রবীন্দ্র-ভাবনার গভীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই লেখক জানিয়ে দিচ্ছেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে লেখা বিচিত্র প্রবন্ধের সমাহার’ এই বইটি। এ ধরনের বইয়ে যা হয়, কখনো পুনরাবৃত্তি ঘটে, সেটা জেনেই পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন সন্জীদা খাতুন। এ-ও জানিয়ে রাখছেন, পুনরাবৃত্তি এড়াতে প্রবন্ধগুলোয় অনেক কাটছাঁটও করেছেন, তারপরও হয়তো পুরোপুরি এড়ানো যায়নি।

কিন্তু পড়ার সময় আমরা লক্ষ করি, ১৯১ পৃষ্ঠার এই বইটিতে কত না বৈচিত্র্যময় বিষয়কে এক করেছেন তিনি। গানের প্রতি তাঁর পক্ষপাতিত্ব টের পাওয়া যায় ঠিকই, কিন্তু তার বাইরে এত অজস্র বিষয় রয়েছে এখানে, যা শুধু জানার তৃষ্ণাকেই প্রবল করে। ভাষার প্রসাদগুণে তরতর করে এগিয়ে যাওয়া যায় যেমন, তেমনি ঢোকাও যায় ভাবনার গভীরে।

>
.
.
রবীন্দ্রবিশ্বাসে মানব-অভ্যুদয়
সন্জীদা খাতুন
প্রচ্ছদ: মানযারে শামীম  
প্রকাশক: নবযুগ প্রকাশনী
প্রকাশকাল: মার্চ ২০১৬
১৯১ পৃষ্ঠা
দাম: ৩২০ টাকা

বেশ কয়েকটি প্রবন্ধ পার হয়ে ‘সহজ পাঠ প্রসঙ্গে’ নামে নির্মেদ যে লেখাটি রয়েছে, তাতে ভাষা, উচ্চারণ ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনাটির সুনিপুণ পরিচয় দেওয়া আছে। এ প্রবন্ধ ভাষার প্রতি ভালোবাসা যাঁর আছে, তাঁকে প্রভূত আনন্দ দেবে। কতটা বৈজ্ঞানিকভাবে, অথচ সাবলীলতায় ভর করে ভাষার রাজ্যে শিশুদের ঢুকিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ, তা জেনে বিস্ময় জাগবে মনে। যাঁরা কেবল গান-কবিতা-গল্প-উপন্যাসেই রবীন্দ্রনাথকে পেয়েছেন এত দিন, তাঁরা ভাষাবিদ রবীন্দ্রনাথকে পাবেন নতুন করে। ‘রবীন্দ্রনাথের লিপিকা’ নামের প্রবন্ধটিতেও রবীন্দ্রনাথের ভাষায় গদ্য-পদ্যের মিলনের রূপ দেখা যাবে। সন্জীদা খাতুন লিখছেন, ‘ভুল স্বর্গ, ‘রাজপুত্তুর’, আর সুয়োরানির সাধ’-এর ভাষাতে থেকে থেকে কবিতার রং লাগে। রসাত্মক ভাষা গল্পগুলোকে নিছক গদ্যধর্মী হতে দেয় না। স্থানে স্থানে ছন্দিত হয়ে ওঠে লেখাগুলো। আর ছন্দোময়তার দরুন রূপকথার মতো মনোহর বা চিত্তাকর্ষক হয়ে ওঠে।’ ‘তাঁর কয়েকটি গান’ প্রবন্ধে রয়েছে চারটি গান নিয়ে আলোচনা। এখানে ‘আনন্দধ্বনি জাগাও’ গানটি নিয়ে দুই ধরনের বিস্ময়ের যে বর্ণনা দিয়েছেন সন্জীদা খাতুন, তা মনোগ্রাহী। গানের মর্মবাণী না বুঝে বিস্মিত হওয়া আর গান হৃদয়ঙ্গম করে বিস্মিত হওয়ার প্রসঙ্গ এনে তিনি বলছেন, ‘দুই বিস্ময়ে অশেষ পার্থক্য। প্রথম দল “আনন্দধ্বনি” বক্তব্যে ঠেকে গেছেন। পুরো গানের বাণীতে কিছুমাত্র মন যোগ করেননি। আর দ্বিতীয়জন কেবল গানের পুরো বক্তব্যের জন্যে নয়, গভীরতার কারণে বিস্ময়ে বিচলিত বোধ করেছেন।’ এই দ্বিতীয়জন কবি বিষ্ণু দে। ‘রবীন্দ্রনাথ আর বাংলাদেশের গানের ভুবন’ নামের প্রবন্ধে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পথ ধরে ছায়ানট গঠনের প্রসঙ্গটি এসেছে। আর তারই পথ ধরে বাংলাদেশে রবীন্দ্রচর্চায় অর্জন ও ব্যর্থতার কথাও উঠে এসেছে। বইয়ের প্রথম প্রবন্ধটিতে (রবীন্দ্রনাথের গড়ে ওঠা) কবির মানসগঠনের ভিত নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁর পূর্বপুরুষদের জীবনধারায় সামাজিক উন্নয়নের প্রতি তৃষ্ণা, মরমিয়া সাধনার প্রতি আসক্তি সত্যানুসন্ধানে কবিকে অনেক জিজ্ঞাসার সহজ উত্তর পেতে সাহায্য করেছে। এখানে উল্লিখিত একটি অংশ উদ্ধৃত করা অসংগত হবে না, সন্জীদা খাতুন লিখছেন, ‘মেয়েদের লেখা কেন প্রথম শ্রেণির হয় না—এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে পরিণত বয়সে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, “পৃথিবীর সঙ্গে যথার্থ পরিচয়ের অভাব তাঁদের (মেয়েদের) পঙ্গু করে রেখেছে।...ওদের সবটাই যেন কল্পনা।...আমার পিতা যদি আমাকে জমিদারি দেখতে না পাঠাতেন তা হলে আমার লেখাও ঠিক ও ধরনেরই হত।”’ (পুণ্যস্মৃতি, পৃ. ৮৭, সীতাদেবী)।
মোট ২৪টি প্রবন্ধ আছে বইটিতে। ইচ্ছে করেই রবীন্দ্রনাথের সংগীতচিন্তা নিয়ে লেখা প্রবন্ধগুলোর আলোচনা উহ্য রাখা হলো। যাঁরা বইটি পড়বেন, তাঁরা ওই প্রবন্ধগুলো আগ্রহ নিয়েই পড়বেন, এ বিশ্বাস আমার আছে।
সন্জীদা খাতুন রবীন্দ্রনাথ ও বাংলার সংস্কৃতি নিয়ে এই ৮৪ বছর বয়সেও সোচ্চার। লেখনীতে, বক্তৃতায় দেশের মাটির প্রতি তাঁর প্রবল ভালোবাসার স্পর্শ টের পাওয়া যায়। এই বইটি তাঁর জীবনধারা ও জীবন থেকে আরোহিত বিশ্বাসেরই সরল প্রতিফলন। রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে আসলে তিনি মানুষের কথাই বলছেন, সেটা টের পাওয়া যায় পুরো বইটি পড়ার পর। রবীন্দ্রনাথের মধ্য দিয়েই খুঁজে পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত পথটি।