রাজকীয় বিয়ের অজানা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা-রানির পাঠ চুকে গেছে অনেক আগেই। রয়ে গেছে রাজকীয় তকমা আর শানশওকত, যার বলে নামসর্বস্ব রাজরাজরারা আজও আমজনতার আগ্রহের কেন্দ্রবিন্দু। তাঁদের চলনে-বলনে সাধারণের আগ্রহের অন্ত নেই। আর বিয়ের মতো জাঁকালো আয়োজন হলে তো কথাই নেই। লোকে হুমড়ি খেয়ে পড়ে। যেমনটা হয়েছে কয়েক দিন আগে। ব্রিটিশ রাজপরিবারের বিয়ের অনুষ্ঠান দেখতে টিভির পর্দায় আঠার মতো সেঁটেছিল ৪০০ কোটি চোখ। দুনিয়া কাঁপানো এমন সব বিয়ে নিয়ে যেমন আছে মজার ও অজানা সব ঘটনা, তেমনি রয়েছে নিষ্ঠুরতায় ভরপুর কাহিনিও।ধবল জামা১৮৪০ সালের দিকে রানি ভিক্টোরিয়া শ্বেতশুভ্র একখানা জামা পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। স্রেফ ফ্যাশনের ছলেই নাকি সাদা রং বেছে নিয়েছিলেন রানি। কিন্তু কে জানত সেই ফ্যাশনই রীতিতে দাঁড়িয়ে যাবে। সেই সিলসিলা ধরে রাখতে ১৯৮১ সালে প্রয়াত ডায়ানা স্পেন্সার বিয়ের আসরে পরেছিলেন সাদা রঙের দীর্ঘ একটি গাউন। বিশেষ কাপড়ে তৈরি ২৫ ফুট দীর্ঘ সেই গাউন ১০ হাজার মুক্তাখচিত ছিল। তবে জটিল একখানা জামা পরে সবার নজর কেড়েছিলেন জাপানি রাজবধূ মাসাকো ওয়াদা। ১৯৯৩ সালে বিয়ের দিন তিনি ১২ স্তরবিশিষ্ট সিল্কের তৈরি একটি কিমোনো গায়ে চড়িয়েছিলেন, যার ওজন ছিল ১৪ কেজি।মুকুট ছেড়ে প্রেয়সীপ্রেমের জন্য সিংহাসনকে তুচ্ছ জ্ঞান করার নজির ঢের আছে। তবে ডাচ রাজপরিবারে আছে মুকুট ও পদবি ত্যাগের নজির। ২০০১ সালে আর্জেন্টাইন বান্ধবীর সঙ্গে প্রিন্স উইলিয়াম আলেকজান্ডারের বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু দেশটির সাংসদেরা বাগড়া দিয়ে বসলেন। সত্তরের দশকে আর্জেন্টাইন একনায়কের সঙ্গে কনের বাবার দহরম-মহরম ছিল—এই অজুহাতে শেষতক বিয়েটাই হলো না। কিন্তু আলেকজান্ডারের ছোট ভাই, রাজপরিবারের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স ফ্রিসো অন্য ধাতুতে গড়া। প্রেমিকা ম্যাবেল উইসে স্মিথের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর সঙ্গে আঁতাত রাখার অভিযোগ উঠলেও তিনি সেসব পাত্তা দেননি মোটেও। উল্টো প্রিন্স খেতাব ছেড়ে, মাথা থেকে মুকুট খুলে, প্রেয়সীর হাত ধরে সোজা পরিবারের বাইরে চলে গেছেন।