রসে ভরা বিশ্বকোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠক সতর্কতা: পরের বাক্য পড়ার আগে লম্বা শ্বাস নিই। এরপর পড়ুন: ওসামা হুসেইন মোহাম্মদ আবদুল বারাক ওবামা ফ্লেম-শ্যাকি আলি-আবু জারকাওয়ি মেহমেদ আহমাদিনেজাদ বিওর্ক ডাস্ট বিন লাদেন।পুরো পরিবারের ঠিকুজি নয়, এতক্ষণ একজন মানুষেরই নাম পড়লেন। বিচক্ষণ পাঠকমাত্রই অনুমান করে নিতে পারেন, বিন লাদেনের নামের ‘প্যারোডি’ করে বানানো হয়েছে এই নাম। ১৭ অক্ষরের যে নামে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা থেকে শুরু করে মার্কিনদের এখনকার এক নম্বর ‘শত্রু’ আহমাদিনেজাদও আছেন। এহ বাহ্য। প্রশ্ন হলো, লাদেনের নামের এমন বেঢপ আকার করল কে?করলেন ‘আনসাইক্লোপিডিয়ান’রা। অনলাইন মুক্তবিষকোষ উইকিপিডিয়ার প্যারোডি করে ২০০৫ সালে চালু হয় ব্যঙ্গাত্মক মুক্তবিশ্বকোষ আনসাইক্লোপিডিয়া। দেখতে হুবহু উইকিপিডিয়ারই মতো। ভালো করে খেয়াল না করলে ধন্দে পড়ে যেতে হয়। কিন্তু এর ভুক্তিগুলো পড়লেই উইকিপিডিয়ার সঙ্গে আনসাইক্লোপিডিয়ার পার্থক্য চোখে পড়ে। উইকিপিডিয়ার মতো আনসাইক্লোপিডিয়ারও পাঁচটি মূল স্তম্ভ। কিন্তু উইকিপিডিয়া যেখানে নিরপেক্ষ অবস্থান থেকে সঠিক তথ্য দিতে চায়, কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা যেখানে নীতিবিরুদ্ধ; আনসাইক্লোপিডিয়া এর কিছুইর ধার ধারে না। তাদের মূলনীতি তথ্যের যথার্থতা নয়। ‘ইনফরমেশন’ নয়, তারা বরং ‘মিসইনফরমেশন’ দিতে বেশি উৎসাহী। তথ্যের গরু গাছে উঠে যাক; আপনাকে ভুক্তিটা লিখতে হবে ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক ভাষায় এবং হাস্যরস তৈরি করতে আপনি ভুল তথ্যও দিতে পারেন অনায়াসে। এ জন্য আপনার হাতে থাকছে অবাধ স্বাধীনতা। এমনকি উইকিপিডিয়া যেখানে বলে ‘ফ্রি কনটেন্ট’; আনসাইক্লোপিডিয়া বলে ‘কনটেন্ট-ফ্রি’!আনসাইক্লোপিডিয়ায় বিন লাদেনের ভুক্তিটাই উদাহরণ হিসেবে নিন। সেখানে শুরুতেই লাদেনের নাম ইচ্ছে করেই ভুলভাবে লেখা হয়েছে। শুধু তা-ই নয়, লাদেনের ছবি হিসেবে দেওয়া হয়েছে ফটোশপের কারিকুরিতে জর্জ বুশের মুখচ্ছবিতে লাদেনের দাড়িগোঁফ আর পাগড়ি বসিয়ে দিয়ে! ছয় বছর বয়সে বিন লাদেনের আঁকা ছবিও দিয়েছে তারা। কিশোর বিন লাদেন নাকি সেই বয়সেই ‘একেএফ ৪৭’ নামের একটি রাইফেলের নকশা বানিয়ে ফেলেছিলেন!