রাজপুত্রের বিয়ে বলে কথা...
বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সম্পর্কের শুরু, ১০ বছরের সেই প্রেম অবশেষে বিয়েতে গড়াল। ব্রিটিশ রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম আজ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কেট মিডলটনের সঙ্গে। বলা হচ্ছে, এ শতকের সবচেয়ে আলোচিত বিয়ে এটি। বিভিন্ন দেশের রাজন্যবর্গ, আমির-সুলতান থেকে শুরু করে নামীদামি তারকাদের উপস্থিতি বিয়েটিকে দিয়েছে ভিন্ন মাত্রা, নিয়ে গেছে অন্য উচ্চতায়। লাখ লাখ পাউন্ড খরচ হচ্ছে বিয়েতে। ডাকসাইটে টিভি চ্যানেলগুলো করছে সরাসরি সম্প্রচার। ইন্টারনেট, রেডিওতেও থাকছে প্রচারণা। বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করতে আজ বিশ্বের ২০০ কোটি মানুষ চোখ রাখবে টিভি পর্দায়। বনেদি ও রাজসিক সেই বিয়ে নিয়ে লিখেছেন আবুল হাসনাতসেই আংটিগত বছরের অক্টোবরে কেনিয়ায় ভ্রমণের সময় কেট ও উইলিয়ামের বাগদান হয়। রাজপরিবার খবরটি প্রকাশ করে ১৬ নভেম্বর। উইলিয়াম তখন কেটকে ১২ ক্যারেটের নীলকান্ত মণিখচিত সেই আংটিটি পরিয়েছিলেন, যে আংটিতে ১৮ ক্যারেট সাদা সোনা ও ১৪টি হীরা রয়েছে। চেনা চেনা লাগছে! বিশ্বসংসার তন্ন তন্ন করে নয়, মায়ের সিন্দুক থেকে আনা আংটিটিই উইলিয়াম সেদিন পরিয়েছিলেন কেটকে; যে আংটি উইলিয়ামের মা ডায়ানাকে ১৯৮১ সালে পরিয়েছিলেন বাবা প্রিন্স চার্লস।নয় কোনো তোফাবিয়েশাদিতে আসা অতিথিরা নবদম্পতির শুভ কামনায় আশীর্বাদ করেন। হাতে তুলে দেন ঘরকন্নার জন্য প্রয়োজনীয় নানা সামগ্রী। আত্মীয় ও অতিথিদের কাছ থেকে এমন তোফা নেওয়ার চল রাজপরিবারেও আছে। রানির মা ও ষষ্ঠ জর্জের বিয়েতে এক হাজার স্বর্ণের সুঁই উঠেছিল। সে ১৯২৩ সালের কথা। তাঁরা সেই উপহারসামগ্রী কী করেছিলেন জানা যায়নি। তবে হাল জমানার উইলিয়াম-কেট ওসবের ধার ধারেন না। তাঁরা অতিথিদের বলে দিয়েছেন, আসবেন, খাবেন। কিছু না এনে সেই টাকাটা বরং দাতব্য সংস্থায় দান করে দেবেন।শকটকেটের পছন্দ মোটরগাড়ি। কিন্তু বিয়ে পড়ানো শেষে বরসহ ঘোড়ার শকটে চড়তে হবে তাঁকে! ঘোড়া নামের চারপেয়ে এই জন্তুটাকে মোটেও সহ্য হয় না তাঁর। কিন্তু রাজপরিবারের ঐতিহ্য বলে কথা। গোটা ব্যাপারটাই যে তাঁর নিয়ন্ত্রণের বাইরে। অতএব, পছন্দ-অপছন্দের টুঁটি চেপে প্রথা রক্ষা করতে হবে কেটকে।কড়া নিরাপত্তাবিয়ের দিন সকালে যে মুহূর্তে কেটের ঘুম ভাঙবে, তখন থেকেই তিনি কারও না কারও নজরবন্দী থাকবেন। কেট-উইলিয়ামের গাড়ি যে রাস্তা ধরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবে, তার প্রতিটি ইঞ্চি থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। নবদম্পতির গাড়ি রাস্তায় নামার আগে থেকেই সড়কের দুই পাশের বাড়ি ও দালানের ছাদ থাকবে নিরাপত্তাকর্মীদের দখলে। বিয়ের সব খরচাপাতি রাজপরিবারই বহন করছে। কিন্তু বিয়ে উপলক্ষে ব্রিটেনজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পেছনে যে বিশাল খরচ, তা সাধারণ জনগণকেই বহন করতে হবে। খরচের পরিমাণটা কোনোক্রমেই ৮০ লাখ ডলারের কম নয়।আংটি, চুমু কোনোটাই নয়বছর ত্রিশেক আগে প্রয়াত ডায়ানা তাঁর বিয়েতে ‘অবে’ (আজ্ঞাপালন) শব্দটি উচ্চারণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বড় ছেলে প্রিন্স উইলিয়ামও সেই সিলসিলা ধরে রাখছেন; তবে একটু ভিন্ন উপায়ে। বিয়ে পড়ানোর পর পর রীতি অনুযায়ী নববধূকে চুমু খাবেন না তিনি। শুধু তা-ই নয়, কনের কাছ থেকে কোনো আংটিও নেবেন না। তবে উইলিয়াম নিজে কেটকে আংটি পরিয়ে দেবেন।অতিথিমেক্সিকোয় ব্রিটিশ হাইকমিশনের সামনে অনশন করছেন এক তরুণী। দাবি তাঁর একটাই, উইলিয়াম-কেটের বিয়েতে যাওয়ার নিমন্ত্রণপত্র চাই। খবরটা বোধ করি আয়োজকদের কানে পৌঁছেছিল। তাই সেই তরুণীসহ এক হাজার ৯০০ অতিথিকে তাঁরা দাওয়াত করেছেন। বিভিন্ন দেশের রাজন্যবর্গ থেকে শুরু করে গায়ক, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়, কূটনীতিক, আফগানিস্তান ও ইরাকফেরত ব্রিটিশ সেনারা আছেন নিমন্ত্রিত ব্যক্তিদের তালিকায়।ফুটবলার ডেভিড বেকহাম, মিস্টার বিন হিসেবে খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন, পরিচালক গাই রিচি, সাঁতারু ইয়ান থর্পের মতো তারকারা জড়ো হবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। নিমন্ত্রণ না পাওয়া বাঘা বাঘা লোকের তালিকাটাও বেশ ভারী। এ তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, ব্রিটেনের সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন। ঐতিহ্যগতভাবে ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে কমনওয়েলথভুক্ত দেশের বাইরে কাউকে নিমন্ত্রণ করা হয় না। তাই ওবামা ও সারকোজির নাম বাদ পড়েছে।পণ্যে পণ্যে উইলিয়াম-কেটরাজপরিবারের বিয়ে মানেই তো ব্রিটেনে এক মহাযজ্ঞ; যার ঢেউ লাগে সর্বত্র। পণ্যনির্মাতা প্রতিষ্ঠানগুলো উইলিয়াম ও কেটের মুখাবয়বকে পুঁজি করে কামিয়ে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ। এই জুটির ছবিখচিত মগ, চাবির রিং, ছবির অ্যালবাম, টি-শার্ট দেদার বিক্রি হচ্ছে। এসব পণ্য বেচে ১০০ কোটি ডলার রাজস্ব আয় হবে বলে ধারণা করা হচ্ছে। —রিডারস ডাইজেস্ট ও কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণ অবলম্বনে