রহস্যে ভরা এ জগতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

প্রায় ৩২ বছর আগে আমি শেষবারের মতো রাঙামাটি গিয়েছিলাম। জীবনের প্রথম চাকরির কাজে। তখন আমার জীবনে তারুণ্য, দু-চোখে অনেক স্বপ্ন। সর্বদা মনে হতো, সারা পৃথিবীর পথে পথে হেঁটে বেড়াব। দিল্লি থেকে ইস্তাবুল, তারপর প্যারিস, নিউইয়র্ক, অবশেষে প্রশান্ত মহাসাগর পার হয়ে টোকিও। এভাবে পৃথিবীর পথে পথে ভেসে বেড়াবে আমার পাল তোলা জীবন-নৌকা। ১৯৮২ সালের দুপুরে রাঙামাটির রিজার্ভবাজারে একেবারে খুব সাধারণ মানের এক হোটেলে শুয়ে আমি এই দিবাস্বপ্ন দেখেছিলাম। ইট ও কাঠ দিয়ে তৈরি খুব হালকা-পাতলা হোটেল, কাঠের সিঁড়ি, নাম ‘হোটেল হাসনা হেনা’। হোটেলের একটি ঘরের বিছানায় আমি চোখ বুজে শুয়েছিলাম। এমন সময় ঘরে শুনতে পেলাম কার যেন চুড়ির রিনিঝিনি আওয়াজ। চোখ খুলে দেখি এক অতি রূপবতী নারী, চেহারা ও পোশাক দেখে তাকে চাকমা বলে মনে হলো। আমি তাকে দেখে এতটুকু ভয় পেলাম না, তবে বিস্মিত হলাম। ঘরের দরজা ভেতর থেকে লাগানো, তাহলে কী করে এই নারী এখানে প্রবেশ করল? চেয়ে দেখি, সে আমার দিকে তাকিয়ে খুব আপনজনের মতো হাসছে। যেন সে আমার অনেক দিনের চেনা, সে যেন আমার পূর্বজন্মের প্রেয়সী। আমি বললাম, ‘তুমি কে? এই ঘরে এসেছ কীভাবে? কোথায় তোমার বাড়ি?’

নারীটি বলল, ‘তোমার এত প্রশ্নের জবাব একসঙ্গে আমি দেব কীভাবে? একটু সবুর করো। আস্তে আস্তে সব প্রশ্নেরই জবাব পাবে।’ এদিকে নারীটির আগমনে সারা ঘর অজানা ফুলের মিষ্টি গন্ধে ভরে গেছে। কী ফুল—আমি জানি না, নারীটির খোঁপায় দেখি লাল আর সাদা রঙের ফুল কয়েকটি। তার শরীর আর খোঁপায় গোঁজা ফুল থেকে পানি ঝরছে টিপ টিপ করে।

এবার নারীটিকে বললাম, ‘তোমার নাম কী? সে বলল, ‘আমার নাম সুশান্তি চাকমা। অনেক বছর আগে তোমার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। কিন্তু তখন এমন ছিলে না, ছিলে অন্য রূপে। অনেক খুঁজে এবার তোমাকে পেয়েছি আমি।’