উইকিপিডিয়ার নীরস তথ্য সাগরে যাদের প্রাণ আইঢাই, নিছক মজা খুঁজতে তাঁরা ঢুঁ মারতে পারেন আনসাইক্লোপিডিয়ায়। এই গ্যারান্টি দেওয়া যায়, রসবোধ আছে যাঁদের, বেশ মজাই পাবেন আনসাইক্লোপিডিয়ার ভুক্তিগুলো পড়ে। শুধু রাজনীতিই নয়; বিজ্ঞান, ক্রীড়া থেকে শুরু করে সব অঙ্গনেরই ভুক্তি আছে তাদের। ক্রিকেট নিয়ে লেখা ভুক্তিটার শুরুতে দেওয়া আছে বেশ কয়েকজনের মন্তব্য। প্রথম মন্তব্যটি এক আমেরিকানের: ‘ওয়াও, আমি ভেবেছিলাম বেসবল খেলাটাই সবাই ধীর গতিতে খেলছে।’ দ্বিতীয় মন্তব্যটি শুনুন: ‘বেশ, তাহলে খেলা শুরু হবে কখন’—ছয় ঘণ্টা ক্রিকেট দেখার পর হাসেলহফ নামের একজন। জর্জ দুবাইয়া বুশ নামের একজনের উদ্ধৃতিও আছে: ‘ক্রিকেট? এটা তো এক ধরনের পোকা, তা-ই নয় কি!’মূলত ইংরেজি ভাষার হলেও এরই মধ্যে বিশ্বের ৭৫টি ভাষায় ভুক্তি লেখা শুরু হয়ে গেছে আনসাইক্লোপিডিয়ায়। ২০১০ পর্যন্ত ইংরেজি সংস্করণের ভুক্তির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। আনসাইক্লোপিডিয়ার জনক সাইবার-জগতে ‘ক্রোনারিয়ন’ নামে পরিচিত জোনাথন হুয়াং। তরুণ এই ইন্টারনেট-উদ্যোক্তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় না। পাওয়া যায় না তাঁর নিশ্চিত কোনো ছবিও। আনসাইক্লোপিডিয়ার ভাষার মতোই তিনিও যেন হেঁয়ালির মধ্যেই থাকতে ভালোবাসেন। নিজেকে লুকিয়ে রাখার মধ্যেও জন্ম দেন রসের।প্রায়ই উইকিপিডিয়াকে শ্লেষাত্মক আক্রমণ করলেও চরিত্রের দিক দিয়ে আনসাইক্লোপিডিয়া ঠিক যেন উইকিপিডিয়ারই রসময় সংস্করণ। এখানেও ভুক্তি তৈরি হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উইকিপিডিয়ানদের মতো তাদেরও আছে আনসাইক্লোপিডিয়ান। উইকিপিডিয়ার মতো তাদেরও বেশ কিছু প্রকল্প আছে: আনবুকস, আননিউজ, আনডিকশনারি, আনকোটেবল। সবখানেই শুধু মজা, রস। সিরিয়াস উইকি পাঠকদের জন্য অনলাইনের এই বিশ্বকোষ যেন ‘বিষ’-শোকোষ’; তাদের তাই পড়া নিষেধ!শুধু শব্দ-বাক্যে কিংবা সংযুক্ত ছবিগুলোতেই রস ছড়িয়ে নেই। কিছু কিছু ক্ষেত্রে আনসাইক্লোপিডিয়ানদের রসবোধ মুগ্ধ করার মতো। সোভিয়েত ইউনিয়ন নিয়ে লেখা ভুক্তিটার ফন্টের রং যেমন পুরোটাই লাল! বারাক ওবামাকে নিয়ে লেখা ভুক্তিটায় ইচ্ছে করে ওবামার নাম ভুল করে লেখা হয়েছে এভাবে: ‘বারাক হোসেন ওসামা ওবামা’। ওবামার মূল দর্শন ‘চেঞ্জ’ বা পরিবর্তনকে ব্যঙ্গ করে দেখিয়ে দেওয়া হয়েছে ‘খুচরো পয়সা’ হিসেবে!‘বড় ভাই’ উইকিপিডিয়াকেও সময়-সুযোগ পেলে এক হাত যে তারা নেয়, সে তো আগেই জেনেছেন। উইকিপিডিয়ায় কিন্তু আনসাইক্লোডিপিয়া নিয়েও একটা ভুক্তি আছে। যে ভুক্তির প্রথম বাক্য: ‘আনসাইক্লোপিডিয়া হচ্ছে উইকিপিডিয়ার প্যারোডি।’ আর আনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া নিয়ে তাদের লেখা ভুক্তির প্রথম বাক্যে কী লিখেছে জানেন? ‘উইকিপিডিয়া হলো আনসাইক্লোপিডিয়ার প্যারোডি!’