রতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই রতনী, কোথায় তুই?’‘আসি বৌদিমণি। আমি হেঁশেলে। দাদাবাবুর জন্য রুটি বেলছি।’ অনুচ্চকণ্ঠে বলল রতন।রতনের কথা বৌদিমণি শোবার ঘর থেকে শুনতে পায়নি। তার রাগ হলো। এবার গলা চড়িয়ে বলল, ‘কিরে রতনী, শুনতে পাসিন? কখন থেকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেললাম।’রতন আঁচলে হাত মুছতে মুছতে শোবার ঘরে উপস্থিত হলো। কাঁচুমাচু ভঙ্গিতে বলল, ‘দাদাবাবুর আপিস যাওয়ার সময় হয়েছে। তার জন্য রুটি বেলছিলাম।’‘রাখ তোর রুটি বেলা। দাদাবাবুর সেবা করতে পারলে শরীরে শান্তির হাওয়া লাগে, তাই না? সকালে উঠে বিছানা গোছগাছ করিসনি কেন?’ বৌদির উষ্মা বাড়তে থাকে।‘সকালে এসেছিলাম বৌদি। দেখি আপনি তখনো ঘুমাচ্ছেন। ওদিকে দাদাবাবু আবার চা চাইল। তাই চা বানাতে গেলাম।’ রতন করুণকণ্ঠে বলল।‘ও, এর মধ্যে সেবা একবার হয়ে গেছে তা হলে? চা দিতে গিয়ে লুটোপুটি! মরার ঘুমটা পোড়া চোখে কেন যে এল ভোর সকালে! আমার বিছানা গোছানোর চেয়ে দাদাবাবুর চা বানানো বড় তা হলে তোর কাছে? দাদাবাবু! চা! ভোর সকালে! আমি ঘুম থেকে ওঠার আগে চা পিপাসা! দেখাচ্ছি মজা।’ শ্লেষ ঝরে পড়ছে বৌদির গলা থেকে। রতন নিরুপায়। নির্বাক। মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া তার আর কোনো গত্যন্তর নেই। অধোবদনে দাঁড়িয়ে থাকল রতন।এবার ঝাঁজিয়ে উঠল বৌদিমণি, ‘দাঁড়িয়ে আছিস কেন? গতরের ভাঁজভুঁজগুলো আঁচল দিয়ে ঢাক। বিছানা গোছা।’ রতনের বয়স কুড়ি-একুশ বছরের মতো। গায়ের রং শ্যামলা। মাথাভর্তি চুল। ছোটবেলা থেকেই তার চুলের বাড়বাড়ন্ত। অযত্নে সে চুল বেঁকেবুঁকে থাকত। পরবর্তীকালে নারকেল তেল আর চিরুনির দু-চারটা আঁচড় পড়ায় সে চুল বাংলা লাউয়ের ডগার মতন ফনফনিয়ে বেড়েছে। চুলে স্বামী যখন হাত বুলিয়ে বলত, ‘রতনরে তোর চুল কী সোন্দর!’ তখন রতনের মনে হতো, স্বামী বুঝি তার চেয়ে তার চুলকে বেশি ভালোবাসে। জীবনের এত ডামাডোলের মধ্যেও নিজের চুলকে পারতপক্ষে অবহেলা দেখায়নি রতন। এই যে বৌদিমণির এত অবহেলা আর এত তুচ্ছতাচ্ছিল্য—এসবের মধ্যেও বিকেলের দিকে সে চুলে একবার চিরুনি বোলায়। এ নিয়ে বৌদির খোঁচাও কম খেতে হয় না। বলে, ‘কাজের ঝিয়ের এত বড় খোঁপার দরকার কী? লম্বা চুলের রাজকুমারী! দেখ না, মাথা ভরে নারকেল তেল দিয়েছে। বলিহারি, এত তেল আসে কোথা থেকে? মুখেও খাবে, মাথায়ও খাবে।’রতনের স্পষ্ট মনে আছে—এক সন্ধ্যায় হিমাংশু কাকা বলল, ‘রতনরে, আমি বড় গরিব মানুষরে। ঘরে তিন-তিনটে ছেলেমেয়ে। তোর কাকি। বুড়ি মা-টাও হাঁটতে পারে না। তুইও এলি। এতগুলো মানুষের হাঁ-করা মুখে অন্ন তুলে দেবার ক্ষমতা আমার নেইরে রতন। কাছের গুলাকে তো আর ফেলে দিতে পারিনে। তুই এক কাজ কর।’ বলে হিমাংশু কাকা হুঁকায় টান দিতে থাকে।রতনের বয়স তখন বারো পার হয়-হয়। বাবা মারা গেছে কবে। তার দুই বছর পর ছোট ভাইটাও ডোবার জলে ডুবে মরেছে। মা তাকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরত। এর-ওর কাছে চেয়েচিন্তে দুজনের পেট চলে যেত। মা-ও একদিন ম্যালেরিয়ায় মরল। চার-পাঁচ দিন কালাজ্বরে বেশ কষ্ট পেয়েছিল। তারপর টুপ করে এক রাতে মারা গেল। সুখলতা কাকি সেদিন আশ্রয় না দিলে কোথায় ভেসে যেত রতন!