রফিকুন নবীর নিসর্গ অথবা গণমানুষের শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়েস্ট অব সোল, শিল্পী: রফিকুন নবী
কোয়েস্ট অব সোল, শিল্পী: রফিকুন নবী

প্রদর্শনীতে রফিকুন নবীর শিল্পীজীবনের শুরু থেকে এ বছর পর্যন্ত আঁকা নির্বাচিত শিল্পকর্মের দেখা মিলবে। নিরলস শিল্প সৃষ্টির মাধ্যমে তিনি পা দিয়েছেন ৭০-এ।গ্যালারির প্রথম কক্ষেই দেখা মিলল ১৯৬৪ সালে আঁকা জলরং ছবি। কাগজের উজ্জ্বলতা খানিক ম্লান হলেও অঙ্কন কৌশলে যে দক্ষ ছিলেন, এ কাজটি দেখেই তা বোঝা যায়। সময়ের বিপরীতে আজ তিনি দাঁড়িয়েছেন তাঁর আজীবনের সৃষ্টি সম্ভার নিয়ে। শিল্পশিক্ষা জীবনের শুরুতেই শিল্পী দেখেছেন স্বাধিকার অর্জনের লড়াই। রাজনৈতিক-সামাজিক অস্থির অবস্থা। সেই অস্থিরতার সঙ্গে লড়াই করেছেন নিজের শিল্প সৃষ্টি দিয়ে। ফলে দ্রোহ, সংগ্রামে যুক্ত হয়েছেন পোস্টার, ব্যানার, প্লাকার্ড এঁকে। তাঁর সৃষ্টিকর্মে সময়ের ছাপ স্পষ্ট। প্রদর্শনীতে আছে এর সবকিছুই।

শিল্পীর ৭০তম জন্মবার্ষিকীতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে এ প্রদর্শনীর শিরোনাম ‘কোয়েস্ট অব রিয়্যালিটি’, মোট কাজের সংখ্যা ১২০। জলরঙের কাজে প্রাচ্য ঘরানার ছাপ একেবারেই নেই। তবে শিল্পাচার্যের জলরঙের করণরীতির সঙ্গে রফিকুন নবীর কাজের রীতির মিল দেখা যায়। জাপানি জলরঙের কৌশলে তাঁরা দুজনই ছবি এঁকেছেন। বাস্তবধর্মী জলরং, তেলরং, ছাপচিত্র চর্চায় প্রথম দশকে মনোযোগী হলেও পরবর্তী সময়ে রফিকুন নবী আধা বাস্তব রীতিতে ছবি এঁকেছেন বিভিন্ন মাধ্যমে।

কোনো কোনো দর্শকের কাছে শিল্পীর এ কাজগুলো একেবারেই নতুন মনে হবে। পেনসিল, কাগজে তেলরং, প্যাস্টেল ও চারকোলে আঁকা ফিগার ড্রয়িংগুলো ১৯৭৪ সালে আঁকা। রফিকুন নবী রেখাচিত্রে দক্ষতা অর্জনের জন্য যে চেষ্টা করেছেন, এ কাজগুলো তারই সাক্ষী দেয়।

জাম্প
জাম্প

অন্যদিকে ১৯৬২, ’৬৪, ’৬৭ সালের কাজে বাস্তবধর্মী চর্চার পাশাপাশি রেখাচিত্রের প্রতি তাঁর ছিল গভীর মনোযোগ।

প্রদর্শনীতে শিল্পীর আঁকা অজস্র বই ও পোস্টার নকশা থেকে বাছাই করা কিছু পোস্টারও রাখা হয়েছে। সত্তরের দশকের মাঝামাঝি এসে শিল্পী ‘টোকাই’ শিরোনামের কার্টুন আঁকা শুরু করেন সাপ্তাহিক বিচিত্রায়। ‘রনবী’ নামে এই ব্যঙ্গচিত্রে তিনি বলেছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কথা। সেসবও আছে এখানে।

পাশাপাশি ১৯৯৮ সালে আঁকা সারা বিশ্বের ছয়টি আলোচিত চরিত্রের ব্যঙ্গচিত্র রেখেছেন শিল্পী। সব মিলিয়ে রফিকুন নবীর পাঁচ দশকের কাজকে মোটাদাগে আমরা তিনটি স্তরে ভাগ করে নিতে পারি।

১৯৬৪-৭৫ সময়ের কাজে মাধ্যমের বৈচিত্র্যে বাস্তবধর্মী নির্মাণ কৌশলের প্রয়োগ দেখা যায়। ১৯৭৬-২০০৫ পর্যন্ত কাজে জ্যামিতি আর সরলরেখার প্রয়োগের ফলে ছবিতে গতিময় আবহ তৈরি হয়েছে। আর ২০০৬-২০১৩ পর্যন্ত বড় আকৃতির ক্যানভাসে গণমানুষের দিনযাপনের মুহূর্তকে বিষয় হিসেবে এনে আলো-ছায়ার প্রয়োগে আধা বাস্তব রীতির শিল্প সৃষ্টি করেছেন এ নির্মাতা।

দ্রোহে, সংগ্রামে, স্মৃতি, নিসর্গ এবং গণমানুষের নিত্য সংগ্রামের ধারাবিবরণী রফিকুন নবীর ক্যানভাসে উঠে আসে নানা রং ও ছন্দে। প্রদর্শনীটি সেই রঙের বর্ণিলতাই মুহুর্মুহু ছন্দই আমাদের সামনে উন্মোচিত করে বারবার। ৭ ডিসেম্বর শুরু হওয়ার এ প্রদর্শনী শেষ হয়েছে ১৯ ডিসেম্বর।