সময়টা ষাটের দশক। সবে তৃতীয় শ্রেণীতে পড়ছি। তখনই পাঠ্যবইয়ের বাইরের বইয়ের দুনিয়ার খোঁজ পেলাম। চট্টগ্রামের বোয়ালখালী থানার হাওলায় ছিল ইকবাল পাঠাগার। প্রতিদিন সেখানে যেতাম বই নিতে। একটা বই দু-তিন দিনের মধ্যে শেষ হয়ে যেত। তখন গোয়েন্দা গল্প বেশ ভালো লাগত। গোয়েন্দা গল্পের লেখক স্বপন কুমারের বই খুব পড়তাম। হঠাৎ করেই সেই পাঠাগার, হাওলা আর চট্টগ্রাম থেকে বিদায় নিতে হলো। চলে এলাম ঢাকায়। ভর্তি হলাম সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে। স্কুলেই ছিল বিশাল একটা পাঠাগার। মনে আছে, তখন অষ্টম কি নবম শ্রেণীতে পড়ি, তখনই বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি উপন্যাসটা পড়ে ফেলেছি।সে সময় কিছু টাকা জমলেই বাংলাবাজার, তৎকালীন জিন্নাহ অ্যাভিনিউর পাশে স্টেডিয়ামের ফুটপাত থেকে পুরোনো বই কিনতাম। প্রগতি প্রকাশনীর বইসহ অনেক বই পাওয়া যেত সেখানে। মনে আছে, বায়তুল মোকাররমের বাইরে ফুটপাত থেকে চার আনায় কনের বাবা বইটি কিনেছিলাম। আর সুকুমার রায়ের আবোল-তাবোল বইয়ের প্রথম সংস্করণ কিনেছিলাম আট আনায়। কেনার পর রাজ্যজয়ের আনন্দ হয়েছিল মনের মধ্যে। এরপর পড়ার বিষয় পাল্টে গেল আমার চেতনার বদলের সঙ্গে সঙ্গে। ১৯৬৭ সালের শেষের দিকে সংবাদ পত্রিকায় যাতায়াত শুরু হলো আমার। সেই সঙ্গে জড়িয়ে পড়লাম বামপন্থী আন্দোলনের সঙ্গে। নিয়মিত কথা হতো শহীদুল্লা কায়সার, সত্যেন সেন আর বজলুর রহমানের সঙ্গে। পড়তে শুরু করেছি রাহুল সাংস্কৃত্যায়ন, সত্যেন সেন আর রণেশ দাশগুপ্তের বই।তারপর স্বাধীনতার পরে আমার বই পড়ার একজন গুরুকে পাই। তিনি গণিতজ্ঞ ও ইতিহাসবিদ আবদুল হালিম। কী বই পড়া উচিত, কোন লেখকের লেখা ভালো—এ রকম নানা নির্দেশনা, যোগ্য শিষ্যের মতো মাথা পেতে গ্রহণ করতাম। তাঁর নিজের বিরাট একটা পাঠাগার ছিল। সেখান থেকে আমি দেশ-বিদেশের নানা ধরনের বই পড়েছি। এরপর আমি অনার্সে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। একাডেমিক কারণেই বাংলা সাহিত্যের নানা বই তখন পড়তে শুরু করেছি। রাজনৈতিক ইতিহাস, লোকসাহিত্য, পুরান, পূর্ব বাংলার সাহিত্য—এ বিষয়গুলোর প্রতি আলাদা করে আমার আগ্রহ রয়েছে। এসব বিষয়ের ওপর যেকোনো বই পেলেই পড়ে ফেলি।লেখকদের মধ্যে প্রিয় লেখক অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আনিসুজ্জামান, আবদুল হালিম, সন্তোষগুপ্ত। আর আন্তর্জাতিক অঙ্গনের মধ্যে আফ্রিকার কবিদের কবিতা আমার বিশেষভাবে ভালো লাগে। এ ছাড়া লিও টলস্টয়, মাক্সিম গোর্কি, লু স্যুন, রাহুল সাংস্কৃত্যায়ন, কৃষন চন্দ ও সাজ্জাদ জহিরের লেখা বিশেষভাবে পছন্দ।প্রিয় বইয়ের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে রণেশ দাশগুপ্তর আলো দিয়ে আলো জ্বালা, আনিসুজ্জামানের মুসলিম মানস ও বাংলা সাহিত্য, শহীদুল্লা কায়সারের সংশপ্তক আমার খুব প্রিয় বই।যে বইটি আমার হাতের কাছেই থাকে আর বারবার এর পাতা উল্টাই, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। মানুষের জীবনের যত ভাব-সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-হতাশা এবং সেই হতাশা থেকে উত্তরণের বাণী পাওয়া যায় এখান থেকে। সেই সঙ্গে আনন্দ ও দুঃখের মধ্য দিয়ে জীবনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার যে প্রেরণা, সেটা একমাত্র সঞ্চয়িতাই দিতে পারে। সঞ্চয়িতার মানবসভ্যতার উত্তরণের সঙ্গে যুক্ত কবিতাগুলো ভালো লাগে। ‘আফ্রিকা’ কবিতাটি এর মধ্যে অন্যতম। এ ছাড়া রোমান্টিক কবিতার মধ্যে ‘নিমন্ত্রণ’, ‘বলাকা’, ‘শাহজাহান’ও বারবার পড়ি।অনুলিখন: সুচিত্রা সরকার