রবীন্দ্র-বিদূষণের সূচনা
রবীন্দ্র-দূষণের সূত্রপাত ১৮৮৬ সালে, যে বছরের নভেম্বরে কবির কড়ি ও কোমল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। পরের মাসেই অগ্রহায়ণ ১২৯৩ সংখ্যার নবজীবন পত্রিকায় সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাঁর ‘কাব্যি-সমালোচনা’ নামক প্রবন্ধ লেখেন। এরপর বাংলা সাহিত্যে রবীন্দ্র-বিদূষণের ভূরি ভূরি দলিল, যা পুঞ্জীভূত হয়েছে তাঁর জীবনব্যাপী তো বটেই, মরণোত্তর পর্বেও। রবীন্দ্রনাথের সত্তর বছর পূর্তি উপলক্ষে ১৯৩১ সালে আয়োজিত তাঁর জীবৎকালের বৃহত্তম ও মহত্তম জন্মজয়ন্তী অনুষ্ঠানটিতে কবি তাঁর অভিভাষণে নিজের সাহিত্যকর্ম সম্পর্কে বলতে গিয়ে প্রসঙ্গত উল্লেখ করেন, ‘এমন অনবরত, এমন অকরুণ, এমন অপ্রতিহত অসম্মাননা আমার মতো আর কোনো সাহিত্যিককেই সইতে হয়নি।’তাঁর এই উক্তির প্রত্যয়নস্বরূপ চিরস্থায়ী হয়ে আছে বাংলা সাহিত্যে রবীন্দ্র-বিদূষণের ভূরি ভূরি দলিল, যা পুঞ্জীভূত হয়েছে তাঁর জীবনব্যাপী তো বটেই, মরণোত্তর পর্বেও। কবির খেদোক্তিতে উল্লিখিত তিনটি বিশেষণ রবীন্দ্র-নিন্দার রূপ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে।রবীন্দ্র-দূষণের সূত্রপাত ১৮৮৬ সালে, যে বছরের নভেম্বরে কবির কড়ি ও কোমল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। পরের মাসেই অগ্রহায়ণ ১২৯৩ সংখ্যার নবজীবন পত্রিকায় সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাঁর ‘কাব্যি-সমালোচনা’ নামক প্রবন্ধে লিখলেন:‘তোমাদের কথায়, শেলির সেই নদীগর্ভে নৌকার উপর ন-পুং ন-স্ত্রী জীবন সৃষ্টি মনে পড়ে। তোমাদের গুরুভক্তি ধন্য; তোমাদের মহাগুরুর আদর্শ— তোমাদের কবিতার সর্বত্রই বিরাজমান। তোমাদের উচ্ছ্বাস—ন কাব্য, ন কবিতা। কেবল কাব্যি। না মরদ, না মহিলা। কেবল কাব্যি।...শেলি শেলি শেলি— কেবল শেলির দোহাই দিয়া কি এই কৃত্তিবাস, কাশীদাস, কবিকঙ্কণ, কবিরঞ্জনের পরিপুষ্ট ও পরিত্যক্ত অপূর্ব সাহিত্য-সম্পত্তি নষ্ট করিবে?’ রবীন্দ্রনাথকে তখন বাংলার শেলি বলে অভিহিত করা শুরু হয়েছে। অক্ষয়চন্দ্রের দূষণ-দুষ্ট সমালোচনার মুষল যে রবীন্দ্রনাথকে লক্ষ্য করেই নিক্ষিপ্ত, তা স্পষ্টভাবে বোঝা যায় ১২৯৩ চৈত্র সংখ্যার ‘ভারতী’তে প্রকাশিত রবীন্দ্রনাথের ‘কাব্য, রূঢ় ও অস্পষ্ট’ নামক প্রবন্ধ পড়ে। এই প্রবন্ধে কবি অক্ষয়চন্দ্রের কাব্যরসবোধ প্রসঙ্গে লেখেন: “ভাবগম্য সাহিত্য বুঝিতে না পারিলে অধিকাংশ লোক সাহিত্যকেই দোষী করে।...কাব্যে অনেক সময় দেখা যায় ভাষা ভাবকে ব্যক্ত করিতে পারে না, কেবল লক্ষ্য করিয়া নির্দেশ করিয়া দিবার চেষ্টা করে। সে স্থলে সেই অনতিব্যক্ত ভাষাই একমাত্র ভাষা। এই প্রকার ভাষাকে কেহ বলেন ‘ধুঁয়া’ কেহ বলেন ছায়া, কেহ বলেন ভাঙ্গা ভাঙ্গা এবং কিছুদিন হইল নবজীবনের শ্রদ্ধাস্পদ সম্পাদক মহাশয় কিঞ্চিৎ হাস্যরসাবতারণার চেষ্টা করিতে গিয়া তাহাকে ‘কাব্যি’ নাম দিয়াছেন।”