হিমাংশু কাকাকে উদ্দেশ করে বলেছিল, ‘কোথায় যাবে মা-বাবা মরা মেয়েটি? থাক আমাদের সঙ্গে। যা জোটে টেপা, পটল, শৈব্যার সঙ্গে ভাগযোগ করে খাবে।’ সকাল থেকেই হিমাংশু কাকার মনটাও খুব নরম ছিল। ছোট্ট রতনের অসহায় করুণ মুখটি বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। বউয়ের কথায় সায় দিয়ে বলেছিল, ‘ঈশ্বর নাড়ি দিয়েছেন, খাবার বন্ধ করবেন না। থাকুক মেয়েটা আমাদের সঙ্গে।’ সে বছর দুয়েক আগের কথা। এ দুই বছর কষ্টেসৃষ্টে জীবন চলছিল হিমাংশু কাকার। হঠাৎ করে তাকে কাশ ব্যারামে ধরল। দিনমজুর হিমাংশুর আয় কমে গেল। বড় টানাটানি শুরু হলো সংসারে। এই সময় পোস্টমাস্টারের সঙ্গে দেখা, বাজারে। নতুন লোক দেখে সহজাত কৌতূহলে হিমাংশুই এগিয়ে গিয়েছিল ধোপদুরস্ত কাপড়ের পোস্টমাস্টারের দিকে। নানা কথার ফাঁকে পোস্টমাস্টার বলেছিল, ফাইফরমাশ খাটার জন্য একটা ছোট্ট মেয়ে পেলে বর্তে যান তিনি।সেই সন্ধেয় রতনের কাছে কথাটি পেড়েছিল হিমাংশু কাকা। রতন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে আছে দেখে হিমাংশু কাকা আবার বলেছিল, ‘আমাদের উলাপুর গাঁয়ে একজন পোস্টমাস্টার এসেছেন। একা থাকেন। নিজ হাতে রেঁধেবেড়ে খান। হাতের কাজ উজিয়ে বাড়িয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট মেয়ে দরকার। তুই যাবি তাঁর কাছে? ভালো খাবার পাবি। আদর-যত্ন করবেন।’রতন সেদিন ডান দিকে আস্তে করে মাথা নামিয়েছিল। বয়স বারো হলে কি হবে, বাস্তবজ্ঞান তো তার কম হলো না! রোগগ্রস্ত কাকা আর কত দিন খাওয়াবে। কাকার প্রস্তাবে তাই রতন না করল না। পরদিন সকালে হিমাংশু কাকা রতনের হাত ধরে পোস্টমাস্টারের কাছে গিয়েছিল। রতন পোস্টমাস্টারের ওখানেই থিতু হলো। কিন্তু সে জানল না—এ শুধু ঘাট বদল। শেওলা যেমন নদীর স্রোতে ভাসতে ভাসতে এ-ঘাট থেকে ও-ঘাটে যায়, রতনেরও তা-ই হয়েছিল। হিমাংশু কাকার সংসার—ঘাট থেকে পোস্টমাস্টারের একাকী জীবনের ঘাটে এসে ভিড়েছিল রতন।২. বড় ভালোবাসতে শুরু করেছিল দাদাবাবু তাকে। খুব বেশি কাজের চাপ ছিল না। দু-চারটি থালা-গ্লাস ধোয়া, ঘরগুলো ঝাট দেওয়া। দাদাবাবুর জামা পেন্টালুন ধুয়ে দেওয়া—এই সব। মাঝেমধ্যে সকালের রাঁধা তরকারি সন্ধেয় গরম করতে হতো তাকে। যে রাতে দাদাবাবুকে আলস্য জড়িয়ে ধরে বলত, ‘বাসিব্যঞ্জন আছে ঘরে। খান কয়েক রুটি সেঁকতে পারবি না, তুই?’রতন হাসিমুখে হেঁশেলের দিকে যেতে চাইলে দাদাবাবু বলত, ‘আরে আরে, এখন কোথায় যাস? বস বস। তোর মা-বাবার কথা বল, শুনি। বল দিখিনি কে কে ছিল তোর?’ সে সন্ধেয় গাঁয়ের গোয়ালঘর থেকে কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে ধোঁয়া উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি পোকা ডাকত। অনতিদূরের জঙ্গলে শিয়াল হেঁকে যেত—হুক্কাহুয়া। আরও দূরের বাউল আস্তানা থেকে অস্পষ্ট কিন্তু মধুময় গানের সুর ভেসে আসত।