আমাদের অস্থায়ী বাসস্থানটির কাছে পৌঁছে দেখি, দোকানঘরটির সামনে বেশ কিছু মানুষ ভিড় করে আছে। পাকিস্তানি সেনারা গানবোটে উঠে শুভাঢ্যা ত্যাগ করেছে—এই খবর পেয়ে মসজিদ থেকে বেরিয়ে হেলাল আর নজরুল আমার আগেই দোকানঘরে পৌঁছে গিয়েছিল। আমার জন্য পথের দিকে তাকিয়ে ছিল বলে দূর থেকেই ওরা আমাকে দেখতে পেল। ওরা দুজনই ভিড়ের ভেতর থেকে আমার দিকে ছুটে এল। আমরা পরস্পরকে আমাদের বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আমি ভয় পাচ্ছিলাম ওদের দুজনকে নিয়ে, আর ওরা ভয় পাচ্ছিল আমাকে নিয়ে।ওখানে কিসের ভিড়? প্রশ্ন করে জানার আগেই ওরা জানাল, জানিস, বুকে গুলি লেগে রফিক ছেলেটি মারা গেছে। ওর মৃতদেহ ঘিরেই দোকানঘরের সামনের এই জটলা। রফিক? রফিকের নাম শুনে আমার মাথাটা ঘুরে গেল। মাথায় হাত দিয়ে আমি পথের ওপর বসে পড়লাম। হা ভগবান। কিছুক্ষণ বসে থাকার পর আমি উঠলাম। হেলাল আর নজরুলের কাঁধে ভর দিয়ে এগিয়ে গেলাম ওই ভিড়ের দিকে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি, বৃত্তের কেন্দ্রবিন্দু হয়ে ভিড়ের ঠিক মাঝখানটায় রক্তাক্ত দেহ নিয়ে রফিক শুয়ে আছে। মনে হলো প্রাণ ভরে ঘুমাচ্ছে। ওর নিষ্প্রাণ দেহটিকে ঘিরে মাতম করছে তার আপনজনেরা। রক্তে ভেজা বুকের দিকে চেয়ে বুঝলাম, ওর বুকের মাঝখান দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। মাটিতে শায়িত রফিকের নিথর নিষ্প্রাণ দেহটিকে দেখে নিজেকে খুব অপরাধী মনে হলো।ভোরে আর্মি আসার সংবাদ জানিয়ে আমাদের সে ঘুম থেকে ডেকে তুলেছিল। বলেছিল, তাড়াতাড়ি পালান। সে-ই আমরা ঠিকই বেঁচে গেলাম, আর পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ দিল রফিক? রফিক যদি সেই সকালে আমাদের ঘুম থেকে ডেকে না তুলত? তবে তো আমরা ঘুমিয়েই থাকতাম। আমরা ঘুমের মধ্যে নিশ্চিত মারা পড়তাম পাকিস্তানি সেনাদের হাতে। রফিকের বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। বললেন, ‘আপনারা দোকান ছেড়ে চলে যাওয়ার পর রফিক দোকানে গিয়ে বসে ছিল। ভেবেছিল, দোকানে বহিরাগত কেউ না থাকলে পাকিস্তানি সেনারা তাকে কিছু বলবে না। কিন্তু ওরা যখন শিলাবৃষ্টির মতো গুলি ছুড়তে ছুড়তে দোকানের দিকে এগিয়ে আসছিল, তখন রফিক ভয় পেয়ে দোকানের আলমারির পেছনে লুকিয়ে পড়ে। পাকিস্তানি সেনারা ‘‘মুক্তি কাঁহা? মন্টু-খসরু কিধার হায়’’, বলতে বলতে দোকানের সামনে পজিশন নিয়ে দোকানের ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওইসব ঝাঁক ঝাঁক গুলির দুটো গুলি আলমারার পাতলা কাঠ ফুঁড়ে আলমারার পেছনে লুকানো রফিকের বক্ষ ভেদ করে চলে যায়। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ না প্রেমিক না বিপ্লবীর অন্তর্গত ‘শহীদ’ কবিতাটিতে রফিকের ছায়া রয়েছে। যতদূর মনে পড়ে, কবিতাটি আমি পরবর্তীকালে কলকাতায় বসে লিখেছিলাম। মনে হয়, আমার অবচেতনে থেকে ওই ছেলেটিই আমাকে দিয়ে কবিতাটি লিখিয়ে নিয়েছিল।