রবীন্দ্রনাথ ১৯১৩, ইউনূস ২০০৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। তার প্রায় ১০০ বছর পর, ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান মুহাম্মদ ইউনূস। পুরস্কার পাওয়ার পর তাঁদের দুজনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন। একজন ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন, অন্যজন আনন্দে আটখানা হয়েছিলেন। একজন সব কোলাহল এড়াতে ব্যগ্র হয়ে ওঠেন, অন্যজন কোলাহলকে জাপটে ধরেন। সতর্কাবস্থার কারণেই রবীন্দ্রনাথ শেষ রক্ষা করতে পেরেছিলেন।সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন—এমন কোনো স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেননি। ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রকাশ হওয়ার পর এ নিয়ে দু-একজনের সঙ্গে তাঁর কথা হয় বটে, কিন্তু তেমন কোনো দুরাশা তিনি পোষণ করেননি। ১৯১৩ সালে আমেরিকায় অবস্থানকালে বসন্ত কুমার নামের এক বাঙালি লেখকের সঙ্গে তাঁর এ নিয়ে কথা হয়। বসন্ত কুমারই তাঁকে অনুরোধ করেন তিনি যেন ইংরেজিতে নিজের লেখার আরও অনুবাদ প্রকাশ করেন, তাহলে সাহিত্যে নোবেল পুরস্কার তাঁর ভাগ্যে জুটবেই। সে কথা শুনে রবীন্দ্রনাথ বলেছিলেন, এ পুরস্কার কি এশীয়দের ভাগ্যে জুটবে! তাঁদের ব্যাপারে তো পশ্চিমাদের এক ধরনের ‘প্রিজুডিস’ রয়েছে। তা না হলে জগদীশচন্দ্র বোসের মতো বিজ্ঞানীর ভাগ্যে এ পুরস্কার জুটল না কেন?কিন্তু সে বছর নভেম্বরে যখন তিনি জানতে পারলেন সুইডিশ কর্তৃপক্ষ তাঁকেই নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে, ভয়ে তিনি আধখানা হয়ে গেলেন। খবরটা তাঁকে প্রথম টেলিগ্রাম করে জানান সত্যেন্দ্রনাথ দত্ত। সেদিন তিনি বোলপুরে, তাঁর সঙ্গে সে সময় ছিলেন ইংরেজ লেখক এডওয়ার্ড টমসন। বাঁকুড়ার এক স্কুলে টমসন শিক্ষকতা করতেন, রবীন্দ্রনাথের গল্প-কবিতা অনুবাদের ব্যাপারে তদবিরের জন্য বোলপুরে এসেছিলেন। টমসন লিখেছেন, পুরস্কার প্রাপ্তিতে কবি আনন্দিত না হয়ে বিমর্ষ হয়েছিলেন। টমসনকে তিনি যা বলেছিলেন সোজা বাংলায় তা হলো, ‘আমার শান্তির বারোটা বাজল।’ বস্তুত হয়েছিলও তাই। দিন নেই, রাত নেই, ফুলের মালা নিয়ে যখন-তখন লোকজন এসে হাজির। কলকাতা থেকে মিছিল করে এলেন কবির একদল বন্ধু ও স্তাবক। এঁদের কেউ কেউ এর কিছুদিন আগ পর্যন্ত রবিঠাকুরের কবিতা নিয়ে ব্যঙ্গ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানজনক ডিলিট উপাধি দেওয়ার প্রস্তাব করলে এঁদেরই কেউ কেউ আপত্তি করে বলেছিলেন, রবিঠাকুর শুদ্ধ বাংলা লিখতে জানেন না। সেই তাঁরাই যখন সদলবলে ফুলের মালা ও সোনার দোয়াত নিয়ে তাঁকে সংবর্ধনা জানাতে এলেন, রবীন্দ্রনাথ তাঁদের সে সম্মাননা গ্রহণ করতে পারেননি। উল্টো বলেছিলেন, গ্রাম্য বালকেরা যেমন কুকুরের লেজে টিন বেঁধে হাততালি দিয়ে তাড়া করে বেড়ায়, আপনারা তা-ই করতে এসেছেন। একই কথা তিনি লিখে পাঠিয়েছিলেন বিলেতে তাঁর ইংরেজ বন্ধু চিত্রকর উইলিয়াম রটেনস্টাইনকে। আরেক বন্ধু রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে লিখেছিলেন, ‘সম্মানের ভূতে আমাতে পাইয়াছে, আমি মনে মনে ওঝা ডাকিতেছি।’ আমেরিকায় তাঁর আরেক বন্ধু মিসেস হ্যারিয়েট মুডিকে লিখেছিলেন, নোবেল পুরস্কার দেশের জন্য, তাঁর স্কুলের জন্য সম্মান বয়ে এনেছে বটে, কিন্তু তাঁর জন্য হয়ে উঠেছে প্রবল অশান্তির কারণ। অর্থহীন অনুষ্ঠানাদিতে তাঁকে সময় ব্যয় করতে হচ্ছে বলে বিরক্ত হয়ে লিখেছিলেন, বহুলোকের কৌতূহলে তিনি জর্জরিত। ‘অপচয়িত সময়ের এই বোঝা, যার ফলে আমি একদিকে কাজ করতে পারছি না, অন্যদিকে বিশ্রামে বঞ্চিত হচ্ছি, এ আমার জন্য প্রবল কষ্টকর এক ব্যাপার।’