দাদাবাবু বলত, ‘একা একা বড় খারাপ লাগেরে রতন। কলকাতার ছেলে আমি। চারদিকে কত মস্ত মস্ত ঘরবাড়ি। সাপের মতো এঁকেবেঁকে বিশাল বিশাল রাস্তা এদিক থেকে ওদিকে চলে গেছে। আর এখানে দেখ—সন্ধে হলে ঘন অন্ধকার। চারদিকে ঝোপঝাড়। মাঝেমধ্যে দৈত্যের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছ। পানাপুকুর। ঘনঘোর বৃষ্টি। মস্ত মস্ত দাড়াওয়ালা মশা। এই আটচালার আঁধার ঘরে আমার দম বন্ধ হয়ে আসেরে রতন।’রতন দাদাবাবুর এসব কথার মানে ভালো করে বুঝতে পারে না। মনের চোখকে সে কলকাতা পর্যন্ত ছড়িয়ে দেয়। কলকাতাকে সে তো কখনো দেখেনি। কিন্তু কল্পনায় রতন সেই মস্ত বিশাল রাস্তা দিয়ে হাঁটতে থাকে, মাঝেমধ্যে ফিরে দেখে দাদাবাবু তার পেছনে আছে কি না।দাদাবাবু তাকে বর্ণ শেখাল। যুক্তবর্ণ ভেঙে ভেঙে পড়তে শেখাল। যখন তার মন ভালো থাকত, তখন ছাত্রীটিকে পড়াত, শেখাত। রতন খেয়াল করেছে—এসবের মধ্যেও মাঝেমধ্যে দাদাবাবুর মন খুব খারাপ হয়ে যেত।তখন দাদাবাবু কথা বলত না। জানালার ফাঁক দিয়ে চুপচাপ আকাশের দিকে স্থির চোখে তাকিয়ে থাকত। চোখে পলক পড়ত না। দাদাবাবু বৃষ্টিকে বড় অপছন্দ করত। কিন্তু যেদিন মেঘ কেটে ঝলমলে রোদ উঠত, সেই রোদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকত দাদাবাবু। কোনো কথাই বলত না সে সময়। ঘরের টুকটাক কাজ করবার সময় রতন তাকিয়ে তাকিয়ে দেখত—দাদাবাবুর চোখ জানালার ফাঁক দিয়ে বিশাল আকাশে হারিয়ে যাওয়া কী একটা মহামূল্যবান বস্তু যেন খুঁজে ফিরছে। সে সময় দাদাবাবুর মুখের রং পাল্টে যেত। গভীর নিস্তব্ধ মধ্যাহ্নটি দাদাবাবু কোনো কথা না বলেই কাটিয়ে দিত।যেদিন দাদাবাবুর জ্বর হলো, প্রথমে বুঝতে পারেনি রতন। দাদাবাবু যখন বলল, ‘দেখতো রতন, জ্বর হলো বুঝি আমার। চোখ আঁধার আঁধার লাগছে।’সে রাতে জননীর মতো সেবা করেছিল রতন দাদাবাবুকে। জলপট্টি দেওয়া, পথ্য খাওয়ানো। সারা রাত জেগে শিয়রে বসে বারবার জিজ্ঞেস করেছিল, ‘একটু ভালো লাগছে, দাদাবাবু?’ভালোই চলছিল রতনের জীবন। সে যুক্তকর কপালে ঠেকিয়ে বারবার ঈশ্বরকে বলত—ঠাকুর, এভাবে যেন আমার জীবনটা কেটে যায়।কিন্তু জীবন সেভাবে কাটল না। দাদাবাবু চাকরি ছেড়ে দিয়ে, উলাপুরের মায়া কাটিয়ে, রতনের কথা ভুলে নৌকায় উঠল। ‘রতনের কথা ভুলে’ বললে ভুল হবে। যাওয়ার সময় দাদাবাবু রতনকে নতুন পোস্টমাস্টারের হাতে গছিয়ে যেতে চেয়েছিল, যেন পুরোনো তক্তপোশ। যত দিন প্রয়োজন একজন ব্যবহার করল, যাওয়ার সময় নিয়ে যেতে পারবে না বলে আরেকজনকে দিয়ে দিল। রতনকেও দাদাবাবু তক্তপোশ ভেবেছিল।রতন অন্যজনের হতে চায়নি। দাদাবাবুকেই পছন্দ তার। তার সঙ্গেই যেতে চেয়েছিল। বলেছিল, ‘দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে?’আকাশ থেকে পড়েছিল দাদাবাবু। ‘সে কীরে’ বলে চুপ মেরে গিয়েছিল। কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ দেয়নি দাদাবাবু। দিলে কিছুটা হলেও রতনের মনের বেদনা কমত। তারপর তো দাদাবাবু তাকে টাকা গছাতে চেয়েছিল। এক দৌড়ে সেখান থেকে পালিয়ে না গেলে শেষ পর্যন্ত কী কাণ্ডটাই না ঘটত কে জানে।