কবি অন্যত্র লিখেছেন— “‘কাব্যু’-নামও দেওয়া যায়, তাহাতে কেউ হাসিলেও হাসিতে পারেন।”রবীন্দ্র-বিদূষণকে খুবই মুখরোচক করে সাহিত্যের হাটে ছাড়েন রবীন্দ্রনাথের সমবয়সী কালীপ্রসন্ন কাব্যবিশারদ (১৮৬১-১৯০৭)। ‘রাহু’ ছদ্মনামে ইনি এক ব্যঙ্গাত্মক ছড়ার পুস্তিকা বার করলেন ১৮৮৮ সালে—নাম মিঠে-কড়া। আখ্যাপত্রে বিজ্ঞাপিত হলো, ‘ইহা কড়িও নহে, কোমলও নহে, পুরো সুরে মিঠেকড়া।’ আসলে রবীন্দ্রনাথের ‘কড়ি ও কোমল’ কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার প্যারডি বা লালিকার সমষ্টি হলো এই পুস্তিকা। কালীপ্রসন্ন লিখলেন— উড়িসনে রে পায়রা কবি খোপের ভিতর থাক ঢাকা। তোর বক্বকম আর ফোঁস ফোঁসানি তাও কবিত্বের ভাব মাখা! তাও ছাপালি, গ্রন্থ হলো নগদ মূল্য এক টাকা!!কড়ি ও কোমলের ‘যোগিয়া’ কবিতার এক স্থানে আছে, ‘পুলক নাচিছে গাছে গাছে’!এই কথাকে ব্যঙ্গ করে লেখা হলো— মানুষের মনে মনে এতদিন ছিলে ভালো। কেনরে পুলক আজ তোমার এ দশা হলো? কবির লেখনী অগ্রে কি জানি কি শক্তি এ যে! গাছে গাছে নেচে নেচে ভ্রমিতেছ যার তেজে!!রবীন্দ্রকাব্যের প্রকৃতি কেমন তা-ও জানানো হলো— না হয় না হবে মানে রস চাই— কবিতার। মিষ্টি হলে বেঁচে যাই ভাবনা থাকে না আর!রবীন্দ্রকাব্যের ভাষার প্রতিও ব্যঙ্গ করা হলো— গ্রাম্য কথা শুদ্ধ কথা, একত্র মিলায়ে ধরে’ শকটচড়া গাড্যারোহণ গড়িব সমাস করে’।রবীন্দ্রনাথের নাম করেই বলা হলো— ঠাকুর রবীন্দ্রনাথ বঙ্গের আদর্শ কবি। শিখেছি তাঁহারি দেখে তোরা কেউ কবি হবি?রবীন্দ্রনাথ কপালগুণে ধনীর ঘরে জন্মেছেন, তাঁর অর্থের অভাব নেই। তাই অর্থের জোরে বই ছাপিয়ে মস্ত কবি হতে চেয়েছেন— এমন কথা স্পষ্ট করেই বললেন কাব্যবিশারদ— আয় তোরা কে দেখতে যাবি ঠাকুরবাড়ীর মস্ত কবি হায়রে কপাল, হায়রে অর্থ, যার নাই তার সকল ব্যর্থ।মিঠে-কড়ার দাম ছিল এক আনা (একালের ছয় পয়সা)। প্রায় বিনি পয়সায় প্রাপ্য এমন ব্যঙ্গরসের ছড়া সাধারণ্যে ছড়িয়ে পড়বে, তাতে আর বিচিত্র কি! এমনকি ১৯২১ সালেও এর নতুন সংস্করণ বাজার পেয়েছে। সুকুমার সেন তাঁর বাঙ্গালা সাহিত্যের ইতিহাস-এ বলেছেন, “যাহাদের চোখে কখনো কড়ি ও কোমল পড়িবার সম্ভাবনা ছিল না তাহারাও কালীপ্রসন্ন কাব্যবিশারদের নিতান্ত তুচ্ছ ‘মিঠে-কড়া’র নাম শুনিয়াছিল” (৩য় খ-, পৃ. ৪৮, ১৩৫৯)।কালীপ্রসন্নের রবীন্দ্র-দূষণকে প্রত্যাঘাত করেন রবীন্দ্রগুণগ্রাহী কবি দেবেন্দ্রনাথ সেন, ‘কাকাতুয়া দেবশর্মা’ ছদ্মনামে লেখা ‘রবিরাহু’ নামক শ্লেষাত্মক কবিতায় (সাহিত্য, আষাঢ় ১২৯৮)।