রহস্যময় পো টোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর জানুয়ারির ১৯ তারিখে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমাধিস্থলে অপেক্ষা করে অসংখ্য কৌতূহলী মানুষ। তাদের চোখ খুঁজতে থাকে রহস্যময় এক চরিত্রকে। কেউ কখনো তাঁর চেহারা দেখেনি। জানে না তাঁর নাম। ভোরের দিকে নিঃশব্দে সেই রহস্যময় চরিত্র প্রবেশ করে তাঁর প্রিয় লেখকের সমাধিতে। তাঁর পরনে থাকে কালো কোট আর কালো টুপি। মুখ ঢাকা থাকে পাতলা কাপড়ে। তাঁর হাতের ফরাসি কনিয়াক (মদবিশেষ) টোস্ট করে অভিবাদন জানায় তাঁর প্রিয় লেখককে। তারপর তাঁর সমাধির ওপর তিনটি লাল গোলাপ আর কনিয়াকের অর্ধেকসহ বোতলটি রেখে হারিয়ে যান লোকচক্ষুর আড়ালে।লোকজন তাঁর নাম দিয়েছে ‘পো টোস্টার’। কিন্তু কে এই পো টোস্টার! উত্সুক দর্শকের কাছে খুব অল্প সময়ই দেখা দিয়েছে এ রহস্যময় চরিত্র। অধিকাংশ বছর তাঁকে দেখাই যায় না। সবাইকে ফাঁকি দিয়ে নীরবে লেখকের সমাধিতে রেখে যান কনিয়াক ও তিনটি লাল ফুল।এভাবেই চলছিল এত গুলো বছর। ২০০৯ সালে পালিত হলো পোর ২০০তম জন্মদিন। প্রতিবছরের মতো এ বছরও উত্সুক জনতার ভিড় ছিল বাল্টিমোরে পোর সমাধির বাইরে। গত মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঠান্ডার মধ্যে সবাই অপেক্ষা করছে পো টোস্টারের। ২৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ছয়-সাত ঘণ্টা অপেক্ষা করেও সেদিন পো টোস্টারের খোঁজ পায়নি কেউ। সমাধির ওপর ছিল না কনিয়াক কিংবা কোনো লাল ফুল। ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো ফাঁকি দিলেন পো টোস্টার। কোথায় হারালেন তিনি?বুঝতেই পারছেন, পুরো রহস্যটা ঘটছে রহস্য-রোমাঞ্চ লেখক এডগার অ্যালান পোর সমাধিতে। যত দিন বেঁচে ছিলেন, সারা দুনিয়ার পাঠককে বুঁদ করে রেখেছিলেন কলমের জাদুতে। জন্ম দিয়েছেন শত শত রহস্যের। মাত্র ৪০ বছর বয়সে ভক্তদের হতাশ করে পৃথিবী থেকে বিদায় নেন পো (১৮০৯—৪৯)।আর পোর মৃত্যুর পর তাঁকে ঘিরেই জন্ম নিয়েছে রহস্যময় পো টোস্টার। পোর মৃত্যুর ১০০ বছর পর ১৯৪৯ সালে আবির্ভূত হন এই রহস্যময় পো টোস্টার। প্রায় ৫০ বছর ধরে কখনোই এ ধারার এদিক-সেদিক হয়নি। লেখকের অন্যান্য ভক্তসহ তাঁর স্মরণে নির্মিত সংঘও তাঁকে ভালোভাবেই গ্রহণ করে। ধারণা করা হয়, ১৯৯৮ সালে সাবেক পো টেস্টার মারা গেছেন। এরপর আরেকজন এ দায়িত্ব নেন। পুরোটাই ধারণা। কারণ, তাঁদের কারও পরিচয়ই কারও জানা নেই। ২০০৭ সালে ৯২ বছর বয়সী স্যাম পোরপোরা নামের এক ভদ্রলোক নিজেকে পো টোস্টার হিসেবে দাবি করেন। শুধু পোরপোরাই নন, বহু মানুষই নিজেকে পো টোস্টার হিসেবে দাবি করেছে বহুবার। কারও দাবিই সত্য বলে মনে হয়নি ভক্তদের কাছে।কিন্তু এবার যে তাঁর পরিচয়টা জানার আর কোনো উপায়ই রইল না। সত্যিই হারিয়ে গেলেন পো টোস্টার! অ্যালান পোর মতোই এক রহস্যের জগতে চলে গেলেন টোস্টার?ওয়েবসাইট অবলম্বনে শিখ্তী সানী