রবিশঙ্করের অনুপম সান্নিধ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত বিটলস গায়ক এবং বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসন তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ আই. মি. মাইন.-এ একাত্তরের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে লিখেছেন। কনসার্টের চেয়ে চলমান যুদ্ধের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য বিশেষভাবে লেখা হয়েছিল তাঁর গান ‘বাংলাদেশ’। গায়ক লিওন রাসেল পরামর্শ দিয়েছিলেন গানের শুরুতেই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য, যেন আমি কিছু করি: একটি ধীরগতির অবতরণিকা।জর্জ হ্যারিসন তাঁর বন্ধুর পরামর্শ গ্রহণ করে গানের শুরুতেই লিখলেন:এল একদিন বন্ধু আমার চোখ ভরা তার ধু ধু হাহাকারবলে গেল, চাই শুধু সহায়তাদেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে...তাঁর গানের সেই বন্ধুই পণ্ডিত রবিশঙ্কর।আমরা জানি, পণ্ডিত রবিশঙ্করের অনুরোধেই জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন গার্ডেনের বাংলাদেশ কনসার্টের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। সেই বাংলাদেশ কনসার্টই মানবতার জন্য পৃথিবীর প্রথম সফল সংগীত আয়োজন।বাংলাদেশ কনসার্টের শুরুতেই রবিশঙ্কর বাজিয়েছিলেন বাংলাদেশের পল্লিগীতির সুরে রচিত ‘বাংলা ধুন’। আর, কনসার্টের শেষ গান ছিল জর্জ হ্যারিসনের কান্নার শোকার্ত সুরে বাঁধা অবিস্মরণীয় সেই ‘বাংলাদেশ বাংলাদেশ’ গান। যে গানের আবেগ আজও আমাদের গভীরভাবে স্পর্শ করে।রবিশঙ্কর ওই অনুষ্ঠানের দুই দিন পর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার যে অনুভূতি, তার পুরোটাই ব্যক্তি পর্যায়ের। এর কারণ, আমি নিজে একজন বাঙালি।’এই বাঙালি রবিশঙ্কর তাঁর পিতা শ্যাম শঙ্করের জন্ম বাংলাদেশের নড়াইলের নবগঙ্গা নদীতীরের কালিয়া গ্রামে। সে জন্য রবিশঙ্কর সারা জীবন নিজেকে বাঙালি এবং বাংলাদেশের একজন বলে মনে করতেন।গত ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর বাসভবনে আলাপচারিতার সময় তাঁকে বাংলাদেশের কথা জিজ্ঞাসা করতেই তিনি পিতার জন্মভূমি কালিয়ার কথা বলেছিলেন। গভীর আবেগে সেদিন তিনি বলেছিলেন, ১৯৪০ সালে দাদার (উদয় শঙ্কর) সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠান করতে গিয়েছিলাম। নদীপথে যাওয়ার সময় কালিয়ায় নেমে মাথায় মাটির ছোঁয়া নিয়েছিলাম।তিনি আরও বলেছিলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় বাবার (ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ) বাড়ি হয়ে গিয়েছিলাম। এবং সেই স্মৃতি রবিশঙ্কর সারা জীবন মনের গভীরে বহন করে চলেছেন।একজন বাঙালি আর একাত্তরের বাংলাদেশ কনসার্টের উদ্যোক্তা রবিশঙ্করকে শেষবারের মতো ঢাকায় আনার জন্য আলোচনা করতেই এ বছরের ১৯ ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি খুব করে চেয়েছিলেন আরেকবার বাংলাদেশে আসবেন, একটি অনুষ্ঠান করবেন। আমাদের এই চেষ্টা চলছিল প্রায় তিন বছর ধরে। কিন্তু সকল প্রস্তুতির পরও শেষ পর্যন্ত তাঁর স্বাস্থ্যের কারণে সেটি আর হয়ে ওঠেনি।তবে সেদিন রবিশঙ্কর ও তাঁর স্ত্রী সুকন্যা শঙ্করের সঙ্গে বেশ কিছুটা অন্তরঙ্গ সময় কাটানো এবং নানা বিষয়ে কথা বলার সুযোগ হয়েছিল। সেই সান্নিধ্য আজীবন স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে থাকবে।