রম্যরচনা
নির্বাচিত রম্যরচনা—লেখক: আবদুশ শাকুরপ্রকাশক: মাওলা ব্রাদার্স \ ফেব্রুয়ারি ২০১০ \ ৩০০ টাকা \ ২৭২ পৃষ্ঠা আবদুশ শাকুরের রম্য গল্প ও রচনা যথা সংগীতশিল্পের টপ্পা ও ঠুংরি, যার সুস্মিত হাস্যরস আভিজাত্যেরও স্বতন্ত্র একটি স্তরের। টপ্পা-ঠুংরির নিচে নেমে আখড়াই-হাফ আখড়াই-আসরের খেমটাওয়ালি সাজার খামখেয়ালি করতে গেলেই খেয়ালি-লেখাটা রম্যরসাত্মক রচনার আসর থেকে ছিটকে গিয়ে, পড়ে যায় হাস্যরসাত্মক রচনার এলাকায়। মোট কথা, রমণীয় রচনাসাহিত্যকে লঘুশাস্ত্রীর থাকতেই হবে। এতে অবশ্য ভয়ের কারণ থাকত না, যদি না সাহিত্যে রসের লোভে তার সারের দিকটা উপেক্ষা করার সম্ভাবনা এসে পড়ত। কদলীবৃক্ষের অন্তরে সার নেই, আছে কেবল রস; সে কারণ আমরা যদি বঙ্গসাহিত্যে সেই নিটোল সুগোল মসৃণ চিক্কণ নধর সরস বৃক্ষের চাষের প্রশ্রয় দিই, তাহলে বঙ্গসরস্বতীর কপালে নিশ্চয়ই শুধু কদলীভক্ষণই লেখা আছে। সেই অসার সরসের চাষের প্রশ্রয় নেই আবদুশ শাকুরের। তাই তাঁর রম্যরচনা সর্বদাই শাঁসালো।