রবীন্দ্রনাথ একালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ১৫০তম বছর শুরু হচ্ছে কাল ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো কতটুকু প্রাসঙ্গিক এবং এই দেড় শ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে কীভাবে উদ্যাপিত হচ্ছেন, তা নিয়েই আমাদের বিশেষ আয়োজন—জন্মের প্রায় দেড় শ বছর পেরিয়ে এবং মৃত্যুরও প্রায় সত্তর বছর পরে বাংলাভাষীদের কাছে রবীন্দ্রনাথের অব্যাহত প্রভাব-প্রতিপত্তি অন্যদের কাছে বিস্ময়কর মনে হতে পারে। যাঁরা তাঁকে বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ নির্মাতা বলে জানেন, তাঁদের কাছে বিষয়টা স্বাভাবিক বলেই বিবেচিত হবে। বাংলা ভাষাকে যে-ঐশ্বর্য তিনি দান করেছেন, তাতে এই ভাষা জ্ঞানবিজ্ঞানের চর্চা, সকল ভাব-অনুভূতির প্রকাশ এবং নির্মল হাস্যকৌতুকের বাহন হতে সমর্থ হয়েছে। রবীন্দ্রনাথের আগেও বাংলায় কবিতা ছিল, তবে পদ্য ও কবিতার পার্থক্য আমরা বুঝতে শিখেছি তাঁর লেখা পড়েই। বাংলা ছোটগল্পের স্রষ্টা তিনি, বাংলা উপন্যাসের গতিপথ-নির্মাতা। নাটক ও গীতিনাট্য, সাহিত্য-সমালোচনা ও ভাষাতত্ত্ব, ইতিহাস ও বিজ্ঞান, চিঠিপত্র ও ভ্রমণকথা—সবক্ষেত্রেই তাঁর দান অনন্য। তাঁর সংগীতে সমীকৃত হয়েছে কথার বৈচিত্র্যের সঙ্গে ভারতীয় ধ্রুপদী, বাংলা কীর্তন, বাউল ও লোকসংগীত এবং পাশ্চাত্য সংগীতের সুর। নৃত্যনাট্য নামের শিল্পটি তাঁরই উদ্ভাবন। পরিণত বয়সে চিত্রকলার যে-চর্চা তিনি করেন, তার অভিনবত্ব ও গভীরতা সকল সমালোচককে বিস্মিত করেছে। বারেবারে তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন। মানসী, ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষ লেখা যে একইজনের রচনা তা ভাবতে অবাক লাগে। তাঁর ভাবনা বারেবারে নতুন বাঁক নিয়েছে। ঈশ্বরে সমর্পিত তাঁর গান নাস্তিকেরও উপভোগ্য, আবার তিনিই বলেছেন, ‘ধর্মকারার প্রাচীরে বজ্র হানো’। মানবসভ্যতার যা কিছু বরণীয়, তাকেই গ্রহণ করেছেন তিনি, অকুণ্ঠচিত্তে আহরণ করেছেন কাছেদূরের নানান সংস্কৃতি থেকে।এর বাইরেও রবীন্দ্রনাথ আছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা যিনি নেননি, তিনিই হয়ে ওঠেন স্মরণীয় শিক্ষাতাত্ত্বিক, গড়ে তোলেন বিদ্যালয়, তাকে রূপ দেন বিশ্ববিদ্যালয়ে। মাতৃভাষাকে শিক্ষার বাহন করে নেন। পল্লি-পুনর্গঠনে তাঁর প্রয়াস অতি শ্রদ্ধেয়। কৃষি ও কুটির শিল্পের বিকাশে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর প্রচেষ্টা অবিস্মরণীয়। পুত্র ও জামাতাকে তিনি বিদেশে পাঠিয়েছেন কৃষিবিদ্যা শিখতে, যন্ত্র দিয়ে চাষের পরীক্ষা করেছেন, তাঁতিদের জন্য প্রতিষ্ঠা