রক্তে লেখা দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী: শেখ আফজাল
শিল্পী: শেখ আফজাল

উনিশ শ পঁচাত্তরে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পড়ে গেল এক গোলক-ধাঁধায়। বিশৃঙ্খল এই বাহিনীকে বুদ্ধিমত্তা দিয়ে শৃঙ্খলায় নিয়ে এলেন জেনারেল জিয়াউর রহমান। রক্ষীবাহিনী থেকে বহু সৈনিককে সামরিক বাহিনীতে নিয়োগ দিয়ে সেনাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ক্ষমতার কেন্দ্রে থেকে বহু ঝড়-ঝঞ্ঝা চড়াই-উতরাই পার হয়ে এরপর গড়ে তুলতে সচেষ্ট হন রাজনৈতিক দল বিএনপি। আর এটি করতে গিয়েই মুক্তিযুদ্ধের চেতনা থেকে তিনি সরে আসতে থাকেন। ফরেন সার্ভিসে চাকরি দেন বঙ্গবন্ধুর খুনিদের। সব অমুক্তিযোদ্ধা ‘রিপ্যাট্রিয়েট’রা হয়ে উঠতে থাকেন তাঁর নিকটজন। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের বঞ্চিত করে অমুক্তিযোদ্ধা পাকিস্তান-ফেরত অফিসারদের সুযোগ-সুবিধা বাড়াতে থাকেন জিয়া, এমনকি এঁদের মধ্য থেকে সবচেয়ে ধুরন্ধর জেনারেল এরশাদকে সেনাপ্রধান হিসেবে পদোন্নতিও দেন। রাজাকারদের পুনর্বাসন করে দেন মন্ত্রিত্ব, বিদেশে পালিয়ে থাকা তাঁদের অনেককে দেশে ফিরিয়ে এনে দলের উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেন। এতে ক্ষুব্ধ হতে থাকেন মুক্তিযুদ্ধে খেতাব পাওয়া অনেক সেনা কর্মকর্তা। পরিণতিতে চট্টগ্রামের সার্কিট হাউসে তাঁরা হত্যা করেন জিয়াকে। এমনকি তাঁর লাশ উঁচু পাহাড় থেকে এমন স্থানে ফেলে দিতে চান যেন ওই লাশের সন্ধান কেউ আর না পায়। কিন্তু দ্রুতই আকস্মিক এই ঘটনার সব দায় চলে আসে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সদর দপ্তরের জিওসি জেনারেল আবুল মঞ্জুরের ওপর।
মনের বিরুদ্ধে সশস্ত্র সেনা কর্মকর্তাদের সঙ্গে মিলে যাওয়া ছাড়া মঞ্জুরের সামনে আর কোনো পথ খোলা থাকে না। ঢাকার বেতার কেন্দ্র থেকে প্রচার হতে থাকে, যেন আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। চট্টগ্রাম বেতার থেকে প্রচার হতে থাকে অভ্যুত্থানকারীদের ক্ষমতা দখলের কথা। এক মহা সংকটের মধ্যে দুই দিন ধরে জটিল থেকে জটিলতর হয়ে উঠতে থাকে ঘটনা। ঢাকায় জেনারেল এরশাদ হয়তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। মঞ্জুরের সঙ্গে ফোনে কথা বলতে চাইলেন এরশাদ। কিন্তু কিছুতেই ওই চতুর জেনারেলের সঙ্গে কথা বললেন না তিনি।
একপর্যায়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা দিলেন মঞ্জুর। আদালতের কাঠগড়ায় দাঁড়াতে চাইলেন। গোটা জাতির সামনে খুলে বলতে চাইলেন সব। কিন্তু চক্রান্ত তাঁর পিছু ছাড়ল না। তবে কি এরশাদই চেলেছিলেন এই চক্রান্তের কঠিন ঘুঁটি? জানা গেল না এসবের কিছুই।
মঞ্জুরের অধস্তন এক তরুণ কর্মকর্তা কয়েকজন সিপাহিসহ বাধ্য হলেন আদেশ পালনে। প্রিয় জেনারেলকে হাত ও চোখ বেঁধে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাঁরা নিয়ে যেতে থাকলেন ফায়ারিং রেঞ্জের দিকে। নিজের পরিণতির কথা বুঝতে পারলেন মঞ্জুর। আর কোনো কথা বললেন না তিনি। কোনো বাধাও দিলেন না আর।
পরপর দুটো নির্মম খুনের নির্ভরযোগ্য তাবৎ ঘটনার বর্ণনার মধ্য দিয়ে কথাশিল্পী মশিউল আলম দ্বিতীয় খুনের কাহিনি নামের এই উপন্যাসে অনুসন্ধান করেছেন স্বাধীন বাংলাদেশের ক্ষমতা–কেন্দ্রের এক জটিল সময়কে; যে সময়ে বোনা হয়ে গেল পরবর্তী ১০ বছরের স্বৈরশাসনের বীজ আর আড়ালে চলে গেল বাঙালির মুক্তিযুদ্ধের চেতনা।

দ্বিতীয় খুনের কাহিনি
দ্বিতীয় খুনের কাহিনি
দ্বিতীয় খুনের কাহিনি
মশিউল আলম
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা
প্রকাশন ২২৪ পৃষ্ঠা,
দাম: ৪০৫ টাকা।

লেখকের অনুসন্ধানে, বর্ণনায়, উপস্থাপনে দলিল-দস্তাবেজের ভার নেই, আছে ঘটনার গভীরে ঢোকার আকুতি, চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি আর চরিত্রের মর্ম উন্মোচনের নিপুণ দক্ষতা। এই দক্ষতার প্রমাণ মেলে উপন্যাসজুড়ে রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, আমলা, সেনানায়ক, পুলিশ থেকে শুরু করে অসংখ্য চরিত্রের বিস্তর কথোপকথনে।

রাজনৈতিক অভিলাষ, ষড়যন্ত্র আর রক্তপাতের রুদ্ধশ্বাস বিবরণে লেখক যেমন ভোলেননি ঘটনা ও সময়ের বাস্তবতাকে, তেমনি সুযোগ নিতেও ছাড়েননি কল্পনার হাতছানির। ফলে উপন্যাসে ঘটনার সত্যতা পাঠকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে অনায়াসে।

বাংলাদেশের কথাশিল্পে সেনাবাহিনীর ভেতর-বাহির, রাষ্ট্রযন্ত্রের রদবদল উত্থান-পতনের কাহিনি নেই বললেই চলে। সেখানে মশিউল আলম এ রকম বিষয় বেছে নিয়ে ব্যাপক অনুসন্ধানের মধ্যে নিজের মনোজগতে যে সত্যের আভাস পেয়েছেন, কোনো পক্ষ অবলম্বন না করে তাতে সৎ থাকার প্রাণান্ত চেষ্টা করেছেন। ঐতিহাসিক উপন্যাস রচনায় নিঃসন্দেহে এটা সাহসিকতার পরিচয়। সব মিলিয়ে এ কাজের জন্য তিনি বিরল উদাহরণ হয়েই থাকবেন।