গত কদিনে এই রফিক ছেলেটি আমাদের কী প্রিয়ই না হয়ে উঠেছিল। আমার কবিতার বইটি (প্রেমাংশুর রক্ত চাই) আমার কাছ থেকে চেয়ে নিয়ে পড়েছিল। বলেছিল, আমার কবিতাগুলো তার খুব ভালো লেগেছে। দেখলাম, কিছু কিছু কবিতার লাইন তার মুখস্থও হয়ে গেছে। ছেলেটির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল, ছেলেটি কবিতা বোঝে। ভালো কবিতা শনাক্ত করতে পারে। দুপুরে ক্যারম খেলার ফাঁকে আমি একবার ওকে বলেছিলাম, কী ব্যাপার, তুমিও কবিতা লিখবে নাকি?লজ্জা পেয়ে লাল হয়ে গিয়েছিল রফিকের মুখ। বলেছিল, ‘ইচ্ছে তো আছে। আপনি দোয়া করবেন আমাকে।’ আমার কবিতার বইটির নাম নিয়ে ওর মনে প্রশ্ন ছিল। আমার কাছে জানতে চেয়েছিল, ‘প্রেমাংশুর রক্ত চাই কথাটার মানে কী?’ আমি হাসতে হাসতে বলেছিলাম, আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের অনেক প্রিয়জনকেই তাদের বুকের রক্ত দিতে হবে। বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে তো সে কথাটাই বলেছেন,...‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।’ কথাটার অর্থ বুঝতে পারোনি?তখন মাথা দুলিয়ে রফিক বলেছিল, ‘ও তাই, এবার বুঝতে পারলাম। আপনার কবিতার বইটির নাম খুব সুন্দর হয়েছে তো। প্রেমাংশুর রক্ত চাই কথাটার মানে তাহলে প্রেমাংশুর জন্য রক্ত চাই? জন্য কথাটা এখানে ঊহ্য রেখেছেন? আর ওই প্রেমাংশু হলো আমাদের দেশ। আমাদের মাতৃভূমি—তাই না?’আমি খুব খুশি হয়েছিলাম কবিতা নিয়ে ওর সত্যিকারের আগ্রহ রয়েছে দেখে। সেই রফিক নিজেই প্রেমাংশু হয়ে এখন আমাদের সবার চোখের সামনে শুয়ে আছে। শুভাঢ্যার মাটি ভিজে যাচ্ছে ওর কিশোর বুকের টকটকে লাল তাজা রক্তে। ওর নিমিলীত অক্ষিযুগলে খেলা করছে চৈত্র-দুপুরের রৌদ্র।রফিক, তোমার মৃত্যুর ছত্রিশ বছর পর, আমি আজ তোমার মৃত্যুকথা লিখতে বসেছি।১৯৭১ সালের ২ এপ্রিল ভোর পাঁচটায় আমাদের ঘুম থেকে তুলে দিয়ে পাকিস্তানি সেনাদের আক্রমণের হাত থেকে তুমি আমাদের জীবন বাঁচিয়েছিলে, কিন্তু তোমাকে আমরা বাঁচাতে পারিনি। তুমি আমাদের ক্ষমা করো ভাই।শহীদতুমি এখন শুয়ে আছো, মুষ্টিবদ্ধ দু’হাতে ঘুম।পথের মধ্যে উবু হয়ে তুমি এখন স্বপ্নরত,মধ্যরাতে আকাশভরা তারার মেলায় স্বপ্নবিভোর,বুকে তোমার এফোঁড়-ওফোঁড় অনেক ছিদ্র,স্বাধীনতার অনেক আলোর আসা-যাওয়া।তুমি এখন শুয়ে আছো ঘাসের মধ্যে টকটকে ফুল।পৃথিবীকে বালিশ ভেবে বাংলাদেশের সবটা মাটিআঁকড়ে আছো, তোমার বিশাল বুকের নিচে এতটুকুকাঁপছে না আর, এক বছরের শিশুর মতো থমকে আছে।তোমার বুকে দুটো সূর্য, চোখের মধ্যে অনেক নদী,চুলের মধ্যে আগুনরঙা সাতসকালের হু-হু বাতাস,মাটির মধ্যে মাথা রেখে তুমি এখন শুয়ে আছোতোমাকে আর শহীদ ছাড়া অন্য কিছু ভাবাই যায় না।(‘শহীদ’: না প্রেমিক না বিপ্লবী)