দুনিয়াজুড়ে মানুষ তাঁকে চেনে বৈজ্ঞানিক কল্পকাহিনির ‘সম্রাট’ হিসেবে। এক ফাউন্ডেশন সিরিজ দিয়েই অমর হয়ে আছেন। তবে আইজ্যাক অ্যাসিমভ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনির ভেতর আটকে ছিলেন না। কৌতুক, চুটকি থেকে শুরু করে ইতিহাসের গল্প পর্যন্ত সংগ্রহ করেছেন। সে রকম একটি বিখ্যাত সংগ্রহ দ্য বুক অব ফ্যাক্টস। এ বইটিই আমাদের নতুন ধারাবাহিক। অনুবাদ করছেন হাসান খুরশীদ খ্রিষ্টের জন্মেরও প্রায় ৪৪ বছর আগে হত্যা করা হয়েছে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে। তাতে সিজারের নাম মরেনি। জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরিতে রাজাদের বলা হয় কাইজার; শব্দটি সিজারের জার্মান রূপ। রাশিয়ান জারও আসলে সিজার থেকে এসেছেন। প্রায় ৩০ বছর আগে বুলগেরিয়া শাসন করতেন জার সিমিয়ন দ্বিতীয় এবং ১৯৪৭ সাল পর্যন্ত ভারতের শাসক ব্রিটিশরাজদের খেতাব দেওয়া হয় ‘কাইজার-ই-হিন্দ’ নামে। ফ্রান্সের রাজা লুই ফিলিপ (১৮৩০—৪৮) ফ্রেঞ্চ রেভল্যুশন সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু ১৭৯৩ সালে তিনি বাহিনী ছেড়ে পালিয়ে যান। যখন আবার রাজশাসন প্রতিষ্ঠিত হয়, তিনি ফ্রান্সে ফিরে আসেন। ১৮৩০ সালে মারকুইজ ডি লাফেট্রির সমর্থন নিয়ে লুই ফিলিপকে ‘ফ্রান্সের রাজা’ হিসেবে গ্রহণ করা হয়। স্পেনের রাজা ত্রয়োদশ আলফোনসো ছিলেন সুরবধির। তাই একজন লোক সব সময় তাঁর কাছে কাছে থাকত, যাকে অ্যানথেম বলা হতো। তার কাজ ছিল স্পেনের জাতীয় সংগীতের সময় রাজাকে দাঁড়াতে বলা। ইংল্যান্ডের সিংহাসন দখল করে রাজা হয়ে বসা প্রথম উইলিয়ামকে বলা হয় উইলিয়াম দ্য কনকরার। যদিও উইলিয়াম নিজেকে দখলদার বলতে নারাজ ছিলেন। সব সময় বলতেন, তিনি ইংল্যান্ডে হানাদার হিসেবে আসেননি, তিনি এসেছেন ইংরেজ রাজপরিবারের আত্মীয় হিসেবে। ইংল্যান্ডের সাবেক আরেক রাজা এডওয়ার্ড দ্য কমফেসরের (১০৪২—৬০) জ্ঞাতি ভাই ছিলেন উইলিয়াম। নেপোলিয়নের পছন্দ ছিল গণিতবিদ ও বিজ্ঞানীদের। কিন্তু মানবতাবাদীদের তিনি তাঁর দলে রাখেননি। তাঁর বিশ্বাস, তাঁরা ঝামেলা সৃষ্টি করেন। শেষ অটোম্যান সম্রাট ষষ্ঠ মেহমেদ (১৮৬১—১৯২৬) ১৯১৮ সালে সিংহাসনে বসেন। কিন্তু তাঁকে চার বছর বয়স থেকে গৃহবন্দী করে রাখা হয়। তিনি গৃহবন্দী ছিলেন ৫৩ বছর।