১২৯৬ শ্রাবণ থেকে সাহিত্য কল্পদ্রুম নামে এক পত্রিকার আবির্ভাব ঘটে। ১২৯৭ সালে বিখ্যাত সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশের আগে সুরেশচন্দ্র সমাজপতি কিছুদিন সাহিত্য কল্পদ্রুম-এর অবৈতনিক সম্পাদক ছিলেন। এই সাহিত্য কল্পদ্রুম-এ (১২৯৯) জনৈক খগেন্দ্রনাথ ‘চাটুয্যে’ কালীপ্রসন্ন কাব্যবিশারদের আদর্শে রবীন্দ্র-বিদূষণে লিপ্ত হন। ইনি কবির ‘রাজার ছেলে ও রাজার মেয়ে’ কবিতাটির প্যারডি লিখে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করলেন। ইঙ্গিতটা হলো, রবীন্দ্রনাথের কবিতা ভাব ও অর্থহীন একটা অসার বস্তুমাত্র। প্যারডির নাম ‘হাতী-ঘোড়া’। এর শিরোভাগে মুদ্রিত হয় এই টিপ্পনী:“কবি হতে সাধ যায়; কিন্তু ক্ষমতা কৈ? কাজেই কার’ও নকল করা আবশ্যক। ঈশ্বর গুপ্তের মতো অ্যান্টিকোয়েটেড কবির নকল করতে আমি রাজী নই। আমি আজকালকার দিনের কবি হব, কাজেই এখনকার কোনো সুকবিকে নকল করতে হবে। হেম-নবীন নিভে গেছেন অনেক দিন, এক রবি এখন কিরণ দিতে পাচ্ছেন, কাজেই তাঁকেই নকল করা উচিত। তাঁর এতদিনের সাধনার ধন ‘রাজার ছেলে ও রাজার মেয়ে’ (সাধনা, ১ম বর্ষ, ২য় ভাগ, আষাঢ় সংখ্যা দেখ) নকল করার জিনিসও বটে, কারণ কোনো মহাকবি আর কখনও এমন কবিতা লেখে নাই, লিখবেও না; কাজেই আমার অরিজিনালিটি বজায় থাকবে। এই মনে করে আমি তারই নকলে কবিতা লিখেছিলাম। আজ তাই ছাপালেম। আমার কবিতা আসলের সঙ্গে কেমন মিলেছে, তাই দেখাবার জন্যে আসলও ছাপালেম— উদ্দেশ্য, রবিবাবুকে যখন পাবলিকে ‘সুকবি’ বলে, তখন আমিও তাই, এইটে প্রমাণ করব।”এই টিপ্পনীকে সম্প্রসারিত করেন সম্পাদক স্বয়ং। খগেন্দ্রনাথের রচনার পাদদেশে তিনি জ্ঞাপন করেন: ‘সাধে হেম-নবীন নিভিয়াছে? এরূপ কবিতা যখন জন্মিতেছে, তখন কাব্য-কাননে সুরভিত কুসুমের আর অভাব থাকিবে না। রবীন্দ্রবাবুর পন্থানুসরণ করিয়া খগেন্দ্রবাবু ভালই করিয়াছেন, তাঁহার ভরসায় হেম-নবীন আরও কিছুদিন নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারিবেন।’ (সাহিত্য কল্পদ্রুম, ১২৯৯, অষ্টম সংখ্যা)। ‘হাতী-ঘোড়া’র প্রথম কয়েকটি পঙিক্ত উদ্ধার করা হলো: হাতীর শালে বাঁধা রাজার হাতী সে ঘাস জল খায় হেথা। ঘোড়াটি বাঁধা ঘোড়ার শালে, সহিস শোয় রাতে সেথা। হাতীকে ভোরে ফাঁকে নিয়ে যেত, বেড়িয়ে এসে তারা দানা খেত, দানার সাথে কচি পাতা। হাতীর শালে বাঁধা রাজার হাতী সে ঘাস জল খায় হেথা। বাড়ীর ছাদে রোদ নেমেছে ওই, চড়িয়ে জিন ঘোড়া সাজে, মাহুত হাতী নিয়ে আগে চলে, গলায় ঘণ্টা ধীরে বাজে।তবে রবীন্দ্র-নিন্দার বিশাল বিষয়টির আলোচনা এই রচনার পরিসরে সম্ভব নয়। তবু রবীন্দ্রনিন্দুক-কুলপতি হিসেবে দ্বিজেন্দ্রলাল রায় অবশ্যই শ্রোতব্য, যৎকিঞ্চিৎ হলেও। প্রতিভাবান এই কবি-নাট্যকার ১৯০৫ সাল থেকেই রবীন্দ্র-কাব্যে অস্পষ্টতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সম্মার্জনী-ধারক সংস্কারক হয়ে উঠেছিলেন। তাঁর অন্তরঙ্গ কিছু বন্ধুবান্ধব নানাভাবে তাঁকে উৎসাহিতও করছিলেন। বহু বৎসর পূর্বে তিনি বঙ্গবাসী-তে ‘অবতার’ নামে ক্ষুদ্র একটি ব্যঙ্গ-নাটিকা লিখেছিলেন, সেটিকে পরিবর্ধিত করে ‘আনন্দ বিদায়’ নামে ‘প্যারডি’ বানিয়ে (নভেম্বর ১৯১২) সেটা উৎসর্গ করেন অমৃতলাল বসুকে এবং ভূমিকায় লেখেন :“এ নাটিকায় কোন ব্যক্তিগত আক্রমণ নাই। ‘মি’র প্রতি আক্রমণ আছে। ন্যাকামি, জ্যেঠামি, ভণ্ডামি ও বোকামি লইয়া যথেষ্ট ব্যঙ্গ করা হইয়াছে। তাহাতে যদি কাহারও অন্তর্দ্দাহ হয় ত তাহার জন্য তিনি দায়ী, আমি দায়ী নহি। আমি তাঁহাদের সম্মুখে দর্পণ ধরিয়াছি মাত্র।...