সুশান্তির সব কথাই কেমন হেঁয়ালি বলে মনে হলো আমার কাছে। কিন্তু চেতনার গভীরে যেন তার ছোঁয়া পেলাম আমি। মনে হলো তাকে আমি দেখেছি বহু বছর আগে, হয়তো আমার জন্মের আগে। সুশান্তি আমায় বলল, ‘আমায় স্পর্শ করবে না আর আমার কথা কাউকে বলবে না। এবার আমি চলে যাব। তুমি অন্যদিকে মুখ ফেরাও।’ আমি অন্যদিকে কিছুক্ষণ মুখ ফিরিয়ে থাকলাম। তারপর তাকিয়ে দেখি, সে নেই! তবে ভয় পেলাম না। কারণ আমি বিশ্বাস করি, রহস্যে ভরা এ জগতে বিস্ময়ের শেষ নেই। এখানে সবকিছুই বিস্ময়কর। আর মানুষ নামের প্রাণীকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত হচ্ছে। মানুষের জন্যই হয়তো এত বিস্ময় সাজিয়ে রেখেছে মহাপ্রকৃতি। আকাশ-মাটি-পৃথিবী-প্রাণিজগৎ-বাতাস-পানি-সমুদ্র-পাহাড়-উদ্ভিদ—সবই যেন হাজার রহস্যে ঘেরা। প্রায়ই ভাবি, এ পৃথিবী আর মহাবিশ্বে এত কিছু এল কোথা থেকে? প্রশ্নের পর প্রশ্ন করে থেমে যেতে হয়। তখন আরও এক গভীর নীরবতা গ্রাস করে আমাকে। তবে বুঝি মানুষ, প্রাণী ও মহাজগৎ বিনা কারণে সৃষ্টি হয়নি। কার যেন একটি উদ্দেশ্য আছে এ মহাসৃষ্টির পেছনে। মানুষ যেন স্রষ্টার প্রতিচ্ছায়া। মানুষের মধ্য দিয়েই এত পরিবর্তন ও কালাকালের বিকাশ। মানুষের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিদিনই এগিয়ে চলেছে। শেষ অবধি মানুষ যে কোথায় পৌঁছাবে তা কেউই জানে না। জ্ঞানবিজ্ঞানে এত উন্নতির পরও মনে হয়, কিছুই জানি না আমরা। সুশান্তি চাকমার কথায় এত কথা মনে হলো। আজ দুপুরে হঠাৎ সে এল কোথা থেকে? নাকি সবকিছুই ভ্রম?

বিকেল বেলা হোটেল থেকে বের হয়ে বনরূপার দিকে গেলাম। তখন রাঙামাটি শহরের প্রধান শহরের একদিকে বাড়িঘর ও দোকান এবং অন্যদিকে বেশ খালি ছিল—খোলামেলা। মনে হতো, শহরের চারদিকে কাপ্তাই হ্রদের নীল পানি দিগন্ত ছুঁয়ে বয়ে যাচ্ছে, মাঝখানে লম্বাটে ধরনের শীর্ণকায় রাঙামাটি শহর শুয়ে আছে হাত-পা ছড়িয়ে। রিজার্ভবাজার যেন তার মাথা আর শরীরটা বনরূপার দিকে। বনরূপায় গিয়ে এক দোকানে চা খেলাম। দু-একজনের কাছে আশপাশের আকর্ষণীয় এলাকা সম্পর্কে জানতে চাইলাম। নন্দলাল শর্মা নামে স্থানীয় এক কলেজের বাংলার অধ্যাপক আমায় বললেন, ‘রাঙামাটি শহরে দেখার কিছু আছে কি? একটি রাস্তা এবং কিছু দোকান ও বাড়িঘর। কিন্তু প্রকৃতির অপরূপ সৃষ্টি যদি দেখতে চান, তবে রাঙামাটি থেকে লঞ্চ, স্পিডবোট বা নৌকাযোগে দূরে কোথাও বেড়িয়ে আসতে পারেন। ১৫-২০ মাইলের ভ্রমণ। পথে কয়েকটি জনবিরল দ্বীপ পড়বে। পাহাড়, অরণ্য ও পশুপাখিতে ভরা। কিন্তু হিংস্র পশু তেমন নেই। হ্রদের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এসব দ্বীপের কোনো তুলনা নেই। অনেক বিদেশি হ্রদের মধ্যে এসব জঙ্গল ও পাহাড়ঘেরা দ্বীপকে সুইজারল্যান্ডের চেয়েও সুন্দর বলে অভিহিত করেছেন। কিন্তু এ নিয়ে তেমন প্রচারণা নেই বলে অনেকেই বাংলাদেশের এ অঞ্চলের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের কথা জানে না। আসলে বাড়ির কাছে আরশিনগর আমরা কেউ খুঁজে পাই না।’