গান্ধীর রুমালরাজপরিবারের বিয়েতে হাজারো অতিথি আসেন। আসেন নানান দেশের রাজপরিবারের আমির-সুলতানেরা। কেউ পাঠান দামি উপহারসামগ্রী, কেউ বা পাঠান জৌলুশহীন কিন্তু অমূল্য উপহার। রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ের কথাই ধরা যাক। আড়াই হাজার উপহার পেয়েছিলেন তাঁরা। এর মধ্যে ৭৬টি রুমাল, ১৬টি রাত্রিকালীন ঘুমানোর পোশাক ছিল। অমূল্য উপহারটি ছিল মহাত্মা গান্ধীর দেওয়া। কারুকাজ করা ছোট্ট একটি রুমাল। প্রিন্স চার্লস ও ডায়ানা স্পেন্সারের বিয়েতে উঠেছিল চার হাজার উপহারসামগ্রী। এর মধ্যে ছিল অস্ট্রেলীয় সরকারের দেওয়া ২০টি রুপার থালা এবং নিউজিল্যান্ড সরকারের দেওয়া একটি কার্পেট।নিষ্ঠুর রাজা-রানিইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ছয়-ছয়টি বিয়ে করেছিলেন। এর মধ্যে দুই রানির শিরশ্ছেদ করেছিলেন তিনি। সুস্পষ্ট কোনো কারণ ছিল না। কথিত আছে, তাঁদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ ছিল। সেই হেনরির মেয়ে রানি প্রথম এলিজাবেথ নিষ্ঠুরতায় বাপের চেয়ে কোনো অংশেই কম ছিলেন না। তাঁর সম্ভাব্য একটি বিয়ে নিয়ে সমালোচনা করে পুস্তিকা বের করার অপরাধে এক প্রকাশকের ডান হাত কেটে নিয়েছিলেন এই রানি। উজ্জ্বল ব্যতিক্রম১৭৭০ সালের কথা। ১৫ বছর বয়সী রাজা ষোড়শ লুঁই বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সী ম্যারি অ্যান্থনিকে। তাঁদের মাঝে দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে বিয়ের সাত বছর পর। জর্ডানের রাজা হুসেইনের চতুর্থ পত্নী ছিলেন মার্কিন লিসা হালাবি (রানি নূর)। ১৯৭৮ সালে ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে কনে লিসা ছাড়া কোনো নারী উপস্থিত ছিলেন না।জাতপাতহীন রাজন্যবর্গহাল জমানায় রাজপরিবারের তরুণ সদস্যরা পারিবারিক সম্ভ্রমের চেয়ে নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিচ্ছেন বেশি। তাঁরা অতশত জাতপাতের ধার ধারছেন না। ২০০৩ সালে মোনাকোর প্রিন্সেস স্টিফানি পর্তুগিজ এক অ্যাথলেটকে বিয়ে করেন। আসছে জুলাইয়ে মোনাকোর প্রিন্স দ্বিতীয় অ্যালবার্ট দক্ষিণ আফ্রিকার এক শিক্ষিকাকে বিয়ে করতে যাচ্ছেন। ওই শিক্ষিকা ছিলেন সাবেক এক অলিম্পিক সাঁতারু। নরওয়ের প্রিন্স হ্যাকোন ২০০১ সালে এক সন্তানের জননীকে বিয়ে করে গণমাধ্যমের খোরাক জুগিয়েছিলেন।সবার ওপরে দেশ সত্যস্রেফ আবেগ-অনুভূতি বা ইন্দ্রিয়লিপ্সা নয়, এসবের ঊর্ধ্বে উঠে বিয়েটাকে উত্তরাধিকারী প্রতিষ্ঠার একটা অস্ত্র হিসেবে দেখে এসেছেন রাজা-রানিরা। ১৬৭৭ সালে ভাইয়ের ছেলে প্রিন্স তৃতীয় উইলিয়ামকে বিয়ে দিয়ে রাজা দ্বিতীয় চার্লস বাসরঘরে ঢুকে ঠাট্টাচ্ছলে বলেছিলেন, ‘ভাতিজা! এবার তোমার পালা। ইংল্যান্ডের জয় হোক।’ দেশপ্রেমের এমন নজির আরও আছে। মধুচন্দ্রিমার আগে রানি ভিক্টোরিয়াকে কেউ একজন উপদেশ দিয়েছিলেন, ‘চোখ বুজবে ঠিকই। কিন্তু ভাববে ইংল্যান্ডের কথা।’ আবুল হাসনাতরিডারস ডাইজেস্ট অবলম্বনে