একজন কবি অপর কোন কবির কোন কাব্যকে বা কাব্যশ্রেণীকে আক্রমণ করিলে যে তাহা অন্যায় বা অশোভন হয় তাহা আমি স্বীকার করি না। বিশেষতঃ যদি কোন কবি কোনরূপ কাব্যকে সাহিত্যের পক্ষে অমঙ্গলকর বিবেচনা করেন, তাহা হইলে সেরূপ কাব্যকে সাহিত্যক্ষেত্র হইতে চাবকাইয়া দেওয়া তাঁহার কর্ত্তব্য।...যিনি কাব্যে দুর্নীতির সপক্ষে, তিনি সাহিত্যের শত্রু, এবং এইরূপ কাব্যের নিহিত বীভৎসতা ও অপবিত্রতা যিনি আচ্ছাদন খুলিয়া প্রকাশ করিয়া না দেন, তিনিও সাহিত্যের প্রতি নিজের কর্ত্তব্য পালন করেন না।”নাটিকার ‘প্রস্তাবনা’তেও তিনি তাঁর উদ্দেশ্যটি ব্যক্ত করতে ভোলেননি : ...কটু ও মিষ্টে— (পরে) যা থাকে অদৃষ্টে— (কাব্যে) কুনীতির পৃষ্ঠে ঝাঁটিকা \ নাহি যাঁর কৃষ্ণে ভক্তি, বৈষ্ণব কবিতার মধ্যে দেখি যাঁর লালসায় শুধু অনুরক্তি— এটা তাঁরও মস্তকে ছোটখাটি চাঁটিকা \...নাটিকাটিতে কাহিনি ও চরিত্রচিত্রণের দিকে নজর না দিয়ে রবীন্দ্রনাথ ও তাঁর ভক্তদের ব্যঙ্গ করার দিকেই দ্বিজেন্দ্রলাল সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন। হাসির গান-এর অন্তর্ভূত রবীন্দ্রসংগীতের কয়েকটি প্যারডি এতে ব্যবহার করা হয়েছে—সেগুলো কৌতুককর হলেও তিনি যখন লেখেন— ‘একাধারে কবি, অধিকারী, ঋষি— কিবা ত্যাগ কিবা দান,/“পরিষৎ” জল ছিটায়ে দিলেই (কবিবর) স্বর্গে উঠিয়া যান’ কিংবা ২য় ভক্ত। এই একবার বিলেত ঘুরে এলেই ইনি পি.ডি হ’য়ে আসেবন।৩য় ভক্ত। পি.ডি কি?২য় ভক্ত। ডক্টর অফ পয়েট্রি। ৩য় ভক্ত। ইংরেজরা কি বাঙ্গলা বোঝে যে এঁর কবিতা বুঝেব?৪র্থ ভক্ত। এ কবিতা বোঝার ত দরকার নাই। এ শুধু গন্ধ। গন্ধটা ইংরাজিতে অনুবাদ করে নিলেই হোল।২য় ভক্ত। তারপর রয়টর দিয়ে সেই খবরটা এখানে পাঠালেই আর অ্যান্ড্রু-এর একটা সার্টিফিকেট যোগাড় কর্লেই পি.এল।৩য় ভক্ত। পি.এল কি? ২য় ভক্ত। পয়েট লরিয়েট।— তখন তাঁর ব্যঙ্গের লক্ষ্য এবং ঈর্ষার বিষ গোপন থাকে না। কৌতুকের বিষয় এই যে, বছর খানেক পরে এই ছোট্ট তামাশা এক প্রকাণ্ড বাস্তবরূপ পরিগ্রহ করেছিল। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর মাত্র ছয় মাস পরেই, রবীন্দ্রনাথ ১৯১৩ সালের নভেম্বরে ‘পোয়েট-লরিয়েটে’র চেয়ে বহুগুণ বেশি সম্মানজনক ‘নোবেল প্রাইজ’ বিজয়ীই হয়েছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র-বিদূষণ-মঞ্চে অবতীর্ণ হলেন ‘কাব্যের উপভোগ’ প্রবন্ধ হাতে নিয়ে। প্রবন্ধটি পড়ে সম্পাদক রবীন্দ্রনাথ সে-সম্পর্কে তাঁর মন্তব্য লেখেন এবং ‘রবীন্দ্রবাবুর বক্তব্য’ নামে সেটি বঙ্গদর্শন-এ দ্বিজেন্দ্রলালের প্রবন্ধের সঙ্গেই মুদ্রিত হয়।