বাংলার অধ্যাপকের ভাবপ্রবণ কথাবার্তা শুনে আমি নিজেও জলপথে ভ্রমণের বিষয়ে উৎসাহী হলাম। রাতে শোয়ার আগে হোটেলের ম্যানেজারের সঙ্গে আলাপ করলাম। আমাকে তিনি পরামর্শ দিলেন, ‘আপনি তেমন দূরে না গিয়ে বরং লঞ্চে করে শুভলং যেতে পারেন। কাপ্তাই হ্রদের জলপথে বরকল যাওয়ার পথেই জায়গাটা পড়বে। সেখানে কয়েক ঘণ্টা ঘুরে আবার বিকেলের লঞ্চে রাঙামাটি ফিরে আসতে পারেন।’

পরের দিন সকালে চা-নাশতা খেয়ে হাজির হলাম রিজার্ভবাজার লঞ্চঘাটে। সকাল থেকেই লঞ্চ সার বেঁধে দাঁড়িয়ে আছে। লঞ্চের কর্মচারী ও যাত্রী বেশির ভাগই বাঙালি। একজন কর্মচারী চিৎকার করে যাত্রীদের ডাকছেন, ‘আসেন সবাই, বরকল, শুভলং।’ একতলা লঞ্চে মাঝখান দিয়ে চলার পথ, দুপাশে সার বেঁধে কাঠের বসার জায়গা। আমি কাঁধের ব্যাগটা রেখে বসতে যাব, দেখি জানালার পাশে বসে আছে সুশান্তি চাকমা। সে আমাকে হাত দিয়ে ইঙ্গিতে বসতে বলল। আমি তার পাশে বসলাম, কিন্তু তার স্পর্শ অনুভব করলাম না। আজ সে বাসন্তী রঙের একটা ‘থামি’ পরেছে। লঞ্চ ছেড়ে দেওয়ার পর কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। দূরে অরণ্য ও সবুজ পাহাড়—মনে হলো বিধাতা যেন দিগন্তঘেরা নীল হ্রদের বুকে নিজ হাতে পাহাড় ও অরণ্যে ভরা এই দ্বীপগুলো গড়ে তুলেছেন।

সুশান্তি চাকমাকে অনেক বেশি চেনা মনে হলো। অনেক আগে কবে যেন এখানকার কোনো অরণ্যে ওর সঙ্গে হেঁটে বেড়িয়েছি। যে জায়গায় লঞ্চটি ক্ষণিকের জন্য যাত্রাবিরতি করল, তার নাম শুভলং। কারা যেন এখানে একটি পাকা ঘাট তৈরি করে দিয়েছে, ঘাট থেকে সিঁড়ি পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে গেছে। সুশান্তি আমাকে লঞ্চ থেকে নামতে বলল। বলল, ‘আজ সারা দিন আমরা এই দ্বীপে থাকব। এখানে নানা রঙের ফুল আছে। সবই বুনো ফুল। কিন্তু গন্ধ খুব তীব্র ও মিষ্টি। কেমন যেন মাদকতা আছে, ঘুম এসে যায়। সিঁড়ি দিয়ে উঠে পাহাড়ের খাঁজে দেখতে পেলাম একটা ক্ষুদ্র বসতি। বেশির ভাগ বাড়িঘর বাঁশ ও ছন দিয়ে তৈরি। এখানে বাঙালি বেশি। তবে কিছু চাকমা-মারমা পরিবারও আছে। একটি দোকান থেকে আমরা কিছু পাহাড়ি কলা কিনলাম। গেলাম বাঙালি পাহাড়িদের পাড়া ছেড়ে নিবিড় অরণ্যে। নানা ধরনের গাছে ভরা অরণ্য—সেগুন, জারুল, গর্জন, গামারি, চাপলাস প্রভৃতি। আছে নাম না জানা বেশ কিছু বুনো ফুলের গাছ। গাছে পাখি ডাকছে। এই এলাকার বিখ্যাত দুটি ঝরনাও এখানে। দুটি ঝরনা থেকে পানি ঝরছে ঝিরঝির করে।