৩.পোস্টমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাকরি ছাড়ার আবেদনপত্র পাঠিয়ে উলাপুর থেকে কলকাতায় রওনা দিয়েছিল। কলকাতায় ফিরে চাকরি ছাড়ার কথা বলায় মা আমূল ভেঙে পড়েছিল। ‘কী বলিস খোকা। চাকরি ছেড়ে দিয়েছিস? খাব কী? তোর এই ভাইয়ের পড়াশোনা, বিধবা দিদির ভরণপোষণ চলবে কী করে রে বাবা? তোর দিকেই তো আমরা চেয়েছিলাম। বাবা নাই তোর। তুই-ই তো আমাদের শেষ আশ্রয়।’দিশেহারা হয়ে পড়েছিল পোস্টমাস্টার। আবেগ ভালো জিনিস। আবেগের জন্য আশা-ভরসা, মানুষের বেঁচে থাকা। আবেগের সঙ্গে বাস্তবজ্ঞান মেশালে মানুষের জীবন সুস্থির হয়। পোস্টমাস্টারের আবেগ বেশি। বাস্তবজ্ঞান কম। আবেগতাড়িত হয়ে ইস্তফাপত্র পাঠিয়ে কলকাতায় ফেরত এসে পোস্টমাস্টার বুঝল কত বড় ভুল করেছে সে। ইস্তফাপত্র লেখার সময় ভাইবোন আর মায়ের ভবিষ্যতের কথা ভাবেনি, ভাবেনি গোটা পরিবার তার দিকে তাকিয়ে আছে। মায়ের কথা, ভাইয়ের অসহায় মুখ, বোনের বিষণ্ন নীরবতায় পোস্টমাস্টারের বাস্তবজ্ঞান জন্মাল। ছুটে গেল সে পূর্ণচন্দ্রের কাছে। পূর্ণচন্দ্র তার সহপাঠী। পূর্ণচন্দ্র পোস্টমাস্টারের সঙ্গেই চাকরিতে ঢুকেছে। মামার জোর থাকায় কলকাতাতেই তার পোস্টিং হয়েছে। মামা হেমাঙ্গবাবু ব্রিটিশ সরকারের গোমস্তা। পূর্ণচন্দ্রের সামনে প্রায় আছড়ে পড়ল পোস্টমাস্টার, ‘ভাই, ভুল করে ফেলেছি মস্তবড়। চাকরিতে ইস্তফাপত্র পাঠিয়েছি। তুমি বাঁচাও আমাকে।’পূর্ণচন্দ্র বলল, ‘কী হয়েছে বলবে তো।’ পূর্ণচন্দ্র মামার পরিচয়ে আর নিজের কর্মদক্ষতায় কলকাতার প্রধান পোস্টাপিসের বড় কর্তা হোয়াইটহেডের নজরে পড়েছে। তাই তার কথায় আস্থার সুর। ‘কী হয়েছে বলবে তো’—পূর্ণচন্দ্রের এই কথার মধ্যে ভরসার ইঙ্গিত।পোস্টমাস্টার আদ্যাপান্ত সব খুলে বলল পূর্ণচন্দ্রকে। উলাপুর গাঁ, একাকিত্ব, জঙ্গলভরা সাপ-শিয়াল, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং, কর্দমাক্ত মেঠোপথ—এসবের ভয়-জাগানিয়া বর্ণনা দিল পূর্ণচন্দ্রকে। একটু মিথ্যে মিশিয়ে বারবার করে ভয়ংকর জ্বরে পড়ার কথা বলল। শুধু চেপে গেল রতনের কথা। সবকিছু শুনে পূর্ণচন্দ্র বলল, ‘ঠিক আছে। কাল তো রোববার। বন্ধের দিন। সোমবার এস। দেখি, বড় সাহেবকে বলে কিছু করা যায় কি না।’পূর্ণচন্দ্র হোয়াইটহেডকে অনুনয়-বিনয় করে শুধু পোস্টমাস্টারের চাকরিই রক্ষা করল না, দক্ষিণ কলকাতার ছোট একটা পোস্টাপিসে পোস্টিংও পাইয়ে দিল।৪.এরপর এক একটা বছর গত হয়েছে। আর এ-পোস্টাপিস থেকে ও-পোস্টাপিস করে করে খোদ কলকাতার প্রধান অফিসে পোস্টিং পেয়েছে পোস্টমাস্টার। এক-দুই-তিন করে করে পদোন্নতিও হয়েছে তার। এখন সে প্রধান পোস্টাপিসের হোমরাচোমরা কর্মকর্তাদের একজন।এর মধ্যে অবশ্য পোস্টমাস্টারের ভাইটি পড়াশোনা শেষ করে রেলে চাকরি নিয়েছে। বিধবা বোনটিও মারা গেছে। মা মারা যাওয়ার আগে বিধুমুখীর সঙ্গে তার বিয়েটা সম্পন্ন করে গেছে। বিয়ের পরপরই পোস্টমাস্টার বুঝতে পেরেছে—বিধুমুখী মুখরা, মর্মভেদী কথায় তার তুলনা নেই। শাশুড়ির মৃত্যুর পর বিধুমুখী মারমুখী হয়ে গেল। পোস্টমাস্টার এই মারমুখীর কাছে আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো উপায় দেখল না। ঘরের সব কর্তৃত্ব বিধুমুখীর হাতে চলে গেল।