
বাংলাদেশের চিত্রকলার সম্ভার নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী উপলক্ষে সম্প্রতি জাপান ঘুরে গেলেন শিল্পী রফিকুন নবী। টোকিওতে অবস্থানকালে জাপান ও বাংলাদেশের তরুণ শিল্পীদের সংগঠন কাহাল শিল্পীগোষ্ঠী আয়োজিত প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন তিনি। এ সময় কাহাল শিল্পীগোষ্ঠী তাঁকে বিশেষ সম্মাননা দেয়। এ ছাড়া এ শিল্পী বক্তব্য দিয়েছেন টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায়। শুধু তা-ই নয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চারুকলাকে উৎসাহিত করতে আয়োজিত চিত্রকলার বাজারে নিজের কয়েকটি ছবিও উপস্থাপন করেন রফিকুন নবী।

রফিকুন নবীকে জাপান সফরের আমন্ত্রণ জানায় কাহাল শিল্পীগোষ্ঠী। জাপানপ্রবাসী তরুণ বাংলাদেশি শিল্পী কামরুল হাসান ২০০৮ সালে কয়েকজন জাপানি শিল্পীবন্ধুকে নিয়ে দুই দেশের মধ্যে চিত্রকলার মৈত্রী গড়ে তোলার উদ্দেশ্যে গড়ে তোলেন এ সংগঠন। সেই থেকে সংগঠনটি পর্যায়ক্রমে জাপানে ও বাংলাদেশে নিয়মিতভাবে বার্ষিক প্রদর্শনী ও তরুণ শিল্পীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এবারে ছিল কাহালের বার্ষিক ষষ্ঠ প্রদর্শনী ও প্রতিযোগিতা। টোকিওর আর্ট কমপ্লেক্স গ্যালারিতে গত ১০ জুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন নবী ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ছাড়াও জাপানের বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রফিকুন নবী।
১৬ জুন পর্যন্ত চলা প্রদর্শনীতে ৩০ জন বাংলাদেশি তরুণ শিল্পীর পাশাপাশি ৩৮ জন জাপানি তরুণ শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা শ খানেক ছবি স্থান পায়। এখানে বিভিন্ন মাধ্যমে আঁকা ছবির পাশাপাশি ছিল স্থাপনাশিল্পও।
প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ থেকে বিশ্বজিৎ গোস্বামী, তানিয়া সুলতানা, মোহাম্মদ তানভীর ইসলাম তালুকদার ও ইকবাল বাহার চৌধুরী—এই চার তরুণ শিল্পীকে জাপানে আমন্ত্রণ জানানো হয়।
পরে ১৫ জুন রফিকুন নবীর সম্মানে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। কাজী ইনসানুল হকের উপস্থাপনায় এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মাসুদ বিন মোমেন। এ সময় দর্শকদের অনুরোধে রফিকুন নবী মেলে ধরেন নিজের জীবনের কিছু কথা। বাংলাদেশি শিল্পীরা কেন সব সময় দেশ ও দেশের মানুষের সঙ্গে মিলে স্বাধিকার অর্জনের সংগ্রামী এক ঐতিহ্য গড়ে তুলেছে, সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দিয়েছেন সেই পটভূমির ব্যাখ্যা।
রফিকুন নবী সেদিন যখন তাঁর জীবনের টুকরো স্মৃতি বলছিলেন, তখন একসময় সেখানে চলে এল তাঁর সৃষ্ট কার্টুন চরিত্র টোকাইয়ের কথা। টোকাইয়ের উত্তরণ আর বিবর্তনও যে চলমান রাজনৈতিক ধারা থেকে মুক্ত থাকেনি, সেটিও উল্লেখ করলেন শিল্পী।
বক্তব্যে চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ও সত্তরের দশকের পথ পরিক্রমণকে স্বাধীনতার পথের পর্যায়ক্রমিক যাত্রা হিসেবে চিহ্নিত করে রফিকুন নবী বলেন, ‘সময়ের সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের শিল্পীরাও হয়ে উঠেছিলেন স্বাধীনতাযুদ্ধের সৈনিক। সমৃদ্ধ সেই ঐতিহ্য শিল্পকলার যে ভিত্তি তৈরি করে দিয়েছে, স্বাধীনতা-পরবর্তী সময়ে তার ওপরই গড়ে উঠেছে আমাদের নতুন শিল্পীসত্তা। কাহাল শিল্পীগোষ্ঠীর তরুণদের বলা যেতে পারে যার গর্বিত উত্তরাধিকারী।’