তখন ২০০১ সাল। জার্মান নাগরিক এসা ডেজিবব রমজান উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের বিচিত্র সংস্কৃতি নিয়ে একটি পুস্তক ফাঁদলেন, নাম রমজান: সমগ্র অনুভূতির রোজা। তো, সে সময় বিভিন্ন দেশে রমজানের চালচিত্র বোঝাতে ওই বইয়ের সঙ্গে কিছু আলোকচিত্রও জুড়ে দেওয়া হলো। আলোকচিত্রী ক্রিস্টাল বেকার রাওয়ের তোলা সেসব আলোকচিত্রের সমন্বয়ে গতকাল ১২ আগস্ট জার্মান কালচারাল সেন্টারে শুরু হয়েছে এক চমকপ্রদ প্রদর্শনী—‘রমজান ইন দ্য মিডিলিস্ট’।রমজান মাসের বাঁকা চাঁদ এখন দুয়ারে দাঁড়িয়ে। আজ শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের মাসব্যাপী সংযম ব্রত। কিন্তু তার আগে উৎসবের তোড়জোড় কি থেমে আছে? রমজানের সংযমের প্রস্তুতি এখন দিকে দিকে। এর মধ্যে ক্রিস্টাল বেকার রাওয়ের তোলা ছবিগুলো নীরবেই জানিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কীভাবে পালিত হয় রোজা। প্রদর্শনীতে মূলত মিসর, জর্ডান ও ফিলিস্তিন ভূখণ্ডের রমজান মাসের চিত্রাবলি বিধৃত হয়েছে। আর বাঙালি চোখের আলোয় আমরা দেখতে পেয়েছি রমজান সংস্কৃতির ক্ষেত্রে আমাদের দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কতটা ফারাক, কতটাই বা মিল।৫৮টি আলোকচিত্রের মধ্যে ‘কায়রো, মানিয়াল আল রোদা’ শিরোনামে দুই নম্বর ছবিতে যেমন দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ইফতারের জন্য লেটুসপাতা বিক্রি করছে দুই শিশু। তাদের মুখ হাসিমাখা।আবার ক্রিস্টাল বেকার তাঁর ক্যামেরাকে যখন ফিলিস্তিনের প্রাচীন এলাকার দিকে ফোকাস করেন, দেখতে পাই, একটি মেয়ে ঢোল পিটিয়ে এবং একটি ছেলে চিত্কার করে সেহিরর জন্য সবাইকে ডেকে চলেছে। আমাদের দেশ আর ফিলিস্তিনের মুসলমানদের এ ক্ষেত্রে বোধ করি ফারাক নেই কোনো। ক্রিস্টাল ব্রেকারের এ প্রদর্শনীটি মুসলিম জনসম্প্রদায়ের ঐক্যগুলো বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।অন্য দিকে প্রদর্শনীর পাঁচ নম্বর আলোকচিত্রে যখন দেখি, সমাগত সন্ধ্যায় পরিজনদের সঙ্গে ইফতারে অংশ নিতে দামেস্কের সবাই বাসভর্তি হয়ে ছুটছেন, তখন না চাইলেও আমাদের মনে রমজান মাসের ঢাকা শহরের স্মৃতি উঁকিঝুকি দিয়ে যায়। ভেসে ওঠে সন্ধ্যার ছুটে চলা সেই মুখগুলো...। পুরো ছবিটি বেকার খানিকটা অস্পষ্ট করে তুলেছেন, হয়তো দ্রুতগামী মানুষের গতিশীলতা স্থিরচিত্রে ফুটিয়ে তোলার প্রয়োজনেই। ফলে চিত্রটি তার ভেতরে স্থির হওয়া চরিত্রগুলোর মনোভাব ও আকাঙ্ক্ষা সুচারুরূপে ব্যক্ত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর রোজার হালচাল নিরীক্ষণের ক্ষেত্রে ‘রমজান ইন দ্য মিডিলিস্ট’নামা প্রদর্শনীর সমাজতাত্ত্বিক গুরুত্বও আছে।প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর এর মধ্যে বিভিন্ন দেশের রমজানের চিত্রাবলিতে চোখ বুলিয়ে নিতে পারবেন আমাদের বাঙাল দর্শক।