রাণীদি

২৯ মার্চ ছিল ভাস্কর নভেরা আহমেদের জন্মদিন। এ উপলক্ষে তাঁর মামাতো ভাইয়ের স্মৃতিতে অজানা এক নভেরার মুখ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভেরা আহমেদ (২৯ মার্চ ১৯৩৯—৬ মে ২০১৫)। ছবি: সংগৃহীত

রাণীদি (নভেরা আহমেদ) আমাদের বাসা থেকে বিদায় নিয়েছিলেন প্রায় ৫৩ বছর আগে। সেটা ছিল ১৯৬২ সাল। আমরা তখন থাকতাম করাচিতে। ঠিকানা ২৫–ডি, গার্ডেন রোড ফ্ল্যাট। আমার বাবা, মানে নভেরার মামা তখন চাকরি সূত্রে করাচিতে বদলি হয়ে এসেছেন। রাণীদি করাচি এসেছিলেন ফ্রান্সে যাওয়ার পথে। তিনি বয়সে আমাদের চেয়ে বেশ বড় ছিলেন। তবে তাঁর সঙ্গে আমাদের বেশ ঘনিষ্ঠতা ছিল। রাণীদি আমাদের বলেছিলেন যে তিনি ইউরোপ থেকে আর কখনো ফিরবেন না। কারণ, পরিবারে আসলে কেউ তাঁকে ভালোবাসে না। আমরা আরও বিশদ জানতে চাইলে তিনি কী করে এই সিদ্ধান্তে পৌঁছালেন, সে ব্যাপার আরেকটু খোলাসা করলেন। বলেছিলেন যে পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছেন। না, বোধ হয় সবাই না। তবে ভাইবোনদের প্রায় সবাই। তাঁর মা, মানে আমাদের ফুফু, মাছের সবচেয়ে ছোট টুকরাটা দিলেন তাঁর পাতে। অনেক দিনের অসন্তোষের আগুনে এবার বিস্ফোরণ হলো। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, দেশ ছাড়বেন এবং আর কখনো ফিরবেন না। প্যারিস যাওয়ার সময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। ভারতে উদয় শঙ্করের কাছে ভরতনাট্যম শিখতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল সবচেয়ে কম সময়ের মধ্যে নাচ শেখা শেষ করা। আর তা করতে গিয়ে আঘাত পেয়েছিলেন কনুইয়ে আর পিঠে। রাণীদি কি নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন? ঠিক তা নয়। তিনি বলতেন, নাচের মুদ্রাগুলো থেকে শিল্প সৃষ্টির ভাবনা গড়ে তোলা তাঁর উদ্দেশ্য।

পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে রাণীদি আমাদের বাড়িতে আসতেন, থাকতেন। আমাদের ঠিকানা তখন ৫৮–ডি, আজিমপুর কলোনি। তখন আমার শিশু–চোখে রাণীদি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তিনি রোগা নন, মোটাও নন। চলাফেরা দেখলে মনে হতো তাঁর শরীরে কোনো হাড় নেই। ছিলেন বেশ উজ্জ্বল বর্ণ। সব সময় পরতেন কালো পোশাক। টাকাপয়সার টানাটানি থাকত। কেউ তাঁর শিল্পকর্ম কিনতে চাইলে দরাদরির কোনো অবকাশ নেই। বেশ কড়াভাবে বলতেন, ‘এটা মাছবাজার নয়।’ কয়েকটা শিল্পকর্ম বিক্রি করে একটা গাড়ি কিনেছিলেন। তবে গাড়িটা নিয়ে আমার একটা কথাই মনে আছে। সব সময়ই এটি ঠেলা দিয়ে চালু করতে হতো—ঠেলতেন কেউ না কেউ। তখন একটা বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। ঢাকার ঠিক কোথায়, তা মনে পড়ে না। আমরা মাঝেমধ্যে সেখানে যেতাম। তিনি যখন শহীদ মিনারের কাজ করছেন, তখন কয়েকবার সেখানে আমাদের যাওয়া হয়েছিল। শহীদ মিনারে তাঁর কাজের সবচেয়ে সুন্দর অংশ ছিল তিনটা মিনারের ঠিক নিচের কক্ষে ভাস্কর্য করা ম্যুরালগুলো। দুঃখের ব্যাপার, বাকি স্থাপনার সঙ্গে সব কটি ম্যুরাল ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়। আজকে অনেকেই জানেন না যে বর্তমান শহীদ মিনারটি আসলটির একটি প্রতিরূপ মাত্র।

আজকের মানদণ্ডেও রাণীদি ছিলেন সম্পূর্ণ মুক্ত এক নারী। একজন পুলিশ কর্মকর্তাকে তিনি বিয়ে করেছিলেন। তাঁর শাশুড়ি তাঁকে মাথায় কাপড় দিতে বলায় সেই স্বামীকে তিনি ত্যাগ করেন। আমাদের সঙ্গে থাকার সময় নিজের জীবনের অনেক গল্প বলেছিলেন। ফ্লোরেন্সে পড়ালেখা করার সময় রাণীদি আর তাঁর সহশিল্পী হামিদ (হামিদুর রহমান) ভাইয়ের আর্থিক অবস্থা এমন খারাপ ছিল যে সকালে কফি খাওয়ার টাকা থাকত না। সকালের নাশতা ছিল চিনি মেশানো গরম পানি। তাঁরা এর নাম দিয়েছিলেন ‘গরম শরবত’। শিল্পী আর শিক্ষার্থীরা যে অঞ্চলে বাস করতেন, সে অঞ্চলের ক্যাফেতে তাঁরা দুপুরে খেতে যেতেন। রেস্তোরাঁমালিক জানতেন যে তাঁরা রাতে খাবারের টাকা জোগাড় করতে পারবেন না। তাই তিনি কিছু সাদা রুটি দিয়ে দিতেন রাতে খাবার জন্য।

প্রথম বিবাহবিচ্ছেদের পর রাণীদি অনেক দিন আর বিয়ে করেননি। অনেক পাণিপ্রার্থী তাঁকে বিয়ে করার জন্য মরিয়া ছিল। মনে পড়ে তাঁদের কেউ কেউ করাচিতে আমাদের ফ্ল্যাটে আসতেন দেখা করে তাঁকে বিয়েতে রাজি করাতে। তিনি আমাদের দিয়ে বলে পাঠাতেন যে তিনি বাড়ি নেই। তবে আমি খুশি যে তিনি গ্রেগর দা ব্রুনের মতো তাঁর প্রতি নিবেদিতপ্রাণ একজনকে খুঁজে পেয়েছিলেন। রাণীদির তিনজন সহোদর গত হয়েছেন। তিনজন এখনো বেঁচে আছেন। বড় বোন থাকেন যুক্তরাজ্যের পুলে। একজন ভাই আর একজন বোন থাকেন আমেরিকায়।

ভাস্কর নভেরা আহমেদের মামাতো ভাই জাহিদ সারওয়ার নিজাম এখন প্রয়াত। বেশ কয়েক বছর আগে এই ছোট্ট লেখাটি লিখেছিলেন তিনি। যুক্তরাজ্যপ্রবাসী লেখক আলমগীর হক স্বপনের ফেসবুক সূত্রে পাওয়া লেখাটি ইংরেজি থেকে অনূদিত।