দ্বিজেন্দ্রলাল লিখেছেন,...(রবীন্দ্রনাথের) ‘উত্তম কবিতাগুলি অনুকরণে অসমর্থ হয়ে তাঁর অর্থহীন কবিতাগুলির অন্ধ অনুকরণে ভাবহীন ঝঙ্কার কর্চ্ছেন তাঁর চেলাগণ।’ এর আগেই তিনি সেই ‘চেলা’দের উদ্দেশে বলে নিয়েছেন: “রবীন্দ্রবাবুর কাব্য আমি যেরূপ উপভোগ করি, সেই চেলাগণ তাহার দশমাংশও করেন কিনা সন্দেহ। তবে রবীন্দ্রবাবু যাই’ লেখেন তা’তেই ‘তাধিন তাকি ধিন তাকি, ধিন তাকি, ধিন তাকি, ম্যাও এঁও এঁও বলে’ কোরাস দিতে পারি না— রবীন্দ্রবাবুর বন্ধুত্বের খাতিরেও নয়।...” দ্বিজেন্দ্রলালের খেউড়-সদৃশ সমালোচনার উত্তরে রবীন্দ্রনাথের একমাত্র প্রকাশ্য ‘বক্তব্য’ ভাষায় ও মানসিকতার আভিজাত্যে তুলনাহীন। তিনি লিখেছেন:‘আমার কোনো বিশেষ কবিতা ভাল কি মন্দ, তাহা সুবোধ কি দুর্ব্বোধ, সে সম্বন্ধে যদি বা আমার বলিবার কিছু থাকে তাহা না বলিলেও চলে। ভাল কবিতা না লিখিতে পারাকে ঠিক অপরাধ বলিয়া ধরা যায় না।...যে ত্রুটি ধর্ম্মবিরুদ্ধ নহে যাহাতে কেবলমাত্র অক্ষমতা প্রকাশ পায় তাহার জন্য কৈফিয়তের চেষ্টা করা অনাবশ্যক।’ তবু তিনি বক্তব্য প্রকাশ করতে বসেছেন তার কারণ, ‘দ্বিজেন্দ্রবাবুর প্রবন্ধের শেষভাগে তিনি আমার প্রতি যে কলঙ্ক আরোপ করিয়াছেন তাহা সামান্য নহে। কারণ সেটা কবিত্ব লইয়া নয়, চরিত্র লইয়া।’নিজের অজ্ঞাতসারে দুর্বল প্রকৃতির অন্তর্নিহিত অহংকার অসংগত ও অন্যায় আকারে প্রকাশ হয়ে থাকতে পারে, এ কথা স্বীকার করে নিয়ে রবীন্দ্রনাথ লিখলেন: ‘আমার সেইরূপ বিকৃতি যদি লক্ষিত হইয়া থাকে তবে দ্বিজেন্দ্রবাবু তাহার শাস্তি দিতে কিছুমাত্র আলস্য করেন নাই ইহা নিশ্চিত। তিনি প্রবন্ধে ও গানে, সভাস্থলে ও মাসিকপত্রে, এবং যে ব্যঙ্গ ইতিপূর্ব্বে কদাচ কোনো ব্যক্তিবিশেষের মর্ম্মভেদ করিবার জন্য নিক্ষিপ্ত হয় নাই সেই ব্যঙ্গে ও ভর্ৎসনায় অশ্রান্তভাবে আমার লাঞ্ছনা করিতে কিছুমাত্র কুণ্ঠিত হন নাই।’...সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় লিখেছেন, অমৃতলাল বসুর আহ্বানে স্টার থিয়েটারে অনুষ্ঠিত পূর্ণিমা-মিলনের অধিবেশনে (১৫ আগস্ট ১৯০৫) দ্বিজেন্দ্রলাল নিজেই ঘোষণা করেন— দেবকুমার রবিঠাকুরের ঢঙে ‘সোনার তরী’ কবিতা আবৃত্তি করবেন, যার প্রতিবাদে নাট্যকার গিরিশচন্দ্র সভা ত্যাগ করে চলে গিয়েছিলেন।...বস্তুত, ‘কাব্যের উপভোগ’ প্রবন্ধ সম্পর্কে রবীন্দ্রনাথের তথাকথিত ‘চেলা’দেরই ক্ষিপ্ত হয়ে ওঠা স্বাভাবিক ছিল, কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ‘বক্তব্য’ প্রকাশে অগ্রসর হওয়ায় তাঁরা ক্ষোভ দমন করেছিলেন। কিন্তু জ্যৈষ্ঠ ১৩১৬-সংখ্যা সাহিত্য-তে ‘কাব্যে নীতি’ প্রবন্ধে দ্বিজেন্দ্রলাল যখন পুনরায় রবীন্দ্র-বিদূষণে অবতীর্ণ হলেন, তখন রবীন্দ্রানুরাগীরা তাঁকে সহজে ছেড়ে দেননি। রবীন্দ্রনাথ অবশ্য এই একবারই প্রকাশ্যে মুখ খুলেছিলেন, পরবর্তী সমস্ত বিষোদ্গারকে তিনি উপেক্ষা