রাজনীতি কূটনীতি এবং দুটি দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভারত সম্পর্ক—মোহাম্মদ সেলিম \ জুন ২০০৯ \ বাংলা একাডেমী, ঢাকা \ প্রচ্ছদ: হাশেম খান \ ৩৫২ পৃষ্ঠা \ ২০০ টাকাঐতিহাসিক অনেকগুলো কারণে বাংলাদেশ ও ভারত একে অন্যের সঙ্গে জড়িত রয়েছে। সেই ১৯৪৭ সালের দেশভাগের আগে থেকেই একটা সম্পর্ক বিরাজমান। হোক না পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। সেই পাকিস্তান আমলেও এ দেশের মানুষ ওই ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে রাজনৈতিকভাবে না হলেও সাংস্কৃতিকভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। ১৯৫৪-এ শেরেবাংলা কলকাতা সফরে গিয়ে বাঙালির সাংস্কৃতিক একাত্মবোধের কথা বলেছিলেন। এবং তাঁর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বরখাস্তের পেছনে সেই মন্তব্য একটা অন্যতম কারণ ছিল ।এসব ইতিহাস তো আমাদের জানা। কিন্তু পরবর্তী বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের মধ্যে যে কখনো কখনো ফাটল ধরেছে—এসবই মোহাম্মদ সেলিম তুলে ধরেছেন তাঁর বাংলাদেশ ভারত সম্পর্ক গ্রন্থে। কাজটি করে তিনি আমাদের মতো সাধারণ পাঠককে বড়ভাবে উপকৃত করেছেন। এই গ্রন্থে তিনি দুই দেশের গোটা রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কারভাবে তুলে ধরেছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ ইতিহাস বিষয়ে সর্বদা যাঁদের আগ্রহ ছিল, তাঁরা অবশ্যই এই বইয়ে প্রচুর তথ্য পাবেন এবং সেটাও বিশদভাবে। বইয়ের শুরুতেই মোহাম্মদ সেলিম তুলে এনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের সংগ্রামের সঙ্গে নয়াদিল্লির সম্পৃক্ততার প্রসঙ্গ। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে ভারতীয় সরকারের কূটনৈতিক অভিযান—এই বাস্তবতাগুলো গ্রন্থে ফুটে উঠেছে।এ কথা অবশ্য অস্বীকার করার কোনো উপায় নেই যে সত্তরের দশকের শুরু থেকেই বেশ কিছু পারস্পরিক সমস্যা দুই দেশের বন্ধুত্বের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপর রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক রাজনৈতিক এবং কূটনৈতিক পরিবর্তন। সেই মুজিব সরকারের আমলে এমন কিছু ঘটনার উদ্রেক হয়, যেগুলো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য না হলেও নতুন এই রাষ্ট্রকে মেনে নিতে হয়েছে। এর একটি উদাহরণ হলো, ওই সব পাকিস্তানি সামরিক অফিসারকে ছেড়ে দেওয়া, বাংলাদেশ যাদের যুদ্ধাপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিল। তারপর তো এসে গেল ১৯৭৫-এর পরের অধ্যায়। বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে সামরিক শাসন অবশ্যই প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ-ভারতের সম্পর্কের ওপর। অন্যদিকে ভারতীয় সরকার—যার নেতৃত্বে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রধানমন্ত্রী ছিলেন—অনেকটা অনমনীয় মনোভাব পোষণ করেন বাংলাদেশের সঙ্গে জড়িত দ্বিপক্ষীয় বিষয়ের ব্যাপারে। এসব বিষয় এবং তার সঙ্গে অন্য কতগুলো ব্যাপার লেখক মনোযোগসহকারে তাঁর রচনায় উপস্থাপন করেছেন।এই গ্রন্থকে ইংরেজিতে বলা যায় একটি ‘কালেকটরস আইটেম’। তার চেয়েও যে বিষয়টি অধিক গুরুত্ব পায় তা হচ্ছে, এটি এমন একটি দলিল, যার পাতা থেকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব, বৈরিতার সম্পর্ক, ভবিষ্যৎ সম্ভাবনা—এসব কিছুই দ্ব্যর্থহীনভাবে আমাদের দৃষ্টির সামনে উঠে আসে।