রবীন্দ্র চিত্র-প্রতিলিপি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ১৫০ বছর উদ্যাপন হচ্ছে এ বছর। ঢাকার ছায়ানট ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শিরোনামে বছরজুড়ে নানা অনুষ্ঠান আয়োজন করে চলেছে। রবীন্দ্র চিত্র-প্রতিলিপি প্রদর্শনী এই উদ্যোগেরই একটি অংশ।প্রদর্শনীটি ছিল ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।রবীন্দ্রনাথ ছবি আঁকতে শুরু করেন ৬৭ বছর বয়সে। এর আগেও আঁকাআঁকি করেছেন পাণ্ডুলিপি সংশোধন করতে করতে। কোনো ব্যাকরণ মেনে তিনি ছবি আঁকেননি, তাই তাঁর কাজ সহজ ও স্বচ্ছন্দ।বিংশ শতাব্দীর প্রথম দুই দশকে পাশ্চাত্যে চিত্রশিল্পে যে বিপ্লব ঘটে, রবীন্দ্রনাথ তা অনুভব করেন ১৯২০-২১ সালে পশ্চিমে তাঁর ভ্রমণকালে। বাস্তবের হুবহু অনুকৃতি নির্মাণের পূর্ব প্রচলিত ধারাকে পাশ কাটিয়ে রংরেখার স্বাধীন সঞ্চালনেও যে ছবি আঁকা যায় এই প্রত্যয় জন্মায় তাঁর মনে। আধুনিক ভারতবর্ষে রবীন্দ্রনাথই প্রথম তাঁর চিত্রের মাধ্যমে দেখালেন ছবি একটি স্বাধীন ও স্বতন্ত্র সৃষ্টি।তাঁর চিত্র তিন শ্রেণীতে ভাগ করা যায়: প্রকৃতি, মানবদেহ আর পাখি ও জীবজন্তুর চিত্র। প্রকৃতি ও জীবজন্তুর কাজ ফরাসিদের আকৃষ্ট করেছে; প্রতিকৃতি চিত্র জার্মানদের প্রশংসা পেয়েছে। তাঁর চিত্রকর্মের সংখ্যা দুই সহস্রাধিক। আর এ প্রদর্শনীতে তাঁর ৫৮টি ছবি ছিল। তাঁর ছবি চেতনার নবলব্ধ অনুভূতি দিয়ে উপভোগের জন্য।—জাহিদ মুস্তাফা