এবার আমার সবকিছু মনে হলো। সুশান্তির সঙ্গে এখানে বহু বছর আগে অনেক ঘুরে বেড়িয়েছি আমি। এই ঝরনা দুটি সেদিনও ছিল। কিন্তু মাঝখানের প্রায় এক শতাব্দী যেন আমি হারিয়ে ফেলেছি। সুশান্তি চাকমা বলল, ‘স্বপন, তুমি কি এ জায়গা চিনতে পেরেছ?’ আমি চমকে উঠলাম। এ নামে খুব আপনজন ছাড়া আমাকে কেউ ডাকে না। বললাম, ‘তুমি এ নামটা জানলে কীভাবে?’ সুশান্তি বলল, ‘আমি তোমার অনেক কিছুই জানি। তোমার আগেও নাম ছিল স্বপন। এ জন্মেও তাই। কিন্তু আর নতুন জন্ম হয়নি। অনেক হাহাকার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সেই যে চলে গেলাম, আর ফিরে আসা হলো না। এসব কথা শুনে তুমি ভয় পেয়ো না।’

 আমি ভাবলাম, আমি কি আসলে বিপদে পড়েছি? অজানা-অচেনা কোনো নারী কি আমাকে বিপদের দিকে নিয়ে যেতে চাইছে? বললাম, ‘তুমি আসলে কে? কোথায় তোমার বাড়ি?’

 সুশান্তি বলল, ‘আমার আদি বাড়ি এই শুভলংয়ে। আমি ছিলাম এখানকার এক তালুকদারের মেয়ে। তখন এখানে এত মানুষ ছিল না। চাকমা আর মারমাই ছিল বেশি। বাঙালিরাও এখানে আসত নৌকা নিয়ে চাটগাঁও, রাউজান, হাটহাজারী থেকে। তুমিও নৌকা নিয়ে এসেছিলে কয়েকবার। বাঙালিরা নানা রকম পণ্য নিয়ে আসত। তখন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক ছিল খুব ভালো। আমরাই স্থানীয় অধিবাসীদের দেখাশোনা করতাম। এবার আমি বললাম, ‘এখানে জাতিগত সম্পর্ক কি খারাপের দিকে?’

‘মোটেই না’ বলল সে। খারাপ, দাঙ্গাবাজ মানুষ সব জায়গাতেই আছে। ওরাই জাতিগত সম্পর্ক নষ্ট করে ফায়দা লুটতে চায়। কিন্তু এখানে শান্তি ও সম্প্রীতি অবশ্যই স্থায়ী হবে। সবাই জানে, হিংসা ও বিভেদ নয়, শান্তি ও ঐক্য উন্নয়নের মূল মন্ত্র। এ দেশে আমরা সব সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছি। রক্ত দিয়েই স্বাধীনতা, শান্তি ও ঐক্য বজায় রাখব। সুশান্তি যখন এসব কথা বলছিল, তখন আমি চলে গিয়েছিলাম কোন সুদূরে। হঠাৎ নিরাপত্তা বাহিনীর দুজন লোককে দেখতে পেয়ে বর্তমানে ফিরে এলাম। তারা আমাকে বলল, ‘ভাই, আপনি বনের মধ্যে একা হেঁটে বেড়াচ্ছেন কেন? এ জায়গাটা দিনের বেলাতেও নিরাপদ নয়। সন্ত্রাসীরা এখানে দিনের বেলাতেও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

