রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত শতকের সাত দশকের কবি রবীন্দ্রনাথ। আমার পাশে ৭ মার্চের স্বপ্নবাদী রৌদ্রের ভেতর সকাল থেকে তিনি মাটি ও ঘাসের কল্যাণের ওপর বসে ছিলেন। আজ এক সবুজ দেশের নতুন সূর্যের কথা বলবেন একজন কবি। কবিতা পড়া শেষ। রবীন্দ্রনাথের মুগ্ধ স্বর, ‘বোধের পর থেকেই ওই দীপ্তিমান কবি এই মহাকাব্য লিখছিল।’ আমি গেয়ে উঠি, ‘সে জাগায় চোখে নূতন দেখার দেখা’, ‘অবাক আলোর লিপি সে বহিয়া আনে।’ স্মিত হাসলেন রবীন্দ্রনাথ, ‘আমি কিন্তু লিখেছিলাম “যে জাগায় চোখে”, “যে বহিয়া আনে” তবে এইখানে ‘যে’র বদলে ‘সে’ মান্য পরিমার্জনা।’ তাঁর চোখের তারায় অনেক সূর্যের উদয় হেসে গেল।
দশকের নদীতে ভাসল ক্ষুধার সন্তাপ, রক্তপাত, বেয়নেটের গান। ছায়ানট নববর্ষে গাইল: ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।’
আট দশকের কবি রবীন্দ্রনাথ। দেখা হলো পদ্মাতীরে। রাত। আকাশে তখন কল্যাণীয়াষু চাঁদ। আমাদের পাত্রে তালের ঘোলাটে রস। সামনে জল আর জোছনার দ্রবণে তরল রুপার অজস্রÊ ঢেউ। বললাম, ‘আমাদের সাথে একটু পান করুন।’ অভিজাত সৌজন্যে হাসলেন। এক বন্ধু বেসুরো গলায় গাইল: ‘ও চাঁদ, চোখের জলে লাগল জোয়ার দুখের পারাবারে।’ একজন আবৃত্তি করল, ‘প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল।’ তারুণ্যের আনন্দে আমরা তাঁকে কবিতা শোনালাম। পদ্মার মৃত ঢেউয়ে জোছনার নাচের দিকে তাকিয়ে বললেন, ‘পদ্মা কি মরে যাবে? যে কবির নদী নেই, কাদম্বরী নেই, ফ্রেদেরিকা নেই, কবিতা হয় না তার।’ বলিনি, আমাদের নেই প্রেম, নেই ভালোবাসা। তালের রসের মতো ভোর-রঙের পদ্মায় ভাসছিল বিখ্যাত বোট। উঠে বললেন, ‘খারাপ লাগছে, আবার তোমরা অন্য এক উর্দির খপ্পরে।’ আমরা মাতাল না হয়ে গেয়ে উঠলাম: ‘নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা।’
নয় দশকের কবি রবীন্দ্রনাথ। আমার সাথে রিডিং রুমে দেখা। পড়ছিলাম ‘সভ্যতার সংকট’। ভাবছিলাম, মুক্তিরও সংকট আছে। বললাম, ‘কেন যেন নিজেকে সব সময় কয়েদি মনে হয়।’ ‘কবিরা মুক্ত কবে?’ বলে বললেন: ‘অন্ধজনে দাও আলো’ ‘সমুখে শান্তিপারাবার।’ বললাম, ‘মানুষ একটি সবুজ পাতার মতো সভ্য নয় আজও।’
একুশ শতকের প্রথম দশকের কবি রবীন্দ্রনাথ। একুশের ভোরে দেখা হলো শহীদ মিনারে। বায়ান্নর মিছিলে নাকি তিনিও ছিলেন! হাতের লাল গোলাপগুলো মিনারের মর্মসত্যে রেখে স্মিত স্বরে বললেন, ‘সালাম-বরকত-জব্বার-রফিক আমাকে আজও কবিতা লেখায়।’ বললাম, ‘কবিরা যে মিথ্যে বলে, আপনি তার প্রমাণ।’ হাসিতে জেগে উঠল নক্ষত্রের আলো, ‘কবির কথা সমকালের প্রবণপ্রহরে কারো কাছে মিথ্যে মনে হয়, তবে আছে সংহতি, আছে জীবনের সমাচ্ছন্ন-গান।’
আগামীর অনেক ঋতুতে, সূর্যালোকে, অন্ধকারে ‘পান্থ তুমি’ পথ হারানো মানুষের ‘সখা হে’।