রাজা এডওয়ার্ড ও ওয়ালিস সিম্পসনের অমর প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ঘটনা শুধু সিনেমাতেই ঘটে, কিংবা উপন্যাসেই শুধু পাওয়া এসব চরিত্র। কিন্তু সিনেমা বা উপন্যাসের অনুপ্রেরণা তো জীবন থেকেই আসে। এমন একটি-দুটি ঘটনা বাস্তবে ঘটে বলেই না অসংখ্য সাহিত্য বা চলচ্চিত্র তৈরি হয় একই ঘটনা সামনে রেখে। সিংহাসন ছেড়ে মাটিতে নেমে আসেন রাজপুত্র তাঁর ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। দেশ ছেড়ে একরকম নির্বাসনেই চলে যেতে হয়। তবু প্রিয় মানুষটির হাত ছাড়েননি তিনি।সাধারণ এক আমেরিকান নারীর প্রেমে পড়ে সিংহাসন ছেড়েছিলেন ব্রিটিশ রাজা এডওয়ার্ড। তবে এই নারীকে কোনো ডিজনি রাজকুমারীর সঙ্গে মেলানো যাবে না। তিনি সিনডারেলার মতো নন, যদিও সিনডারেলা এক সাধারণ মেয়ে হয়েও বিয়ে করেছিলেন রাজকুমারকে। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ওয়ালিস নাকি নিজেকে এই চরিত্রের সঙ্গেই মেলাতেন। আর এডওয়ার্ড ছিলেন তাঁর কাছে পিটার প্যানের মতো—মানসিকভাবে পুরোপুরি ওয়ালিসের ওপর নির্ভরশীল।স্বয়ং হিটলার তাঁর সঙ্গে দেখা হওয়ার পর বলেছেন, তিনি খুব ভালো রানি হতে পারতেন। যদিও রাজকুমারকে বিয়ে করেও রানি হওয়ার সুযোগ হয়নি তাঁর। পাননি কোনো সম্মানসূচক উপাধিও। একটাই কারণ—দুবার ডিভোর্স হয়েছিল তাঁর। সেই সময়ে তালাকপ্রাপ্ত মানুষের আদালতে যাওয়ারই অধিকার ছিল না। রাজকুমারকে বিয়ে করে রাজপরিবারে প্রবেশ করাটা তো কল্পনারও অতীত।এডওয়ার্ডের সঙ্গে যখন ওয়ালিসের ঘনিষ্ঠতা শুরু, তখনো দ্বিতীয় স্বামীর ঘর করছেন তিনি। তাঁদের দুজনের পরিচয়টা আবার করিয়ে দিয়েছিলেন এডওয়ার্ডেরই সে সময়ের প্রেমিকা লেডি ফারনেস। ১৯৩১ সালের ১০ জানুয়ারি সেই দিনটা।১৯৩৪ সালের মধ্যে এডওয়ার্ডের অবস্থা হয় আক্ষরিকভাবেই প্রেমে হাবুডুবু খাওয়ার। দামি উপহার, বিদেশে ছুটি কাটানো—এসবে ভাসিয়ে দিচ্ছিলেন ওয়ালিসকে। স্বাভাবিকভাবেই রাজকার্যেও মন ছিল না তাঁর। তবে ওয়ালিস পা দুটো মাটিতেই রেখেছিলেন।১৯৩৬ সালে বাবার মৃত্যুর পর রাজা হন এডওয়ার্ড। পরের দিনই সব প্রথা ভেঙে সেন্ট জেমস প্যালেসের জানালায় দেখা দেন নতুন রাজা, পাশে ছিলেন ওয়ালিস সিম্পসন, যিনি তখনো আর্নস্ট সিম্পসনের স্ত্রী। আগে থেকেই গুজবে টেকা যাচ্ছিল না। রাজপরিবারের প্রতি সম্মান দেখিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো এ নিয়ে কোনো খবরই প্রকাশ করেনি। কিন্তু বিদেশি পত্রপত্রিকাগুলো তো ছাড় দেয়নি। এক ওয়ালিসেই ব্রিটিশ রাজপরিবারের এত দিনের সম্মান প্রায় যায় যায় অবস্থা। এবার আদালত আর সরকারকে নড়েচড়ে বসতেই হলো। তত দিনে ওয়ালিসের দ্বিতীয় ডিভোর্সটাও হয়ে গেছে। কিন্তু তাই বলে কি রাজাকে বিয়ে করা যাবে? ওয়ালিসকে এডওয়ার্ড বিয়ে করলে সরকার পদত্যাগ করবে, এমন হুমকিও দেয়া হলো। এই চাপ সহ্য করতে না পেরেই অ্যালিস পালালেন ফ্রান্সে। এডওয়ার্ডের সঙ্গে আর সম্পর্ক না রাখারও সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বাধা পেলে নাকি প্রেম আরও শক্তি পায়। সে কথাই সত্য প্রমাণ করলেন এডওয়ার্ড। রাজা হওয়ার আর ইচ্ছা ছিল না তাঁর। এবার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে ফেললেন। ভাই আলবার্টের হাতে রাজ্য ছেড়ে দিলেন তিনি।১৯৩৭ সালের ৩ জুন বিয়ে করলেন তাঁরা। ফ্রান্সে বিয়ে করে সেখানেই ঘর বাঁধলেন এডওয়ার্ড-ওয়ালিস। খুব কি সুখী ছিলেন তাঁরা? ওয়ালিস একবার বলেছেন, কেউ জানে না অমর এক প্রেমকাহিনির মতো জীবন যাপন করাটা কত কঠিন। রুহিনা তাসকিন হাউস্টাফওয়ার্কস অবলম্বনে