গত ১৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল জার্মানির উল্লেখযোগ্য সমকালীন শিল্পী সিগমার পোলকের (জন্ম ১৯৪১) একক চিত্র প্রদর্শনী। এ বছরের ১১ জুন পোলকে প্রয়াত হন। তাঁকে শ্রদ্ধা জানাতে এই প্রদর্শনীর আয়োজন। এতে গোয়াশ মাধ্যমে করা ৪০টি চিত্র প্রদর্শিত হয়েছে। প্রতিনিধিত্বশীল ফর্মের উপস্থাপন ও বিমূর্তায়ন—উভয়ের স্বচ্ছন্দ সমন্বয় পোলকের ছবির বৈশিষ্ট্য। এই ফর্ম তিনি নির্বাচন করেছেন জনপ্রিয় বা গণসংস্কৃতি, সংবাদপত্র, বিজ্ঞাপন এবং কমিকস থেকে। তাঁর ছবি একই সঙ্গে সাম্যবাদ ও পুঁজিবাদের পরোক্ষ সমালোচনা এবং তাঁর সময়কার পরিবর্তনশীল জার্মান সমাজের জটিল চরিত্রকে উপস্থাপন করে। গণসংস্কৃতির উপাদানের সঙ্গে তাঁর ছবিতে মিশেছে ওল্ডমাস্টারদের প্রিন্ট এবং পেইন্টিংয়ের ইমেজ, যা ছবিতে শ্লেষ তৈরি করেছে। আমেরিকান পপশিল্পী অ্যানডি ওয়ারহোল এবং রয় লিচেনস্টেইনের মতো তাঁর ছবিতে আছে রঙিন ছোট ছোট বৃত্তের ব্যবহার এবং এর মধ্য দিয়ে ইমেজ নির্মাণ, যা তার নিজস্ব স্টাইল তৈরি করেছে। পোলকের ছবি তৈরি হয়েছে অসদৃশ ইমেজের সমন্বয়ে। বিচিত্র ধরনের একাধিক মাধ্যম নিয়ে নিরীক্ষাধর্মিতা তাঁর ছবির বৈশিষ্ট্য। একটি ফর্মের ওপর অন্য একটি ফর্ম, ফর্মের ওপর ড্রয়িং, এলোপাতাড়িভাবে রং লাগিয়ে তার ওপর ডট দিয়ে তৈরি ফর্ম, ডটের মাধ্যমে ফর্মকে বিশ্লিষ্ট করা, এলোমেলোভাবে রং লাগিয়ে তার ওপর ড্রয়িং করা প্রভৃতি তাঁর ছবিগুলোর বৈশিষ্ট্য। এলোমেলো রং লেপন বিশৃঙ্খলা ও অবচেতনের ইঙ্গিত দেয়। আবার বিভিন্ন ধরনের ইমেজের একাধিক স্তর ছবিগুলোতে গতানুগতিকতার বাইরে এক ধরনের নান্দনিক বোধ তৈরি করে।পোলকের এই বিরুদ্ধ বা বিপরীত শিল্পরীতির শুরু ষাটের দশকের শুরুতে। গ্লাস পেইন্টিংয়ের ওপর শিক্ষানবিশি শেষ করে ১৯৬১ সালে তিনি ভর্তি হন ডুসেলডর্ফ আর্ট একাডেমিতে। সেখানে তিনি নিরীক্ষামূলক কাজ করেন শিক্ষক জোসেফ বায়ুসের প্রভাবে। ১৯৬৩ সালে পোলকে এবং আরও দুজন শিল্পী ক্যাপিটালিস্ট রিয়েলিজম নামের একটি শিল্প আন্দোলন গড়ে তোলেন। যুদ্ধ-পরবর্তী জার্মান কনজ্যুমার সোসাইটির বিভিন্ন উপাদান—খাদ্যদ্রব্য, চকোলেট, বিস্কুট, সসেজ, ম্যানিকুইনসদৃশ মানুষের শরীর, কেক, বিনোদন, সি-বিচ, প্লাস্টিকের বেসিন প্রভৃতি দৈনন্দিন জীবনের উপাদান, কাব্যিক বিষয়বস্তু প্রভৃতির বিদ্রূপাত্মক এবং রসময় চাতুর্যপূর্ণ উপস্থাপন চোখে পড়ে ষাট ও সত্তরের দশকে। জার্মানির ইতিহাস, যেমন—পূর্ব ও পশ্চিম জার্মানির ভাঙন, ওয়াচ টাওয়ার, হিটলারের কনসেনট্রেশন ক্যাম্প প্রভৃতি বিষয় হিসেবে এসেছে তাঁর ছবিতে, গত শতকের আশি এবং নব্বইয়ের দশকে। ফল ও সবজির রস, সিলভার অক্সাইড, আর্সেনিক গুঁড়া, ধাতব গুঁড়া রেজিন প্রভৃতি দ্রব্য দিয়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে সমাজ ও রাজনীতির প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং অবচেতনকে বিমূর্তের মধ্য দিয়ে প্রকাশ পোলকের ছবিতে অ্যান্টি-আর্ট নন্দনতত্ত্বের ভিত্তিকে জোরালো করেছে।