ঢাকায় অনুষ্ঠান করার বিষয় নিয়ে আলোচনার শুরুতেই তিনি জানিয়ে দিয়েছিলেন, সুস্থ থাকলে তিন দিনের নোটিশে তিনি ঢাকায় আসবেন। অনুষ্ঠান নিয়ে আমাদের প্রস্তুতির কথা (২০১১ সালের ডিসেম্বরের সব প্রস্তুতির কথাও বলেছিলাম) শুনতে চেয়েছিলেন। আমি আর আমাদের বন্ধু ফরহাদুল ইসলাম সবিস্তারে সবকিছু বলেছিলাম। ঢাকায় আসার ব্যাপারে তাঁর গভীর আগ্রহ ও আবেগ ঠিকরে পড়ছিল তাঁর চোখেমুখে।ঢাকা আর বাংলাদেশের পুরোনো বন্ধুদের কথা তিনি জানতে চাইলেন। জানতে চাইলেন নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম ও তাঁর স্বামী কমল দাশগুপ্তের কথা। কমল দাশগুপ্তের নাম তিনি মনে করতে পারছিলেন না। প্রশাসক ও শিল্পী আসাফ্উদ্দৌলাহ্র কথাও বেশ বললেন। আসাফ্উদ্দৌলাহ্ যখন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, তখন রবিশঙ্কর ঢাকায় অনুষ্ঠান করেছিলেন। সে সময় তাঁর অন্তরঙ্গতা, তাঁর বাসার আয়োজন ও আপ্যায়ন তাঁকে মুগ্ধ করছিল।১৯৯৭ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখা হওয়া, তাঁকে বিশেষভাবে জড়িয়ে ধরার কথা রবিশঙ্কর স্মরণ করেছিলেন। রবিশঙ্কর বলেছিলেন, তিনি আবার ঢাকায় এলে শেখ হাসিনা তাঁকে কই মাছ রান্না করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে আশাও তাঁর ছিল। বেশ আনন্দিত ভঙ্গিতেই এ কথাগুলো তিনি আমাদের বলেছিলেন।এভাবে কফি খেতে খেতে আমাদের কথোপকথন চলছিল। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও বিজয় দিবস নিয়ে প্রথম আলোর নানা উদ্যোগ ও লেখালেখির কথা তাঁকে বলেছিলাম। বাংলাদেশ কনসার্ট নিয়ে প্রথম আলোর ১৪ বছরের বিভিন্ন আয়োজন ও লেখালেখিগুলো তাঁকে দিয়েছিলাম। সেগুলো নেড়েচেড়ে দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, তিনি সবকিছু পড়ে দেখবেন।প্রায় ত্রিশ বছর আগে শোনা, ১৯৭১ সালে আমাদের মুক্তিসংগ্রাম নিয়ে লেখা ও স্বকণ্ঠে গাওয়া তাঁর দুটি গান সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। রবিশঙ্কর বললেন, সে সময়ে বড় মনঃকষ্টে ছিলাম। তখন ওই অবস্থাতেই কম্পোজ করেছিলাম দুটি গান। একটি ‘জয় বাংলা, জয় বাংলা’, অন্যটি ‘ও ভগবান, খোদাতালা’। দুটি রেকর্ড করেছিল বিখ্যাত অ্যাপেল কোম্পানি। কিন্তু সে রেকর্ড আর কোথাও পাওয়া যায় না।রবিশঙ্করকে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময় গাওয়া গানের সিডির সংকলন জাগরণের গান দিয়েছিলাম। আর, তাঁকে আরও উপহার দিয়েছিলাম প্রথমা প্রকাশনার একাত্তরের চিঠি ও প্রথম আলো সংবাদপত্রের চেয়ে একটু বেশি বইটি। তিনি অনেক আদরের সঙ্গে উপহারগুলো নিয়েছিলেন। সেসব নিতে নিতে পণ্ডিত রবিশঙ্কর বলছিলেন, ‘সুযোগ পেলেই কিন্তু আমি বাংলায় কথা বলি। বাংলা পত্রিকা পড়ি। আমি তো বাঙালি।’ আমি অটোগ্রাফ চাইতে তিনি নামের বানান জেনে নিয়ে বড় বড় অক্ষরে শুভেচ্ছা জানিয়ে স্বাক্ষর করলেন আমার অটোগ্রাফ খাতায়। এই অন্তরে বাঙালি বিশ্বখ্যাত সুরস্রষ্টা রবিশঙ্কর যেভাবে সেদিন সকালে আমাদের গ্রহণ করেছিলেন, তাতে আমরা গভীরভাবে আপ্লুত হয়ে গিয়েছিলাম। রবিশঙ্কর ও সুকন্যা শঙ্করের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে সময় কাটানোর সেই অভিজ্ঞতা আমাদের জন্য ছিল বিস্ময়কর ও আনন্দময়। দেখছিলাম তাঁর অন্তর্ভেদী দুই চোখের গভীর দৃষ্টি। তাঁর হাসিভরা মুখমণ্ডল। সুকন্যা আর তার নাতনি দ্রুতি সুপ্রসন্নর আনন্দভরা চাইনি। সমগ্র পরিবেশটাই যেন ভরে উঠেছিল স্বর্গীয় সুষমায়। রবিশঙ্কর সারা বিশ্বের মানুষের কাছে প্রিয় সংগীতগুরু, কিন্তু আমাদের মনে তো তিনি একেবারে কাছের একজন বাংলাদেশের বাঙালিও; বাংলাদেশের মুক্তিসংগ্রামের অতি ঘনিষ্ঠ এক সহযোদ্ধা।