করেছেন বয়ন-বিদ্যালয়, চাষিরা যাতে সহজে ঋণ পায় তার জন্য স্থাপন করেছেন কৃষিব্যাংক। শ্রীনিকেতনের সবটাই তার এই পুনর্গঠন-প্রক্রিয়ার নমুনা। একসময়ে রাজনীতিতে তিনি যোগ দিয়েছেন সোৎসাহে, আদর্শগত কারণে পরে সরেও এসেছেন। তবে দেশবাসীর আত্মনিয়ন্ত্রণের দাবি কখনো ত্যাগ করেননি। জালিয়ানওয়ালাবাগের নির্মমতার প্রতিবাদ করতে যখন এগিয়ে আসেননি কোনো রাজনীতিবিদ, তখন তিনি নাইট উপাধি ফিরিয়ে দিয়ে নির্যাতিত মানুষের কাতারে এসে দাঁড়িয়েছিলেন। রাজনৈতিক কর্মপন্থা নিয়ে প্রকাশ্যে তিনি তর্ক করেছেন—যাঁকে তিনিই অভিহিত করেছিলেন মহাত্মা বলে—তাঁর সঙ্গে এবং রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়কে ধর্মের সঙ্গে জড়িত করার বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি রাজনীতিবিদদের আহ্বান করেছিলেন জনমুখী হতে, জনসভায় বাংলাভাষায় বক্তৃতা দিতে, হিন্দু-মুসলমানের মিলনসাধনে চেষ্টিত হতে। উত্তুঙ্গ জাতীয়তাবাদের দিনেও তিনি বলেছিলেন, এদেশের ইতিহাসে ইংরেজের একটা স্থায়ী আসন আছে। তিনি উন্নয়নের কথা ভেবেছেন, সম্পদের সুষম বণ্টনের কথা বলেছেন এবং নারীর জন্য দাবি করেছেন ন্যায্য স্থান।তারপরও আছে। সারা পৃথিবীকে মানবতার বাণী শোনাবার স্পর্ধা করেছিলেন রবীন্দ্রনাথ। নোবেল পুরস্কার পাওয়ার সময়েই তাঁর মনে হয়েছিল পৃথিবীতে এক প্রবল ঝড় আসন্ন। এর জন্য তিনি দায়ী করেছিলেন অন্যের সম্পদগ্রাসে ইউরোপের অপরিসীম লালসাকে। বলেছিলেন, জাতীয়তাবাদ একইসঙ্গে বিধ্বংসী ও আত্মঘাতী। শুধু ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, চীন ও জাপানেও রবীন্দ্রনাথ আগ্রাসী জাতীয়তাবাদের নিন্দাজ্ঞাপন করেন এবং প্রায় সর্বত্রই প্রত্যাখ্যাত হন। চীনের ওপর জাপান আক্রমণ চালালে রবীন্দ্রনাথ জাপানি কবি নোগুচিকে লিখেছিলেন, ‘যে-জাপানি জনগণকে আমি ভালোবাসি, আমি তাদের—বিজয় নয়—বিষাদ কামনা করি।’এই রবীন্দ্রনাথ আমাদের চিরসাথি।আশি বছরের জীবনে রবীন্দ্রনাথ ভুলও করেছেন যথেষ্ট। তাঁর কথার মধ্যে, কাজের মধ্যে পরস্পরবিরোধী উপাদান খুঁজে বের করা শক্ত নয়। দীর্ঘকালের সৃষ্টিশীল জীবনে তা অপ্রত্যাশিত নয়। কিন্তু তাঁর ক্ষেত্রে দেখা গেছে যে, ভ্রান্তিজাল কাটিয়ে খানিক পরেই তিনি উঠে দাঁড়িয়েছেন সত্য ও ন্যায়, শুভ ও কল্যাণের পক্ষে। তাঁর ভ্রান্তি থেকেও আমাদের শেখার আছে।রবীন্দ্রনাথ ছাড়া তাই আমাদের চলে না।ডাকসাইটেদের ডাকটিকিট [১৯৭৭]রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভারত-বাংলাদেশ তো বটেই, ডাকটিকিট প্রকাশ করেছে আরও নানা দেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, বুলগেরিয়া, রাশিয়া, সুইডেন ও ভিয়েতনাম। কিন্তু অন্যদের চেয়ে ব্যতিক্রমী ডাকটিকিটটা প্রকাশ করেছে কোমোরো আইল্যান্ড।