বিধুমুখী বাঁজা। বাঁজা মেয়েরা হয় চুপসে যায়, নয় মারমুখী হয়ে ওঠে। বিধুমুখীর ক্ষেত্রে দ্বিতীয়টা হয়েছে। প্রথম প্রথম বন্ধ্যাত্বের কারণে নিজেকে খুব অসহায়বোধ করলেও অল্প সময়ের মধ্যে ওই বিপন্নবোধ থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল। তার ভেতরের জ্বালামুখ দিয়ে অনল হয়ে বের হতে লাগল। স্ত্রীর কারণে পোস্টমাস্টারকে আত্মীয়স্বজন ত্যাগ করতে হলো। একমাত্র ভাই, সে-ও দাদার বাড়িতে আসা বন্ধ করে দিল। ঝিরা বেশি দিন চাকরি করতে পারে না পোস্টমাস্টারের বাড়িতে। বড়জোর দশ-বারো দিন। বেতন চাইতেও সাহস করে না। বিধুমুখীর দাপটে আর কলজেয় টানমারা কথায় ঝি’রা পালিয়ে বাঁচে। গজরাতে গজরাতে বিধুমুখী ঘরকন্নার কাজ নিজ হাতে করে। বিধুমুখীকে বেশি দিন গরজাতে হলো না। রতন এসে উপস্থিত হলো।৫.দাদাবাবু রতনকে ত্যাগ করে আসার পর দীর্ঘক্ষণ ধরে উলাপুরের সেই আটচালা পোস্টাপিসের চারদিকে অশ্রুসজল চোখে রতন ঘুরঘুর করল। মনে আশা—দাদাবাবু ফিরে আসবে। তার সঙ্গে এত বড় বেদরদি কাজ দাদাবাবু নিশ্চয় করবে না। তার মধ্যে এক সময় না এক সময় অনুশোচনা জাগবে। বুদ্ধিহীন রতন বুঝল না, বাস্তবতা কত কঠিন, সত্য কত রূঢ়। বুঝল তখন, যখন পথ চেয়ে চেয়ে তার অশ্রুসজল চোখ ভীষণ ক্লান্ত হয়ে পড়ল, হূদয়ের রক্ত যখন একেবারে ফুরিয়ে গেল, ক্ষুধায় সমস্ত শরীর যখন অবশ হয়ে এল।শেষ পর্যন্ত নিজের শরীরটাকে টানতে টানতে রতন হিমাংশু কাকার বাড়িতে উপস্থিত হলো।হিমাংশু কাকা রতনকে দূর-দূর করল না। সব শুনে শুধু অসহায় মুখে বলল, ‘আমি তোকে কী করে খাওয়াবরে মা! আমার সংসার তো একেবারে অচল হয়ে গেছে রে!’কাকিমা হেঁশেল থেকে বের হয়ে বলল, ‘আসতে না আসতেই অভাবের কথা বলে মেয়েটার দুঃখটা আর বাড়িয়ো না। ঈশ্বর আছেন। মেয়েটার মুখের দিকে তাকিয়েছ? দাওয়ায় বসতে দাও।’রতন হিমাংশুর ঘরে দ্বিতীয়বারের মতো আশ্রয় পেল।কিন্তু হিমাংশুর ঘরে রতনকে খুব বেশি দিন থাকতে হলো না। অল্প সময়ের মধ্যে দোজবর খগেনবাবুর সঙ্গে তার বিয়ে হয়ে গেল।খগেনবাবুর বাড়ি উলাপুর গাঁয়ের ঠিক পাশের গাঁ কালীকৃষ্ণপুরে। নীলকুঠির সাহেবদের সঙ্গে খগেনবাবুর খুব ঘনিষ্ঠতা। গরিব চাষিদের বাছা বাছা জমিতে নীল চাষ করার জোরজবরদস্তিতে ইংরেজদের ডান হাত হিসেবে কাজ করেছেন খগেনবাবু। এ জন্য নানা সময়ে পুরস্কারও মিলেছে কুঠিয়ালদের কাছ থেকে। ইংরেজ প্রভুদের কৃপায় খগেনবাবুর জমিজমা আর টাকাকড়ির অভাব নেই। তাঁর ঘরে সন্তানের অভাবও রাখেননি ঈশ্বর। চার-চারটা ছেলে তাঁর ঘরে। মেয়েটাকে কলকাতার এক বনেদি পরিবারে বিয়ে দিয়েছেন। কিন্তু ঈশ্বর হঠাৎ করে ষাট ছুঁই ছুঁই খগেনবাবুকে একটা জিনিসের অভাবে ফেললেন। তাঁর বউ। এই বয়সেই তাঁর স্ত্রী মারা গেল। কিন্তু ওই যে, যে বাঘ একবার মানুষের রক্তের সন্ধান পায়, সে সর্বদা মানুষই খুঁজে বেড়ায়। পুরুষের কাছেও নারীদেহ সেই রূপ। বয়স যা-ই হোক, রাতে পুরুষ মানুষের পাশে নারী না থাকলে চলে না। খগেনবাবুর অবস্থাও সে রকম হলো। ফলে নারী খোঁজা শুরু হলো। ছেলেরা জানতে পেরে বেজায় অখুশি হলো। কিন্তু খগেনবাবু বলে কথা। ছেলেদের শুনিয়ে শুনিয়ে বললেন, ‘আমার ইচ্ছের বিরোধিতা করলে পথের ফকির হতে হবে।’