
জীবনের পথপরিক্রমায় ৭০ বছর পূর্ণ করলেন দেশের অন্যতম অগ্রগণ্য শিল্পী রফিকুন নবী। এর মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের শিল্পসাধনায় তিনি তাঁর বহুমুখী সৃজন প্রতিভায় দেশের চিত্রকলার ভুবনকে সমৃদ্ধ করেছেন। সঞ্চার করেছেন নতুন মাত্রা। সত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর পূর্বাপর কাজের সম্ভার নিয়ে ‘বাস্তবতার অনুষঙ্গ’ নামের এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় প্রধান অতিথি হিসেবে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী বেগম জাহানারা আবেদিন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও শিল্পকর্ম সংগ্রাহক দুর্জয় রহমান। শিল্পীর সাম্প্রতিক কিছু কাজ এবং ১৮ জন সংগ্রাহকের সংগ্রহ থেকে নেওয়া মোট ১২০টি শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। ১৩ দিনের এ প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
প্রদর্শনী উপলক্ষে গতকাল শুক্রবার বেঙ্গল ক্যাফেতে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়। এতে তাঁর কাজের বৈশিষ্ট্য ও জীবন নিয়ে আলোচনা করেন শিল্পসমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, মইনুদ্দীন খালেদ ও গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। শিল্পী রফিকুন নবী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আলোচকেরা বলেন, ‘রফিকুন নবী আমাদের শিল্পকলার জগতে বহুমাত্রিক শিল্পী। অসাধারণ রসবোধ, ব্যঙ্গ-বিদ্রূপের সঙ্গে সমাজসচেতনতা ও নান্দনিক বোধের সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ে তিনি আমাদের চিত্রকলায় নতুন মাত্রা যোগ করেছেন।’ ড্রয়িং, ছাপচিত্র, জলরং, তেলরং ও অ্যাক্রিলিকে সমান দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তিনি। এ ছাড়া বইয়ের প্রচ্ছদ, অলংকরণ, পোস্টারসহ অনেক ধরনের ব্যবহারিক শিল্পকর্মেরও চর্চা করেছেন। এ প্রদর্শনীতে ১৯৬১ সালে তাঁর ছাত্রজীবনের কাজ থেকে শুরু করে একেবারে চলতি বছরের কাজও রয়েছে। রয়েছে তাঁর অবিস্মরণীয় সৃষ্টি টোকাইসহ বেশ কিছু কার্টুন, পোস্টার, বইয়ের প্রচ্ছদ এসবও। এ কাজগুলোর মধ্য দিয়ে শিল্পসাধনায় তাঁর ক্রমবিবর্তন সম্পর্কে ধারণা মিলবে। সব মিলিয়ে পরিপূর্ণ রফিকুন নবীকে পাবেন দর্শকেরা।
শিল্পী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এ প্রদর্শনীর অনেক বছর আগে আঁকা ছবিগুলো মনে পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছে। সময় পেরিয়ে যায়। এখন জাতির জীবনে এক বড়ই দুঃসময় চলছে। এটা কারোরই কাম্য নয়। আমরা শিল্পকলার মানুষ। যত দিন বাঁচি, ছবি এঁকেই কাটিয়ে দিতে চাই। সে জন্য মনের স্থিরতা প্রয়োজন। দেশের পরিস্থিতি এমন অস্থিতিশীল হয়ে উঠলে মনের সেই স্থিরতা আসে না। দেশের শান্তি ফিরে আসুক, এটাই এখন সবচেয়ে বড় কামনা।’
রফিকুন নবীর জন্ম চাঁপাইনবাবগঞ্জে, ১৯৪৩ সালের ২৮ নভেম্বর। তিনি তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ১৯৬৪ সালে বিএফএ ডিগ্রি নেন। সে বছরই ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৩-৭৬ পর্যন্ত গ্রিসের এথেন্স স্কুল অব ফাইন আর্টস থেকে ছাপচিত্রে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হিসেবে অবসর গ্রহণ করেন। এ পর্যন্ত তাঁর শিল্পকর্মের নয়টি একক ও দেশ বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনী হয়েছে। একুশে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার, অগ্রণী ব্যাংক পদক, এস এম সুলতান পদক, বইয়ের প্রচ্ছদের জন্য ১৩ বার ন্যাশনাল বুক সেন্টার প্রাইজসহ বিভিন্ন পুরস্কার ও পদক পেয়েছেন। বর্তমানে তিনি স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।
সিটি অব রিদম
‘সিটি অব রিদম’ নামে শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের ২৮তম একক প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। শিল্পাঙ্গন গ্যালারির সঙ্গে যৌথভাবে গুলশানের ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের গ্যালারিতে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।