আফ্রিকান সাগরের এই আগ্নেয়দ্বীপটি থেকে একটি ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল নোবেল পুরস্কার প্রবর্তনের ৭৫তম বার্ষিকী উদ্যাপন করতে গিয়ে। নোবেল পুরস্কারের এই দীর্ঘ ইতিহাসকে একটি ডাকটিকিটে ধরতে তারা বেছে নেয় সাহিত্যে নোবেল পাওয়া কয়েকজন মনীষীকে। ডাকটিকিটের সেই খামে ছবি আছে বহু খ্যাতিমানেরই। কিন্তু মূল ডাকটিকিটে ঠাঁই মিলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর তাঁর ডান পাশে পর পর আছেন আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটস, ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেল ও মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে।ঠাকুর সরণি [১৯৬১]বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের বহুল আলোচিত সাক্ষাৎটি ঘটেছিল জার্মানির পটসডামে। পটসডামের কাপুথে ছিল আইনস্টাইনের গ্রীষ্মাবাস। সেই রবীন্দ্রস্মৃতি চিরস্থায়ী করে রাখার জন্য জার্মান সরকার ১৯৬১ সালে রাস্তাটির নাম রাখে টাগোরেস্ট্রাসে। সাদা বাংলায় ‘ঠাকুর সরণি’।আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ নিয়ে ছোট্ট একটি চমকপ্রদ গল্প আছে। আইনস্টাইনের সেই গ্রীষ্মাবাসে সারা বছর লেগে থাকত নামজাদা অতিথিদের ভিড়। স্বভাবতই তাঁদের মধ্যে বেশির ভাগই থাকতেন বিজ্ঞানী। রীতি ছিল, যাঁরাই অতিথি হিসেবে সেখানে আসবেন, সেখানে সংরক্ষিত ‘অতিথিখাতা’য় কিছু না-কিছু লিখতে হবে। আর সেটা লিখতে হবে কবিতার মতো করে।সব অতিথিই এ নিয়ম মেনেছেন। কেবল একজন অতিথির জন্য এ নিয়ম শিথিল করেছিলেন আইনস্টাইন। সেই অতিথি স্বয়ং কবি, উপরন্তু কবিতায় নোবেলজয়ী, রবীন্দ্রনাথ ঠাকুর।এ যুগের কবি [১৯৮৫]রবীন্দ্রনাথের অনুবাদকভাগ্য অসাধারণ। পরবর্তীকালে নোবেলজয়ী অনেক কবি ও সাহিত্যিক কোনো না কোনোভাবে তাঁর লেখার অনুবাদ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যেমন—আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটস, ফরাসি কবি আঁদ্রে জিদ ও সাঁ জঁ পার্স, স্প্যানিশ কবি হুয়ান রামোন হিমেনেথ কিংবা রুশ কবি ও কথাসাহিত্যিক বরিস পাস্তেরনাক। নিজের সময়ে পশ্চিমে এমনই ঝড় তুলেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু নিন্দুকেরা বলেন, সে তো অতীতের কথা। পরে তো আর তার কোনো রেশ থাকেনি।