ভবিষ্যতের লোভে ছেলেরা চুপ মেরে গেল। শেষ পর্যন্ত ঘটক হিমাংশুর বাড়িতে উপস্থিত হলো। কোনো এক শুভক্ষণে দাদুর বয়সী খগেনবাবুর সঙ্গে রতনের বিয়ে হয়ে গেল।বিয়ের পর অনেকটা বছর কেটে গেল। সেবা দিয়ে খগেনবাবুর দেহ ও মন ভরিয়ে তুলল রতন। বিয়ের আট বছরের মাথায় খগেনবাবু মারা গেলেন।নীলকুঠিতে কী সব ছাইপাঁশ খেয়ে এসে এক বিকেলে ভেদবমি শুরু হলো খগেনবাবুর। পরদিন আলো ফুটবার আগেই খগেনবাবুর জীবন-আলো ফুরিয়ে গেল।মাস খানেক পরেই পথে নামতে হলো রতনকে। বাপের ভয়ে ছেলেরা এত দিন বাড়িতে রতনকে মেনে নিয়েছিল। শ্রাদ্ধ সাঙ্গ হওয়ার পরপরই কিছু টাকাকড়ি রতনের আঁচলে বেঁধে দিয়ে ঘর থেকে বের করে দিল তারা।৬.রতনের যাওয়ার কোনো জায়গা নেই। হিমাংশু কাকা বছর চারেক আগে মারা গেছে। তার মা-ও গত হয়েছে অনেক আগে। নাবালক সন্তানদের নিয়ে কাকিমা কোথায় যে চলে গেছে, গ্রামবাসীরা বলতে পারল না। সে ঠিক করল, কলকাতায় যাবে। যদি দাদাবাবুর দেখা মেলে। অন্তত আশ্রয়টুকু তো দাদাবাবু তাকে দেবে। অনেক ঘাটে ধাক্কা খেতে খেতে একদিন সে কলকাতায় এসে পৌঁছাল। রতনের মনে আছে তার দাদাবাবু পোস্টাপিসে চাকরি করত। এখন চাকরি করে কি না বা দাদাবাবু তো পোস্টাপিসের চাকরিতে ইস্তফা দিয়েই উলাপুর ছেড়েছিল—এসব কথা রতনের মাথায় এল না। শুধু বিশ্বাস করল—কোনো পোস্টাপিসে গেলে দাদাবাবুর দেখা মিলবে। একজন সহূদয় ব্যক্তি তাকে কলকাতার প্রধান পোস্টাপিসে পৌঁছে দিল। লোকটি ভেবেছে—পোস্টাপিসের চাকরি যখন, প্রধান পোস্টাপিসে হদিস থাকবে। সেখানেই দাদাবাবুর সঙ্গে রতনের দেখা মিলল।দাদাবাবুর পায়ের কাছে বসে রতন গত জীবনের সব কথা খুলে বলল। বিবেক দাদাবাবুর গলা চেপে ধরল। একবার ভুল করেছে, আর না। রতনকে আশ্রয় দিতেই হবে এবার। বুকে অসীম সাহস সঞ্চয় করে রতনকে বাড়িতে নিয়ে চলল দাদাবাবু। যেতে যেতে রতনকে বলল, ‘রতন, তোর সঙ্গে যে আমার আগে পরিচয় হয়েছিল, তুই যে উলাপুরের সেই রতন, এটা কোনো দিন খাণ্ডারনির কাছে স্বীকার করিস না।’বোকা বোকা চাহনি নিয়ে রতন জিজ্ঞেস করল, খাণ্ডারনি কে, দাদাবাবু?’‘খাণ্ডারনি—।’ বলে দীর্ঘ একটা শ্বাস টানল দাদাবাবু। ভয়ে বুকের সব বাতাস বেরিয়ে গেছে, সাহস সঞ্চয়ের জন্য বায়ুহীন সে বুকে যেন বায়ু ভরে নিল দাদাবাবু। একটু থেমে আবার বলল, ‘ও কিছু না। শুধু তুই আমার এই অনুরোধটুকু রাখিস। নিজের পূর্বপরিচয় দিস না।’ তারপর স্বগত কণ্ঠে বলল, ‘কেন যে মায়ের প্ররোচনায় বিধুমুখীকে ঘরে তুলেছিলাম। ও ঘরে আসার পর থেকে ঘোর অমাবস্যা শুরু হয়েছে আমার জীবনে।’রতনকে দেখে ঝংকার দিয়ে উঠেছিল বিধুমুখী, ‘এ কাকে নিয়ে এসেছ আমার ঘরে? কে এ?’