অধ্যাপক ইউনূস সম্ভবত রবীন্দ্রনাথের এ অভিজ্ঞতার কথা জানতেন না বা জানলেও তা স্মরণে রাখেননি। তিনি নোবেল পাওয়ায় বাংলাদেশের মানুষ কজন খুশি হয়েছে জানি না, তবে সবচেয়ে খুশি হয়েছিলেন অধ্যাপক ইউনূস নিজে, তাতে কোনো সন্দেহ নেই। বঙ্গোপসাগরের সামনে দুই হাত তুলে তিনি সমুদ্র-বিজয়ীর মতো দাঁড়িয়ে আছেন—এমন একটা ছবি দেখে আমার সে কথাই মনে হয়েছিল। স্টকহোমে পুরস্কার গ্রহণ করে ইউনূস এক বিশ্বভ্রমণে বের হন। বিদেশে তাঁকে সম্মান করে এমন লোকের অভাব নেই। প্রবাসী বাঙালিরাও তাঁকে সম্মানের সঙ্গেই গ্রহণ করেছিলেন। কিন্তু দেশে ফুলের মালার বদলে কাঁটাই বুঝি পেয়েছেন তিনি অধিক। গ্রামীণ ব্যাংক নিয়ে কটুকথা আগেও শোনা গেছে, কোনো কোনো বামপন্থী বুদ্ধিজীবী তাঁর সুদের ব্যবসাকে সাম্রাজ্যবাদী চক্রান্তের অংশ বলে সিদ্ধান্ত তো অনেক আগেই ঘোষণা করেছিলেন। মার্কিনিদের পরামর্শে তাঁর নোবেল বিজয় সে সিদ্ধান্তকে কেবল পোক্তই করে। পুরস্কার ঘোষিত হওয়ার পর ঢাকার মেয়র তাঁর সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছিলেন বটে, কিন্তু তাতে যথার্থ শ্রদ্ধেয় এমন লোকের উপস্থিতি ছিল নামমাত্র। উল্টো মঞ্চে তাঁর দুই পাশে দেখা গেছে বিতর্কিত ব্যাক্তিদের। নোবেল পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মানজনক ডিলিট উপাধি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল, সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণও করেছিল। কিন্তু তত দিনে তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে পড়েছেন। ছাত্র ও শিক্ষকদের একাংশ সমাবর্তন অনুষ্ঠানে তাঁর ভাষণ দেওয়ার প্রতিবাদে সে অনুষ্ঠান বয়কট করে। প্রাচ্যের অক্সফোর্ডের সেসব ছাত্র ও শিক্ষকের কাছে একজন নোবেল বিজয়ীর ভাষণ শোনা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার বলে বিবেচিত হয়নি। বরং তাঁকে হেনস্তা করতে পেরে সহর্ষে মুখরিত হয়েছিলেন। খুব বেশি লোক যে তাঁর এমন হেনস্তা হওয়া দেখে দুঃখিত হয়েছিল, তা মনে পড়ে না।অধ্যাপক ইউনূসকে নিয়ে কয়েক সপ্তাহ জুড়ে যে কাণ্ড চলছে, আগের তাবৎ হেনস্তা সে তুলনায় নস্যি। অভিযোগ উঠেছে, তিনি গ্রামীণ ব্যাংকের টাকা নয়-ছয় করেছেন। কিন্তু সে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাঁর শ্রাদ্ধ শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথ কুকুরের লেজে টিন বেঁধে তালি দেওয়ার কথা কল্পনা করে শিউরে উঠেছিলেন, সত্যি সত্যি সে দৃশ্য দেখেননি। অধ্যাপক ইউনূসকে এখন সে অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন। ফিচকে কলমবাজদের কথা ছেড়ে দিই। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তাঁর নাম ধরে কটুকথা বলেছেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এমন লোকজন তাঁর সমলোচনায় মুখর। শুধু তাঁর হেনস্তা হবে, সেই উদ্দেশ্যে দূর মফস্বলে তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে তাঁকে হাজিরা দিতে বাধ্য করা হয়েছে। যে গ্রামীণ ব্যাংক তাঁর সৃষ্টি, সেখানে এখন যিনি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, ইউনূসকে তিনি ‘ক্ষুদ্র-হূদয় মানুষ’ বলে তিরস্কার করেছেন।ইউনূস আমাদের একমাত্র নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষের কাছে তিনি শ্রদ্ধেয়। শুধু শ্রদ্ধা পেলেন না তাঁর নিজের দেশের মানুষের কাছে। শুধু শ্রদ্ধা নয়, সামান্য সৌজন্যবোধটুকুও তাঁরা দেখাতে পারলেন না। এ লজ্জা কোথায় রাখব, কীভাবে ঢাকব?