এ অপবাদ মুছে দিয়ে ১৯৮৫ সালে জগদ্বিখ্যাত প্রকাশনী পেঙ্গুইন থেকে বেরোয় রবীন্দ্রনাথ টেগোর: সিলেক্টেড পোয়েমস। নতুন যুগের ভাষা ও ভঙ্গিতে টাটকা এ অনুবাদ পাঠকের সামনে হাজির করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক ও অনুবাদক উইলিয়াম রাদিচে। চমকে ওঠেন কবিতার আন্তর্জাতিক পাঠকেরা। তাঁরা অবাক হয়ে দেখেন, রবীন্দ্রনাথ যে একেবারে এ যুগের কবি! রাদিচে পরে গল্প, নাটকসহ রবীন্দ্রনাথের আরও বহু লেখা অনুবাদ করেছেন।প্রেমের কাব্যে বিষাদ [১৯২৪]‘বিশ শতকে তিনি যেকোনো ভাষার শ্রেষ্ঠতম কবি,’ বলেছিলেন নামজাদা কলাম্বিয়ান কথাকার গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। যাঁকে নিয়ে বলা, চিলির সেই নোবেলজয়ী কবি পাবলো নেরুদার দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরোয় যখন তাঁর বয়স ১৯ বছর। নাম ভেইনতে পোয়েমাস দে আমোর ই উনা কানসিয়ন দেসেস পেরাদা। বাংলায় বিশটি প্রেমের কাব্য ও একটি বিষাদের গান। ১৯২৪ সালে প্রকাশিত এ বইয়ে কবিতা ছিল মোট ২১টি। এর সবই মৌলিক হলেও একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ গীতিকাব্যটির মুক্ত অনুবাদ। কিন্তু তথ্যটি বেমালুম চেপে গিয়েছিলেন তরুণ নেরুদা। এ নিয়ে তাঁরই স্বদেশি আরেক কবি ভিসেন্তে হুইদোব্রো পরে লাগিয়ে দিলেন মহাবিতণ্ডা। হুইদোব্রো ছিলেন ভিতাল নামের একটি পত্রিকার সম্পাদক। সে পত্রিকার পাতায় রবিঠাকুর আর নেরুদার কবিতা পাশাপাশি ছাপিয়ে চৌর্যবৃত্তির অভিযোগ এনে যুদ্ধ বাধিয়ে দেন। যুদ্ধ পরিণত হতে থাকে মহাযুদ্ধে। শেষমেশ সুররিয়ালিস্ট নেতা আঁদ্রে ব্রেতোঁসহ বিশিষ্ট সাহিত্যিকদের হস্তক্ষেপে ব্যাপারটির মীমাংসা হয়।বইটির পরের সংস্করণে রবিঠাকুরের নাম ঢোকে। তবে ক্ষতের দাগ নেরুদার মন থেকে মুছে যায়নি। স্মৃতিকথা মেমোয়ার্স-এ হুইদোব্রোকে তিনি নিয়েছেন এক হাত।কালো পাথরের প্রতিমা [১৯২৬]আধুনিক শিল্পকলার মহীরুহদের একজন স্যার জেকব এপস্টাইন (১৮৮০—১৯৫৯)। ব্রিটিশ এই শিল্পী নিজের ভাস্কর্য যেমন, তেমনি কথাবার্তা দিয়েও সারা জীবনে এন্তার বিতর্ক তৈরি করেছেন। এপস্টাইন তাঁর ত্রিমাত্রিক শিল্পকর্মে নানা প্রতীকী প্রতিমা গড়ে তুলেছেন। কিন্তু খ্যাতিমানদের অবয়ব রচনায়ও ছিল তাঁর অদম্য আগ্রহ। এ কারণে তাঁর হাত দিয়ে রচিত হয়েছে হাতেগোনা কয়েকজন পৃথিবী-বিখ্যাত মানুষের আবক্ষ মূর্তি।জেকব এপস্টাইন নাকি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনুরাগী। তবে কবি রবীন্দ্রনাথের নয়, চিত্রকর রবীন্দ্রনাথের। শিল্পী নিজে যাঁর অনুরাগী, তাঁর ভাস্কর্য না বানিয়ে কী করে থাকতে পারেন তিনি? তাঁর হাতে রচিত হলো অনিন্দ্যসুন্দর এক রবীন্দ্রপ্রতিমা। কালো পাথর কুঁদে বের করা। দুই পাশে জলপ্রপাতের মতো গড়ানো কেশরাশির মাঝখানে রবীন্দ্রনাথের ঝলমলে চেহারা। এপস্টাইন মূর্তিটি তৈরি করেন ১৯২৬ সালে।