পোস্টমাস্টার কাঁচুমাচু মুখে নরম সুরে বলেছিল, ‘দেখো বিধু, অনেক দিন ধরে বহু কষ্ট করে তুমি ঘরকন্না সামলাচ্ছ। তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। কিন্তু কিছুই করতে পারি না আমি। আজ একে পেলাম, নিয়ে এলাম। আজ থেকে সব কাজ রতন করবে। তুমি শুধু হাত ধুয়ে পাতে বসবে।’আগের ঝি’টা চলে গেছে অনেক দিন। ঘরের যাবতীয় কাজকর্ম করতে করতে বিধুমুখীর হাড়মাংস জরজর। রতনকে পেয়ে বিধুমুখী যেন স্বর্গ পেল। কিন্তু খুশি হওয়ার ব্যাপারটি স্বামীকে বুঝতে দেওয়া যাবে না।মুখ কঠিন করে বলল, ‘কী জানি বাপু, রাস্তা থেকে কাকে ধরে এনেছ। গা-গতর থেকে তো চেকনাই ঝরে পড়ছে।’‘তা হলে ফেরত পাঠিয়ে দিই। পূর্ণচন্দ্র বলছিল—তুমি না রাখলে ও নিয়ে যাবে রতনকে।’ বলল পোস্টমাস্টার।এবার টনক নড়ল বিধুমুখীর। কণ্ঠ একটু নরম করে বলল, ‘এনেছ যখন রেখে দাও। তবে বাপু আমার এক কথা, কোনো গন্ডগোল পাকালে ঘাড় ধরে কিন্তু রাস্তায় নামাব আমি।’করুণ চোখে রতনের দিকে তাকিয়ে দাদাবাবু বলল, ‘তা হলে রতন, তুমি থাকার একটা আশ্রয় পেলে। বৌদির মন জুগিয়ে চলবে।’সেই থেকে রতন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বৌদিমণির মন জুগিয়ে চলতে। কিন্তু কিছুতেই বৌদির মনকে বাগে আনতে পারে না রতন। ইদানীং সন্দেহ করা শুরু করেছে রতনকে। আকারে-ইঙ্গিতে এটাই বোঝাতে চায় বৌদি, রতন অধিক মাত্রায় দাদাবাবুর সঙ্গে ঢলাঢলি করছে। আজকে চা বানিয়ে দেওয়ার ব্যাপারটি ওই সন্দেহেরই ফলশ্রুতি।আরেক দিনের কথা। সেদিন রোববার, সাপ্তাহিক ছুটির দিন। সকালে দাঁত মাজতে মাজতে পোস্টমাস্টার বলল, ‘কোথায় তুমি?’ ঝাঁজালো সুরে ভেতর ঘর থেকে উত্তর এল, ‘কী হয়েছে? এত চেঁচাচ্ছ কেন?’বিধুমুখীর তিক্ত কণ্ঠকে আমল না দিয়ে নরম সুরে পোস্টমাস্টার বলল, ‘আজ রোববার, ছুটির দিন। ঘরে আছি। পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে বড়। তুমি তো ভালোই মাংস রাঁধতে পারো।’শেষের কথায় বিধুমুখীর মনটা একটু নরম হলো। বলল, ‘পাঁঠার মাংস কোথায় পাব যে রাঁধব।’উৎসাহী গলায় পোস্টমাস্টার বলল, ‘আমি বাজারে যাচ্ছি। তুমি মাংস রান্নার আয়োজন করো।’বাজার থেকে ফিরে পোস্টমাস্টার দেখে, ঘরে তুলকালাম কাণ্ড। আলু কুটতে গিয়ে রতন ডান হাতের বুড়ো আঙুল কেটে ফেলেছে। ত্যানা চুইয়ে রক্ত পড়ছে। জড়সড় রতন হেঁশেলের এককোনায় দাঁড়িয়ে আছে। বিধুমুখীর মুখে খই ফুটছে, ‘বুড়া বয়সে দামড়া হতে চায়। পাঁঠার মাংস খাবে, শরীর তাগড়া করবে। সকালে উঠেই আবদার—ওগো, পাঁঠার মাংস খেতে বড় সাধ জেগেছে। বাজারে যাচ্ছি। এদিকে আমার হয়েছে কাল। মুখপুড়ি একজনকে ঘরে এনে তুলেছে। এত বড় ধুমসি, আলুটা পর্যন্ত কুটতে পারে না। আঙুল কেটে ফেলল। হায় হায়! এখন আমি কী করি! আমি কী করে এতগুলো কাজের সামাল দিই!’রতন নিচুস্বরে বলল, ‘বৌদি, তুমি আমার মাথায় ঠেলা না মারলে আঙুল কাটত না। তোমার ঠেলায় আলু ফসকে গিয়ে আঙুলটা বঁটির ওপর পড়ল।’‘চুপ। একেবারে চুপ। মুখের ওপর কথা! তিনটে আলু কুটতে ছাব্বিশ ঘণ্টা লাগে? তাড়াতাড়ি করবার জন্য মাথায় হাতটা ছুঁয়েছি মাত্র। তাতেই ননীর পুতুল গলে গেল। সোনার আঙুল ফালা ফালা। বদমাশের ধাড়ি কোথাকার!’