করেছেন। রবীন্দ্রকাব্যের তাৎপর্য বিশ্লেষক চারুচন্দ্রের প্রবন্ধটি রবীন্দ্রনাথের আপত্তির কারণে প্রবাসীতে মুদ্রিত হয়নি, প্রকাশিত হয় কার্তিক-সংখ্যা দেবালয়-এ। কবির আশঙ্কাকে সত্য প্রমাণিত করে সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতির সুদীর্ঘ প্রতিক্রিয়া প্রকাশিত হয় পত্রিকাটির অগ্রহায়ণ সংখ্যায়:চারু বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথের কবিপ্রতিভার শ্রেষ্ঠত্ব কিসে’ নামক স্তবে ‘দেবালয়ে’র চাতাল হইতে চূড়া পর্য্যন্ত বোঝাই হইয়া গিয়াছে। ‘চারু’ প্রথমেই একটি নূতন সংবাদ দিয়াছেন,— ‘শ্রীযুক্ত ব্রজেন্দ্রকুমার শীল ও শ্রীযুক্ত প্রফুল্লচন্দ্র রায় তাঁহাদের অভিমত প্রকাশ করিয়াছেন যে, রবীন্দ্রনাথ তাঁহার সময়ের সর্ব্বশ্রেষ্ঠ কবি— সমসাময়িক সমগ্র জগতে তাঁহার তুল্য প্রতিভাবান কবি কেহ প্রাদুর্ভূত হয় নাই।’ বিজ্ঞানাচার্য্য ডাক্তার রায় উদক্ষারযান ও যবক্ষারযানের সাহায্যে বকযন্ত্রে এই মত প্রতিপন্ন করিলে, সত্যই বাঙ্গালীর বুক দশহাত হইয়া উঠিবে। শ্রীযুত ব্রজেন্দ্রকুমার শীল সমালোচনায় এই অভিমত প্রতিষ্ঠিত করিতে পারিলে বাঙ্গালী জগতের সাহিত্যের দরবারে মাথা তুলিয়া দাঁড়াইতে পারিবে।...রবীন্দ্রনাথ প্রতিভাশালী কবি, কিন্তু তাঁহার সকল কবিতাই কামধেনুর মত দোহন করিলেই ‘আধ্যাত্মিক’ দুগ্ধ দান করে, ইহা আমরা বিশ্বাস করিতে পারি না। লেখক রবীন্দ্রনাথের বহু কবিতাকে পীড়ন করিয়া আধ্যাত্মিক রস নিঙ্গড়াইয়া বাহির করিয়াছেন। ‘পসারিণী’ কবিতার আধ্যাত্মিক বিশ্লেষণ এই শ্রেণীর অঘটন-ঘটন-পটিয়সী বিশ্লেষণী শক্তির উজ্জ্বল উদাহরণ।...হে ভগবন্! রবীন্দ্রনাথ নবযুগের বাঙ্গালা সাহিত্যের গৌরব;— তুমি তাঁহাকে এই চারু সম্প্রদায়ের নির্ল্লজ্জ স্তাবকতা, নির্জ্জলা খোসামুদী ও নিরবচ্ছিন্ন বিড়ম্বনার নরক হইতে উদ্ধার কর। (প্রশান্তকুমার পাল, রবিজীবনী, ষষ্ঠ খ-, পৃ. ১৭৪)।প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথের ‘প্রাক্তন’ গুণমুগ্ধ এই সুরেশচন্দ্র সমাজপতিই কবির গীতিকবিতায় ‘গন্ধ’ শব্দের কাব্যিক ব্যবহার নিয়ে মশকরার অবতারণা করে বলেন— “বাঙ্গালায় লিখিত, কিন্তু বাঙ্গালীর পক্ষে ‘গ্রীক’।” ‘দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ’অত্যন্ত মৌলিক, কিন্তু সম্পূর্ণ অর্থহীন। ‘আনন্দের গভীর গন্ধ’ বোধ করি আকাশকুসুমের সৌরভের মতো— প্রতিভাশালী কবি ভিন্ন অন্য কাহারও ‘নাসাগম্য’ নহে।” অর্চ্চনা পত্রিকায় মুদ্রিত রবীন্দ্রবিরোধী অমরেন্দ্রনাথ রায় ‘কাব্যে “গন্ধ”-শীর্ষক প্রবন্ধ লেখার প্রেরণা সম্ভবত সমাজপতির এই মন্তব্যটি থেকেই পেয়ে থাকবেন। দ্বিজেন্দ্রলালের বিশ্লেষণে সোনার তরী হয়ে দাঁড়াল একটা ‘অর্থহীন কবিতা’। তাঁর মতে এর গদ্যার্থ:“অত্যন্ত অস্বাভাবিক। কারণ, কোনো কৃষক রাশি রাশি ধান কাটিয়া, কি করিবে ভাবিয়া না পাইয়া, কূলে নির্ভরসা হইয়া বসিয়া থাকে না, সে