দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনির ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনির ভেতর আটকে ছিলেন না। কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এ বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ ব্যাবিলনিয়ার ইতিহাস থেকে এনলিল-বানির কাহিনি জানা যায়। রাজা ইরা-ইমিট্টি গার্ডেনার নববর্ষ উদ্যাপনের জন্য একজন ‘এক দিনের রাজা’ বেছে নিতেন। রীতি অনুযায়ী এক দিনের রাজা প্রাণভরে রাজ্য শাসন করতেন পুরো ২৪ ঘণ্টা। তারপর তাঁকে বলি দেওয়া হতো ঈশ্বরের নামে। এক নববর্ষে এক দিনের জন্য রাজা হলেন এনলিল-বানি। আর কী অদৃষ্ট, সেদিনই রাজা ইরা-ইমিট্টি মারা যান। ফলে এনলিল-বানি উত্সর্গিত হওয়া থেকে নিস্তার পেলেন। শুধু তা-ই না, তিনিই হলেন নতুন রাজা। এনলিল-বানি এরপর সুষ্ঠুভাবে দেশ শাসন করেন প্রায় ২৪ বছর। পবিত্র রোমের রাজা চার্লস পঞ্চম বলেছিলেন, ‘আমি ঈশ্বরের সঙ্গে স্প্যানিশ ভাষায়, মহিলাদের সঙ্গে ইতালীয়, পুরুষদের সঙ্গে ফরাসি এবং আমার ঘোড়ার সঙ্গে জার্মান ভাষায় কথা বলি।’ এডওয়ার্ড প্রিন্স অব ওয়েলস ছিলেন ১৪ শতকের একজন রাজা। তাঁর সময়ে তিনি কখনোই ‘ব্ল্যাক প্রিন্স’ নামে পরিচিত ছিলেন না। মৃত্যুর ২০০ বছর পর তাঁকে হঠাত্ ব্ল্যাক প্রিন্স অভিধা দেওয়া শুরু হয়ে যায়। এখন সারা বিশ্ব এডওয়ার্ডকে ওই নামেই চেনে। কেউ অবশ্য বলতে পারেনি কালো রাজপুত্র অভিধার তাত্পর্য। তিনি একদণ্ডের জন্যও কখনো কালো বর্ম পরেছিলেন—এমন প্রমাণ ইতিহাসে নেই। তবু এ নামেই তিনি বিখ্যাত। সূর্য রাজা লুই চতুর্দশের বয়স যখন ১৩, তখন থেকেই তিনি নাচে বেশ উত্সাহী ছিলেন। তিনি নিজে নিয়ম করে নৃত্য করতেন। বুড়ো বয়সে অতিরিক্ত মোটা হওয়ার আগ পর্যন্ত তিনি থার্টি ব্যালের হয়ে নাচতেন। ওই নাচের মিউজিক কম্পোজ করেছিলেন জ্যাঁ ব্যাপ্টিস্ট লুথি। ইতিহাস বলে, সবচেয়ে দীর্ঘকাল রাজ্য শাসন করে গেছেন পেপি দ্বিতীয়, তিনি খ্রিষ্টপূর্ব ২২৭২ সালে মিসরের সিংহাসনে বসেন। প্রমাণ মিলেছে, তিনি ৯০ বছর দেশ শাসন করেছিলেন। যখন তিনি প্রায় শিশু, তখনই তিনি সিংহাসনে আরোহণ করেন। পেপির মৃত্যুর দুই বছর পর অর্থাত্ ২১৮২ খ্রিষ্টপূর্বাব্দে অখণ্ড মিসর খণ্ড খণ্ড হয়ে যায়। জার পিটার তৃতীয় রাশিয়া শাসন করেছিলেন মাত্র ছয় মাস। স্ত্রী ক্যাথেরিনের ষড়যন্ত্রে মাত্র ৩৪ বছর বয়সে ১৭৬২ সালের জুন মাসে তিনি খুন হন। ভদ্রলোক মুকুট পরার ফুরসত পাননি। মৃত্যুর ৩৫ বছর পর তাঁর কফিন খোলা হয় তাঁকে মুকুট পরানোর জন্য।