পোস্টমাস্টার মিনমিনে গলায় বলল, ‘এই সাতসকালে এত চোটপাট কেন? কী হয়েছে খুলে বলো। এত গালিগালাজ করছ কেন রতনকে?’‘কী, আমার মুখের ওপর কথা! তলে তলে পীরিত।’ এবার পোস্টমাস্টার গলা উঁচু করে বলল, ‘মুখ সামলে কথা বল, বিধুমুখী।’‘খবরদার। আর একটি কথা রতনের পক্ষ নিয়ে বলেছ তো লঙ্কাকাণ্ড হয়ে যাবে এ ঘরে, বলে দিলাম। ও এ বাড়ির ঝি। ওকে বকব, কাটব—সে আমার ব্যাপার। তুমি নাক গলাতে আসছ কেন?’‘তাই বলে বদমাশ, ধাড়ি, ধুমসি—এসব?’ পোস্টমাস্টার বলল।‘হ্যাঁ, আমার যা ইচ্ছে, তা-ই আমি বলব। এই ধুমসি, দাঁড়িয়ে আছিস কেন? যা, ঘর মোছা শুরু কর।’এবার পোস্টমাস্টার স্বরোষে বলল, ‘না, ও ঘর মুছবে না। একটা মেয়ের আঙুল কেটে চৌচির। রক্ত ঝরছে এখনো। ময়লা পানি লাগলে পচন ধরবে।’বিধুমুখী শ্লেষভরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, ‘ও আবার মেয়ে হলো কখন? শরীরের টইটম্বুর অবস্থা দেখে তোমার মনে হচ্ছে ও মেয়ে। ও যদি মেয়ে হয়, তা হলে টসটসে যৌবনের নারী কোনজন? আর পচনের কথা বলছ? সে এই ঘরের বাঁদি। বাঁদির হাত পচলেই কী, পাছা পচলেই কী?’পোস্টমাস্টারের ভেতরটা রাগে-ক্ষোভে জ্বলে উঠল। তীক্ষ তীব্র গলায় বলল, ‘আঙুল ভালো না হওয়া পর্যন্ত রতন এ ঘরের একটি কাজও করবে না। এই আমার শেষ কথা।’‘তা হলে তুমিও আমার শেষ কথা শোন—এই রতনী, হাড়বজ্জাতটি আমার ঘর ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি জল পর্যন্ত স্পর্শ করব না।’ বলে হাতের পাতিল মেঝেতে আছড়ে ফেলল। ঝনঝন আওয়াজ ঘরের ভেতরের বাতাসে প্রবল আলোড়ন তুলল। সেই আওয়াজ দরজা-জানালা ভেদ করে কলকাতার বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ল।হঠাৎ করে পোস্টমাস্টার নির্বাক হয়ে গেল। বিধুমুখীর আজকের রূপ দেখে সে স্তম্ভিত, বিমূঢ়। বৈঠকঘরে গিয়ে চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে রইল পোস্টমাস্টার। তারপর রতন চোখে জল ঝরাতে ঝরাতে ঘর মুুছল, সকালের বাসি কাপড়চোপড় পরিষ্কার করল। কিন্তু বিধুমুখীর এক কথা—রতনকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। শোবার ঘরে ঢুকে সে দরজায় খিল দিল।পাঁঠার মাংস পড়ে রইল হেঁশেলের এক কোনায়। আলু, পটোল, কাঁকরোল এ-ধারে ও-ধারে ছড়িয়ে-ছিটিয়ে থাকল। গোটা দুপুর চুলায় আগুন জ্বলল না।বিকেলের আকাশ মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি পড়-পড়। রতন দাদাবাবুর সামনে এসে দাঁড়াল। হাতে কাপড়ের একটা পোঁটলা। ‘দাদাবাবু আমি যাচ্ছি’—শুনে গদিতে হেলান দেওয়া পোস্টমাস্টার চোখ খুলল। দেখল, তার সামনে রতন দাঁড়িয়ে। মেঝের দিকে চোখ তার। কিছু না বলে রতনের দিকে শুধু তাকিয়ে থাকল পোস্টমাস্টার। ‘যাই দাদাবাবু।’ বলে উপুড় হয়ে প্রণাম করল রতন।তারপর বদ্ধ দরজার সামনে গিয়ে গলা উঁচিয়ে রতন বলল, ‘বৌদিমণি, দরজা খোলেন। আমি যাচ্ছি। আপনি জল স্পর্শ করেন।’ মূল দরজা খুলে রাস্তায় নামল রতন। রতনের পেছনে তিক্ত অতীত আর সামনে অজানা ভবিষ্যৎ।