একজন তো সবারই জানা। উইলিয়াম বাটলার ইয়েটস। গীতাঞ্জলির দীর্ঘ ভূমিকা লিখে তিনি রবীন্দ্রনাথকে পাশ্চাত্যে উপস্থাপন করেছেন, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্তি ত্বরান্বিত হয়েছে। তাঁরও প্রবল কবিখ্যাতি। রবীন্দ্রনাথের চেয়ে চার বছরের ছোট ইয়েটস (জন্ম ১৩ জুন ১৮৬৫; মৃত্যু ২৮ জানুয়ারি ১৯৩৯) নোবেল পুরস্কার পান তাঁর ঠিক ১০ বছর পর ১৯২৩ সালে। শেষ দিকে তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।অন্যজন উইলিয়াম বাটলার ইয়েটসের তুলনায় স্বল্পখ্যাত। সৈনিক, লেখক ও কূটনীতিবিদ হিসেবে তিনি ব্রিটিশ ভারতে স্মরণীয় একজন ব্যক্তি। তিনি মেজর ফ্রান্সিস চার্লস ক্ল্যাপন ইয়েটস ব্রাউন। ব্রিটিশ কূটনীতিবিদ বাবার সন্তান ফ্রান্সিস ইয়েটস ব্রাউনের জন্ম ইতালির জেনোয়াতে ১৫ আগস্ট ১৮৮৬ সালে। তাঁর পড়াশোনা ইংল্যান্ডের হ্যারো এবং স্যান্ডহার্স্টের সামরিক স্কুলে। ২০ বছর বয়সে ১৯০৬ সালে ব্রিটিশ সেনাদলের সদস্য হিসেবে বর্তমান উত্তর প্রদেশের ব্যারিলিতে কিংস রয়্যাল রাইফেল কোরে যোগ দেন। পরে তাঁকে মুসলমান অধ্যুষিত উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে অশ্বারোহী বাহিনীতে বদলি করা হয়। এখানে কাজ করার সময়ই পশ্চাৎপদ মুসলমানদের ব্যাপারে তিনি সহানুভূতিশীল হয়ে ওঠেন এবং স্বাধীন পাকিস্তান সৃষ্টির একজন সক্রিয় সমর্থক হয়ে ওঠেন। রয়্যাল ফ্লাইং কোরের সদস্য হিসেবে তিনি প্রথম মহাযুদ্ধের সময় ফ্রান্স ও মেসোপটেমিয়ায় লড়াই করেন। ১৯১৫ সালে তাঁর যুদ্ধবিমান বাগদাদে ভূপাতিত হলে তিনি বেঁচে যান এবং দুই বছর যুদ্ধবন্দী থাকার পর মুক্তি পান। এই বন্দিজীবন নিয়ে তিনি রচনা করেছেন তাঁর প্রথম বই কট বাই দ্য টার্কস (১৯১৯)। মহাযুদ্ধের পর ১৯১৯ সালে বিমানবাহিনীর সামরিক কমিশন নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। আরও ছয় বছর সশস্ত্র বাহিনীতে চাকরি করার পর অবসর নেন এবং তখনকার বিখ্যাত স্পেকটেটর ম্যাগাজিনে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯২৮ সালে এ চাকরিও ছেড়ে দেন এবং লেখালেখি শুরু করেন। এ সময়ই রচিত হয় তাঁর জীবনের শ্রেষ্ঠ কর্ম দ্য লাইভস অব আ বেঙ্গল ল্যান্সার। ১৯০৫-১৯১৪ এই সময়ে তাঁর জীবন ও সেনানিবাসের ভেতরে-বাইরের অভিজ্ঞতা এতে গ্রন্থিত হয়। ১৯৩০ সালে বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সাহিত্যিক মহল তা লুফে নেয় এবং বইটি জেমস টেইট বুক পুরস্কার লাভ করে। ১৯৩৫ সালে চলচ্চিত্রায়িত দ্য লাইভস অব অ্যা বেঙ্গল ল্যান্সার সাতটি বিভাগে অস্কার মনোয়ন পায়। মূল চরিত্র ৪১ বেঙ্গল ল্যান্সারের