আমি পাশে তাকিয়ে দেখি সুশান্তি কোথাও নেই। বুঝতে পারলাম না, সে কোথায় গেল হঠাৎ। নিরাপত্তা বাহিনীর ওই দুজনকে বললাম, ‘ভাই, আমার সঙ্গে একজন চাকমা নারী ছিল। আপনারা কি দেখেছেন তাকে? তারা বলল, ‘আপনাকে তো আমরা জঙ্গলের মধ্যে একাই দেখতে পেয়েছি।’

এরপর আর কথা বাড়ালাম না আমি। সন্ধ্যায় শুভলংয়ে যখন লঞ্চে উঠলাম, তখনো কাউকে দেখতে পেলাম না। সাঁঝের আকাশে কত রঙের আভা, লঞ্চ চলতে চলতে আঁধার ঘনিয়ে এল। হ্রদের মধ্যে সবুজ পাহাড়ি দ্বীপগুলোকে দৈত্যের মতো মনে হচ্ছে। কার অভিশাপে যে সজীব-সচল দৈত্যগুলো স্থির হয়ে গেছে। আকাশে চাঁদ উঠলে পুরো এলাকাটিই অপার্থিব বলে মনে হয়। ওই আকাশ ও প্রকৃতির মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে সুশান্তি চাকমা। আর কি দেখা হবে না।

রাতে রিজার্ভবাজারে লঞ্চ গিয়ে ভিড়ল। যাত্রী কম, সবাই যে যার নিজ গন্তব্যের দিকে রওনা হলো। অল্প অল্প বাতাস বইছে। আমি ‘হোটেল হাসনা হেনায়’ ফিরে এলাম আমার নিজ ঘরে। সারা দিনের অনেক কথাই মনে হলো। সবই কি কল্পনা? আজ দুপুরে সুশান্তি আমাকে ইন্দ্রনীলা পাথরের একটি আংটি দিয়েছে। বলেছে, ওদের পরিবারের একটি প্রাচীন সম্পদ এ আংটি। এটা পরলে কোনো বিপদ হবে না। চেয়ে দেখি, আমার আঙুলে আংটিটি এখনো আছে। আবার ভাবলাম, হয়তো শুভলংয়ে চাকমা-মারমাদের কুটির শিল্পের দোকান থেকে এ আংটি কিনেছি, আমার মনে নেই। মন থেকে সব দ্বন্দ্ব দূর করে ভাবলাম আগামী দিনের কথা। আগামীকাল আমি রাঙামাটি থেকে চলে যাব, চাটগাঁও থেকে ঢাকা।

রাতে ঘুম হলো বেশ ভালো। চাঁটগাও যাওয়ার জন্য সকালের বাস ধরতে হাজির হলাম পুরনো বাস টার্মিনালে। বাসে উঠে বসেছি। চেয়ে দেখি, কিছুদূরে একটি কদমগাছের নিচে দাঁড়িয়ে আছে সুশান্তি চাকমা। পরনে সবুজ রঙের ‘থামি’, খোঁপায় লাল ফুল। সে আমার দিকে তাকিয়ে বিদায়ের ভঙ্গিতে হাত নাড়ল।

বাস চলতে শুরু করছে, হঠাৎ বৃষ্টি নামল। দেখি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সুশান্তি—সম্প্রীতি ও ভালোবাসার দূত হয়ে। চলার পথে আমাদের বাসটি একটি বাঁক নিলে আর দেখতে পেলাম না তাকে। হয়তো সে এই বৃষ্টির মধ্যে হ্রদ পার হয়ে আবার ফিরে যাবে শুভলং, সেখানে নির্জন বনের পাশে ঝরনাতলায় হেঁটে বেড়াবে। কিন্তু কেউ দেখতে পাবে না ওকে। আমার বাকি জীবনেও হয়তো এই বিস্ময়ের ঘোর কাটবে না কোনো দিন।

অজানা রহস্যে ভরা এ পৃথিবীর কতটুকুই-বা জানি আমরা!