রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রিয় বইয়ের ধরনও বদলে যায়। এ বিষয় নিয়ে বনফুল ছদ্মনামের কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ‘পাঠকের মৃত্যু’ নামে একটি চমৎকার ছোট গল্প আছে। তবে কিছু বই বয়স বাড়লেও তার আবেদন ফুরিয়ে যায় না। আমার কাছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তেমনই একটি কালোত্তীর্ণ প্রিয় বই। গল্পগুচ্ছর গল্পগুলো সেই শৈশবে পড়া। তবু এখন আবার পড়তে গেলে নতুন করে উপভোগ করি। ভালো লাগে।দশ-এগারো বছর বয়সে আমার গল্প-উপন্যাস পড়া শুরু হয় প্রধানত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দিয়ে। মনে আছে, সে বয়সেও পরিণীতা বা দেবদাস পড়ে মনে এক ধরনের রোমান্টিক ভাব তৈরি হতো। শৈশব থেকে কৈশোর পর্যন্ত কেটেছে বাংলা সাহিত্যের বিচিত্র বিষয়, স্বাদ ও আঙ্গিকের কত সব বই পড়ে। এখন সেগুলো থেকে একটিকে প্রিয় বই হিসেবে নির্বাচন করা কঠিন। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী একাধিকবার পড়েছিলাম এবং সত্যজিৎ রায়ের তিন খণ্ডে চলচ্চিত্রে রূপ দেওয়ার পর বইটিকে নতুন রূপে আবিষ্কার করেছিলাম।কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে ক্রমে ইংরেজি ভাষায় লেখা বইয়ের প্রতি ঝুঁকে পড়ি। বিশ্বসাহিত্যের নামীদামি লেখকদের বিখ্যাত সব সাহিত্যকর্মের বাইরে কেন জানি আমার একটা পক্ষপাতিত্ব আছে তাঁদের অপেক্ষাকৃত কম পরিচিত লেখার প্রতি। রুশ ভাষার অমর ঔপন্যাসিক লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস ও আনা কারেনিনা উপন্যাস দুটি বহুল পরিচিত। তবে আমার বেশি প্রিয় ইংরেজিতে অনূদিত তাঁর ছোটগল্পের সংকলন হাউ মাচ ল্যান্ড এ ম্যান নিডস অ্যান্ড আদার স্টরিজ। তাঁর বড় দুটি উপাখ্যানের মানবিক উপাদানগুলো এসব ছোটগল্পেই পাওয়া যায়। দি অ্যানিম্যাল ফার্ম-খ্যাত লেখক জর্জ অরওয়েলের যে বইটি আমাকে বেশি আকৃষ্ট করেছে, সেটি হলো তাঁর কলেকটেড অ্যাসেজ। এতে মহাত্মা গান্ধীকে মূল্যায়ন করে চমৎকার একটি প্রবন্ধ আছে। একজন মহান ব্যক্তিত্বের চারিত্রিক নানা দোষ-ত্রুটির সমালোচনা করেও কী করে রচনাশৈলীর গুণে একই সঙ্গে অকৃত্রিম শ্রদ্ধাও নিবেদন করা যায়, তার অনুপম একটি দৃষ্টান্ত এ প্রবন্ধ।বিশ্ববিদ্যালয়জীবনে খুব আগ্রহ নিয়ে পড়েছি বার্ট্রান্ড রাসেলের রাজনীতি, সমাজ ও দর্শন বিষয়ের বইগুলো। ষাটের দশকের শেষে প্রকাশিত হয় তাঁর তিন খণ্ডের আত্মজীবনী। এর প্রথম দুই খণ্ড কিনতে গিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার হিসেবে পাওয়া আমার বই কেনার ৩০০ টাকা বরাদ্দের প্রায় পুরোটা শেষ হয়ে গিয়েছিল। এত দিন পর সেই আত্মজীবনীমূলক বইগুলো পড়তে গেলে আমাকে বেশি আকৃষ্ট করে সেগুলোর সঙ্গে সংযোজিত লেখকের ব্যক্তিগত পত্রালাপগুলো, এখনকার ই-মেইলের যুগে এ ধরনের চিঠিপত্র লেখার রীতি উঠে গেছে বলেই হয়তো।সম্প্রতি আমার প্রিয় আরও তিনটি আত্মজীবনীমূলক বইয়ের নাম না বললেই নয়। বারাক ওবামার ড্রিমস ফ্রম মাই ফাদার, নেলসন ম্যান্ডেলার দুই খণ্ডের লং ওয়াক টু ফ্রিডম এবং সদ্য প্রয়াত একালের শ্রেষ্ঠ বামপন্থী ইতিহাসবিদ এরিক হবসবমের ইন্টারেসটিং টাইমস। শেষোক্ত বইয়ের উপসংহারে লেখক বর্তমান বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকার অসংগতি নিয়ে মন্তব্য করেছেন এভাবে: সে দেশের ওহাইও ও ফ্লোরিডা রাজ্যের মাত্র কয়েকটি অঞ্চলের ভোটারদের সমর্থন কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করে কে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, আর সারা পৃথিবীর ভাগ্যও সেই সঙ্গে অনেকাংশে নির্ধারিত হয়ে যায়।অনুলিখন: সুচিত্রা সরকার