লেফটেন্যান্ট অ্যালান ম্যাকগ্রেগরের ভূমিকায় অভিনয় করেন গ্যারি কুপার। ছবিটির বক্স অফিস সাফল্যের পরই ভারতে ব্রিটিশ রাজ্যের বিভিন্ন দিক নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে থাকে। গ্যারি কুপারের সঙ্গে যাঁরা অভিনয় করেন তাঁদের মধ্যে রয়েছেন: রিচার্ড ক্রমওয়েল, ফ্রানশট টোন, গাই স্ট্যান্ডিং, ক্যাথলিক বার্ক, ডগলাস ডামব্রিল, নোবেল জনসন।রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ অবস্থায় বেঙ্গল ল্যান্সার পড়েছিলেন এবং এর একটি আলোচনাও লিখেছিলেন। এ কারণে সাসেক্স থেকে ফ্রান্সিস ইয়েটস ব্রাউন চিঠি লিখে রবীন্দ্রনাথের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই চিঠি এখানে অনূদিত হলো। চিঠিটি দ্য গোল্ডেন বুক অব ট্যাগর-এ সংকলিত। ১৯ ডিসেম্বর ১৯৪৪ সালে ফ্রান্সিস ইয়েটস ব্রাউন ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।কবিকে লেখা চিঠিপ্রিয় কবি,আপনার দেশে বসবাস শুরু করার পর যা কিছু ভেবেছি কিংবা লিখেছি তাতে ভারতের প্রভাব রয়ে গেছে। বিশেষ করে আপনার। খেলাঘরে আমি যে পদধ্বনি শুনেছিলাম তা নক্ষত্র থেকে নক্ষত্রে প্রতিধ্বনিত হবে।আমার জন্য আপনার যে দয়া তার পর্যাপ্ত কৃতজ্ঞতা আমি কখনো প্রকাশ করতে পারব না। আপনি তখন অনেক অসুস্থ ছিলেন। সে অবস্থায় সারা রাত বসে আমার লেখা বেঙ্গল ল্যান্সার পড়েছেন এবং একটি আলোচনা লিখেছেন, আপনার সুনাম দিয়ে বইটিকে অনুমোদন করে স্মৃতিবিধৃত মর্যাদা দিয়েছেন, নতুবা হয়তো আমার প্রচেষ্টা মৃতপ্রসবা হতো। আমি তা কখনো বিস্মৃত হব না। এমনকি আমার গৌরবের মুহূর্তেও না, কারণ আমাদের সময়ের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আমার লেখা অনুমোদন করেছেন। একজন আগন্তুকের ভারত সম্পর্কে পূর্বধারণায় ভ্রান্তি বের করা সহজ হতো। আপনার অশেষ উদারতা যে আপনি আমার গ্রন্থের ছায়াচ্ছন্ন অংশে নয়, আলোকিত অংশে চোখ রেখেছেন।আপনার ব্যক্তিগত সহূদয়তার বাইরে আমি আপনার মধ্যে দেখি একজন পথপ্রদর্শক ও একজন গুরুকে। আমি যদি আপনাকে না-ও চিনতাম, আমি আপনাকে শ্রদ্ধা করে যেতাম কেবল ভারতের নয় মহাবিশ্বের ব্যাখ্যাদাতা হিসেবে।প্রিয় কবি আপনি যা, সে জন্য আপনাকে ধন্যবাদ, আরও বেশি ধন্যবাদ আপনি যা করেছেন তার জন্য। আমি আপনার সঙ্গে আবার এবং প্রায়ই সাক্ষাতের সুযোগ লাভে বিশেষ সুবিধাপ্রাপ্তদের একজন হতে পারি কি? পৃথিবীকে আপনার মেধার সুফল দিতে, শিল্পের জন্য, ভারত এবং যৌবনের জন্য আপনার সেবা অব্যাহত রাখতে আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।এফ ইয়েটস ব্রাউনরাই, সাসেক্সইংল্যান্ড