ধান সে বাড়ি লইয়া যায়। এবং কোনো কৃষক ধান কাটিয়া গৃহে না লইয়া গিয়া স্ত্রী-পুত্রগণকে বঞ্চিত করিয়া এক ‘যেন মনে হয় চিনি’ মাঝির সহিত পলাইয়া যাইতে চাহেন না।” সাহিত্য পত্রিকার ১৯০৯ সালের জ্যৈষ্ঠ সংখ্যায় মুদ্রিত তাঁর ‘কাব্যে নীতি’ প্রবন্ধে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্র-বিদূষণের সবচেয়ে জোরালো কিস্তিটি লেখেন। কবি নিজে এই বিতর্কে কোনো অংশগ্রহণ করেননি বটে, তবে রবীন্দ্রানুরাগীরা দ্বিজেন্দ্রলালকে ছেড়ে দেননি।‘দ্বিজেন্দ্রলাল তাঁর প্রবন্ধ আরম্ভই করলেন একটি মহৎ আহ্বান দিয়ে: “দুর্নীতি কাব্যে সংক্রামক হইয়া দাঁড়াইতেছে। তাহার উচ্ছেদ করিতে হইবে। যাঁহারা ধর্ম ও নীতির দিকে, তাঁহারা আমার সহায় হউন।” তাঁর মতে, নব্য কবি ও ঔপন্যাসিক-নাট্যকারদের রচনার বিষয় একমাত্র প্রেম— ‘যেন পৃথিবীতে মাতা নাই, ভ্রাতা নাই, বন্ধু নাই। সব নায়ক, আর নায়িকা।’ ‘দাম্পত্য প্রেম’ নিয়ে কাব্য লিখলে তাঁর আপত্তি ছিল না, কিন্তু ইঁহাদের চাই— ‘হয় বিলাতী কোর্টশিপ্, নয় ত টপ্পার প্রেম। আর আমাদের সমাজে যেহেতু ১২ বৎসর বয়সের বেশি ভদ্রঘরের অনূঢ়া কন্যা দুর্লভ, সুতরাং অবিবাহিত প্রেম মাত্রই হয় ইংরাজী (অতএব আমাদের দেশে অস্বাভাবিক), না হয়— দুর্নীতিমূলক। সাহিত্যক্ষেত্র হইতে উভয়েরই উচ্ছেদ আবশ্যক।’ ইংরেজিতে কোর্টশিপের গানের পাশাপাশি দাম্পত্য প্রেমের গান নেই বললেই হয়। দৃষ্টান্তস্বরূপ দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথের ‘সে আসে ধীরে’, ‘সে কেন চুরি করে চায়’, ‘দুজনে দেখা হল’, ‘তুমি যেও না এখনই’, ‘কেন যামিনী না যেতে জাগালে না’ প্রভৃতি প্রেমের গানের উল্লেখ করে সেগুলোকে ‘ইংরাজী কোর্টশিপের গান’ কিংবা ‘লম্পট বা অভিসারিকার গান’ বলে অভিহিত করে লিখলেন : ‘এরূপ গানে মৌলিকতাও নাই। শয়ন রচনা করা, মালা গাঁথা, দীপ জ্বালা, এ সকল ব্যাপার বৈষ্ণব কবিদিগের কবিতা হইতে অপহরণ! স্থানে স্থানে পংক্তিকে পংক্তি উক্তরূপে গৃহীত। তবে রবিবাবুর সঙ্গে এই বৈষ্ণব কবিদিগের এই প্রভেদ যে, রবিবাবুর কবিতায় বৈষ্ণব কবিদিগের ভক্তিটুকু নাই, লালসাটুকু বেশ আছে।’ শুধু তাঁর গানে নয়, তাঁর খণ্ডকবিতাতেও দ্বিজেন্দ্রলাল একই পদ্ধতি দেখতে পেয়েছেন:‘নারী জাতিকে দেখিয়া এই কবির মাতৃত্বের কথা মনে পড়ে না। নারী জাতিকে দেখিয়া কেবল তাঁহার “মরমে গুমরি মরিছে কামনা কত”।’ পাঠক ও শ্রোতাদের, ‘বিশেষতঃ রবীন্দ্রবাবুর এই ভক্তদের’, এমনটিই ভালো লাগলেও ‘বড় কবিদের উচিত নয়— পাঠক যাহা চায়, তাহাই দেওয়া। তাঁহাদের উচিত— পাঠক তৈরি করা।’রবীন্দ্রনাথের খণ্ডকবিতা সম্পর্কে দ্বিজেন্দ্রলাল যে অভিযোগ করেন, তারই প্রমাণস্বরূপ তিনি ‘চিত্রাঙ্গদা’ কাব্যটি গ্রহণ করলেন—কারণ ‘এটি রবীন্দ্রবাবুর ভক্তদের বড় প্রিয় কি না!’ ‘মহাভারত’ ও রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’র গল্পাংশ সংক্ষেপে বিবৃত করে দ্বিজেন্দ্রলাল লিখলেন: ‘রবীন্দ্রবাবু অর্জুনকে কিরূপ জঘন্য পশু করিয়া চিত্রিত করিয়াছেন, দেখুন। একজন যে কোনও ভদ্রসন্তান এরূপ করিলে তাহাকে আমরা একাসনে বসিতে দিতে চাহিতাম না।...আর চিত্রাঙ্গদা! বেচারী, মা আমার! বঙ্গের কবিবরের হাতে পড়িয়া তোমার যে এ হেন দুর্গতি হইবে, তাহা বোধ হয় তুমি স্বপ্নেও ভাবো নাই।’ কাব্যের এই দুর্নীতিমূলকতাও তিনি ক্ষমা করতে পারতেন, যদি তা ‘মনুষ্য-স্বভাবের একখানি ছবি’ হত— কিন্তু: ‘এ চিত্র অস্বাভাবিক’। রবীন্দ্রবাবুর গ্রহ-উপগ্রহগণ নিশ্চয়ই ভারতচন্দ্রকে অশ্লীল ও রবিবাবুকে ‘চেস্ট’ কবি বলে মনে করেন। কিন্তু দ্বিজেন্দ্রলালের মতে, ভারতচন্দ্র ‘বিদ্যার যে ভোগবর্ণনা করিয়াছেন, তাহা দাম্পত্য প্রেমের সম্ভোগ—ইনডিসেন্ট, কিন্তু ইমরাল নয়! রবীনমদ্রবাবুর চিত্রাঙ্গদার সম্ভোগ অভিসারিকার সম্ভোগ।...‘অশ্লীলতা’ ঘৃণার্হ বটে। কিন্তু ‘অধর্ম’ ভয়ানক। ঘরে ঘরে ‘বিদ্যা’ হইলে সংসার আঁস্তাকুড় হয় ; কিন্তু ঘরে ঘরে এই চিত্রাঙ্গদা হইলে সংসার একেবারে উচ্ছন্ন যায়। সুরুচি বাঞ্ছনীয়, কিন্তু সুনীতি অপরিহার্য। আর রবীন্দ্রবাবু এই পাপকে যেমন উজ্জ্বল বর্ণে চিত্রিত করিয়াছেন, তেমন বঙ্গদেশে আর কোনও কবি অদ্যাবধি পারেন নাই। সেই জন্য এ কুনীতি আরও ভয়ানক।’ তাই কাব্যটির সুন্দর ভাষা, মধুর ছন্দোবদ্ধ, অতুলনীয় উপমা-ছটা, মাইকেলের পর অমিত্রাক্ষরের এত মাধুর্য সত্ত্বেও দ্বিজেন্দ্রলাল সিদ্ধান্ত করেছেন: ‘এ পুস্তকখানি দগ্ধ করা উচিত।’ কেন রবীন্দ্রনাথকেই তিনি এত আক্রমণ করেন এই সম্ভাব্য প্রশ্নের জবাবও দিয়েছেন দ্বিজেন্দ্রলাল:আমি উত্তরে জিজ্ঞাসা করি, “তাহা না করিয়া কি হরি ঘোষকে আক্রমণ করিব!” তাহার দোষ কি? সে বেচারী অন্ধ অনুকারকমাত্র। সে রবিবাবু মাইনাস প্রতিভা। সে-সকল ব্যক্তি সমালোচকের অবজ্ঞেয়। তাহাদের কাব্যের জন্য দোষী অর্ধেক তাহারা, অর্ধেক দোষী তাহাদের আদর্শ কবি রবীন্দ্রবাবু। শুদ্ধ পাপে বড় যায় আসে না ; কিন্তু, দুর্নীতি প্লাস শক্তি বড় ভয়ঙ্কর! তাহার মূলে কুঠারাঘাত করিতে হইবে।...রবিবাবুর কবিতার প্রাণহীন, ভাবহীন অনুকরণের জ্বালায় মাসিকপত্রের সম্পাদক ও পাঠক উভয়েই জ্বালাতন।...কিন্তু আমি বলি, সে বেচারীদের দোষ কি?...রবিবাবুর গুণগুলি আয়ত্ত করা তাঁহাদের সাধ্যাতীত; কিন্তু দোষগুলি হুবহু নকল করিয়াছেন! এমন কি, অনেক সময়ে দে হ্যাভ আউট-হেরোডেড হেরড!এভাবে বাড়তে বাড়তে ১৯২১ সাল নাগাদ রবীন্দ্রদূষণের হাল দাঁড়িয়েছে ‘সোনার তরী’র ব্যঙ্গানুকৃতি ‘কাঠের তরী’-তে : ... ... ...লগী-ঠেলে তরী বেয়ে কে যায় পারে?লগী-দেখে মনে হয়— চিনি উহারে।শীর্ণা নদী, অল্প জল;হাতে বেশী নাহি বল;তাই তরী টলমল করে দু’ধারে।লগী-দেখে মনে হয়— চিনি উহারে। ... ... ...শূন্য নদীর ঘাটে রহিনু পড়ি;ঢের কুলী নিয়ে গেল কাঠের তরী।[সাহিত্য, ৩১শ বর্ষ, ৭ম সংখ্যা, কার্ত্তিক, ১৩২৮, পৃষ্ঠা, ৫১১-৫১২]