রাইকিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগতের ভেতর দিয়ে বয়ে চলছে একটা রাইকিশোরী। হিরণ্ময় দ্যুতি ছড়ানো লাল টায়রার কথাও মনে পড়ে। সোমপুর বিহারে একদিন অস্ত গিয়েছিল সকল ঐশ্বর্যের। পাতাবাহার পাতাবাহার বলে কে যেন চিৎকার করে উঠেছিল। আমি জানি না, কে সেই পাতাবাহার, কে-ই বা আত্মহন্তারক। আয়ুর ভেতর কে-ই বা ধারণ করে বিরল ছদ্মবেশ! তাকে চেনা হলো না। তবু তার নাম রেখেছি চন্দ্রকুসুম। এই সব গোপনতা আগলে চলেছি বহুদিন। চন্দ্রকুসুমের দিকে একদা কে যেন এগিয়ে দিয়েছিল রঙিন পোস্টার। অহি ও নকুল, তার পাশে বুড়ো বক—ডিকোড করে করে মর্মার্থের কাছাকাছি একদিন পৌঁছাতে পারব হয়তো। হয়তো একটা ডরমিটরি থেকে বউসমেত হাঁক ছাড়বে ছোট ভাই। আকাশের নিচে তাকিয়ে তাকিয়ে দেখব, পায়ের নিচে মাটি নেই। জলে ভেসে যাচ্ছে শব। একটা বিদায়ী সুর ধ্বনিত হচ্ছে কোথাও মাধবী-মূর্ছনায়। হাতে রুহুনক্ষত্রের কবচ, গলায় সর্প বিষধর...