছদ: আবুল বারক আলভী
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড,
ফেব্রুয়ারি ২০১৫
১২৮ পৃষ্ঠা
দাম: ২৮০ টাকা।

নিরন্তর সংগ্রাম যদি হয় উর্দুভাষী কবি ফয়েজ আহমদ ফয়েজের কবিতার মূল প্রবণতা, দ্বিধাহীনভাবে বলা যায়—তাতে শুধু রাজনীতি, রক্ত ও প্রতিবাদই সংযুক্ত নয়, প্রবাহিত মানুষের অন্তর্গত উপলব্ধিও। ফয়েজের কবিতায় যেমন সদা বহমান রক্তের প্লাবন, তেমনই প্রবাহিত প্রেমের ফল্গুধারা। দুইয়ের অপূর্ব ঐকতানই তাঁর কবিতা। বিশিষ্ট লেখক ও অনুবাদক জাফর আলমের সম্পাদিত ও অনূদিত গ্রন্থ ফয়েজ আহমদ ফয়েজ পাঠশেষে, বইটিতে পত্রস্থ ফয়েজের কবিতাগুলো পড়তে পড়তে মনে হয়, জীবনের নানামাত্রিক স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এবং হতাশা ও আশার স্নিগ্ধ নিনাদই তাঁর কবিতা।

বাঙালি পাঠকের কাছে ফয়েজ আহমদ ফয়েজের নাম উঠলেই—স্বীকার করি কবির প্রতি কৃতজ্ঞতাবশতই, অধিকাংশ ক্ষেত্রে যতটা উচ্চারিত হয় বাংলাদেশ এবং এ দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা, ঠিক ততটা অনুচ্চারিত তাঁর রচনা। হাতে গোনা কিছু কবিতা ছাড়া ফয়েজের অধিকাংশ কবিতাই বাঙালি পাঠকের কাছে অপঠিত। সেটি বিবেচনা করে এই বইয়ে সংকলিত হয়েছে বেশ কিছু সৃজনশীল প্রবন্ধ-নিবন্ধ ও ফয়েজের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে অনূদিত নানা স্বাদের কবিতা। যেহেতু তাঁর পরিচিত কবিতাগুলো কম-বেশি সবার জানা তাই আলোচ্য বইয়ে সম্পাদক শুধু ফয়েজের পরিচিত, কম পরিচিত এবং অপরিচিত কবিতাকেই আমাদের সামনে উপস্থিত করেছেন। এ ছাড়া বইয়ে স্থান পেয়েছে কবির সম্পর্কে নানা অজানা তথ্যাবলি এবং তাঁর একটি জীবনপঞ্জি।
বইটি ফয়েজ সম্পর্কে এক আকরগ্রন্থ, যা পূর্ণাঙ্গ কবি জীবনী রচনায় যেমন, তেমনই পরবর্তীকালে কবির কর্ম ও রচনা নিয়ে মূল্যায়নের ক্ষেত্রেও হবে অনিবার্য উৎস। ফয়েজ সম্পর্কে নানা দলিল-দস্তাবেজ, তথ্য-উপাত্ত উপস্থাপন ছাড়াও কবির ছেলেবেলা, উত্তাল যৌবনের কথা, কবিতার কথা উঠে এসেছে এ গ্রন্থে। আছে ফয়েজে জীবন ও রচনা সম্পর্কে মুর্তজা বশীর, হাসান ফেরদৌস, জাভেদ হুসেনের সুপাঠ্য প্রবন্ধ; আছে আসিফ আসলাম ফারুখীর নেওয়া ফয়েজের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারও। সব মিলিয়ে ফয়েজের কবিতা ও চিন্তাধারার একটা সামগ্রিক অবয়ব প্রতিফলিত হয়েছে সুদৃশ্য এই বইটিতে।
শুরুতেই আছে ফয়েজের কবিতা ও জীবন সম্পর্কে অনবদ্য রচনা ‘রক্তের চিৎকার’, তাতে কবির যথার্থ মূল্যায়ন করেছেন জাফর আলম। উত্থান-পতনের জীবনে ফয়েজ জেল খেটেছেন, মিছিল করেছেন, ধরেছেন কলম। পাকিস্তানের সামরিক জান্তারা তাঁর লেখনী স্তব্ধ করতে উদ্যত হয়েছিল, কিন্তু পারেনি, জেলে বসেও তিনি লিখেছেন স্বপ্নজাগানিয়া পঙ্ক্তিমালা। ‘মাতায়ে লওহ কলম’ শিরোনামের কবিতায় তাঁর উচ্চারণ, ‘ছিনিয়ে নিলে কাগজ ও কলম/ আমার হাত থেকে তাতে কী আসে যায়?/ আমার আঙুল ডুবিয়ে রেখেছি/ আমার হৃদয়ের রক্তে।/ আমার মুখ বন্ধ করে দিলে তাতে কী?/ শৃঙ্খলের প্রতিটি গ্রন্থিতে/ আমি বসিয়ে রেখেছি আমার জিহ্বা।’
তারপর পর্যায়ক্রমে আছে ফয়েজের ‘কৈশোর ও যৌবন’ শীর্ষক রচনা, আছে বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে অনূদিত প্রায় অর্ধশতাধিক কবিতা। বিশেষ গুরুত্ব ও তথ্যকণিকা দিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশকে নিয়ে তাঁর তিনটি কবিতা। আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে লেখা বিখ্যাত কবিতাটিও। শেষাংশের মধ্যে হাসান ফেরদৌসের ‘ফয়েজ আহমদ ফয়েজ: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কবি ও তাঁর কবিতা সম্পর্কে এক রোমাঞ্চকর পাঠ।
বইটি পড়তে পড়তে অবাক হতে হয় এই ভেবে যে শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ লেখক জাফর আলম কী বিপুল কায়িক ও মানসিক শ্রম দিয়ে রচনা করেছেন প্রতিটি প্রবন্ধ-নিবন্ধ; তথ্য-উপাত্ত শুধু নয়, তাতে তাঁর সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহারও ঘটিয়েছেন। যোগ করেছেন উর্দু সাহিত্য সম্পর্কে তাঁর বিস্তর পড়া ও জানাশোনা।
উর্দু সাহিত্য সম্পর্কে জাফর আলমের আগ্রহ দীর্ঘদিনের। দিনে দিনে মূলত তাঁর অনুবাদ প্রয়াসের মাধ্যমে গড়ে উঠেছে বাংলা ভাষায় উর্দু সাহিত্যের একটা বড় ভান্ডার; বৃহৎ কলেবরে এই গুরুত্বপূর্ণ কাজটিও হয়ে উঠেছে তাঁর একাগ্রতা ও সাধনার আরেকটি উদাহরণ।